Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • UPSC 2022: ইউপিএসসি পরীক্ষায় স্ত্রী-শক্তির জয়! প্রথম চার স্থানই মেয়েদের দখলে  

    UPSC 2022: ইউপিএসসি পরীক্ষায় স্ত্রী-শক্তির জয়! প্রথম চার স্থানই মেয়েদের দখলে  

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নজির গড়ল স্ত্রী-শক্তি। ২০২২ সালের ইউপিএসসি (UPSC 2022) পরীক্ষায় প্রথম চারটি স্থানই দখল করে নিলেন চার তরুণী। ২০২১ সালে প্রথম তিনটি স্থান ছিল মেয়েদের দখলে। এবার বাড়ল আরও একটি। মঙ্গলবারই প্রকাশিত হয় ২০২২ সালের ইউপিএসসি পরীক্ষার ফল। প্রথম হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী ঈশিতা কিশোর (Ishita Kishore)। দ্বিতীয় হয়েছেন গরিমা লোহিয়া। তিনিও দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তৃতীয় স্থান দখল করেছেন উমা হারাথি এন। তিনি হায়দরাবাদের আইআইটির ছাত্রী। আর চতুর্থ হয়েছেন স্মৃতি মিশ্র। তিনিও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। ২০২১ সালে ওই পরীক্ষায় প্রথম হয়েছিলেন শ্রুতি শর্মা। দ্বিতীয় হয়েছিলেন অঙ্কিতা আগরওয়াল। আর তৃতীয় স্থান দখল করেছিলেন গামিনী সিঙ্গলা।

    ইউপিএসসি (UPSC 2022) পরীক্ষায় এগিয়ে ছেলেরা

    অবশ্য সার্বিক ফলে (UPSC 2022) এবারও এগিয়ে রয়েছেন ছেলেরাই। ইউপিএসসি জানিয়েছে, চলতি বছর উত্তীর্ণ হয়েছেন ৯৩৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৬১৩ জন ছেলে, মেয়ে ৩২০ জন। তবে মেধা তালিকায় মেয়েদেরই দাপট। প্রথম ২৫ জনের মধ্যে ১৪ জন মেয়ে, ছেলে ১১ জন। এবার যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মধ্যে ৩৪৫ জন জেনারেল ক্যাটেগরির, ৯৯ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির, ২৬৩ জন ওবিসি, ১৫৪ জন এসসি, ৭২জন এসটি। সংরক্ষিত তালিকায় রয়েছেন ১৭৮। প্রসঙ্গত, চলতি বছর ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে ১ হাজার ২২টি শূন্যপদ পূরণ করার লক্ষ্য ছিল কেন্দ্রের। যদিও পাশ করেছেন ৯৩৩ জন।

    পরীক্ষা পদ্ধতি

    প্রতি বছর তিনটি ধাপে নেওয়া হয় ইউপিএসসি পরীক্ষা-প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ। এই পরীক্ষার মাধ্যমেই আইএএস, আইএফএস এবং আইপিএসের আধিকারিক নিয়োগ করা হয়। ২০২২ সালে ইউপিএসসি (UPSC 2022) প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ৫ জুন। আবেদন করেছিলেন ১১ লক্ষ ৩৫ হাজার ৬৯৭ জন। পরীক্ষায় বসেছিলেন ৫ লক্ষ ৭৩ হাজার ৭৩৫ জন। মেইন পরীক্ষা হয়েছে সেপ্টেম্বরে। পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯০ জন। মেইন পাশ করে ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলেন ২ হাজার ৫২৯ জন।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রী মোদিকে ‘দ্য বস’ আখ্যা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, কেন জানেন?

    এবার যে মেধাতালিকা প্রকাশিত হয়েছে, তাতে প্রথম ২৫ জনের মধ্যে যেমন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী রয়েছেন, তেমনি রয়েছেন হিউম্যানিটি, সায়েন্স, মেডিক্যাল সায়েন্স এবং কমার্সের শিক্ষার্থীরাও। এঁদের মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়, আইআইটি, এনআইটি, গুজরাট ন্যাশনাল ল ইউনির্ভাসিটির পাশাপাশি রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: প্রধানমন্ত্রীর ডিগ্রি বিতর্কে কেজরিকে তলব গুজরাট আদালতের

    Arvind Kejriwal: প্রধানমন্ত্রীর ডিগ্রি বিতর্কে কেজরিকে তলব গুজরাট আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিকল্প গড়তে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি যখন বিজেপির বিকল্প খুঁজতে বেরিয়েছেন, তখন তাঁকে এবং আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংহকে তলব করল গুজরাটের আমেদাবাদের আদালত। ৭ জুন সশরীরে তাঁদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

    মামলা করেছিলেন কেজরিওয়াল (Arvind Kejriwal)

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা কী তা জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে মামলা করেছিলেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। পরে গুজরাট হাইকোর্টের বিচারপতি বীরেন বৈষ্ণবের বেঞ্চ নির্দেশ দেয়, প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনও প্রমাণ দেখাতে হবে না। মামলা করায় কেজরির ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

    নিজের মতো করে যুক্তি দিয়েছেন কেজরি

    এর পরেই সুর চড়ান কেজরি (Arvind Kejriwal)। তিনি বলেন, “গুজরাট হাইকোর্টের রায়ে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় আরও বেড়ে গেল। প্রধানমন্ত্রী কতদূর পড়াশোনা করেছেন, তা জানতেই পারছেন না মানুষ। কয়েক বছর আগে অমিত শাহ সাংবাদিক বৈঠক করে ডিগ্রি দেখিয়েছিলেন। ডিগ্রি যদি যথার্থ হয়, তাহলে দেখাতে সমস্যা কোথায়?” আপ সুপ্রিমো বলেন, “প্রধানমন্ত্রীর ডিগ্রি না দেখানোর পিছনে দুটি কারণ থাকতে পারে। হতে পারে তিনি অহংকারী। ভাবতে পারেন, আমি কেন ডিগ্রি দেখাব! আমার ডিগ্রি দেখতে চাওয়ার এরা কে? এদের কী যোগ্যতা? আর দ্বিতীয়ত, হতে পারে যে ভুয়ো বা নকল বলেই ডিগ্রি দেখানো হচ্ছে না।” তিনি বলেন, “মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এত লুকোছাপা কেন, সেটাই বুঝতে পারছেন না সাধারণ মানুষ।”

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রী মোদিকে ‘দ্য বস’ আখ্যা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, কেন জানেন?

    প্রধানমন্ত্রীর দফতর অবশ্য জানিয়ে দিয়েছে, মোদি বিএ পাশ করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। এমএ পাশ করেছেন গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে। তার পরেও প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপি চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) বিরুদ্ধে নিম্ন আদালতে দায়ের হয় মামলা। তার প্রেক্ষিতে আদালত জরিমানাও করে। সেই জরিমানাও দেননি আপ সুপ্রিমো। তার পরেই মঙ্গলবার আমেদাবাদের আদালত কেজরিকে ৭ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। ওই দিনই সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেজরিরই দলের নেতা সঞ্জয় সিংহকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Maoist Leader: এনআইএর জালে শীর্ষ মাওবাদী নেতা দীনেশ, শিখ সেজে ব্যবসা করছিলেন নেপালে!

    Maoist Leader: এনআইএর জালে শীর্ষ মাওবাদী নেতা দীনেশ, শিখ সেজে ব্যবসা করছিলেন নেপালে!

    মাধ্যম নিউজ ডেস্ক: নেপাল (Nepal) থেকে গ্রেফতার মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা (Maoist Leader) দীনেশ গোপ (Dinesh Gope) ওরফে কুলদীপ যাদব ওরফে বাদকু। ভারতের প্রতিবেশী এই দেশে শিখের ছদ্মবেশ ধারণ করে একটি ধাবা চালাচ্ছিলেন তিনি। রবিবার ঝাড়খণ্ডের খুন্তি জেলার বাসিন্দা দীনেশকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা, সংক্ষেপে এনআইএ।

    ছদ্মবেশে নেপালে ছিলেন দীনেশ (Maoist Leader)

    গত বছর ৩ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদীদের। ওই সংঘর্ষে মাওবাদীদের নেতৃত্ব দিয়েছিলেন দীনেশ। তার পরেই গা-ঢাকা দেয় সে। যদিও দু দশক ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন দীনেশ (Maoist Leader)। ছদ্মবেশে নেপালে গিয়ে বিরাটনগরে খুলেছিলেন একটি ধাবা। পুলিশের নাগাল এড়াতে মাথায় পাগড়ি পরে শিখ সেজে পরিচয় গোপন করে দিব্যি চালাচ্ছিলেন ব্যবসা। ব্যবসা চালানোর পাশাপাশি বিরাটনগর থেকেই বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডে এরিয়া কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখতেন এই শীর্ষ মাওবাদী নেতা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রতিবার ফোনে কথা বলার পর সেই সিম ও মোবাইল নষ্ট করে ফেলতেন দীনেশ। হঠাৎই একদিন ব্যক্তিগত নম্বর থেকে ফোন করেন এই ছদ্মবেশী। পুলিশ ফোনের অবস্থান লোকেট করে। বিরাটনগরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাঁকে।

    দীনেশের (Maoist Leader) বিরুদ্ধে মামলার পাহাড়

    সূত্রের খবর, শীর্ষ এই মাওবাদী নেতার (Maoist Leader) বিরুদ্ধে ১০২টি ফৌজদারি মামলা রয়েছে। ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশায় খুন, অপহরণ, হুমকি, তোলাবাজি এবং পিএলএফআইয়ের হয়ে তহবিল সংগ্রহ করা সহ ১০২টি মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। দীনেশকে ধরিয়ে দিতে পারলে ৩০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে এনআইএ ঘোষণা করেছিল ৫ লক্ষ টাকা। আর ২৫ লক্ষ টাকা ঘোষণা করেছিল ঝাড়খণ্ড সরকার। বিরাটনগরে আটক করার পর তাঁকে নিয়ে আসা হয় দিল্লিতে। তার পরেই করা হয় গ্রেফতার।

    আরও পড়ুুন: ‘‘একটা মুরগি খোঁজা হচ্ছে’’, মমতা-কেজরির বৈঠককে কটাক্ষ দিলীপের

    ২০০৭ সালে গঠিত হয় পিএলএফআই। তার পর থেকে মাওবাদী এই সংগঠনের বিরুদ্ধে ওঠে খুন, জখম সহ নানা অভিযোগ। কয়লা ব্যবসায়ী, রেলের ঠিকাদার এবং শিল্পোদ্যোগীদের ভয় দেখিয়ে টাকা আদায় করার অভিযোগও রয়েছে দীনেশের (Maoist Leader) সংগঠনের একাংশের বিরুদ্ধে। বেকার যুবক-যুবতীদের বাইক, মোবাইলের প্রলোভন দেখিয়ে অস্ত্র শিক্ষা দিত দীনের ওই সংগঠন। পরে তাদেরই কাজে লাগানো হত জঙ্গি কার্যকলাপে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে গিয়ে সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হিন্দু যুবতীর

    The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে গিয়ে সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হিন্দু যুবতীর

    মাধ্যম নিউজ ডেস্ক: লিভ-ইন পার্টনারের (Live-in-Partner) সঙ্গে সিনেমা হলে গিয়েছিলেন ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) দেখবেন বলে। বছর তেইশের ওই যুবতী তখনও জানেন না ঠিক কী ঘটতে চলেছে এর পরে। সিনেমা শেষে হল থেকে বেরিয়ে ওই হিন্দু তরুণীর অভিযোগ, তাঁকে ধর্ষণ করেছেন তাঁর সঙ্গী। জোর করে ধর্মান্তকরণের চেষ্টাও করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করতেই গ্রেফতার করা হয় ওই যুবককে। মহম্মদ ফৈজান নামের ওই যুবকের বিরুদ্ধে লভ জিহাদের মামলা রুজু করা হয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোরের ওই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

    ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) গল্প

    কীভাবে বিয়ের নামে হিন্দু মহিলাদের ধর্মান্তকরণ করা হয়, কীভাবে না জেনেই এক শ্রেণির মুসলিম যুবকের পাতা ফাঁদে পা দিয়ে ধর্ম-পরিবার-পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তরুণীরা, সে সবই তুলে ধরা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’তে (The Kerala Story)। পশ্চিমবঙ্গ সহ দেশের কয়েকটি রাজ্যে সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি  হয়। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জট খোলে। যদিও তার পরেও মুক্তি পাওয়ার পর প্রথম তিনদিন ছাড়া এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের কোথাও আর দেখানো হয়নি ছবিটি। ইন্দোরে লিভ-ইন পার্টনারের সঙ্গে সেই ‘বিতর্কিত’ ছবি দেখতে গিয়েই বাঁধল বিপত্তি।

    বাস্তবেও ‘দ্য কেরালা স্টোরি’র ছবি?

    ওই যুবতীর অভিযোগ, নিজের আসল নাম লুকিয়ে ফৈজান তাঁর সঙ্গে মেলামেশা করেন। একটি কোচিং সেন্টারে পড়তে গিয়েই সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। ওই সময় নামের পাশাপাশি ফৈজান তাঁর ধর্মও গোপন করেছিলেন। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় একাধিকবার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চারবছর ধরে ওই যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন ফৈজান। পরে বিভিন্ন সময় ফৈজান ওই তরুণীকে ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দেন বলে অভিযোগ। দিন দুই আগে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) দেখতে গিয়েই প্রকাশ্যে আসে ফৈজানের আসল পরিচয়। তার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন ইন্দোরের ওই যুবতী।

    আরও পড়ুুন: ভূস্বর্গে জাঁকজমক করে চলছে জি২০ পর্যটন বৈঠক, তাতেই ঘাবড়ে গিয়েছে পাকিস্তান!

    মধ্যপ্রদেশের এক পুলিশ আধিকারিক জানান, সম্প্রতি ওই যুবতী ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) দেখতে গিয়েছিলেন। সিনেমা দেখার শেষে লিভ-ইন পার্টনারের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর। ওই যুবতীকে হেনস্থা করে চম্পট দেয় ওই যুবক। পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। যুবতীর অভিযোগ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit: ভূস্বর্গে জাঁকজমক করে চলছে জি২০ পর্যটন বৈঠক, তাতেই ঘাবড়ে গিয়েছে পাকিস্তান!

    G20 Summit: ভূস্বর্গে জাঁকজমক করে চলছে জি২০ পর্যটন বৈঠক, তাতেই ঘাবড়ে গিয়েছে পাকিস্তান!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূস্বর্গে জাঁকজমক সহকারে চলছে বিশেষ জি২০ বৈঠক (G20 Summit)। কঠোর নিরাপত্তার বেষ্টনীতে জম্মু কাশ্মীরের শ্রীনগরে তিনদিনের এই বৈঠকের আয়োজন করছে ভারত। আর তা দেখেই ঘাবড়ে গিয়েছে পাকিস্তান। উপত্যকায় ভারতের এত সফলভাবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা একেবারেই হজম হচ্ছে না ইসলামাবাদের।

    বিভ্রান্ত হয়ে পড়েছে পাকিস্তান!

    একদিকে, নিয়ন্ত্রণরেখার এপারে জম্মু কাশ্মীরে যখন জি২০ বৈঠক (G20 Summit) চলছে, তখন এলওসি-র ওপারে পাক-অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ থেকে এই বৈঠকের বিরোধিতা করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। দাবি করেন, কাশ্মীরে এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক আইন না কি লঙ্ঘন করেছে ভারত। যদিও, পাক বিদেশমন্ত্রীর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ নয়াদিল্লি। নির্ধারিত সূচি ও পরিকল্পনা অনুযায়ী শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চলছে জি২০ পর্যটন ওয়ার্কিং গ্রুপের তিনদিন ব্যাপী বৈঠক। তবে, বিলাওয়ালের এই মন্তব্যে স্পষ্ট যে, পাকিস্তান দিক-বিভ্রান্ত। তারা ভালোই বুঝতে পারছে যে, মোদি সরকারের আমলে কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করে স্থানীয়দের উস্কে দিয়ে কোনও লাভ হচ্ছে না। 

    বিলাওয়ালকে তাদের এক্তিয়ারের সীমা মনে করান জয়শঙ্কর

    এই প্রথম নয়। এর আগেও, কাশ্মীরে জি২০ বৈঠক (G20 Summit) আয়োজন নিয়ে ভারতকে আক্রমণ করেছিলেন বিলাওয়াল। সম্প্রতি, এসসিও বৈঠকে যোগ দিয়ে ভারতের গোয়ায় এসেছিলেন পাক বিদেশমন্ত্রী। সেখানেও তিনি দাবি করেছিলেন, কাশ্মীরে এই বৈঠকের আয়োজন করে ভারত ঔদ্ধত্য দেখাচ্ছে। তাঁকে মুখের মতো জবাব দিয়েছিলেন জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী প্রত্যুত্তরে জানিয়েছিলেন, এ সব কথা বলে নিজেকে ‘জঙ্গিদের মুখপাত্র’ হিসেবেই প্রমাণ করলেন পাক বিদেশমন্ত্রী। তিনি বলেছিলেন, জি২০ নিয়ে পাকিস্তানের কোনও কথা বলা সাজে না। কারণ, ওরা এই গোষ্ঠীর সদস্য নয়। ওদের কাশ্মীর ও শ্রীনগর নিয়ে কথা বলার অধিকার নেই। কারণ তা ভারতের অংশ।

    আরও পড়ুন: দূর্গে পরিণত ভূস্বর্গ! আজ শ্রীনগরে শুরু বিশেষ জি২০ বৈঠক

    শিকারা-ভ্রমণ অতিথিদের

    এদিকে, সোমবার থেকে শুরু হওয়া বৈঠকের (G20 Summit) আজ দ্বিতীয় দিন। দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্যে ব্যস্ত থাকবেন আগত প্রতিনিধি দল ও অতিথিরা। তার মধ্যেই, উপত্যকার পর্যটনকে চেটেপুটে নেওয়ার কোনও সুযোগ হাতছাড়া করতে নারাজ বিদেশি প্রতিনিধিদল। এবারের এই সম্মেলনে ৬০ জনের বেশি প্রতিনিধি উপস্থিত হয়েছেন। তাঁদেরই কয়েকজনকে এদিন দেখা যায় শ্রীনগরের বিখ্যাত ডাল লেকে শিকারা ভ্রমণ উপভোগ করতে। জানা গিয়েছে, ‘সিটি অফ গার্ডেন্স’-এও যাওয়ার কথা অতিথিদের। 

    জি২০-তেও বাজল ‘নাটু নাটু’

    এর আগে, গতকাল বৈঠকের প্রথম দিন বিভিন্ন প্রতিনিধি দেশ থেকে আগত অতিথিদের স্থানীয় উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। এর পর সম্মেলনে আর্থিক বৃদ্ধি এবং সংস্কৃতি রক্ষায় চলচ্চিত্র পর্যটনের ভূমিকা সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে যোগ দেন ‘আরআরআর’-খ্যাত দক্ষিণের তারকা অভিনেতা রাম চরণ। সেখানে বক্তব্য রাখেন তিনি। কাশ্মীর নিয়ে নিজের স্মৃতি রোমন্থন করেন। ওই অনুষ্ঠানেই বাজানো হয় ‘নাটু নাটু’। আরআরআর তারকার সঙ্গে নাটু নাটুর তালে নাচলেন বিদেশি অতিথিরাও।

    কঠোর নিরাপত্তার বন্দোবস্ত

    কাশ্মীর উপত্যকায় আয়োজিত এই সম্মেলনের (G20 Summit) ওপর গোটা বিশ্বের নজর রয়েছে। এবারের সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। ফলে, এই পর্যটন সম্মেলনকে সফল করতে সচেষ্ট মোদি সরকার। কেন্দ্রীয় পর্যটন সচিব জানিয়েছেন, এই ইভেন্ট জম্মু-কাশ্মীর উপত্যকায় পর্যটনের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে। যে কারণে, এই বৈঠকের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করেছে কেন্দ্র। নৌসেনার মেরিন কমান্ডো থেকে শুরু করে এনএসজি, সেনা, আধাসেনা ও সশস্ত্র পুলিশ মিলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে।

  • Note Exchange: আজ থেকে শুরু ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া! জেনে নিন নানা নিয়ম

    Note Exchange: আজ থেকে শুরু ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া! জেনে নিন নানা নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গেল ২০০০ টাকার নোট বদলের (Note Exchange) প্রক্রিয়া। আজ, মঙ্গলবার থেকে বিভিন্ন ব্যাঙ্কের ব্রাঞ্চে বদলে দেওয়া হবে ২০০০ টাকার নোট। কোনও ফর্ম পূরণ করতে হবে না রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্টভাবে বলেছে যে ২ হাজার টাকার নোট বিনিময়ের জন্য ব্যাঙ্কে কোনও ফর্ম পূরণ করতে হবে না বা কোনও পরিচয়পত্রের প্রয়োজন হবে না। আপনি একবারে ২ হাজার টাকার ১০টি নোট পরিবর্তন করতে পারেন। 

    নোট বদল করতেই হবে

    ২০০০ টাকার নোট বাতিলের (Note Exchange) ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। আরবিআই জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের পরে ২ হাজার টাকার নোটটি সরিয়ে নেওয়া হবে। আরবিআই গভর্নর জনসাধারণকে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। তিনি জানিয়েছেন, এবার প্রায় ৪ মাস সময় আছে মানুষের হাতে তাই কোনও চিন্তা করার দরকার নেই।

    কীভাবে নোট বদল 

    আজ অর্থাৎ ২৩ মে থেকে ২০০০ টাকার নোট (Note Exchange) ব্যাঙ্কে গিয়ে জমা করা যাবে। তার বদলে অন্য টাকা নেওয়া যাবে। গ্রাহকরা তাঁদের নিকটতম ব্যাঙ্কের যে কোনও শাখায় যেতে পারেন। সেখানে নিজের অ্যাকাউন্টের বিশদ বিবরণ দিয়ে ২০০০ টাকার নোট জমা কিংবা বদল করে নিতে পারেন। ব্যাঙ্কগুলি আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ দিতে পারে। সেগুলি গ্রাহককে অবশ্যই পূরণ করতে হবে। সেই স্লিপে নাম, কত টাকা বদল করতে চান, কতগুলি নোট রয়েছে ইত্যাদি উল্লেখ করতে হতে পারে। এছাড়া, গ্রাহকদের বিনিময়ের স্থান এবং তারিখও উল্লেখ করতে হবে। তারপরে গ্রাহকরা তাঁদের ২০০০ টাকার নোট সহ ব্যাঙ্কের দেওয়া ফর্মটিতে সই করে তা জমা দেবেন।

    বিভিন্ন ব্যাঙ্কে ভিন্ন নিয়ম

    বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের মোট ৯০০০ শাখা এবং আরবিআই-এর আঞ্চলিক শাখায় ২০০০ টাকার নোট বদলানো (Note Exchange) যাবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নোট বদলের জন্য কোনও পরিচয়পত্র লাগবে না। অন্যান্য যেকোনও ব্যাঙ্কের শাখাতেও নোট বদলের জন্য কোনও নথির প্রয়োজন নেই বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় পুকুরচুরি! ‘প্রমাণ’ দিলেন শুভেন্দু

    প্রয়োজনে আলাদা কাউন্টার

    আরবিআই ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে, প্রয়োজনে ২০০০ টাকার নোট বদলের (Note Exchange) জন্য পৃথক কাউন্টার খোলা যেতে পারে। তবে তা প্রয়োজনের ভিত্তিতেই খোলা হবে। যদি কোনও শাখা মনে করে যে তাদের এখানে ২০০০ টাকার নোট বদলের জন্য সেভাবে ভিড় হচ্ছে না, তাহলে সাধারণ কাউন্টারেই সেই লেনদেন হতে পারে। এদিকে কোনও ব্যাঙ্কের শাখায় আপনার অ্যাকাউন্ট না থাকলেও সেখান থেকে ২০০০ টাকার নোট বদল করতে পারবেন আপনি। এদিকে যদি ২০০০ টাকার নোট বদল না করে তা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে চান, তাহলে তার ওপর কোনও বাধ্যবাধকতা নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Amit Shah: জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে নয়া বিল আনছে কেন্দ্র, সুবিধা কী জানেন?

    Amit Shah: জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে নয়া বিল আনছে কেন্দ্র, সুবিধা কী জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে নয়া বিল আনছে কেন্দ্র (Centre)। এর মাধ্যমে নাগরিকদের জন্ম-মৃত্যুর পরিসংখ্যান নথিভুক্ত করা হবে জাতীয় তালিকায়। ভোটার তালিকা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো হবে এই তথ্য। সোমবার রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ও সেনসাস কমিশনারের নয়া সদর দফতর জনগণ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাদল অধিবেশনেই বিলটি আনা হবে বলে জানান শাহ। প্রস্তাবিত বিলটি পাশ হলে, তা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাজের সহায়ক হয়ে উঠবে বলেও জানান তিনি। 

    নির্বাচন কমিশনের কাজ হবে অনায়াস

    বিশ্বের যে কোনও দেশেই জন্ম-মৃত্যুর পরিসংখ্যান রাখা হয়। এতে সরকারের পক্ষে জনগণের জন্য বিভিন্ন পরিকল্পনা করার কাজ হয় সহজতর। তাছাড়া, ভুয়ো ভোটার ধরতেও প্রয়োজন হয় জন্ম-মৃত্যুর সঠিক হিসেব রাখা। ভোটার তালিকার সঙ্গে জন্ম-মৃত্যুর তথ্য যুক্ত করার ভাবনা নতুন নয়। রাজ্য প্রশাসনের কাছ থেকে মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে ভোটার তালিকা থেকে প্রয়াত ভোটারদের নাম বাদ দেয় নির্বাচন কমিশন। তবে কমিশন এটা করে প্রশাসনিক নির্দেশে। আইন তৈরি হয়ে গেলে কমিশন সরাসরি এই কাজ করতে পারবে।

    নয়া আইনের সুবিধা

    বিলটি পাশ হয়ে আইনে পরিণত হল নতুন ভোটারদেরও সুবিধা হবে। তাঁদের আর আলাদা করে ভোটার তালিকায় নাম তুলতে হবে না। ১৮ বছর বয়স হলেই নাম উঠে যাবে তালিকায়। মৃত ভোটারদের নামও বাদ যাবে একইভাবে। জানা গিয়েছে, ১৯৬৯ সালের জন্ম-মৃত্যু নথিভুক্তিকরণ আইন কিছুটা (Amit Shah) সংশোধন করে প্রস্তুত করা হচ্ছে নয়া বিলটি। এর মাধ্যমে জন্ম-মৃত্যুর যে পরিসংখ্যান জাতীয় তালিকায় নথিভুক্ত করা হবে, তা ব্যবহার করা হবে ভোটার তালিকা তৈরিতে। কেন্দ্রীয় জনসংখ্যার তালিকা ও সরকারি প্রকল্পের সুবিধাভোগী নাগরিকদের তালিকা প্রস্তুত করতেও কাজে লাগবে এই পরিসংখ্যান। ইতিমধ্যেই কেন্দ্র বিলের খসড়া পাঠিয়ে দিয়েছে রাজ্যগুলিতে।

    আরও পড়ুুন: “১০০ চাকরি বিক্রি করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত”, দাবি শুভেন্দুর

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এর মাধ্যমে জাতীয় তালিকায় জন্ম-মৃত্যুর পরিসংখ্যান অনবরত নিজে থেকেই নথিভুক্ত হতে থাকবে। প্রত্যাশিতভাবেই সহজতর হবে সরকারি কর্মীদের কাজ। তিনি (Amit Shah) জানান, আইন চালুর পর জন্ম সংক্রান্ত তথ্য স্বাস্থ্য দফতরের সিস্টেমে ওঠা মাত্রই তা নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • G20 Summit 2023: শ্রীনগরে শুরু জি-২০ সম্মেলন, কী কী বিষয়ে আলোচনা হবে জানেন?

    G20 Summit 2023: শ্রীনগরে শুরু জি-২০ সম্মেলন, কী কী বিষয়ে আলোচনা হবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার জি-২০ সম্মেলনের (G20 Summit 2023) আয়োজক দেশ ভারত (India)। ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক চলবে। চিন জানিয়ে দিয়েছে, এবারের সম্মেলনে কাশ্মীরে হওয়ায় তারা যোগ দেবে না। প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ মাসে ৩৬টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন কাশ্মীরে আয়োজিত একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে।

    জি-২০ সম্মেলনের (G20 Summit 2023) আলোচ্যসূচি

    পর্যটন দফতরের সেক্রেটারি অরবিন্দ সিংহ জানান, এই সম্মেলনে মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, তার মধ্যে অন্যতম হল পর্যটনের মাধ্যমে কীভাবে উন্নয়ন করা যায় এবং জি-২০ ট্যুরিজম (G20 Summit 2023) মিনিস্টার্স ঘোষণা। পর্যটনের জন্য গোয়া রোডম্যাপ নিয়েও আলোচনা হবে। অরবিন্দ জানান, সম্মেলন চলাকালীন জি-২০র সদস্য দেশ, আমন্ত্রিত দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন নানা গুরুত্বপূর্ণ তথ্য দেবেন প্রস্তাবিত আলোচ্যসূচির ওপর। চতুর্থ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনা হবে ওই আলোচ্যসূচি নিয়েই।

    ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ মূলতঃ পাঁচটি বিষয়ের ওপর আলোচনায় প্রাধান্য দেবে। এগুলি হল, গ্রিন ট্যুরিজম, ডিজিটাইজেশন, স্কিলস, এমএসএমইএস এবং ডেস্টিনেশন। ২২ এবং ২৩ মে অনুষ্ঠিত হবে ফিল্ম ট্যুরিজম ফর ইকনোমিক গ্রোথ অ্যান্ড কালচারাল প্রিজারভেশন। এই অনুষ্ঠান চাক্ষুষ করবেন জি-২০র সদস্য দেশ, আমন্ত্রিত দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং উদ্যোগপতিরা।

    মূল চালিকা শক্তি হল পর্যটন

    জি-২০র শেরপা অমিতাভ কান্ত বলেন, শ্রীনগরে আয়োজিত জি-২০ ট্যুরিজম (G20 Summit 2023) ওয়ার্কিং গ্রুপ মিটিং গোটা বিশ্বে ছড়িয়ে দেবে শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির বার্তা। যার মূল চালিকা শক্তি হল পর্যটন, বিশেষত সংস্কৃতি এবং ফিল্ম তৈরির ক্ষেত্রে। এই সম্মেলনের ফলে কাশ্মীরে আরও বেশি করে কর্মসংস্থান হবে। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, জম্মু-কাশ্মীরে ফিল্ম ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভূস্বর্গে এটা কীভাবে আরও প্রসারিত করা যায়, সে ব্যাপারে পরিকল্পনা করছে সরকার। পর্যটনের উন্নতি হলে হসপিটালিটি শিল্পে প্রচুর কর্মসংস্থান হবে। তিনি বলেন, আমরা এ ব্যাপারে একটি বড় পরিকল্পনা করছি। এদিন সম্মেলনের সূচনা পর্বে ‘নাটু নাটু’ গানের সঙ্গে তাল মিলিয়ে নাচেন অভিনেতা রামচরণ। তিনি বলেন, আমার বাবা গুলমার্গ ও সোনমার্গে বহুবার শ্যুটিং করেছেন। ১৯৮৬ সাল থেকে আমিও আসছি। এই অডিটোরিয়ামেও আমি শ্যুটিং করেছি। কাশ্মীরে এলে একটা অদ্ভুত অনুভূতি হয়।

    আরও পড়ুুন: নিহত মৃত্যুঞ্জয়ের স্ত্রী ও বিজয়কৃষ্ণের ছেলেকে চাকরি দিলেন শুভেন্দু! কোথায় হল নিয়োগ?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gujrat ATS: গুজরাট এটিএস-এর জালে আল কায়েদার চার বাংলাদেশি সদস্য

    Gujrat ATS: গুজরাট এটিএস-এর জালে আল কায়েদার চার বাংলাদেশি সদস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট এটিএস (Gujrat ATS) এর জালে আল-কায়েদার মডিউল ধরা পড়ল। গ্রেফতার করা হয়েছে চারজন বাংলাদেশিকে। জানা গেছে, তারা অবৈধভাবে আমেদাবাদে থাকছিল। এটিএস জানিয়েছে, প্রাথমিকভাবে এই মডিউলের সদস্যদের বাংলাদেশে প্রশিক্ষিত করা হয়। পরে তাদেরকে ভারতে পাঠানো হয়। ধৃতদের জেরা করে সন্ত্রাস দমন শাখা জানতে পেরেছে যে তাদের কাজ ছিল আল-কায়েদার জন্য অর্থ সংগ্রহ করা, স্থানীয় যুবকদের মধ্যে উগ্র মৌলবাদ প্রচার করা এবং তাদেরকে সন্ত্রাসের কাজে লাগানো। 

    কী বললেন সন্ত্রাস দমন শাখার আধিকারিক (Gujrat ATS)

    গুজরাট সন্ত্রাস দমন শাখার (Gujrat ATS) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দীপান ভদ্রন বলেন, ‘‘ধৃতদের আমেদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮,৩৯ এবং ৪০ ইউএপিএ ধারা প্রয়োগ করা হয়েছে।

    ধৃতদের পরিচয়

    গুজরাট এটিএস (Gujrat ATS) সূত্রে খবর, আল-কায়েদার মডিউলের এই সদস্যরা হল, মহম্মদ সজীব, মুন্না খালিদ আনসারি, আজহারুল ইসলাম আনসারী এবং মমিনুল আনসারি। গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযানে নামে গুজরাট সন্ত্রাস দমন শাখা। প্রথমে গ্রেফতার হয় সজীবকে। জানা গেছে, আমেদাবাদের রাখিয়াল অঞ্চলে থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাত সে। এরপর সজীবকে জেরা করে আরও তিন সদস্যের সন্ধান পায় এটিএস। বাংলাদেশের ময়মনসিংহে বসে শরিফুল ইসলাম এই আল কায়েদা মডিউল কন্ট্রোল করতে বলে জানা গেছে। জানা গেছে সজীবকে জেরা করেই এটিএস হানা দেয় এবং গ্রেপ্তার করে আজহারুল এবং মমিনুলকে। আমেদাবাদের নাড়োল অঞ্চলে স্থানীয় একটি কারখানাতে তারা কাজ করত বলে জানা গেছে। 

    কী কী বাজেয়াপ্ত হল জঙ্গিদের কাছ থেকে?

    এদিন সন্ত্রাস দমন শাখা তাদের কাছ থেকে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড সমেত বেশ কিছু লিফলেট পেয়েছে। এই লিফলেটগুলোর সাহায্যে উগ্র মৌলবাদের প্রচার করা হত বলে জানা গেছে।  এখন সন্ত্রাসদমন শাখা জানার চেষ্টা করছে যে ভারত বাংলাদেশ সীমান্ত পার হতে তাদেরকে কারা সাহায্য করেছে এবং কোন রাজ্য হয়ে তারা ঢুকেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur: ফের অশান্তির আগুন মণিপুরে, নামল সেনা, গ্রেফতার ২

    Manipur: ফের অশান্তির আগুন মণিপুরে, নামল সেনা, গ্রেফতার ২

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অশান্তির আগুন জ্বলল উত্তর পূর্বের রাজ্য মণিপুরে (Manipur)। রাজধানী ইম্ফলের চেকন অঞ্চলে সোমবার ফের সংঘর্ষ বাঁধে দুই গোষ্ঠীর। অশান্তি রুখতে তলব করা হয়েছে সেনা ও আধা সামরিক বাহিনীকে। ফের জারি করা হয়েছে কার্ফু। অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। অশান্তি এড়াতে আবারও পাঁচদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

    মণিপুরে (Manipur) হিংসার কারণ

    পুলিশ সূত্রে খবর, এদিন সকালে চেকন বাজারে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর কয়েকজন সদস্যের মধ্যে প্রথমে বচসা হয়। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। এর পরেই শুরু হয় সংঘর্ষ। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। এলাকার কয়েকটি দোকানে আগুনও লাগিয়ে দেওয়া হয়। 

    হিংসায় ক্ষতির খতিয়ান

    দীর্ঘদিন ধরেই তফশিলি জনজাতির মর্যাদা চেয়ে আসছেন মেইতেইরা (Manipur)। সম্প্রতি মণিপুর হাইকোর্ট তাঁদের জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে বিবেচনার নির্দেশ দেয় রাজ্য সরকারকে। এর বিরোধিতায় পথে নামে রাজ্যের অন্য জনজাতি সম্প্রদায়ের মানুষ। তার জেরে ৩ মে প্রথম অশান্তির আগুন জ্বলে মণিপুরে। সেনা নামিয়ে, ইন্টারনেট বন্ধ করে নেভানো হয় সেই অশান্তির আগুন। যদিও ততক্ষণে সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৭৩ জনের। গুরুতর জখম হয়েছেন শ’তিনেক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭০০র বেশি বাড়ি। ঘরছাড়া হয়েছিলেন ২৫ হাজারেরও বেশি বাসিন্দা।

    আরও পড়ুুন: পাপুয়া নিউ গিনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন গেলেন এই দ্বীপরাষ্ট্রে?

    প্রথম দফায় যখন অশান্তি ছড়িয়েছিল, তখন চেকন (Manipur) এলাকায় ভাঙচুর করা হয়েছিল বেশ কয়েকটি বাড়ি। এদিনও সেখানে কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বিজেপির এন বীরেন সিংহ। তিনি জানান, রাজধানীতে যাতে বাইরে আটকে থাকা গাড়ি ঢুকতে পারে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ও ওষুধের আকাল দেখা না দেয়, সেজন্যও চেষ্টা করা হচ্ছে। সেনা ও অসম রাইফেলস বিভিন্ন এলাকায় টহলও দিচ্ছে। চেকান (Manipur) এলাকায় দোকান বন্ধ করে দেয় সেনা ও নিরাপত্তারক্ষীরা। এলাকায় ফের জারি করা হয়েছে কার্ফু। গ্রেফতার করা হয়েছে দুজনকে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share