Tag: imran khan

imran khan

  • Imran Khan: সুপ্রিম কোর্টে মিলল জামিন, পাক রাজনীতিতে প্রত্যাবর্তন ইমরান খানের!

    Imran Khan: সুপ্রিম কোর্টে মিলল জামিন, পাক রাজনীতিতে প্রত্যাবর্তন ইমরান খানের!

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে সাধারণ নির্বাচনের আগে বড় জয় পেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি! শুক্রবার পাক সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান। ইমরান ছাড়াও ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস’ মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও।

    ইসলামাবাদ হাইকোর্টে জামিন

    প্রসঙ্গত, তোষাখানা মামলায় আগেই নিম্ন আদালতের দেওয়া সাজায় স্থগিতাদেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। নির্বাচনের আগে ক্যাপ্টেনের জামিনে জয়ের আনন্দ পিটিআইয়ের অন্দরে। তোষাখানা মামলায় অগাস্ট মাসেই তিন বছরের কারাদণ্ড দিয়েছিল ইসলামাবাদের বিশেষ আদালত। বিশেষ আদালতের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়ে পিটিআই সুপ্রিমোর জামিন মঞ্জুর করেছিল ইসলামাবাদ হাইকোর্ট। তবে যেহেতু ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসে’র অভিযোগে মামলা চলছিল, তাই বন্দিদশা ঘোঁচেনি প্রাক্তন প্রধানমন্ত্রীর (Imran Khan)।

    পিটিআই কর্মী-সমর্থকদের আশা

    সেই সময়ই পিটিআই নেতৃত্ব জানিয়ে দিয়েছিলেন, জেল থেকেই লাহোর, মিয়াঁওয়ালি ও ইসলামাবাদ এই তিনটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পিটিআই প্রধান। দেশের শীর্ষ আদালতের এদিনের রায়ের ফলে পাক রাজনীতিতে ইমরানের প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মত সে দেশের আইনবিদদের একটা বড় অংশের। সুপ্রিম কোর্টের রায়ে ইতিমধ্যেই আশার আলো দেখতে শুরু করেছেন পিটিআইয়ের সমর্থকরাও। তাঁরা বলছেন, অবসর ভেঙে ক্রিকেট মাঠে ফিরে যেভাবে দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ক্যাপ্টেন, সেভাবেই নির্বাচনী ময়দানেও জয়ী হবেন ইমরান। ফেব্রুয়ারি মাসে নির্বাচন পাকিস্তানে। সেই নির্বাচনে ইমরান বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী পিটিআই কর্মী-সমর্থকরা। কেবল ক্যাপ্টেন নন, তাঁদের আশা, নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়েই পাকিস্তানের কুর্সিতে বসবে ইমরানের দল।

    আরও পড়ুুন: লোকসভাকাণ্ডে ধৃতদের মনের হদিশ পেতে হচ্ছে সাইকো-অ্যানালিসিস টেস্ট!

    ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আগে পাকিস্তানের বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, বেহাল আর্থিক পরিস্থিতির কারণে তলানিতে মুসলিম নওয়াজ-পাকিস্তান পিপলস পার্টির জোট সরকারের। তার জেরে ক্রমেই বাড়ছে ইমরানের দলের জনপ্রিয়তা। সুপ্রিম কোর্টে জামিন মেলায় জোট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে অভিযোগ ক্যাপ্টেন করেছিলেন, জনমানসে সেটাই মান্যতা পাবে বলে ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা। সেক্ষেত্রে অবশ্যই ডিভিডেন্ড পাবেন ক্যাপ্টেন (Imran Khan)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Imran Khan: তোষাখানা মামলায় জামিন, সাইফারে ফের গ্রেফতার ইমরান খান

    Imran Khan: তোষাখানা মামলায় জামিন, সাইফারে ফের গ্রেফতার ইমরান খান

    মাধ্যম নিউজ ডেস্ক: জামিনে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তোষাখানা মামলায় গ্রেফতার হয়েছিলেন ইমরান। নিম্ন আদালতের রায়ে তিন বছর কারাদণ্ড হয় তাঁর। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে মেলে জামিন। এর পরেই ফের গ্রেফতার করা হয় তাঁকে।

    সাইফার মামলা 

    এবার ইমরানকে গ্রেফতার করা হয়েছে সাইফার (গোপন খবরের সাংকেতিক রূপ) মামলায়। সোমবারই জেলে গিয়ে সাইফার মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। সেই সময়ই সংবাদ মাধ্যমের একাংশ জানিয়ে দিয়েছিল, সাইফার মামলায় গ্রেফতার হতে পারেন ইমরান। হলও তাই। মঙ্গলবার সকালে তোষাখানা মামলায় জামিন পাওয়ার পরে পরেই ফের গ্রেফতার করা হয় তাঁকে। পাকিস্তান পুলিশের তরফে জানানো হয়েছে, অফিসিয়াল গোপনীয়তা আইনের ভিত্তিতে সাইফার মামলায় গ্রেফতার করা হয়েছে ইমরানকে।

    অ্যাটক জেলা জেলে বন্দি 

    বুধবার তাঁকে পেশ করা হবে আদালতে। তার আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমোকে বন্দি থাকতে হবে অ্যাটক জেলা জেলে। ১৯ অগাস্ট এই জেলে স্থানান্তরিত করা হয়েছিল ইমরানকে (Imran Khan)। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেয়। প্রত্যাশিতভাবেই জামিন হয়ে যায় প্রাক্তন ক্রিকেটার কাম রাজনীতিক ইমরানের। এরই কিছুক্ষণ পরে সাইফার মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।

    আরও পড়ুুন: উৎসবের মুখে মোদি সরকারের ‘উপহার’, ২০০ টাকা কমছে রান্নার গ্যাসের দাম

    এদিকে, এদিন পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাঁর অভিযোগ, প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল ইমরানের পক্ষ নিয়েছেন। তোষাখানা মামলায় নিম্ন আদালতের রায়ে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতেই এমন মন্তব্য করছেন শেহবাজ। ঘটনাটিকে তিনি পাকিস্তানের ইতিহাসে ‘কালো অধ্যায়’ বলেও অভিহিত করেন। প্রধান বিচারপতিকে বিদ্রুপ করে শেহবাজ বলেন, “পছন্দের মানুষটির (Imran Khan) কারাদণ্ডের সাজায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কারাদণ্ডের মেয়াদ বাড়ানো হয়নি। প্রধান বিচারপতির বার্তা, ‘আপনার সঙ্গে দেখা হবে’, ‘আপনার সৌভাগ্য কামনা করি’। যদি প্রত্যেকেই আগাম জেনে যায় আদালত কী রায় দিতে চলেছে, তাহলে তা বিচার ব্যবস্থার পক্ষে উদ্বেগের।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: তোষাখানা মামলায় কারাদণ্ড ইমরানের, পাঁচ বছর লড়তে পারবেন না ভোটে!

    Imran Khan: তোষাখানা মামলায় কারাদণ্ড ইমরানের, পাঁচ বছর লড়তে পারবেন না ভোটে!

    মাধ্যম নিউজ ডেস্ক: তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। শনিবার ইমরানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদের একটি আদালত। তার পরেই গ্রেফতার করা হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সুপ্রিমোকে। কারাদণ্ডের সঙ্গে সঙ্গে এক লক্ষ টাকা জরিমানাও করা হয় তাঁর। গ্রেফতার করার পরে ইমরানকে নিয়ে যাওয়া হয়েছে লাহোরের কোট লতপত জেলে। পাকিস্তানের আইন অনুযায়ী, আদালতের এই রায়ের জেরে আগামী পাঁচ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ইমরান।

    ইমরানের বিরুদ্ধে অভিযোগ

    ইমরানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান যেসব উপহার পেয়েছিলেন, সেগুলি তিনি বিক্রি করে দিয়েছিলেন। দুবাইয়ের এক ব্যবসায়ীর দাবি, তিনি ২০ লক্ষ ডলারে কিনে নিয়েছিলেন উপহার হিসেবে পাওয়া ইমরানের একটি ঘড়ি। সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমন বহুমূল্য ওই ঘড়িটি উপহার দিয়েছিলেন ইমরানকে। প্রসঙ্গত, তোষাখানা হল মন্ত্রিপরিষদ বিভাগের অধীন একটি বিভাগ যা অন্যান্য সরকার এবং বিদেশের বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি কর্তারা যে উপহার দেন, তা সংরক্ষণ করে।

    ইমরানের সাজা

    পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন জানিয়েছে, আদালত ইমরানকে ১০ লক্ষ রুপি জরিমানা করেছে। তোষাখানা উপহারের বিবরণ গোপন করায় পাকিস্তানের নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগে ১০ মে এই মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে (Imran Khan) অভিযুক্ত করে। পাকিস্তানের ১৭৪ ইলেকশন অ্যাক্টে দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান। পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য ইমরানকে নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছিল। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: “ইন্ডিয়া নয়, বিরোধী জোটকে ডাকুন ঘমন্ডিয়া নামে”, এনডিএ সাংসদদের বৈঠকে পরামর্শ মোদির

    আদালত অবশ্য ইমরানের আর্জি খারিজ করে দেয়। চলতি বছরের মে মাসে ইসলামাবাদের পুলিশ লাইনসের বিশেষ আদালত দোষী সাব্যস্ত করে ইমরানকে। চলতি বছরই সাধারণ নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা যাচ্ছিল, ফের বাড়ছে ইমরানের (Imran Khan) জনপ্রিয়তা। এমতাবস্থায় তাঁর জেল হওয়ায় মুসলিম নওয়াজ-পাকিস্তান পিপলস পার্টির জোট সরকারের পোয়া বারো বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Imran Khan: সাইফার গেট কেলেঙ্কারি মামলায় মৃত্যুদণ্ড হতে পারে ইমরানের?

    Imran Khan: সাইফার গেট কেলেঙ্কারি মামলায় মৃত্যুদণ্ড হতে পারে ইমরানের?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাইফার গেট কেলেঙ্কারি মামলায় ফেঁসে যেতে পারেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ পার্টি সুপ্রিমো ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আশিফ শুক্রবার জানান, তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি নথি উন্মোচন করে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করেছেন বলে অভিযোগ।

    সাইফার কী

    দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে কারাদণ্ড হতে পারে। প্রসঙ্গত, সাইফার হল একটি সরকারি শ্রেণিবদ্ধ নথি, যেটি কখনও প্রকাশ যায় না বা কারও সঙ্গে শেয়ার করা যায় না। পাক সংবিধানের ৬ নম্বর ধারার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধানের ওপর ৬ নম্বর ধারা প্রয়োগ হলে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।” প্রসঙ্গত, ইমরানের এক পদস্থ প্রাক্তন সহযোগী সম্প্রতি স্বীকার করেছেন যে, পাকিস্তানের দূত ওয়াশিংটনকে যে সাইফার পাঠিয়েছিলেন বিরোধীদের বিরুদ্ধে, ইমরান তাকে হাতিয়ার করেছেন রাজনৈতিক লাভের উদ্দেশ্যে।

    সাইফারকে নিজের স্বার্থে ব্যবহার করার অভিযোগ

    পাক প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের ঠিক আগের দিনই সে দেশের আইনমন্ত্রী আজম নাজির তারারও প্রায় একই কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি নথি প্রাকাশ্যে এনে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ রয়েছে ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর জেল হবে। ইসলামাবাদে আয়োজিত এক প্রেস কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের আইনমন্ত্রী বলেন, ইমরান সাইফারকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন।

    আরও পড়ুুন: মুখ্যমন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দিলেন হাওড়ার মঙ্গলাহাটের ব্যবসায়ীরা, কেন?

    এ বিষয়ে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তাঁকে তলবও করেছিল। তিনি বলেন, “সাইফারকে নির্বিচারে ব্যবহার করে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিলেন ইমরান খান। এটা তৎকালীন মুখ্যসচিব আজম খানের স্বীকারোক্তি থেকেই স্পষ্ট।” তাঁর দাবি, তিনি যখন সরকারি এই নথি নিয়ে ইমরানের (Imran Khan) সঙ্গে আলোচনা করেছিলেন, তখন ইমরান উচ্ছ্বসিত ছিলেন। তিনি একে আমেরিকার ভুল বলে উল্লেখ করেছিলেন। তবে যদি গোপন নথিটি প্রকাশ করা হয় এবং নিজের স্বার্থে তার বিষয়বস্তু ফাঁস করা হয়, তবে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ইমরানের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: ‘পাকিস্তানের অবস্থা হতে পারে পূর্ব পাকিস্তানের মতো’, বললেন ইমরান  

    Imran Khan: ‘পাকিস্তানের অবস্থা হতে পারে পূর্ব পাকিস্তানের মতো’, বললেন ইমরান  

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাকিস্তানের (Pakistan) সামনে বিপদের ঘণ্টি বাজছে। পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবারও।”কথাগুলি বললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। দুর্বৃত্তের সঙ্গে তুলনাও করলেন পাকিস্তানের বর্তমান শাসকদের। ট্যুইট-বার্তায় দুর্বৃত্তদের বিরুদ্ধে আমজনতাকে প্রতিবাদে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) পার্টি সুপ্রিমো। তিনি লিখেছেন, বর্তমানে দেশ গভীর আর্থিক সংকটের মুখে। জঙ্গি হানা থেকে শুরু করে নানা সমস্যায় জর্জরিত। কিন্তু এ নিয়ে বর্তমান শাসক দলের কোনও মাথাব্যথা নেই।

    ‘বড়লোক হওয়ার প্রতিযোগিতা চলছে’, বললেন ইমরান (Imran Khan)

    প্রাক্তন পাক প্রেসিডেন্টের অভিযোগ, সরকারের মধ্যে বড়লোক হওয়ার প্রতিযোগিতা চলছে। এই অবস্থা চললে আগামী দিনে দেশ আরও গভীর সমস্যার মুখোমুখি হবে। তাই, দেরি না করে এখনই সরকারের বিরুদ্ধে আমজনতাকে প্রতিবাদে শামিল হওয়ার আবেদন জানান ইমরান। পাকিস্তানের ক্ষমতায় রয়েছে শাহবাজ শরিফের সরকার। সেই সরকারের বিরুদ্ধে সেনাকে অপব্যবহারের অভিযোগ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাঁর দলের বিরুদ্ধে সেনাকে লেলিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর। ইমরানকে গ্রেফতার করার পরে বিক্ষোভ দেখান তাঁর দলের নেতা-কর্মী-সমর্থকরা। সেই সময় গুলি চালায় পাক সেনা। সেই ঘটনায়ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন পিটিআই সুপ্রিমো। পাক সেনার ওই গুলিতে ২৫ জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। জখম হয়েছেন শতাধিক।

    আরও পড়ুুন: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের! রামনবমীতে হিংসার ঘটনায় বহাল এনআইএ তদন্ত!

    ৯ মে জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছিল ইমরানকে। এরই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান ইমরানের অনুগামীরা। তাঁদের নিশানায় ছিল পাক সেনা দফতর। বহু জায়গায় হামলার পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। চলে লুঠপাটও। দেশের বিভিন্ন জায়গায় সেনার সঙ্গে সংঘর্ষও হয় বিক্ষোভকারীদের। যদিও দলীয় সমর্থকদের বিরুদ্ধে ওঠা হিংসার অভিযোগ অস্বীকার করেছেন ইমরান। 

    ইমরানের বাড়ি ঘিরে রেখেছে সেনা

    এদিকে, বৃহস্পতিবার ভোর থেকেই লাহোরে ইমরানের জামান পার্কের বাড়ি ঘিরে ফেলেছে পাকিস্তান পুলিশ ও সেনা। তবে এখনও পর্যন্ত ইমরানের বাড়িতে ঢোকেনি তারা। পাক পুলিশ-প্রশাসনের দাবি, ইমরানের বাড়িতেই আশ্রয় নিয়েছেন ৯ মে-র বিক্ষোভকারীরা। এমন ৪০ জন জঙ্গিকে বাড়িতে আশ্রয় দিয়ে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন ইমরান। এদিন ভিডিও বার্তায় ইমরান বলেন, আপনারা নিজের চোখে দেখে নিন, আমার বাড়িতে কেউ লুকিয়ে নেই। এদিকে, আল কাদির ট্রাস্ট মামলায় ইমরানের স্ত্রী বুশরাকে তলব করেছে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Imran Khan: দুই মামলায় মিলল জামিন, স্বস্তিতে ইমরান খান

    Imran Khan: দুই মামলায় মিলল জামিন, স্বস্তিতে ইমরান খান

    মাধ্যম নিউজ ডেস্ক: সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে রয়েছে ১২০টি মামলা। পাকিস্তানের (Pakistan) বিভিন্ন আদালতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে রয়েছে এই মামলাগুলি। এর মধ্যে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল ইসলামাবাদ হাইকোর্টে। মঙ্গলবার আদালতের তরফে জানানো হয় দুটি মামলায় আট জুন পর্যন্ত জামিন দেওয়া হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ইসলামাবাদ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত সাফ জানিয়েছে, কোনও মামলায়ই আটক করা যাবে না ইমরানকে।

    ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগ…

    এদিন সন্ত্রাস বিরোধী আদালতেও স্বস্তি পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। জার্মান পার্ক হিংসা ও জিলা শাহ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ মে পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। মামলার শুনানিতে ইমরানের হাজিরা বাধ্যতা নয় বলেই জানিয়েছে আদালত। প্রধান বিচারপতি আমের ফারুক আইনজীবীদের সওয়াল জবাব শেষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধানের জামিন মঞ্জুর করেন ৮ জুন পর্যন্ত।

    সোমবারই লাহোর হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Imran Khan)। পঞ্জাব প্রদেশে তাঁর বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে, তাতে গ্রেফতারির আশঙ্কা এড়াতে বিচারবিভাগের দ্বারস্থ হন তিনি। তবে শুনানির পরে আপাতত রায়দান স্থগিত রেখেছে লাহোর হাইকোর্ট। কবে এই মামলার রায় বের হবে, তা জানা যায়নি। প্রসঙ্গত, গত মঙ্গলবার আদালতে হাজিরা দিতে গিয়েই পাক রেঞ্জার্সদের হাতে গ্রেফতার হন ইমরান। পরে অবশ্য পাক সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ইমরানের গ্রেফতারি বেআইনি।

    আরও পড়ুুন: মোদি সরকারের নবম বর্ষপূর্তিতে উদ্বোধন হচ্ছে নয়া সংসদ ভবনের!

    গত বছর এপ্রিল মাসে আস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন ইমরান। তাঁর অভিযোগ, মার্কিন ষড়যন্ত্রের শিকার হওয়ায়ই মেয়াদ শেষের আগে গদি হারাতে হয়েছে তাঁকে। রাশিয়া, চিন এবং আফগানিস্তানে তাঁর স্বাধীন বিদেশ নীতির কারণেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ। এদিকে, ইমরান (Imran Khan) মুক্তি পাওয়ায় পাক বিচারবিভাগকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর দাবি, পিটিআইয়ের হয়েই কাজ করেছে পাক সুপ্রিম কোর্ট। ইমরানের গ্রেফতারি বেআইনি ঘোষণা হতেই সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানান, খুব তাড়াতাড়িই ফের গ্রেফতার করা হতে পারে ইমরানকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Pakistan: ব্রিজ খেলোয়াড়দের সাদরে বরণ পাকিস্তানের! সাফ চ্যাম্পিয়নশিপে ভারতে আসছে পাক ফুটবল দল

    India-Pakistan: ব্রিজ খেলোয়াড়দের সাদরে বরণ পাকিস্তানের! সাফ চ্যাম্পিয়নশিপে ভারতে আসছে পাক ফুটবল দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ইমরান খানের গ্রেফতারি, রাজনৈতিক টালমাটাল, বেহাল অর্থনীতি-র মধ্যেও ভারতের ব্রিজ খেলোয়াড়দের সাদরে বরণ করল পাকিস্তান (India-Pakistan)। একই সঙ্গে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে ভারতে খেলতে আসছে পাকিস্তান ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে বেঙ্গালুরুতে। সেখানেই অংশ নেবে পাকিস্তান সিনিয়র ফুটবল দল। এ কথা নিশ্চিত করা হয়েছে টুর্নামেন্টের আয়োজকদের তরফে।

    সাফ চ্যাম্পিয়নশিপে পাক দল

    ভারত এবং পাকিস্তান (India-Pakistan) এই দুই দেশের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। যার নেতিবাচক প্রভাব এসে পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। দীর্ঘদিন ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না দুই দেশ। এমন আবহে দুই দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য কিছুটা হলেও সুখবর এল ফুটবল মাঠ থেকে। জোর কদমে প্রস্তুতি চলছে সাফ চ্যাম্পিয়নশিপের। জুন-জুলাই মাসেই সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে কর্নাটকে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের তরফে নিশ্চিত করা হয়েছে তারা এই টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে। ভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফের তরফেও আশা করা হচ্ছে প্রতিবেশী দেশের সিনিয়র ফুটবল দল ভারতে খেলতে আসলে ভিসা সংক্রান্ত কোনও সমস্যা হবে না।

    আরও পড়ুন: আমফানের চেয়েও শক্তিশালী! সুপার সাইক্লোন মোকার প্রভাবে তছনছ মায়ানমার, বাংলাদেশ

    এআইএফএফের সেক্রেটারি সাজি প্রভাকরন জানিয়েছেন, ‘পাকিস্তান থেকে ভারতে ফুটবলাররা খেলতে আসলে আমি মনে করি কোনও ধরনের কোন সমস্যা হবে না। আমি যতদূর জানি ভারতীয় ব্রিজ দল সম্প্রতি পাকিস্তানে খেলতে গিয়েছিল। সেখানে তাদের কোন সমস্যা হয়নি। তাদেরকে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়েছে। সেই কারণেও আমরা আশা করছি এখানে পাক দল খেলতে এলে কোনও সমস্যাই হবে না।’

    ব্রিজ দলকে রাজকীয় খাতির

    প্রসঙ্গত, গোটা দেশ উত্তপ্ত হয়ে থাকলেও লাহোরে থাকা ভারতীয় ব্রিজ দলকে রাজকীয় খাতির করা হয়েছে। একটি প্রতিযোগিতায় খেলতে ৩২ সদস্যের ভারতীয় দল গিয়েছিল লাহোরে। তার মধ্যে ছিলেন এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাডারের স্ত্রী কিরণ নাডার। এ ছাড়া অভিজ্ঞ খেলোয়াড় রাজেশ্বর তিওয়ারিও। ইমরান গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে হিংসা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ভারতীয় খেলোয়াড়রা। কিন্তু লাহোরে তাঁরা কোনও অসুবিধায় পড়েননি বলে জানিয়েছে ভারতের ব্রিজ খেলোয়াররা। ৪ মে লাহোরে গিয়েছিলেন তাঁরা। সেখানে নির্ভয়েই লাহোর ফোর্ট ঘুরে দেখেছেন ভারতের ক্রীড়াবিদরা। বিখ্যাত খাবার জায়গা এবং রেস্তোরাঁর স্বাদ চেখে দেখেছেন। মহারাজ রণজিৎ সিংয়ের সমাধিতে গিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: জামিন পেয়ে ইমরান ফিরলেন লাহোর, পাকিস্তানে জরুরি অবস্থা জারির পথে শেহবাজ?

    Imran Khan: জামিন পেয়ে ইমরান ফিরলেন লাহোর, পাকিস্তানে জরুরি অবস্থা জারির পথে শেহবাজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে জামিন মিলল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। জমি দুর্নীতির মামলায় চলতি মাসের ৯ তারিখে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ইমরানের (Imran Khan) জামিনের দিনও হিংসা ছড়ায় কোর্ট চত্বরে, ৩০ মিনিটের ব্যবধানে পরপর তিনটি গুলি চলে। হঠাৎই গুলির বিকট আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। এরপরেই পুলিশ মাইকে ঘোষণা করে যে তাদের উপরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে গুলিতে হতাহতের কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই গুলি চলার কারণেই তাঁকে দীর্ঘক্ষণ কোর্ট রুমে আটকে থাকতে হয় বলে জানিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। এদিন এক ভিডিও বার্তায় পিটিআই চেয়ারম্যান বলেন, ‘‘জামিন পেলেও আমাকে জোর করে আটকে রাখা হয়েছে। আমি পুরো দেশকে বলতে চাই এটা শেহবাজ সরকারের অসৎ উদ্দেশ্য, তারা আবারও কিছু করতে চায়।’’

    এর আগে, লিখিত কোর্ট অর্ডার ছাড়া ইসলামাবাদ উচ্চ আদালত ছাড়তে অস্বীকার করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ইমরান খান (Imran Khan) আশঙ্কিত ছিলেন কোর্টের বাইরে বের হলেই শেহবাজ সরকারের পুলিশ আবার তাঁকে গ্রেফতার করতে পারে। দিনভর উত্তেজনার পর জামিন প্রক্রিয়া শেষ হতে রাত হয়ে যায়। তখনও কোর্ট চত্বর তেহরিক-ই-ইনসাফের সদস্যদের ভিড়ে থিকথিক করছে। রাত পৌনে ১১টা নাগাদ কোর্ট ছাড়েন ইমরান। লাহোর আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাতেও এদিন জামিন পান তিনি।

    ইমরানের (Imran Khan) গ্রেফতারির পরে দেশ জুড়ে হিংসা ছড়িয়ে পড়ে। বিক্ষোভের আঁচ পাকিস্তানের গণ্ডি পেরিয়ে দেখা যায় লন্ডন, কানাডা সমেত অন্যান্য দেশেও। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে জামিন দিল। জানা গেছে, তিনি নিজেই ইসলামাবাদ হাইকোর্টে নিজের জামিনের আবেদন জানিয়েছিলেন। ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে দু’সপ্তাহের জন্য এই জামিন দিয়েছে বলে সূত্রের খবর। কোর্ট পাশাপাশি এও জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত কোনও মামলাতেই ইমরানকে গ্রেফতার করা যাবে না। গত কয়েকদিন ধরেই পাকিস্তানের এমন কোন শহর বাকি ছিল না যেখানে হিংসা ছড়ায়নি। প্রধানমন্ত্রী শেহবাজের বাড়ি ঘেরাও থেকে শুরু করে সেনা কমান্ডোদের বাড়ি ঘেরাও করতে থাকেন তেহেরিক-ই-ইনসাফের সদস্যরা।

    জরুরি অবস্থার পথে পাকিস্তান?

    অন্যদিকে, ইমরানের মুক্তির দিনই সেদেশের সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী শেহবাজ। তিনি বলেন, ‘‘ইমরান খানের সমর্থকরা আইন লঙ্ঘন করেছেন। সরকারি সম্পত্তির ক্ষতি করে পিটিআইয়ের লোকজন সন্ত্রাস করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে। এরা দেশের শত্রুর মতো সরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ইমরানের বিরুদ্ধে।’’ সূত্রের খবর এদিনই মন্ত্রিসভার বৈঠকে শেহবাজকে দেশে জরুরি অবস্থা জারির পরামর্শ দেওয়া হয়েছে। এখন দেখার কোন পথে যায় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি!

    ভিডিও বার্তায় কী বললেন ইমরান (Imran Khan)?

    এদিন জামিনের পরে একটি ভিডিও বার্তা জারি করেন ইমরান খান। সেখানে তিনি দেশবাসীকে তৈরি থাকার আবেদন করেন, দেশ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদের আন্দোলনের জন্য। ভারতীয় সময় রাত ১০:৪২ মিনিট নাগাদ ইসলামাবাদ হাইকোর্ট থেকে বের হন ইমরান খান। বর্তমানে তিনি রয়েছেন লাহোরে। তাঁর পার্টির সদস্যদের মধ্যে তখন উৎসবের মেজাজ। জনপ্রিয় পাকিস্তানি সংবাদপত্রের ভাষায়, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখা গেল ইসলামাবাদে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের গাড়িতে করে বেরোতে, সঙ্গে ছিলেন রাষ্ট্রের দেওয়া নিরাপত্তা বেষ্টনী।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: অবশেষে স্বস্তি! দুর্নীতি মামলায় ২ সপ্তাহের জন্য ইমরানকে জামিন দিল ইসলামাবাদ হাইকোর্ট

    Imran Khan: অবশেষে স্বস্তি! দুর্নীতি মামলায় ২ সপ্তাহের জন্য ইমরানকে জামিন দিল ইসলামাবাদ হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রেফতার হওয়ার ৩ দিন পর, শুক্রবার জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খান। এদিন  ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের ২ সপ্তাহের জামিন মঞ্জুর করেছে (Imran Khan granted bail)। আল কাদির ট্রাস্টের পাশাপাশি আর যে মামলাগুলি ইমরানের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল, তার সবকটি থেকে আপাতত স্বস্তি পেলেন পিটিআই প্রধান বলে খবর।

    আবেদন মঞ্জুর করে হাইকোর্ট

    বৃহস্পতিবারই পাকিস্তান সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সরাসরি জানিয়েছিলেন, ইমরানের (Imran Khan) গ্রেফতারি বেআইনি। যেভাবে আধাসেনা ইসলামাবাদ হাইকোর্ট (Islamabad High Court) চত্বর থেকে ইমরানকে গ্রেফতার করেছিল, সেই ঘটনারও নিন্দা করে সুপ্রিম কোর্ট। মুক্তির জন্য ইমরানকে হাইকোর্টে আপিল করতে বলে শীর্ষ আদালত। তারপরেই ইসলামাবাদ হাইকোর্টে জামিনের আর্জি জানান ইমরান। সেই আবেদন মঞ্জুর করে হাইকোর্ট। অন্য দিকে, প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার সরকারি তোষাখানা থেকে নিয়ম ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার আইনি প্রক্রিয়াও শুক্রবার স্থগিত রাখতে বলেছে আদালত। তোষাখানা মামলায় অভিযুক্ত ইমরান মার্চ মাসে নিম্ন আদালত থেকে জামিন পেয়েছিলেন। প্রসঙ্গত, আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে কয়েক হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, ইমরান, তাঁর স্ত্রী বুশরা বিবি এবং খান দম্পতির ঘনিষ্ঠ কয়েক জনের বিরুদ্ধে।

    আরও পড়ুন: মুক্তির নির্দেশ পাক সুপ্রিম কোর্টের! আজ ইসলামাবাদ হাইকোর্টে যাচ্ছেন ইমরান

    সূত্রের খবর, এদিন একটি উচ্চ নিরাপত্তাযুক্ত কনভয়ে করে আদালত চত্বরে এসে পৌঁছান ইমরান (Imran Khan)। অজস্র পিটিআই সমর্থক, আইনজীবী তখন আদালত চত্বরে হাজির হয়েছিলেন। তাঁরা ইমরানের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন। ‘খান, আপনার অনুরাগীদের গুনে শেষ করা যাবে না,’ ‘আইনজীবীরা বেঁচে আছে’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে কোর্ট চত্বর। তাঁদের দেখে মুষ্টিবদ্ধ হাত মাথার উপর তুলে ভিতরে ঢুকে যান ইমরান। আপাতত দু-সপ্তাহের জন্য জামিনে মুক্তি পেলেন প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: মুক্তির নির্দেশ পাক সুপ্রিম কোর্টের! আজ ইসলামাবাদ হাইকোর্টে যাচ্ছেন ইমরান

    Imran Khan: মুক্তির নির্দেশ পাক সুপ্রিম কোর্টের! আজ ইসলামাবাদ হাইকোর্টে যাচ্ছেন ইমরান

    মাধ্যম নিউজ ডেস্ক: ইমরান খানের (Imran Khan) গ্রেফতারিকে বেআইনি আখ্যা দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ারও নির্দেশ দিয়েছে সে দেশের শীর্ষ আদালত। পাশাপাশি, ইমরানকে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মতো আজ, শুক্রবার ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে যেতে পারেন। সেখানে তিনি জামিনের আবেদন করবেন। অন্যদিকে, ইমরান খানকে সমর্থন জানাতে আজ ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকদের। সূত্রের খবর, ইসলামাবাদ হাইকোর্টে হাজিরার পর ইমরান খান (Imran Khan) সাধারণ জনতার উদ্দেশে ভাষণ দেবেন।

    ইমরানের গ্রেফতারি অবৈধ

    আল কাদির ট্রাস্টের জমি সংক্রান্ত মামলায় গ্রেফতারির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান (Imran Khan)। সেই মামলার শুনানিতেই সে দেশের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ইমরানকে এক ঘণ্টার মধ্যে আদালতে নিয়ে আসার নির্দেশ দেয়। পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেন, “আদালত চত্বর থেকে কাউকে গ্রেফতার করতে গেলে কোর্ট রেজিস্ট্রারের অনুমতি নিতে হয়। ইমরানের (Imran Khan) গ্রেফতারির ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি।” তবে ইমরানের বিরুদ্ধে মামলার শুনানি ইসলামাবাদ হাইকোর্টে হবে বলে জানিয়েছে পাক সুপ্রিম কোর্ট। 

    অবিলম্বে মুক্তি দিতে হবে

    মঙ্গলবার ৭০ বছরের ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার করেছিল ন্যাব। বুধবার আদালত ইমরানকে (Imran Khan) ৮ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল। ইমরান খানের গ্রেফতারি ঘিরে উত্তাল হয়ে উঠেছিল পাকিস্তান। গোটা দেশ জুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি এতটাই অস্থির ছিল যে পাকিস্তান সরকারকে পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া, বেলুচিস্থানে সেনা বাহিনী মোতায়েন করতে হয়েছিল। হিংসার ঘটনায় ৮ জনের মৃত্যু হয়। এদিন ইমরান খানকে আদালতে পেশ করা হলে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন আপনাকে দেখে ভাল লাগছে। তারপরই জানিয়ে দেন ইমরানের গ্রেফতারি অবৈধ। তাই কোনও কারণ ছাড়াই তাঁকে মুক্তি দিতে হবে। 

    আরও পড়ুন: আইএমএফের সাহায্য না পেলে দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান?

    গ্রেফতার শিরিন মাজারি

    অন্যদিকে এদিন আদালতে দাঁড়িয়ে ইমরান খানও পাকিস্তানের প্রশাসনকে একহাত নেন। তিনি বলেন, তাঁকে এমনভাবে গ্রেফতার করা হয়েছিল যাতে মনে হয় তিনি একজন সন্ত্রাসবাদী। তিনি আরও বলেন সশরীরে আদালতে উপস্থিত হওয়ার সময়ই তাঁকে গ্রেফতার করা হয়। তিনি হিংসার শিকার বলেও জানিয়েছেন। তাঁকে শৌচাগারেও যেতে দেওয়া হয়নি। অন্যদিকে, পাক সুপ্রিম কোর্ট ইমরানকে মুক্তি দেওয়ার কথা বললেও শুক্রবার কাকভোরে গ্রেফতার করা হয়েছে পাকিস্তান তেহেরিক ইনসাফের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শিরিন মাজারিকে (Dr. Sirin Mazari)। ইসলামাবাদ পুলিশ তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে। শুধু শিরিণই নয় এর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দলের অন্যান্য নেতাদেরও। গ্রেফতার হয়েছেন আসাদ উমর, ফাওয়াদ চৌধুরী, শাহ মেহমুদ কুরেশি, আলি মহম্মদ খান, এবং সেনেটর ইজাজ চৌধুরীও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share