Tag: Madhyom

Madhyom

  • Rubella in Children: খামখেয়ালি আবহাওয়ায় বিপদ বাড়ছে রুবেলার! ভাইরাস আক্রমণ থেকে সন্তানকে সুস্থ রাখবেন কীভাবে?

    Rubella in Children: খামখেয়ালি আবহাওয়ায় বিপদ বাড়ছে রুবেলার! ভাইরাস আক্রমণ থেকে সন্তানকে সুস্থ রাখবেন কীভাবে?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    হঠাৎ করেই বেড়েছে তাপমাত্রার পারদ। বেলা বাড়তেই রোদের দাপট বাড়ছে। এমনকি সন্ধ্যার পরেও অস্বস্তি হচ্ছে। এদিকে ভোরে বেশ ঠান্ডা ভাব। হঠাৎ বৃষ্টিতে সাময়িক স্বস্তি হলেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আর এই পরিস্থিতিতে বিপদ বাড়াচ্ছে রুবেলা ভাইরাস (Rubella in Children)। তাই চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বাড়তি সতর্কতা জরুরি। এই আবহাওয়ায় সুস্থ থাকতে বাড়তি সচেতনতা প্রয়োজন। বিশেষত পরিবারের খুদে সদস্যকে (Child Immunity Care) সুস্থ রাখার জন্য সজাগ থাকতে হবে। কারণ রুবেলা ভাইরাসের দাপট শিশু শরীরেই সবচেয়ে বেশি হয়।

    কেন এই আবহাওয়ায় রুবেলা ভাইরাসের দাপট বাড়ছে?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বসন্ত ঋতুতে রুবেলা ভাইরাসের (Rubella in Children) দাপট বাড়ে। তার মূল কারণ আবহাওয়া। তাঁরা জানাচ্ছেন, শীতে তাপমাত্রা কম থাকে। কিন্তু বসন্ত হলো শীত আর গরমের মাঝের সময়। এই সময়ে শীতের দাপট থাকে না। আবার প্রবল গরমের দাপট ও থাকে না। এই সময়ে তাপমাত্রা বাড়তে থাকে। অর্থাৎ মরশুমের পরিবর্তন হয়। তার ফলে বাতাসে নানান ভাইরাসের সক্রিয়তা বেড়ে যায়। বিশেষত ফুসফুস কাবু করতে পারে এমন ভাইরাসের দাপট আরও বেশি বাড়তে থাকে। তাই চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এই সময়ে রুবেলার মতো ভাইরাসের দাপট বাড়ে।

    স্কুল থেকেই ছড়িয়ে পড়ে সংক্রামক রুবেলা

    তাছাড়া, বছরের এই সময়ে আবহাওয়া মনোরম থাকায় বহু মানুষ বেড়াতে যান। নানান উৎসব হয়। তাই এই সময়ে যে কোনও সংক্রামক রোগের দাপট বাড়ে। রুবেলা ভাইরাস (Rubella in Children) একটি সংক্রামক রোগ। হাঁচি-কাশির মাধ্যমে একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রামিত হতে পারে। তাই এই ভাইরাসের ক্ষমতা এই সময়ে বাড়ে। বসন্ত ঋতুতে যেমন নানান উৎসব রয়েছে, তেমনি এটা পরীক্ষার মরশুম। তাই চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, স্কুলে শিশুকে পাঠানোর সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা জরুরি (Child Immunity Care)। শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, জ্বর-সর্দি হলে চিকিৎসকের পরামর্শ মেনে তবেই স্কুলে পাঠানো উচিত। না হলে অন্যদের মধ্যেও যে কোনও রোগ সংক্রামিত হওয়ার ঝুঁকি থাকে। অধিকাংশ ক্ষেত্রে রুবেলার মতো ভাইরাস স্কুল থেকেই ছড়িয়ে পড়ে।

    রুবেলা ভাইরাসের জেরে কী হতে পারে?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, রুবেলা ভাইরাসের (Rubella in Children) জেরে হাম হতে পারে। জ্বর-সর্দি-কাশির মতো নানান উপসর্গ দেখা দেওয়ার পাশপাশি হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে লাল ফুসকুড়ি দেখা দেয়। এই উপসর্গগুলো রুবেলা সংক্রমণের জানান দেয়।

    সন্তানকে সুস্থ রাখবেন কীভাবে?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, রুবেলা ভাইরাসের দাপট রুখতে মূল হাতিয়ার টিকাকরণ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণকের নিয়ম অনুযায়ী, শিশুর জন্মের পরে ৯ থেকে ১২ মাসের মধ্যেই এমএমআর টিকার (MMR vaccination) প্রথম ডোজ দেওয়া হয়। যা রুবেলা সংক্রমণ রুখতে পারে। এছাড়াও ১৫ থেকে ১৮ মাসের এই টিকার দ্বিতীয় ডোজ এবং ৪ থেকে ৬ বছরের মধ্যে এই টিকার তৃতীয় ডোজ দেওয়া হয়। সময় মতো নিয়ম মেনে টিকাকরণ করালে শিশুর এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়।

    নিয়মিত মাস্ক পরে থাকা

    তবে বাড়তি কয়েকটি নজরদারি রাখলে রুবেলার (Rubella in Children) মতো যে কোনও ভাইরাস ঘটিত সংক্রমণের ঝুঁকি কমানো সহজ হয় বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, শিশুকে নিয়মিত মাস্ক পরার অভ্যাস করানো জরুরি। বাইরে যাওয়ার সময় নাক ও মুখ ঢাকা দেওয়া মাস্ক পরার অভ্যাস তৈরি করতে পারলে একাধিক সংক্রামক রোগের ঝুঁকি কমে (Child Immunity Care) । রুবেলা ভাইরাস মূলত হাঁচি-কাশির মাধ্যমে সংক্রামিত হয়। তাই এই রোগের দাপট কমবে। শিশুর বারবার জ্বর হলে তাকে পর্যবেক্ষণে রাখা জরুরি। স্কুলে পাঠানোর আগে অভিভাবকদের সজাগ থাকতে হবে, যাতে অন্যদের শরীরে এই রোগ না ছড়িয়ে পড়ে।

  • Daily Horoscope 24 February 2026: আশাপূরণ হবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 24 February 2026: আশাপূরণ হবে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আপনার কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে।

    ২) বাড়িতে বদনাম থেকে সবাই খুব সতর্ক থাকুন।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

    মিথুন

    ১) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত।

    ২) শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে।

    ৩) বাণীতে সংযম জরুরি।

    কর্কট

    ১) সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ২) শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) প্রতিকূল কাটবে দিনটি।

    কন্যা

    ১) ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে।

    ২) ভাই-বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    তুলা

    ১) উচ্চশিক্ষার্থীদের সামনে ভালো যোগ রয়েছে।

    ২) পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

    ২) কোনও অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে।

    ৩) আশাপূরণ।

    ধনু

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) অবাক করে দেওয়া কোনও সুখবর পেতে পারেন।

    ২) কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

    ১) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ায় আনন্দ লাভ।

    ২) সংসারে শান্তি বজায় থাকবে।

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) আপনার রূঢ় আচরণে বাড়িতে বিবাদ বাধতে পারে।

    ২) ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Kolkata Wetlands Case: ‘রাজ্য না পারলে আধা সামরিক বাহিনী নামাতে হবে’, জলাভূমি ভরাট রুখতে কড়া বার্তা হাইকোর্টের

    Kolkata Wetlands Case: ‘রাজ্য না পারলে আধা সামরিক বাহিনী নামাতে হবে’, জলাভূমি ভরাট রুখতে কড়া বার্তা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব কলকাতা জলাভূমি (Wetland) এলাকায় বেআইনি নির্মাণ এবং জলা ভরাট সংক্রান্ত মামলায় রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। এবার কেন্দ্রীয় সরকারকে মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি। বিচারপতির সাফ বক্তব্য, রাজ্য যদি না-পারে তাহলে কেন্দ্রের সহযোগিতা নিতে হবে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ করতে হবে। বারবার নির্দেশ দেওয়ার সত্ত্বেও রাজ্য এবং পুরনিগম পদক্ষেপ করছে না বলে উল্লেখ করেন বিচারপতি।

    ‘রিপোর্ট নয়, কাজ কই?’

    পূর্ব কলকাতা জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙতে রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। সোমবার, এই সংক্রান্ত মামলার শুনানির শুরুতেই বিচারপতি সিনহা (Justice Amrita Sinha) ক্ষোভ প্রকাশ করে বলেন, “আদালতে রিপোর্টের পর রিপোর্ট জমা পড়ছে, কিন্তু বাস্তবে কাজ হওয়ার কোনও তথ্য নেই। আর রিপোর্ট নেব না, এবার হাতেনাতে কাজ দেখতে চাই।” জলাভূমি রক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি’ (EKWMA)-র পক্ষ থেকে আদালতে জানানো হয়, তারা বেআইনি নির্মাণ ভাঙতে জেলাশাসককে (DM) বারবার অনুরোধ করলেও কোনও সাহায্য মিলছে না। এমনকি চৌবাগা-সহ সংলগ্ন এলাকায় বেআইনি বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁদের। সেই বিক্ষোভ সামলানোর ক্ষমতা বা পরিকাঠামো— কোনওটিই ওই সংস্থার নেই।

    কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভাঙার নির্দেশ

    এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, জলাভূমি সংলগ্ন ৫০৫টি বেআইনি নির্মাণ (Illegal Building) ভাঙার কাজে রাজ্য যদি পরিকাঠামো বা পুলিশি সাহায্য দিতে ব্যর্থ হয়, তবে আধা সামরিক বাহিনী দিয়ে সেই কাজ করানো হবে। এই মর্মে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র, আবাসন এবং পরিবেশ মন্ত্রককে অবিলম্বে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। জলাভূমি ভরাটের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে কড়া নির্দেশিকা রয়েছে, পরবর্তী শুনানিতে তার প্রতিলিপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৬ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

  • Election Commission of India: ২৭ বছর পর রাজ্য শাখাগুলির সঙ্গে রাউন্ড টেবিল বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন

    Election Commission of India: ২৭ বছর পর রাজ্য শাখাগুলির সঙ্গে রাউন্ড টেবিল বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ২৭ বছর পর ২৪ ফেব্রুয়ারি দেশের নির্বাচন কমিশন (ইসিআই) এবং রাজ্য নির্বাচন কমিশনার (এসইসি)-দের নিয়ে একটি জাতীয় গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ভারত মণ্ডপমে। শেষ বার এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালে। মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এই উচ্চপর্যায়ের বৈঠকের মূল লক্ষ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনগুলির মধ্যে সমন্বয় জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

    কারা থাকবেন বৈঠকে

    সূত্রের খবর, ১৯৯৯ সালের পর এই প্রথম এমন বৈঠক আয়োজন করা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী। সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য নির্বাচন কমিশনাররা তাঁদের আইনি ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন। ৩৬টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও সম্মেলনে যোগ দেবে। দিনভর এই বৈঠকে কমিশনের শীর্ষ আধিকারিকরা বিভিন্ন প্রযুক্তিগত ও প্রশাসনিক উদ্যোগ নিয়ে বিস্তারিত উপস্থাপনা করবেন। সম্প্রতি চালু হওয়া ইসিআইনেট ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকারিতা এবং নির্বাচনী পরিষেবা সহজতর করতে তার সম্ভাবনাও তুলে ধরা হবে।

    বৈঠকের প্রধান উদ্দেশ্য

    বৈঠকের প্রধান উদ্দেশ্য হল, নিজ নিজ সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে থেকে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ইসিআই ও এসইসি-গুলির মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও সুদৃঢ় করা। আলোচনায় প্রযুক্তি ভাগাভাগি, ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) ব্যবহার এবং ভোটার তালিকা সংক্রান্ত বিষয়গুলি বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া ইভিএম-এর স্বচ্ছতা, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে বিশেষ উপস্থাপনা থাকবে। ১৯৫০ সালের জনগণের প্রতিনিধিত্ব আইন (Representation of the People Act, 1950) অনুযায়ী ভোটার যোগ্যতার বিষয়ে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনামূলক চিত্রও তুলে ধরা হবে, যাতে ভোটার তালিকা প্রস্তুতির আইনি কাঠামো নিয়ে ফলপ্রসূ আলোচনা সম্ভব হয়। উল্লেখ্য, ৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনের ভিত্তিতে সংশ্লিষ্ট রাজ্য আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন গঠিত হয়। সংবিধানের ২৪৩কে এবং ২৪৩জেডএ অনুচ্ছেদ অনুযায়ী পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতি এবং নির্বাচন পরিচালনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনগুলির উপর ন্যস্ত।

  • Bangladesh Army: বাংলাদেশ সেনায় বিরাট রদবদল! প্রধানমন্ত্রী হয়েই খোলনলচে পাল্টাচ্ছেন তারেক

    Bangladesh Army: বাংলাদেশ সেনায় বিরাট রদবদল! প্রধানমন্ত্রী হয়েই খোলনলচে পাল্টাচ্ছেন তারেক

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল (Bangladesh Army) ঘটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Bangladesh PM Tarique Rahman)। তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রকেরও দায়িত্বে রয়েছেন। ‌বাংলাদেশে এখন নতুন সরকার। ক্ষমতায় এসেছে বিএনপি (BNP)। তারেক রহমান (Tarique Rahman) প্রধানমন্ত্রী হতেই শীর্ষ স্তর থেকে নীচু স্তর- বাংলাদেশের সেনাবাহিনীর সব জায়গাতেই বদল করেছেন। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে কর্মরত এক সেনাকর্তারও বদলি করা হয়েছে। সেনার এই রদবদলে বাংলাদেশের কৌশলগত কমান্ড থেকে গোয়েন্দা সংস্থা-সবেতেই প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

    কোন পদে কাকে আনলেন তারেক

    ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনার নতুন চিফ অফ জেনারেল স্টাফ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে। তিনি এতদিন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে ছিলেন। পাশাপাশি আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। কোনও দেশের রাষ্ট্রদূত করা হতে পারে তাঁকে। বাংলাদেশের সেনার নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। তিনি পদাতিক বাহিনীর ২৪ তম ডিভিশনে ছিলেন। মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশনে ছিলেন। তাঁকে পাঠানো হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে। মেজর জেনারেল ফিরদৌস হাসানকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট পদ থেকে পদাতিক বাহিনীর ২৪তম ডিভিশনের দায়িত্বে পাঠানো হয়েছে। মেজর জেনারেল কাইসের রশিদ চৌধুরী এতদিন সেনা হেডকোয়ার্টারে ব্রিগেডিয়ার জেনারেল পদে ছিলেন। তাঁকে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (DGFI)-র ডিরেক্টর জেনারেল করা হয়েছে।

    পদোন্নতি ভারতীয় উপদেষ্টার

    পদোন্নতি হয়েছে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে কর্মরত এক সেনাকর্তারও। ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাফিজুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ছিলেন। তাঁকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। বাংলাদেশের পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশনের দায়িত্ব সামলাবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী (Bangladesh Home Ministry) সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের শীর্ষ পদেও (changes in Bangladesh Police top ranks) কিছু মুখ বদল হবে। তবে কবে এই পরিবর্তন বাস্তবায়িত করা হবে সে বিষয়ে তিনি কিছু জানাতে রাজি হননি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আগামী ১২ মার্চ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। ‌ এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। এর আগে হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের জমানায় একাধিকবার সেনাবাহিনীর সঙ্গে সংঘাত বেঁধেছিল অন্তর্বর্তী সরকারের। এবার সেনা বাহিনীতে এই রদবদলে ভারত-বাংলাদেশ দুই দেশের সম্পর্কে কী প্রভাব পড়বে, তা-ই দেখার।

  • PM Modi Israel Visit: বুধে নেতানিয়াহুর দেশে যাচ্ছেন মোদি, প্রতিরক্ষা সহযোগিতায় হতে চলেছে ভারত-ইজরায়েল নতুন অধ্যায়ের সূচনা?

    PM Modi Israel Visit: বুধে নেতানিয়াহুর দেশে যাচ্ছেন মোদি, প্রতিরক্ষা সহযোগিতায় হতে চলেছে ভারত-ইজরায়েল নতুন অধ্যায়ের সূচনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘বন্ধু’ বেঞ্জামিন নেতানয়াহুর আমন্ত্রণে আগামী ২৫ ফেব্রুয়ারি দুদিনের ইজরায়েল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই দুই দিনের ইজরায়েল সফরে প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে ক্ষেত্রে দ্বিপাক্ষিক সমঝোতা সংক্রান্ত বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    কী লিখলেন দুই দেশের প্রধানমন্ত্রী?

    রবিবার, নিজের এক্স হ্যান্ডলে মোদির আসন্ন ইজরায়েল সফরের কথা জানিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেখেন, “আমার প্রিয় বন্ধু মোদির বুধবারের ইজরায়েল সফর নিয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে কথা হয়েছে। আমরা উদ্ভাবন, নিরাপত্তা এবং একটি যৌথ কৌশলগত দৃষ্টিভঙ্গিতে অংশীদার। একসঙ্গে আমরা স্থিতিশীলতা ও অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলোর একটি শক্তিশালী অক্ষ গড়ে তুলছি।” নেতানিয়াহুর পোস্টের জবাবে নিজের এক্স হ্যান্ডলে মোদি লেখেন, “ধন্যবাদ, আমার বন্ধু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভারত ও ইজরায়েলের মধ্যে থাকা বন্ধন এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক চরিত্র নিয়ে আপনার বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। বিশ্বাস, উদ্ভাবন এবং শান্তি ও অগ্রগতির প্রতি যৌথ অঙ্গীকারের ভিত্তিতে গড়ে ওঠা ইজরায়েলের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আমরা অত্যন্ত মূল্য দিই। আমার আসন্ন ইজরায়েল সফরের সময় আপনার সঙ্গে আলোচনার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।”

    প্রতিরক্ষায় কৌশলগত অংশীদারিত্ব নিয়ে মোদি-নেতানিয়াহু আলোচনা

    প্রতিরক্ষায় কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর ও দৃঢ় করতে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি চালাচ্ছে দুতরফেই। আলোচনার কেন্দ্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত অস্ত্র প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তিভিত্তিক সহযোগিতা। তবে, নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা থাকলেও, মোদির এই সফরে কোনও বড় প্রতিরক্ষা চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে না। অন্তত এমনটাই জানা যাচ্ছে সরকারি সূত্রের মাধ্যমে। বরং তাঁদের মতে, এই সফরকে আগামী কয়েক বছরে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতার রোডম্যাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।

    কৌশলগত প্রেক্ষাপট: কেন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ

    এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র আলোচনায় প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতা অগ্রাধিকার পাবে। আলোচনার অন্যতম প্রধান বিষয় হল ভারতের ‘মিশন সুদর্শন’ উদ্যোগের আওতায় যৌথভাবে অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন, যার লক্ষ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হুমকি থেকে ভারতের ভূখণ্ডকে সুরক্ষা দেওয়া। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তিতে ইজরায়েলকে ‘বিশ্বনেতা’ হিসেবে বিবেচনা করা হয়।

    ইজরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা কাঠামোর মধ্যে রয়েছে—

    • ● দূরপাল্লার আকাশ-প্রতিরোধ ব্যবস্থা— অ্যারো (Arrow)
    • ● মাঝারি পাল্লার আকাশ-প্রতিরোধ ব্যবস্থা— ডেভিড’স স্লিং (David’s Sling)
    • ● স্বল্প পাল্লার আকাশ-প্রতিরোধ ব্যবস্থা— আয়রন ডোম (Iron Dome)

    এই ব্যবস্থাগুলি বাস্তব যুদ্ধপরিস্থিতিতে বহুবার পরীক্ষিত এবং বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি হিসেবে স্বীকৃত। ভারতের ক্ষেত্রে এই সহযোগিতা আঞ্চলিক ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় এবং নিজস্ব বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    পরবর্তী প্রজন্মের যুদ্ধপ্রযুক্তিতে সহযোগিতা

    ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বাইরে ভারত যেসব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চায়, সেগুলি হল—

    • ● উচ্চ-শক্তির লেজারভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা
    • ● দূরপাল্লার স্ট্যান্ড-অফ প্রিসিশন মিসাইল
    • ● সশস্ত্র ড্রোন ও লয়টারিং মিউনিশন

    কেনা ও যৌথ উন্নয়ন: বহু-মাত্রিক কৌশল

    গত বছরের নভেম্বরে প্রতিরক্ষা সচিব আরকে সিংহের ইজরায়েল সফরের সময় উন্নত প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত মউ স্বাক্ষরের মাধ্যমে এই সম্প্রসারিত অংশীদারিত্বের ভিত্তি তৈরি হয়। আকাশ, স্থল ও সমুদ্রপথ থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার নির্ভুল আঘাত হানার অস্ত্র ব্যবস্থা কেনা ও যৌথ উন্নয়ন বিবেচনা করছে ভারত।

    আলোচনাধীন ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে—

    • ● ‘স্পাইস-১০০০’ (Spice-1000) প্রিসিশন গাইডেড বোমা
    • ● ‘র‌্যামপেজ’ (Rampage) এয়ার-টু-সারফেস মিসাইল
    • ● ‘লোরা’ (LORA) এয়ার-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল
    • ● ‘আইস-ব্রেকার’ (Ice-Breaker) দীর্ঘ-পাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল
    • ● ভারতীয় নৌবাহিনীর জন্য সম্প্রসারিত পাল্লার ‘বারাক-৮’(Barak-8)

    এই অস্ত্রব্যবস্থাগুলি শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা বলয় অতিক্রম করে উচ্চ-মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বাড়াবে এবং একই সঙ্গে ভারতের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে।

    প্রতিরক্ষার বাইরে বিস্তৃত কৌশলগত আলোচনা

    প্রতিরক্ষার পাশাপাশি দুই দেশ আলোচনা করবে—

    • ● বিজ্ঞান ও উন্নত প্রযুক্তি
    • ● কৃষি উদ্ভাবন
    • ● বিশুদ্ধ পানীয় জল সমাধান
    • ● কোয়ান্টাম কম্পিউটিং

    এতে বোঝা যায়, ভারত-ইজরায়েল সম্পর্ক কেবল সামরিক সহযোগিতায় সীমাবদ্ধ না থেকে অসামরিক উচ্চপ্রযুক্তি ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে।

    প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায়!

    এই সফরটি ইঙ্গিত দিচ্ছে যে, ভারত ও ইজরায়েলের সম্পর্ক ক্রমে ক্রেতা-বিক্রেতা প্রতিরক্ষা সম্পর্ক থেকে যৌথ উন্নয়ন ও প্রযুক্তি ভাগাভাগির অংশীদারিত্বে রূপ নিচ্ছে। বড় অস্ত্রচুক্তির ঘোষণা না করে দীর্ঘমেয়াদি প্রকল্পে জোর দেওয়াই এই সফরের মূল বৈশিষ্ট্য। ভারতের দৃষ্টিকোণ থেকে ইজরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা তার প্রতিরোধক্ষমতা শক্তিশালী করবে এবং ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) ও আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প গঠনের লক্ষ্যকে সমর্থন দেবে। অন্যদিকে, ইজরায়েলের জন্য ভারত এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক অংশীদার হিসেবে থেকে যাচ্ছে। সামগ্রিকভাবে, মোদি-নেতানিয়াহু বৈঠক ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সংহত করবে এবং প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে গভীরতর সহযোগিতার ভিত্তি স্থাপন করবে বলে মনে করা হচ্ছে।

  • Kishtwar Encounter: ২০ বার সেনার চোখে ধুলো! চারপেয়ে সৈনিক টাইসন-এর ‘টিপসে’ই কিশতওয়ারে খতম কাশ্মীরের ত্রাস সইফুল্লা

    Kishtwar Encounter: ২০ বার সেনার চোখে ধুলো! চারপেয়ে সৈনিক টাইসন-এর ‘টিপসে’ই কিশতওয়ারে খতম কাশ্মীরের ত্রাস সইফুল্লা

    মাধ্যম নিউজ ডেস্ক: গুলিবিদ্ধ হয়েও হাল ছাড়েনি সে, রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় অভিযান (Army Dog Tyson) চালিয়ে গিয়ে কাশ্মীরে (Kashmir Operation) জঙ্গিদের লুকোনো আস্তানা চিহ্নিত করল ‘টাইসন’। তার সূত্র ধরে কিশতওয়ারে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল পাক জঙ্গি সইফুল্লা-সহ তিন জইশ কমান্ডার (Jaish terrorists killed Kishtwar)। ভারতীয় সেনার এই সাফল্যের পর এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।

    জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই

    জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে তিন জঙ্গি। তাদের মধ্যে জইশের কমান্ডার সইফুল্লা রয়েছে বলে সেনা সূত্রে খবর। অন্য জন এক জন সইফুল্লার সঙ্গী। তার পরিচয় জানার চেষ্টা চলেছে। তৃতীয় জনেরও পরিচয় জানা যায়নি। কাশ্মীরের ত্রাস ছিল সইফুল্লা। শনিবার তাদের ছত্রুর জঙ্গলে দেখা যায়। তার পরই রবিবার সকাল থেকে জঙ্গি দমন অভিযানে নামে সেনা। পাহাড়ি এই জঙ্গলে এর আগেও জঙ্গিদের সঙ্গে বেশ কয়েক বার সংঘর্ষ হয়েছে বাহিনীর। রবিবার সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সেনা সূত্রে জানানো হয়, জঙ্গিরা সংখ্যায় ২-৩ জন ছিলেন। আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

    টাইসনের টেক্কা

    জঙ্গি দমনে আবারও নজির গড়ল ভারতীয় সেনার প্রশিক্ষিত কুকুর। সেনা সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সেনা (Indian Army)-র ২ প্যারা (স্পেশাল ফোর্সেস)-এর প্রশিক্ষিত জার্মান শেফার্ড টাইসন এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দুর্গম পাহাড়ি এলাকায় তৈরি জঙ্গিদের লুকোনো ডেরায় ঢুকে পড়ে সে। ঠিক সেই সময়ই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলিতে আহত হয় টাইসন – তার পায়ে গুলি লাগে। কিন্তু সেখানেই থামেনি সে। আহত অবস্থাতেই এগিয়ে গিয়ে জঙ্গিদের অবস্থান স্পষ্ট করে দেয় সেনাকে। ফলে দ্রুত ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী, এবং শেষ পর্যন্ত খতম করা হয় তিন জঙ্গিকে। আহত টাইসনকে এয়ারলিফট করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন আধিকারিকরা।

    সেনার ‘চারপেয়ে সৈনিক’-এর গুরুত্ব

    এই ঘটনা আবারও প্রমাণ করল, জঙ্গি দমন অভিযানে প্রশিক্ষিত কুকুরদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। কঠিন ভূখণ্ডে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে এদের দক্ষতা অপরিসীম। উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের অক্টোবরে এক অনুরূপ অভিযানে প্রাণ দিয়েছিল ‘ফ্যান্টম’ নামে এক বেলজিয়ান ম্যালিনয়। জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিজের হ্যান্ডলার ও সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে প্রাণ দেয় সে, আর সেই অভিযানে শেষ পর্যন্ত খতম করা হয়েছিল জঙ্গিদের। টাইসনের বীরত্ব শুধু একটি সফল অভিযানের গল্প নয় – এটি সেনার সেই নীরব যোদ্ধাদের কথা মনে করিয়ে দেয়, যারা কথা বলতে পারে না, কিন্তু দায়িত্ব পালনে কখনও পিছিয়ে যায় না।

    কুখ্যাত জইশ-ই-মহম্মদ জঙ্গি সইফুল্লা

    গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে অশান্তির অন্যতম কারণ সইফুল্লা। কমপক্ষে ২০ বার সেনা-পুলিশের চোখে ধুলো দিয়েছিল সে। এমনকী দাড়ি কামিয়ে গা-ঢাকা দেওয়ারও চেষ্টা করে। অবশেষে রবিবার কিশতওয়ারে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ অপারেশনে নিকেশ হল ‘মোস্ট ওয়ান্টেড’ জইশ-এ-মহম্মদ জঙ্গি সইফুল্লা। সেনা সূত্রে খবর, সইফুল্লা পাকিস্তানি নাগরিক। পাক অধিকৃত কাশ্মীরে জইশের প্রশিক্ষণ শিবির থেকে উত্থান তার। এক সময় আইএসআইয়ের মদতে পাহাড়-জঙ্গলের পথে ভারতে ঢোকে সে। এর পর একাধিক ষড়যন্ত্র চালায়। গত মাস দুয়েক ধরে উপত্যকায় লুকিয়ে থাকা জইশ জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তাবাহিনী। সে রকমই এক অভিযানে সম্প্রতি আদিল নামে এক জইশ জঙ্গি নিহত হয়। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, আদিল সইফুল্লার ‘ডান হাত’ ছিল। তার মৃত্যুর পরেই উপত্যকা ছাড়ার পরিকল্পনা করছিল সইফুল্লা। এর জন্য দাড়ি কেটে ভোল বদলে ছিল সে। যদিও সেনার তৎপরতায় জঙ্গলে লুকিয়ে থাকতে বাধ্য হয় জইশ জঙ্গি। এদিন সেখানেই গুলির লড়াইয়ে মৃত্যু হয় সইফুল্লার।

    নিরাপত্তা বাহিনীর তৎপরতা

    পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-এ-মহম্মদের বেশ কয়েক জন জঙ্গি কিশতওয়ারের জঙ্গলে গা-ঢাকা দিয়েছে, এই খবর পেয়ে রবিবার সকালে ছত্রু বেল্টের পাসারকুট এলাকায় অপরাশেন চালায় সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। পাহাড়ের পাদদেশে একটি মাটির ঘরের ভেতর লুকিয়ে ছিল জঙ্গিরা। কাছাকাছি পৌঁছতেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। পালটা গুলি চালায় যৌথ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত সইফুল্লা-সহ ৩ জঙ্গি নিহত হয়েছে গুলির লড়াইয়ে। অভিযান শেষে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় দু’টি একে-৪৭ রাইফেল, বিপুল পরিমাণ গুলি এবং অন্যান্য সামগ্রী। দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘লুকোচুরি’ খেলছিল সইফুল্লা, কিন্তু টাইসনের তৎপরতায় শেষমেশ তার খোঁজ মেলে।

    কিশতওয়ারের জঙ্গলেই জঙ্গিদের আস্তানা

    প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে কিশতওয়ারে ‘অপারেশন ছত্রু’ শুরু করে। সেই অভিযানে বেশ কয়েক জন জঙ্গিকে খতম করে সেনা। কিশতওয়ারের এই জঙ্গলে মাঝেমধ্যেই জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর আসে। তার পরই অভিযান চলে। রবিবারেও ছত্রুর সেই জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির খবর আসতেই অভিযানে নেমেছে সেনা। এ মাসের গোড়াতে উধমপুরে জইশের দুই জঙ্গিকে নিকেশ করে সেনা। তাদের মধ্যে এক জন জইশের কমান্ডার ছিল। তাদের কাছে থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং বেশ কিছু নথি উদ্ধার হয়। পাহাড়ি জঙ্গলে একটি গুহায় গোপন ডেরা বানিয়েছিল জঙ্গিরা। গত কয়েক বছর ধরে ওই এলাকাতে সক্রিয় ছিল জইশের এই কমান্ডার আবু মাভিয়া। গত জানুয়ারিতে কাঠুয়া এবং কিশতওয়ারের ছত্রু এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের সাতটি ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষগুলির একটিতে পাকিস্তানে জইশ কমান্ডার উসমানের মৃত্যু হয়। ছত্রুতে আরও দুই জঙ্গিকে নিকেশ করা হয়। জানুয়ারি মাসে শুরু হওয়া ‘অপারেশন ত্রাশি-১’ মূলত কিশতওয়ার জেলার দুর্গম বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় জঙ্গি দমনের লক্ষ্যে চালানো হচ্ছে। ছত্রু ছাড়াও সন্নার, দোলগাম এবং দিচ্ছর এলাকায় একাধিক সার্চ অপারেশন ও আক্রমণ চালানো হয়েছে।

  • T20 World Cup 2026: থামল বিজয়রথ! দক্ষিণ আফ্রিকার কাছে হতাশাজনক হারের পরও বিশ্বকাপ নিয়ে প্রত্যয়ী সূর্য

    T20 World Cup 2026: থামল বিজয়রথ! দক্ষিণ আফ্রিকার কাছে হতাশাজনক হারের পরও বিশ্বকাপ নিয়ে প্রত্যয়ী সূর্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বিনা লড়াইয়ে থামল সূর্যের বিজয়রথ। সুপার এইটে বড় ধাক্কা। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে ৭৬ রানে হেরে গেল ভারত। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১১ রানে অল আউট টিম ইন্ডিয়া। ১২ ম্যাচে জয়ের পর হার। অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) স্পষ্ট দাবি—হারের দায় ব্যাটিংয়ের। ২০২৩ সালের বিশ্বকাপে এই আমেদাবাদেই ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল, রোহিতদের বিজয়রথ থেমেছিল, সেখানেই ফের মুখ থুবড়ে পড়ল সূর্যের ভারত (Indian Cricket Team)। শুধু হার নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া এতই বড় ব্যবধানে পরাজিত হলে যে ভারতের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।

    ২০২২ সালের পর আইসিসি টি-টোয়েন্টি-তে হার

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৮ রান তাড়া করতে নেমে রবিবার মাত্র ১১১ রানেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে অপেক্ষাকৃত কমজোরি প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও রকমে সামাল দেওয়া গিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোনও ম্যাচেই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি গুরু গম্ভীরের ছাত্ররা। সুপার এইটে নামতেই বাস্তব পরিস্থিতির সামনে পড়ল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিরাট ব্যবধানে হেরে গেল সূর্যকুমার যাদবের দল। ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর এই প্রথম কোনও একাধিক দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে পরাজিত হল ভারতীয় দল। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গের পর এই প্রথম আইসিসি প্রতিযোিগতার ম্যাচে হারের সম্মুখীন হল মেন ইন ব্লু-রা।

    পাওয়ারপ্লেতেই ভাঙন

    রান চেজের শুরুতেই ভাঙন। প্রথম ওভারে শূন্য রানে আউট ঈশান কিষাণ (Ishan Kishan)। তিলক বর্মা (Tilak Varma) ১, অভিষেক শর্মা (Abhishek Sharma) ১৫—পাওয়ারপ্লের শেষে স্কোর ৩১/৩। শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এই কারণে ম্যাচের পর সূর্যকুমার বলেন, ‘১৮৮ তাড়া করতে গেলে পাওয়ারপ্লেতে ম্যাচ জেতা না গেলেও হেরে যাওয়া যায়। আমরা এই পর্যায়েই বেশি উইকেট হারিয়েছি। ছোট ছোট জুটি গড়তে পারিনি।’ পরিসংখ্যান বলছে, কাল ভারতের ব্যাটাররা থিতু হতে পারেননি। বড় শট খেলতে গিয়ে নিয়মিত উইকেট পড়েছে। স্ট্রাইক রোটেশনও হয়নি ঠিকমতো। ফলে রান তোলার চাপ ক্রমশ বেড়েছে।

    মিডল অর্ডারে ধীরগতি

    পাওয়ার-প্লে-তে ব্যাকফুটে চলে গিয়েও নিজেদের কৌশল থেকে সরলেন না গম্ভীর, সূর্যকুমাররা। ঈশান, অভিষেক ফিরে যাওয়ার পরেও চলল সেই টুকটুক করে ব্যাটিং। পরিস্থিতির বিচার না করেই ধরে খেলতে গিয়ে বিপদ ঘনিয়ে এল। দক্ষিণ আফ্রিকাও ২০ রানে ৩ উইকেট হারিয়েছিল। তাই বলে ডেভিড মিলার এবং ডেওয়াল্ড ব্রেভিস ‘টেস্ট’ খেলার রাস্তায় হাঁটেননি। পাল্টা মারের রাস্তায় হেঁটে ভারতীয় বোলারদের চাপে ফেলে দিয়েছিলেন। ভারত সেটাই করতে পারল না। ধরে খেলতে গিয়ে নিজেদের উপর চাপ এতটাই বাড়িয়ে ফেলল যে পরের দিকে আর সামলানো গেল না।

    ব্যাটিং ব্যর্থতাই দায়ী

    ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতাকেই পরাজয়ের কারণ হিসেবে দেখিয়েছেন অধিনায়ক সূর্য কুমার। কিন্তু পরিকল্পনা কই? ভারতের ব্যাটারদের খেলা নিয়ে প্রতি ম্যাচেই প্রশ্ন থাকছে। কেউ না কেউ পারফরম্যান্স করে ম্যাচ বার করে দিচ্ছিলেন ঠিক, কিন্তু কঠিন প্রতিপক্ষের সামনে সেই চাল চলে না। তখন টি-টোয়েন্টি হোক বা টেস্ট, ক্রিকেট বুঝিয়ে দেয় এটা ওয়ান-ম্যান গেম নয়, টিম গেম। দক্ষিণ আফ্রিকার বোলাররা যেখানে একের পর এক মন্থর বল করছেন, তা খেলার জন্য কেন পরিকল্পনা থাকবে না ব্যাটারদের? অনুশীলনে ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের কাজটা কী? আগের চারটি ম্যাচে ওপেনিং জুটি টিকতে পারেননি। মূলত অভিষেক শর্মার ব্যর্থতার জন্যই। এ দিন সেই তালিকায় নাম লেখালেন ঈশান কিশন। অভিষেকের বদলে তিনি স্ট্রাইক নিয়েছিলেন। চতুর্থ বলেই তাঁকে ফিরিয়ে দিলেন এডেন মার্করাম। অভিষেক কোনও মতে খোঁড়াতে খোঁড়াতে ১৫ রান করলেন। তবে যে বলে আউট হলেন তাতে শিক্ষানবিশ ক্রিকেটারও লজ্জা পাবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতি ম্যাচে ওপেনারেরা এ ভাবে ব্যর্থ হলে সাফল্যের আশা করা যায় না।

    কেন নেই অক্ষর প্যাটেল

    আমেদাবাদের পিচে কী ভাবে বোলিং করতে হয়, তা ভারতকে শিখিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজের মতো বোলার যেখানে এক ওভারে তিনটি উইকেট তুলে নিলেন, সেখানে ভারতের স্পিনারদের প্রাপ্তি মাত্র একটি উইকেট। বরুণ চক্রবর্তী ভারতের স্ট্রাইক বোলার। তিনি এমন বল করলেন যে লোকানো যাচ্ছিল না। শেষ ওভারে ডেভিড মিলারকে আউট করলেন ঠিকই। তত ক্ষণে মিলার যা ক্ষতি করার করে দিয়েছেন। আমেদাবাদের পিচে খেলে বড় হয়েছেন অক্ষর প্যাটেল। মাঠ থেকে ৬০ কিলোমিটার দূরে নাদিয়াদে থাকেন। তিনি দলের সহ-অধিনায়কও বটে। তাঁকেই কি না এই ম্যাচ থেকে বাদ দেওয়া হল? যে কোনও দিন অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটনের থেকে অক্ষর এগিয়ে থাকবেন। তার উপর তাঁর ঘরের মাঠে দলের বাইরে অক্ষর। মাঠে বল হাতে থাকলে দক্ষিণ আফ্রিকার আরও ২০ রান হয়তো কমতে পারত। যে ২০ রানই ২০ ওভারের ক্রিকেটে মানসিক ফারাক গড়ে দেয়।

    সূর্যদের শেষ-চারের পথ

    এই পরাজয়ের পর ভারতের আর ভুলত্রুটির কোনও অবকাশ নেই। সুপার এইটে সব দলই তিনটি করে ম্যাচ খেলবে। ভারতীয় দল নিজেদের পরের ম্যাচগুলি খেলবে জিম্বাবোয়ে (Zimbabwe) এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে। ভারতীয় দলকে এই দুই ম্যাচে জিততে তো হবেই। পাশাপাশি টিম ইন্ডিয়াকে আশা করতে হবে প্রোটিয়া দলও যেন বাকি দুই প্রতিপক্ষকে পরাজিত করে। তাহলে সেক্ষেত্রে দুই ম্যাচ জিতে গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তবে এর অন্যথা হলে? দক্ষিণ আফ্রিকা যদি জিম্বাবোয়ে বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজিত হয়, তাহলে সমস্যায় পড়বে ভারত।

    বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

    প্রোটিয়াদের বিরুদ্ধে এত বড় ব্যবধানে হারের ফলে ভারতের (India vs South Africa) নেট রান রেটও বেশ ধাক্কা খেয়েছে। এই হারে ভারতের নেট রান রেট নেমে গেছে মাইনাস ৩.৮০০-তে। সুপার এইটে এখন পরিস্থিতি জটিল। তাই ভারতীয় দলকে সেক্ষেত্রে নিজেদের ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় শুধু পয়েন্ট নয়, আত্মবিশ্বাসেও ধাক্কা। তবে অধিনায়ক সূর্যকুমার পরিষ্কার জানিয়েছেন, এটা ঘাবড়ানোর নয়, ঘুরে দাঁড়ানোর সময়। সূর্য বলেন, ‘আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেটই খেলব। ব্যাট, বল, ফিল্ডিং—সব বিভাগেই উন্নতি করতে হবে। তারপর সময় বলবে।’

  • Mukul Roy Demise: প্রয়াত মুকুল রায়, কেন তাঁকে বলা হত ‘বাংলার রাজনীতির চাণক্য’?

    Mukul Roy Demise: প্রয়াত মুকুল রায়, কেন তাঁকে বলা হত ‘বাংলার রাজনীতির চাণক্য’?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের মৃত্যুতে এক দীর্ঘ ও ঘটনাবহুল রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটল। রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়ান কেবল একজন নেতার মৃত্যু নয়, বরং এমন এক রাজনৈতিক কৌশলবিদের অবসান, যিনি তিন দশক ধরে রাজ্যের ক্ষমতার সমীকরণে বড় প্রভাব ফেলেছিলেন। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী থেকে বিজেপির গুরুত্বপূর্ণ কৌশলবিদ হয়ে ওঠেন এবং পরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন মুকুল রায়।

    সংগঠক থেকে ক্ষমতার কুশীলব

    মুকুল রায়ের রাজনৈতিক উত্থান ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রাথমিক বিস্তারের সঙ্গে। ১৯৯৮ সালে দলের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম হয়ে তিনি জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন এবং বামফ্রন্টের দীর্ঘ শাসনের বিরুদ্ধে তৃণমূলের সাংগঠনিক ভিত শক্ত করেন। তাঁর কৌশলগত দক্ষতার জন্যই তিনি “বাংলার রাজনীতির চাণক্য” নামে পরিচিত হন। জেলা স্তরে দলের সাংগঠনিক কাঠামো মজবুত করতে তাঁর বড় ভূমিকা ছিল। দলবদল করানো, জোট গঠন এবং ভোটের অঙ্ক কষায় তাঁর পারদর্শিতা ছিল অসাধারণ। ২০১১ সালে বামফ্রন্ট সরকারের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    কেন্দ্রীয় মন্ত্রিসভা ও প্রশাসনিক পর্ব

    দ্বিতীয় ইউপিএ সরকারের সময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি তাঁকে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে পরিচিতি দেয়। প্রথমে জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং পরে ২০১২ সালে রেলমন্ত্রী হিসেবে তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তবে এই সময় থেকেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে, যা ভবিষ্যৎ রাজনৈতিক ভাঙনের ভিত্তি তৈরি করে।

    বিজেপিতে যোগ ও বিরোধী শক্তির উত্থান

    ২০১৭ সালে তাঁর বিজেপিতে যোগদান রাজ্য রাজনীতিতে বড় মোড় আনে। এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলে। তিনি বিজেপির অন্যতম প্রধান কৌশলবিদ হয়ে ওঠেন। রাজ্যে বিজেপির সাংগঠনিক বিস্তার দ্রুত বাড়াতে সাহায্য করেন। তাঁর সংগঠন গড়ার অভিজ্ঞতা ও তৃণমূলের অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান বিজেপিকে দ্রুত শক্তিশালী করতে সাহায্য করে। এর ফল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে স্পষ্ট হয়, যখন বিজেপি পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জয়লাভ করে এবং তৃণমূলের প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসে। এই সাফল্যের নেপথ্যে মুকুল রায়ের কৌশলগত ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    প্রভাব হ্রাস ও তৃণমূলে প্রত্যাবর্তন

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপিতে তাঁর রাজনৈতিক গুরুত্ব কমতে থাকে। সেবারের নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে কৃষ্ণনগর থেকে জয়ী হন মুকুল। তবে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে অল্প ব্যবধানে পরাজিত করে বিরোধী দলনেতা হওয়ার এক মাসের মধ্যেই মুকুল রায় বিজেপি ছেড়ে আবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই ঘটনাই প্রমাণ করে, তাঁর রাজনৈতিক যাত্রা আদর্শের চেয়ে প্রভাব ও অবস্থানের উপর বেশি নির্ভরশীল ছিল।

    অবসর ও অসুস্থতা

    শেষ কয়েক বছরে গুরুতর অসুস্থতা ও ডিমেনশিয়ার কারণে তিনি সক্রিয় রাজনীতি থেকে প্রায় সম্পূর্ণভাবে সরে যান। বারবার হাসপাতালে ভর্তি হওয়া ও শারীরিক অবনতিই তাঁর জীবনের শেষ অধ্যায়কে চিহ্নিত করে। মুকুল রায়কে মনে রাখা হবে একজন দক্ষ রাজনৈতিক কৌশলবিদ হিসেবে, যিনি তৃণমূলের উত্থান, বিজেপির বিস্তার এবং পশ্চিমবঙ্গের রাজনীতির পরিবর্তনশীল চরিত্র—এই তিন পর্বেরই গুরুত্বপূর্ণ সাক্ষী ও নির্মাতা ছিলেন।

  • Daily Horoscope 23 February 2026: প্রিয়জনের সঙ্গে সময় কাটান এই রাশির জাতকরা

    Daily Horoscope 23 February 2026: প্রিয়জনের সঙ্গে সময় কাটান এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না।

    ২) মা-বাবার সঙ্গে জরুরি আলোচনা হতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে।

    ২) ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    মিথুন

    ১) মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ।

    ২) মিথ্যা বদনাম থেকে সাবধান।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    কর্কট

    ১) কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি।

    ২) সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    সিংহ

    ১) খরচ বৃদ্ধি পেতে পারে।

    ২) সপরিবার ভ্রমণে বাধা।

    ৩) দিনটি প্রতিকূল।

    কন্যা

    ১) কোনও নিকটাত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ।

    ২) ব্যবসায় লাভ বাড়তে পারে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    তুলা

    ১) মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে।

    ২) ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে।

    ৩) ধৈর্য্য ধরুন।

    বৃশ্চিক

    ১) ব্যবসার ক্ষেত্রে তর্ক ক্ষতি ডেকে আনতে পারে।

    ২) আর্থিক সুবিধা পেতে পারেন।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    ধনু

    ১) কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ।

    ২) আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময়।

    ৩) বন্ধুদের সঙ্গে সময় কাটান।

    মকর

    ১) বিষয়সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে।

    ২) কোনও মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে।

    ৩) সখ পূরণ হবে।

    কুম্ভ

    ১) সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে।

    ২) কিছু কেনার জন্য খরচ হতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    মীন

    ১) সপরিবার ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো।

    ২) সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) ধৈর্য ধরুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

LinkedIn
Share