Tag: Madhyom

Madhyom

  • Netaji Jayanti 2026: আজ নেতাজির ১২৯ তম জয়ন্তী, ফিরে দেখা তাঁর স্মরণীয় উক্তিগুলি যা আজও অনুপ্রেরণা জোগায়

    Netaji Jayanti 2026: আজ নেতাজির ১২৯ তম জয়ন্তী, ফিরে দেখা তাঁর স্মরণীয় উক্তিগুলি যা আজও অনুপ্রেরণা জোগায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। ‘‘তোমরা আমাকে রক্ত ​​দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’’— তাঁর এই উক্তি আজও দেশবাসীকে প্রেরণা জোগায়, উদ্দীপ্ত করে। আজ নেতাজির (Netaji) ১২৯ তম জয়ন্তী। ১৮৯৭ সালে আজকের দিনেই ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন দেশের এই মহান সন্তান। ভারতের একমাত্র রাষ্ট্রনায়ক, যাঁর জন্মবৃত্তান্ত পাওয়া গেলেও, মৃত্যু সম্পর্কে আজ পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। তিনি অমর হয়ে আছেন ভারতবাসীর মনে। নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji) জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

    এক কঠিন সংকল্প!

    ১৯৪০ সাল পর্যন্ত ভারতের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৭ই জানুয়ারি ১৯৪১ সালে ব্রিটিশ পুলিশকে ফাঁকি দিয়ে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে বের হন। এক কঠিন সংকল্প! যে কোনও মূল্যে মাতৃভূমির শৃঙ্খল মোচন করতেই হবে। বাইরে থেকে আঘাত করতে হবে অত্যাচারী ব্রিটিশকে। দেশের সীমানা ত্যাগ করেন ২৬ জানুয়ারি। তারপর জার্মানি সেখান থেকে সাবমেরিনে জাপান। দায়িত্ব নেন আজাদ হিন্দ বাহিনীর। ১৯৪৩ সালে তৈরি করেন আজাদ হিন্দ সরকার। জাপান, জার্মানি , ইতালি সমেত মোট ৮টি দেশ স্বীকৃতি দেয় এই সরকারকে। তাঁর বাহিনীর ভারত ভূখন্ডে প্রবেশ করতে সক্ষম হয়। আন্দামান ও নিকোবর দ্বীপে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পরে নেতাজী (Netaji) ওই দ্বীপের নতুন নাম শহীদ ও স্বরাজ দ্বীপ।

    নেতাজি সুভাষ বসুর (Netaji) কিছু স্মরণীয় উক্তি—

    • ● সংগ্রাম আমাকে মানুষ করে তুলেছে এবং আত্মবিশ্বাস দিয়েছে, যা আগে আমার ছিল না।
    • ● জীবনে সংগ্রাম না থাকলে, ভয় না পেলে জীবনের অর্ধেক স্বাদ নষ্ট হয়ে যায়।
    • ● আপনার নিজের শক্তিতে বিশ্বাস করুন, ধার করা শক্তি আপনার জন্য মারাত্মক।
    • ● উঁচু চিন্তা দ্বারা দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উঁচু চিন্তাই করা উচিত।
    • ● সাফল্য সবসময় ব্যর্থতার স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। তাই ব্যর্থতাকে কেউ ভয় পাবেন না।
    • ● মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সঙ্গে আপস করা।
    • ● যার ‘পরমানন্দ’ নেই সে কখনও মহান হতে পারে না।
    • ● যারা ফুল দেখে উত্তেজিত হন, তাঁরা কাঁটাও দ্রুত অনুভব করেন।
    • ● সর্বদাই কিছু না কিছু আশার আলো থাকে, যা আমাদের জীবন থেকে বিচ্যুত হতে দেয় না।
    • ● যদি কখনও মাথা নত করতে হয়, বীরের মতো মাথা নত করুন।
    • ● একজন আদর্শ সৈনিকের সামরিক প্রশিক্ষণ যেমন প্রয়োজন তেমনি আধ্যাত্মিক প্রশিক্ষণও প্রয়োজন।
    • ● স্বাধীনতা কেউ কাউকে দেয় না তা ছিনিয়ে নিতে হয়।
    • ● টাকা এবং যে কোনও সম্পদের দ্বারা কখনও স্বাধীনতা আসে না। স্বাধীনতা আসে সাহসিকতা, শক্তি এবং বীরত্বপূর্ণ কাজের মধ্য দিয়ে।
    • ● জাতীয়তাবাদের আদর্শ হল তিনটি সত্যম, শিবম, সুন্দরম।
    • ● রক্তমূল্য ছাড়া কখনও স্বাধীনতা আসে না, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব।
  • Saraswati Puja 2026: সরস্বতী পুজোর দিন হলুদ রঙের পোশাক কেন পরা হয়? কী এর মাহাত্ম্য?

    Saraswati Puja 2026: সরস্বতী পুজোর দিন হলুদ রঙের পোশাক কেন পরা হয়? কী এর মাহাত্ম্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বসন্ত পঞ্চমী। আজ সরস্বতী পুজো। চারদিকে চলছে বাগদেবীর আরাধনা। সরস্বতী পুজোয় (Saraswati Puja 2026) হলুদ রঙের পোশাক পরার চল রয়েছে। এই দিন কিশোর ছেলেদের হলুদ পাঞ্জাবি ও কিশোরীদের হলুদ শাড়ি পরতে দেখা যায়। তবে ঠিক কোন কারণে হলুদ পরা হয়? সে কারণই আমরা জানব। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে (Saraswati Puja) আরাধিত হন দেবী সরস্বতী। অনেকে মনে করেন, এই দিন থেকেই আগমন ঘটে বসন্ত ঋতুর। তাই একে বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে। সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রঙের বিশেষ সম্পর্ক রয়েছে বলেই জানাচ্ছেন শাস্ত্র বিশেষজ্ঞরা।

    হলুদ রঙকে শুভ বলে মানা হয় (Saraswati Puja 2026)

    হলুদ রঙকে শুভ বলে মানা হয়। এতে দেবী সরস্বতী সন্তুষ্ট হন বলেই ভক্তদের বিশ্বাস। মনে করা হয় বসন্ত পঞ্চমী থেকেই শীত ঋতুর অবসান ও বসন্তের আগমন বার্তা ঘোষিত হয়। দেবীকে হলুদ ফুল অর্পণ করা হয়। সুখ ও সমৃদ্ধির জন্য সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা ভালো বলে মনে করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, হলুদ রঙ জীবনে আনে সুখ-শান্তি ও সমৃদ্ধি। ঠিক এই কারণেই মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা হয়। অন্যদিকে এর বৈজ্ঞানিক কারণও রয়েছে। মনে করা হয়, হলুদ রঙ মানসিক চাপ দূর করে মনে গভীর শান্তি আনে। এর পাশাপাশি হলুদ রঙ আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে।

    হলুদ রঙে থাকে পজিটিভ এনার্জি

    সরস্বতী পুজোর সময়ে সর্ষে ফুলে (Saraswati Puja 2026) ছেয়ে যায় চারিদিকে। তাই কেউ কেউ বলেন, হলুদ ফুল দিয়ে ঘর সাজালে পজিটিভ এনার্জি থাকে। একইসঙ্গে হলুদ রঙকে সুখ, আশা, জ্ঞান, সৃজনশীলতা ও রোদের প্রতীক বলে মানা হয়। বসন্ত ও বন্ধুত্বের রঙও হল হলুদ।

    বাস্তুশাস্ত্র মতেও হলুদ রঙের আলাদা মাহাত্ম্য রয়েছে

    বাস্তুশাস্ত্র মতেও হলুদ রঙের আলাদা মাহাত্ম্য রয়েছে। হলুদ রঙের অর্থ কোনও কিছুর নতুন সূচনা। হলুদ রঙ শুভ ও মঙ্গলদায়ক শক্তির দিকে আমাদের আকর্ষণ করে। হলুদ রঙ আশার রঙ হিসেবেও পরিচিত অনেকের কাছে। একে জীবনের এবং শুভবুদ্ধির রঙ বলে মানা হয়। বসন্তের শুরুতে এই রঙ মনে নতুন আশার সঞ্চার (Saraswati Puja 2026) ঘটায় আবার সুস্বাস্থ্যেরও প্রতীকও হলুদ রঙ।

  • Netaji Jayanti 2026: আজও গায়ে কাঁটা দেয় ‘জয় হিন্দ’ ধ্বনি, ১২৯ তম জন্মদিনে নেতাজির নানান কথা

    Netaji Jayanti 2026: আজও গায়ে কাঁটা দেয় ‘জয় হিন্দ’ ধ্বনি, ১২৯ তম জন্মদিনে নেতাজির নানান কথা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ২৩ জানুয়ারি। মহান দেশপ্রেমিক, বাঙলার বীর সন্তান সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিন। দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি জয়ন্তী। ভারতীয় যুব সমাজের কাছে আদর্শ তিনি। “কদম কদম বাড়ায়ে যা…” আজও শত কোটি ভারতবাসীর অনুপ্রেরণা। সুভাষচন্দ্র বসু থেকে নেতাজি উপাধি নিয়ে আপামর দেশবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে ওঠার নেপথ্যে রয়েছে নানা কাহিনী। তাঁর কথা স্মরণ করেই আজ সারা দেশে পালিত হচ্ছে পরাক্রম দিবস।

    শিশু সুভাষ ও শিক্ষাজীবন

    ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি বেলা ১২টা বেজে ১০ মিনিটে ওড়িশার কটকে জন্ম হয়েছিল ভারতের বীর সন্তান সুভাষচন্দ্র বসুর। বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবী। জানকীনাথ বসু একজন প্রসিদ্ধ আইনজীবী ছিলেন। ছোটবেলা থেকেই সুভাষ পড়াশোনায় মনোযোগী ছিলেন। অন্যান্য ভাই-বোনেদের মতো সুভাষকে প্রথমে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয়ান স্কুলে ভর্তি করা হয়েছিল। স্কুলেই ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন করে সাহেবদের বিষনজরে পড়েন তিনি। এরপর বারো বছর বয়সে তিনি কটকের র‌্যাভেনশা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। তারপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। কলেজ জীবন থেকে দেশের জন্য লড়াই করার ইচ্ছা জাগে সুভাষের মনে।

    দেশের জন্য চাকরি ত্যাগ

    ১৯২০ সালে নেতাজি ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করেনস। কিন্তু ভারতীয় স্বতন্ত্রতা সংঘর্ষে যোগ দেওয়ার জন্য তিনি চাকরি ছেড়ে দেন। সিভিল সার্ভিস ছেড়ে দেওয়ার পরে দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করার জন্য ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যান। জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা নেতাজিকে অত্যন্ত বিচলিত, মর্মাহত করে।

    স্বাধীনতা আন্দোলনে যোগ

    অসহযোগ আন্দোলনের সময়, জাতীয় কংগ্রেসে যোগদান করেন সুভাষচন্দ্র বসু। ১৯৩৮ খ্রিস্টাব্দে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে কংগ্রেসের বাম গোষ্ঠীর সম্পূর্ণ সমর্থনে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। ১৯৩৯ খ্রিস্টাব্দে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সিতারামাইয়াকে ২০৩ ভোটের ব্যবধানে হারিয়ে সভাপতির নির্বাচিত হন তিনি।

    কংগ্রেস ত্যাগ

    তরুণ সুভাষের রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। তাঁর হাত ধরেই সুভাষ প্রথম প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন। এমনকী দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবীও সুভাষকে খুবই স্নেহ করতেন এবং সুভাষ তাঁকে ‘মা’ বলে ডাকতেন। দেশবন্ধুর মতোই স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার সমর্থক ছিলেন নেতাজি। একই সঙ্গে তিনি ছিলেন চরমপন্থীর নায়ক। তাই তাঁর চরমপন্থী চিন্তাধারার সঙ্গে কংগ্রেসের নরমপন্থীদের মতবিরোধ হয়। এমনকী কংগ্রেসের সভাপতি নির্বাচনে নরমপন্থীরা বিক্ষুব্ধ হলে সুভাষ অসন্তুষ্ট হয়ে কংগ্রেস ত্যাগ করেন। এরপরই নেতাজির হাত ধরে তৈরি হয় “ফরওয়ার্ড ব্লক’। নতুন দলের হয়ে স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে নতুনভাবে অনুপ্রাণিত করতে ঝাঁপিয়ে পড়েন সুভাষচন্দ্র বসু।

    দেশ ত্যাগ- ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই

    কিন্তু স্বাধীন ভারত গড়ার প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন তিনি। আর সেই লক্ষ্য নিয়েই ব্রিটিশ পুলিশের সতর্ক দৃষ্টি এড়িয়ে ১৯৪১ সালে গৃহবন্দি অবস্থা থেকে ছদ্মবেশ ধারণ করে আফগানিস্তানের কাবুল হয়ে জার্মানিতে যান এবং জার্মানির বার্লিনে একনায়কতন্ত্রের প্রতীক হিটলারের সঙ্গে দেখা করে সাহায্য প্রার্থনা করেন। যদিও এখানে তাঁর উদ্দেশ্য সফল না হওয়ায় ডুবো জাহাজে করে দীর্ঘ পথ অতিক্রম করে আসেন জাপানে। জাপান সরকারের সাহায্যে এবং রাসবিহারী বসুর সহায়তায় সুভাষচন্দ্র বসু গঠন করেন আজাদ হিন্দ ফৌজ। ভারতকে ইংরেজের হাত থেকে মুক্ত করতে নেতাজি ১৯৪৩ সালের ২১ অক্টোবর ‘আজাদ হিন্দ সরকার’-এর প্রতিষ্ঠা করার সময়ই ‘আজাদ হিন্দ সেনা’ গঠন করেন। এরপর সুভাষচন্দ্র বসু নিজের সেনা নিয়ে ১৯৪৪ সালের ৪ জুলাই বর্মা (বর্তমান মায়ানমার) পৌঁছান। এখানে নেতাজি তাঁর বিখ্যাত স্লোগান ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’ বলেছিলেন।

    নেতাজির অন্তর্ধান

    ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইপেইতে একটি বিমান দুর্ঘটনার পরই নেতাজির আর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকেই নেতাজির নিখোঁজ নিয়ে একাধিক রহস্য ঘনীভূত হতে থাকে। মৃত্যু, অন্তর্ধান নাকি অন্য কিছু? আজও নেতাজির মৃত্যু কিংবা অন্তর্ধান নিয়ে নানান বিতর্ক রয়েছে। আসলে কোনও বিশেষ আদর্শের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু সেই আদর্শের মৃত্যু হয় না। সেই আদর্শ একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়।’

  • Saraswati Puja 2026: কেন বসন্ত পঞ্চমীতে হয় সরস্বতী পুজো? বাগদেবীর পৌরাণিক গল্পগুলি জানুন

    Saraswati Puja 2026: কেন বসন্ত পঞ্চমীতে হয় সরস্বতী পুজো? বাগদেবীর পৌরাণিক গল্পগুলি জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে… ’’

    আজ বসন্ত পঞ্চমী। ধুমধাম করে ঘরে-ঘরে, স্কুল-কলেজে, পাড়ায়-পাড়ায় পালিত হচ্ছে সরস্বতী পুজো। সকাল থেকেই চলছে বাগদেবীর আরাধনা। পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। তবে, সরস্বতী পুজোর (Saraswati Puja 2026) গুরুত্ব বর্তমানে দেবী আরাধনার মধ্যেই আটকে নেই। পুজো পুজো ভাব প্রায় ১ মাস আগেই শুরু হয়ে যায়, বালক বা বালিকারা এইসময় মনে করে সরস্বতী পুজোর (Saraswati Puja) দিনই কুল খাওয়া শুরু করতে হয়। এর আগে কুল খেলে পরীক্ষার ফল খারাপ হতে পারে। যেমনটা আমরা সবাই ছেলেবেলায় বা মেয়েবেলায় ভাবতাম। বয়ঃসন্ধিকালে এই পুজোর দিন মনে প্রেমভাব জাগ্রত হয় না এমন কিশোর-কিশোরী খুঁজে পাওয়া যায় না। স্কুল কলেজে আলপনা, চিত্রপ্রদর্শনী, পুষ্পাঞ্জলি, পাত পেড়ে খিচুড়ি প্রসাদ গ্রহণে জমজমাট হয়ে ওঠে সরস্বতী পুজো।

    সরস্বতী পুজোর (Saraswati Puja) সঙ্গে সম্পর্কিত পৌরাণিক কাহিনীগুলি…

    গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত‍্যের “নবরত্ন” সভার কথা নিশ্চয় সবাই শুনেছি। এখানে অন‍্যতম শ্রেষ্ঠরত্ন ছিলেন মহাকবি কালিদাস। ঋক বৈদিক যুগ থেকেই সরস্বতী পুজোর (Saraswati Puja) প্রচলন শুরু হলেও, দেবী সরস্বতীর পৌরাণিক আখ্যান মূলত কালিদাসের সঙ্গেই সম্পর্কযুক্ত। কিন্তু কীভাবে? আসুন জেনে নিই।

    কালীদাস ও সরস্বতী

    প্রথম জীবনে খুবই বোকা ছিলেন কালিদাস। বিভিন্ন কাহিনী অনুযায়ী তিনি থাকতেন উজ্জ্বয়িনীতে শিপ্রা নদীর তীরে। কথিত আছে উজ্জ্বয়িনীর রাজকন্যার কাছে তর্কে পরাস্ত হয়ে তাঁকে জব্দ করতে চাইছিলেন পরাজিত পণ্ডিতদের দল। পণ্ডিতরা ভাবলেন রাজকন্যার সঙ্গে একজন বোকার বিয়ে যেভাবেই হোক দিতে হবে। এতেই জব্দ করা যাবে রাজকন্যাকে।

    পথে যেতে যেতে এক জায়গায় পণ্ডিতরা দেখলেন, একজন লোক একটি গাছের ডালের ডগায় বসে তার গোঁড়ার দিকটা কুড়ুল দিয়ে কাটছে। কিন্তু কাটার পর ডালটা যে তাকে নিয়েই মাটিতে পড়বে, সেটা বোঝার মতো জ্ঞান তার নেই। ইনিই কালিদাস। এরপর কোনওভাবে রাজকন্যার সঙ্গে বিয়ে দেওয়া হল লোকটির। চরম প্রতিশোধ নিলেন পণ্ডিতরা। বিছানায় মশারির দরজা খুঁজে না পেয়ে কালিদাস ঝাঁপ দিলেন রাজকন্যার গায়েই। এবার রাজকন্যা বুঝে গেলেন, দেশের পণ্ডিতরা তাঁর সঙ্গে এক নির্ভেজাল বোকার বিয়ে দিয়েছে!

    কালিদাস স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। মনের জ্বালায় শুরু হল কালিদাসের অনিশ্চিত পথ চলা। চলতে চলতে একটি সরোবরের ধারে এসে বিশ্রাম। ঠিক করলেন, এখানকার জলে ডুবেই প্রাণ বিসর্জন দেবেন। কিন্তু তার আগেই অবাক হয়ে কালিদাস দেখলেন, সরোবরের ঘাটের পাথরের ওপর গর্ত। মেয়েরা জল নিতে এসে ওই পাথরের ওপরেই কলসি রাখে আর তাতেই ক্ষয়ে গেছে কঠিন পাথর। দেখে কালিদাস ভাবলেন, শক্ত পাথর যদি ক্ষয় হতে পারে, তবে তার বুদ্ধি হবে না কেন! ওখানেই শুরু হলো কালিদাসের সরস্বতী তপস্যা। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী সরস্বতী (Saraswati Puja) কালিদাসকে দেখা দিয়ে শ্রেষ্ঠ কবি হবার বর দিলেন। বর পেয়েই সরস্বতীর (Saraswati Puja) বরপুত্র মুখে মুখেই রচনা করে ফেললেন সরস্বতী বন্দনা।

    বীরভূমের নানুরে “সরস্বতী তলা”

    অনেকেই বলেন, তাঁর সাধনস্থল বীরভূম জেলার নানুরের “সরস্বতী তলা।” কেউ বলেন, তাঁর সমুদ্র উপকূলীয় অঞ্চলের ব‍র্ণনার সঙ্গে হুবহু মিলে যায় মেদিনীপুরের কাঁথি এলাকার সমুদ্র উপকূল। তাই তিনি মেদিনীপুরের কাঁথির লোক। আরেকটি মতবাদ প্রচলিত আছে, বীরভূম জেলার নানুরের কাছে বেলুটি গ্রামে মহাকবি কালিদাসের আবির্ভাব ও সরস্বতী সাধনায় সিদ্ধিলাভ ঘটে। এখানে আজও রয়েছে কালিদাসের স্মৃতিবিজড়িত “সরস্বতী তলা।”

    আরও পৌরাণিক কাহিনিি

    অপর একটি পৌরাণিক কাহিনি অনুযায়ী, বসন্ত পঞ্চমীর দিনেই জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন। বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা ছিলেন ব্রহ্মা। যখন তিনি পৃথিবী সৃষ্টি করেছিলেন, তখনই তিনি অনুভব করেছিলেন কোনও কিছু অনুপস্থিত রয়েছে। ধরাধামে শব্দ সঞ্চারের জন্য তিনি তাঁর কমণ্ডলু থেকে পৃথিবীতে জল ছিটিয়ে দেন। আর ঠিক সেই সময়তেই পৃথিবী কাঁপিয়ে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী (Saraswati Puja 2026)। দেবীর হাতে ছিল বীণা, জপমালা ও বই। তখনই দেবীর জ্ঞান ও প্রজ্ঞায় সারাবিশ্ব জ্ঞানের আলোয় আলোকিত হয়। তাই বসন্ত পঞ্চমীর দিন সরস্বতীর বিশেষ পুজো করা হয়। বসন্ত পঞ্চমী জীবনের নতুন শুরুর প্রতীক বলে মনে করা হয়। বসন্ত ঋতুতে ফসল পাকতে শুরু করে। হালকা শীতের মনোরম আবহাওয়ায় প্রকৃতি রঙে ভরে ওঠে, চারিদিক রঙিন ফুলে ঢেকে যায়। গাছে গাছে নতুন পাতা, রঙিন ফুল ও ফল ধারণ করে। এই দিনটিকে নতুন জিনিস শুরু করার জন্য শুভ বলে মনে করা হয়।

  • Daily Horoscope 23 January 2026: ব্যবসায় সুখবর প্রাপ্তিতে আনন্দ লাভ করবেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 23 January 2026: ব্যবসায় সুখবর প্রাপ্তিতে আনন্দ লাভ করবেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বন্ধুদের সঙ্গে বিবাদ অনেক দূর গড়াতে পারে।

    ২) প্রবাসী কারও আসার খবরে আনন্দ লাভ।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    বৃষ

    ১) মেরুদণ্ডের রোগের জন্য কষ্ট বাড়তে পারে।

    ২) বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির আগমনে আনন্দ লাভ।

    ৩) দিনটি অনুকূল।

    মিথুন

    ১) ধর্ম বিষয়ক আলোচনা থেকে মানসিক পরিবর্তন হতে পারে।

    ২) অযথা ব্যয়বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা।

    ৩) বেশিরকাজ কাজেই সাফল্য মিলবে।

    কর্কট

    ১) নতুন সম্পর্ক গড়ার আগে ভালো করে চিন্তা করুন।

    ২) সারা দিন বহু দিক থেকে আয়ের সুযোগ আসতে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    সিংহ

    ১) কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, আঘাত লাগতে পারে।

    ২) আধ্যাত্মিক কাজে কিছু দান করতে হতে পারে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    কন্যা

    ১) অপরের কথায় চললে অশান্তি বাধতে পারে।

    ২) পুরনো কোনও আশা পূরণের চেষ্টা।

    ৩) বিবাদে জড়াবেন না।

    তুলা

    ১) চিকিৎসার খরচ বাড়তে পারে।

    ২) বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃশ্চিক

    ১) ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ বাধতে পারে।

    ২) কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন।

    ৩) ধর্মস্থানে ভ্রমণ।

    ধনু

    ১) চাকরিজীবীদের জন্য খুব খরচের সময়।

    ২) কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে।

    ৩) দিনটি অনুকূল।

    মকর

    ১) সকালের দিকে অতিরিক্ত রাগের কারণে কারও সঙ্গে হাতাহাতি ও রক্তপাতের সম্ভাবনা।

    ২) ব্যবসায় সুখবর প্রাপ্তিতে আনন্দ লাভ।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে সুখবর আসার পথে বাধা পড়তে পারে।

    ২) শত্রুর চক্রান্তে একটু বিভ্রান্ত হবেন।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    মীন

    ১) বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হওয়ায় মনঃকষ্ট।

    ২) অসৎ সঙ্গ ত্যাগ না করলে সম্মানহানির যোগ।

    ৩) দিনটি প্রতিকূল।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • T20 World Cup: ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না, জানালেন আসিফ নজরুল

    T20 World Cup: ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না, জানালেন আসিফ নজরুল

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট খেলাতেও ভারত বিদ্বেষী মনোভাব ইউনূস সরকারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলতে আসবে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দল এবং বোর্ডের সঙ্গে বৈঠক করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তারপর তাঁর সিদ্ধান্তের কথা বলেন। ওই দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল হাসিনা বিদ্বেষী মনোভাব থেকে। তবে এখন এই বিদ্বেষ (Bangladesh Cricket Board) শুধু হাসিনা পর্যন্ত থেমে নেই, প্রথমত পাকিস্তানের আইএসআই প্রীতি এবং দ্বিতীয়ত ভারত বিরোধীর পর্যায়ে উন্নীত হয়েছে। ক্রিকেটের ময়দানেও ভারত বিরোধিতা অন্তর্বর্তী সরকারের অন্যতম পদক্ষেপ।

    খুব একটা নিরাপদ নয় (T20 World Cup)

    আফিস নজরুল বলেন, “বাংলাদেশের জাতীয় দল ক্রিকেট এবং বোর্ডের সঙ্গে আমরা বৈঠক করেছি। আমরা চেয়েছি টি ২০ বিশ্বকাপ (T20 World Cup) ম্যাচ খেলতে। এই সুযোগকে আমরা হাত ছাড়া করতে চাই না। ভারতের মাটিতে খেলা আমাদের জন্য খুব একটা নিরাপদ নয়। নিরাপত্তার যে অভাব রয়েছে তা স্পষ্ট। এটা কোনও বায়বীয় বিশ্লেষণ নয়, সত্যতার নিরিখে ভাবা হয়েছে। আমাদের একজন সেরা ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত থেকে বার করে দিতে বলা হয়েছে। আবার বিশ্বকাপ (Bangladesh Cricket Board) ওই দেশেই হচ্ছে।”

    একজন ক্রিকেটারও নিরাপত্তা পায়নি

    যদিও আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল, ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তার কোনও ঝুঁকি নেই। তবে নজরুল বলেন, “আইসিসি যতই বলুক, যে দেশে আমাদের একজন ক্রিকেটারও নিরাপত্তা পায়নি, সেই দেশেই তো বিশ্বকাপ হচ্ছে। সেই দেশের পুলিশেরই তো দায়িত্ব থাকবে বিশ্বকাপে (T20 World Cup) নিরাপত্তা দেওয়ার। ভারতে এমন কী বদল হয়েছে যাতে আমাদের মনে হবে যে, বিশ্বকাপে আমাদের দলের ক্রিকেটার, গণমাধ্যমের কর্মী ও সমর্থকদের নিরাপত্তা দিতে পারবে। আইসিসি আসল ঘটনা বাদ দিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকেও আমাদের কিছু বলা হয়নি। তাই আমাদের সিদ্ধান্ত বদলের কোনও জায়গা নেই।”

    আসিফ নজরুল অবশ্য আইসিসিকে বাংলাদেশের (Bangladesh Cricket Board) সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় করার অনুরোধ জানিয়েছেন। তবে বাংলাদেশ যদি নিজের অবস্থানে অবিচল থাকে তাহলে হয়তো সব চেয়ে বেশি আর্থিক ক্ষতি বাংলাদেশেরই হবে। আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়ের নাম বাদ পড়ার পর থেকেই দর কষাকষি শুরু হয়। আগামী দিনে ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশকে আরও চরম মাশুল দিতে হয় কিনা তাই এখন দেখার।

  • Republic Day 2026: ‘২৬-২৬’-পাক নাশকতামূলক ষড়যন্ত্রের পর্দাফাঁস গোয়েন্দা দফতরের

    Republic Day 2026: ‘২৬-২৬’-পাক নাশকতামূলক ষড়যন্ত্রের পর্দাফাঁস গোয়েন্দা দফতরের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2026) প্রাক্কালে পাক ষড়যন্ত্রের পর্দাফাঁস করল ভারতীয় গোয়েন্দা দফতর। জঙ্গি কার্যকলাপের ছকের নাম ‘২৬-২৬’। দেশের সর্বত্র নাশকতা রুখতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট (ISI Attack Plan)। ২৬ জানুয়ারির আগে দেশে বড় ধরনের হামলার পরিকল্পনার পিছনে রয়েছে পাক সেনার মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। সূত্রের খবর, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং পাঞ্জাবের কিছু গ্যাংস্টার একযোগে হামলার পরিকল্পনা করেছিল। এই পরিস্থিতিতে রাজধানী দিল্লির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

    ৪ শহরে বিস্ফোরণের ছক (Republic Day 2026)!

    গত কয়েকমাস আগে লালকেল্লার বিস্ফোরণ দেশবাসীর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। কেড়ে নিয়েছে ২০ জনের বেশি প্রাণ। দেশে এমন বিস্ফোরণের ঘটনা সত্যই ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। সূত্রের খবর, এবারে জঙ্গিদের প্ল্যান ছিল একটা দুটো নয় ৪ টে শহরে বিস্ফোরণ ঘটানো। দিন হিসেবে বেছে নেওয়া হয় ৬ ডিসেম্বরকে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ১৯৯২ সালের এই দিনেই বাবরি মসজিদের বিতর্কিত কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। জঙ্গিদের উদ্দেশ্য ছিল বাবরি মসজিদ ধ্বংসের বদলা নেওয়া। আর তাই অযোধ্যার রাম মন্দিরকেও টার্গেট করা হয়েছে। দিল্লির মতো একাধিক সিরিয়াল ব্লাস্টের মধ্যে দিয়ে বিরাট হামলার ছক (ISI Attack Plan) করা হয়।

    রেক্রুট্মেন্ট সেলকে চাঙ্গা করতে চায় জঙ্গিরা

    গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিরা নিজেদের প্ল্যানে একসঙ্গে একাধিক জায়গায় বিস্ফোরণে বার্তা দেওয়ার পরিকল্পনা ছিল। তার মধ্যে প্রধান অপারেশন সিঁদুরের বদলা। নিজেদের রিক্রুটমেন্ট সেলকে চাঙ্গা করে নাশকতামূলক কাজকে বাস্তবায়ন করাও লক্ষ ছিল। দেশের ৪টি শহরে পরপর বিস্ফোরণ ঘটাতে ৮ জনের একএকটি করে পৃথক পৃথক দল গঠন করা হয়েছিল। জঙ্গিদের পরিকল্পনায় ছিল আইইডি প্রতিটি শহরে পৌঁছে যাবে ২ জন করে। হামলার দিন প্রথমে ঠিক করা হয়েছিল ১৫ অগাস্ট। কিন্তু তা এখন পাল্টে করা হয়েছে ২৬ শে জানুয়ারি। ফরিদাবাদের বিস্ফোরক উদ্ধার এবং দিল্লি বিস্ফোরণে একের পর এক জঙ্গিদের বিভিন্ন সূত্রে সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্রকে ক্রমেই প্রকাশ্যে এনেছে। এবার এই ২৬-২৬ মডেলের নাশকতার ছকের পর্দাফাঁসের ঘটনা আরও একবার প্রমাণ করেছে পাকিস্তানের সেনা, আইএসআই এবং জঙ্গি সংগঠনগুলি ভারত ধ্বংসের জন্য কতটা কূটকৌশলী। পাল্টা ভারতীয় সুরক্ষা বাহিনীও অত্যন্ত তৎপর।

  • Fake Birth Certificates: দু’মাসের মধ্যেই লক্ষাধিক জাল জন্মশংসাপত্র তৈরি হয়েছে!

    Fake Birth Certificates: দু’মাসের মধ্যেই লক্ষাধিক জাল জন্মশংসাপত্র তৈরি হয়েছে!

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়া (CRS) মঙ্গলবার সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম (সিআরএস) পোর্টালে এক বিশাল জালিয়াতি ফাঁসের অভিযোগ (Fake Birth Certificates) করেন। তাঁর দাবি, ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর এই দু’মাসের মধ্যেই এক লাখেরও বেশি জাল জন্মশংসাপত্র তৈরি করা হয়েছে।

    সোমাইয়ার বক্তব্য (Fake Birth Certificates)

    সাংবাদিক সম্মেলনে সোমাইয়া বলেন, “এই কেলেঙ্কারি শুধুমাত্র প্রাত্যহিক প্রশাসনিক দুর্নীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য এক গুরুতর হুমকি।” তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের সিআরএস পোর্টাল হ্যাক করে সরকারি নথিপত্রে কারসাজি করে এই জালিয়াতি করা হয়েছে। চমকে দেওয়ার মতো তথ্য বলে উল্লেখ করে তিনি জানান, মহারাষ্ট্রের জলগাঁও, পারোলা ও ইয়াভাতমাল জেলা এবং উত্তরপ্রদেশের রায়বরেলি ও আলিগড় জেলায় গুরুতর অনিয়ম ধরা পড়েছে। যেসব গ্রামে জনসংখ্যা ১,০০০ থেকে ১,৫০০-এর মধ্যে, সেখানে ১০,০০০ থেকে ২৭,০০০টি পর্যন্ত জন্মনিবন্ধনের নথি মিলেছে। আবার এর প্রায় ৯৯ শতাংশ নথিভুক্ত ব্যক্তির বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে, যা ব্যাপক সন্দেহের জন্ম দিয়েছে।

    গ্রেফতার ৮

    সোমাইয়ার দাবি, তদন্তে এখনও পর্যন্ত একটি আন্তঃরাজ্য চক্রের সন্ধান মিলেছে এবং এই ঘটনায় আটজনকে গ্রেফতারও করা হয়েছে। মূল অভিযুক্ত অবদেশ কুমার দুবে কম্পিউটার ব্যবস্থার মাধ্যমে নথি জাল করে এই কারসাজি চালিয়েছেন বলে অভিযোগ। সোমাইয়া জানান, তিনি ইতিমধ্যেই মহারাষ্ট্র পুলিশের কর্তা সদানন্দ দাতের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং শীঘ্রই বিষয়টি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হবেন (CRS)। তাঁর অভিযোগ, ভুয়ো জন্মশংসাপত্র ব্যবহার করে অনুপ্রবেশকারীদের ভারতীয় পরিচয়পত্র দেওয়া হচ্ছে, যাতে তারা নিজেদের বৈধ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। অনুপ্রবেশের প্রসঙ্গ টেনে সোমাইয়া বলেন, “হাজার হাজার বাংলাদেশি নাগরিক কোনও আইনি অনুমতি ছাড়াই মুম্বইয়ের রাস্তায় ফেরিওয়ালার কাজ করছেন।” তিনি জানান, মুম্বই পুলিশ কমিশনার ও পুর কমিশনারের সহযোগিতায় চালানো কড়া অভিযানের ফলে (Fake Birth Certificates) মুলুন্ড রেলস্টেশন সংলগ্ন এলাকা-সহ একাধিক অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে।

    মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ

    সাংবাদিক বৈঠকে সোমাইয়া শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বিরুদ্ধেও আক্রমণ শানান। তাঁর দাবি, যেসব কেন্দ্রে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে ভোটাররা এমআইএমকে সমর্থন করেন, আর যেসব এলাকায় মুসলিম ভোটার ১৫ থেকে ২০ শতাংশ, সেখানে সমর্থন যায় উদ্ধব ঠাকরের দলের দিকে। সোমাইয়ার অভিযোগ, যেসব রাজনৈতিক নেতা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে দেখেন, তাঁরাই আইন প্রয়োগে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তিনি এও বলেন, “যাঁরা মুম্বইকে সবুজায়নের নামে অন্য উদ্দেশ্য সাধনের চেষ্টা করছেন, তাঁদের ২০২৬ সালে (CRS) মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বে বিজেপি উপযুক্ত জবাব দেবে (Fake Birth Certificates)।”

  • Saraswati Puja 2026: শুক্রবার সরস্বতী পুজো, দেখে নিন পঞ্চমী তিথি এবং অঞ্জলির সময়সূচি

    Saraswati Puja 2026: শুক্রবার সরস্বতী পুজো, দেখে নিন পঞ্চমী তিথি এবং অঞ্জলির সময়সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী হিসেবে আরাধিত হন মা সরস্বতী (Saraswati Puja 2026)। দেবী শ্বেতপদ্মে অধিষ্ঠান করেন, তাঁর এক হাতে থাকে পুস্তক, অন্য হাতে দেখা যায় বীণা। হাতে বীণা থাকার কারণে দেবী সরস্বতীকে বীণাপাণিও বলা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, দেবী সরস্বতী হলেন বৈদিক দেবী। বৈদিক যুগে অবশ্য চারহাতের দেবীর উল্লেখ পাওয়া যায়। সেই চার হাতে পুস্তক, জপমালা, জলের পাত্র এবং বীণা ধারণ করে থাকে দেবী। শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, পুস্তক হল বিদ্যা, জপমালা হল জ্ঞান, জলের পাত্র হল সৃষ্টি এবং বীণা হল সঙ্গীতের প্রতীক। এক কথায় বলতে গেলে, দেবী সরস্বতীকে অপার্থিব সম্পদের দেবী মানা হয়। বসন্ত পঞ্চমীর পবিত্র তিথিতে অভ্র, আবির, আমের মুকুল, যবের শীষ এবং দোয়াত-কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করা হয়।

    কবে সরস্বতী পুজো (Saraswati Puja 2026)?

    মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে হয় দেবী সরস্বতীর (Saraswati Puja 2026) আরাধনায় মেতে ওঠেন সকলে। ঠিক এই কারণেই সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবেও পালিত হয় দেশজুড়ে। শুধু বাংলাই নয়, ওড়িশা, উত্তর ভারত, নেপাল, ভুটানেও এই পুজো ধুমধাম করে পালিত হয়। ভক্তদের বিশ্বাস, এই দিনেই আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী।

    উদয় তিথি অনুযায়ী, চলতি বছর সরস্বতী পুজো পড়েছে ২৩ জানুয়ারি। অর্থাৎ আগামিকাল, শুক্রবার সরস্বতী পুজো। আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। বাংলা তারিখ অনুযায়ী দিনটি ৯ মাঘ। দেখে নিন পঞ্জিকা অনুসারে কখন পড়েছে বসন্ত পঞ্চমী তিথি।

    বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

    পঞ্চমী তিথি আরম্ভ–

    ইংরেজি– ২২ জানুয়ারি, বৃহস্পতিবার।
    বাংলা– ৮ মাঘ, বৃহস্পতিবার।
    সময়– রাত ২টো ৩০ মিনিট।

    পঞ্চমী তিথি শেষ–

    ইংরেজি– ২৩ জানুয়ারি, শুক্রবার।
    বাংলা– ৯ মাঘ, শুক্রবার।
    সময়– রাত ১টা ৪৭ মিনিট।

    গুপ্তপ্রেস পঞ্জিকা মতে –

    পঞ্চমী তিথি আরম্ভ–

    ইংরেজি– ২২ জানুয়ারি, বৃহস্পতিবার।
    বাংলা– ৮ মাঘ, বৃহস্পতিবার।
    সময়– রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ড।

    পঞ্চমী তিথি শেষ–

    ইংরেজি– ২৩ জানুয়ারি, শুক্রবার ।
    বাংলা– ৯ মাঘ, শুক্রবার।
    সময়– রাত ১২টা ২৭ মিনিট ২৮ সেকেন্ড।

    পুজোয় কী কী লাগে?

    ভোরে স্নান সেরে উপোস করে বাগদেবীর অঞ্জলি দেওয়াই হল রীতি। এই পুজোয় সাধারণত তিনবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়। বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের আশীর্বাদ চান পড়ুয়ারা। সরস্বতী পুজোয় খুব বেশি জাঁকজমক না থাকলেও কিছু কিছু জিনিস দরকার হয়। যেমন- বই, খাতা, দোয়াত, কলম, আমের মুকুল, গাঁদা ফুল অথবা পলাশ ফুল, আবির এবং বাদ্যযন্ত্র। বাসন্তী রঙের ফুলই এই পুজোর বিশেষ আকর্ষণ।

    সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র

    ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
    বীণা-পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমোস্তুতে।।
    নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
    বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
    এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

    বসন্ত পঞ্চমীর মাহাত্ম্য

    মা সরস্বতীর (Saraswati Puja) পাশাপাশি গণেশ, লক্ষ্মী, নবগ্রহ, বই, খাতা, পেন এবং বাদ্যযন্ত্রের পুজোও করা হয় এই বিশেষ দিনে। অনেক বাড়িতেই শিশুদের প্রথম হাতেখড়ির অনুষ্ঠান সম্পন্ন করা হয় এই দিন। তাদের আনুষ্ঠানিক ভাবে প্রথম বিদ্যাচর্চা শুরু হয় এই দিন থেকেই। মনে করা হয় বসন্ত পঞ্চমী থেকেই শীত ঋতুর অবসান ও বসন্তের আগমন বার্তা ঘোষিত হয়। দেবীকে হলুদ ফুল অর্পণ করা হয়। সুখ ও সমৃদ্ধির জন্য মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা ভালো বলে মনে করা হয়। এছাড়া বসন্তের আগমনের বার্তা বয়ে আনে হলুদ রং। দেবীভাগবত পুরাণ থেকে জানা যায়, পরম কুস্মন্দের প্ৰথম অংশে দেবী সরস্বতীর জন্ম। বিষ্ণুর জিহ্বাগ্র থেকে তাঁর উৎপত্তি । সরস্বতী বাক, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী।

  • Jammu and Kashmir: কাশ্মীরের ডোডায় খাদে পড়ল সেনার গাড়ি, নিহত ১০ জওয়ান

    Jammu and Kashmir: কাশ্মীরের ডোডায় খাদে পড়ল সেনার গাড়ি, নিহত ১০ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু একাধিক সেনা জওয়ানের। কাশ্মীরের ডোডা জেলায় খাদে পড়ে গিয়েছে সেনার একটি গাড়ি। বৃহস্পতিবারের এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। একাধিক জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। ডোডা জেলায় খান্নি টপে ভাদেরওয়া-চাম্বা রোডের উপর এই দুর্ঘটনা ঘটেছে।

    কীভাবে ঘটে এই দুর্ঘটনা

    দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার,১৭ জন সৈন্য বহনকারী একটি সামরিক যান উঁচু পোস্টের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় ডোডার ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খানি টপের কাছে বুলেটপ্রুফ গাড়িটি রাস্তা থেকে ছিটকে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় দশজন সৈন্য নিহত হন, অন্যরা গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে, সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দারাও পুলিশ ও উদ্ধারকারী দলকে সহায়তা করতে সেখানে পৌঁছান। উদ্ধার অভিযানের সময় ১০ জন সৈন্যের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত সৈন্যদের উদ্ধার করা হয়, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তিনজনকে হেলিকপ্টার করে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। ডোডা মেডিক্যাল কলেজ থেকেও ডাক্তার ও প্যারামেডিক্যাল কর্মীদের একটি দলকে উদ্ধারকাজে সহায়তার জন্য পাঠানো হয়েছে।

    দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে

    সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং আহত সৈন্যদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাণ হারানো সৈন্যদের পরিবারকে অবহিত করা হয়েছে। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন‍্‍হা সেনা জওয়ানদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে উপরাজ্যপাল সিনহা লেখেছেন, “ডোডা জেলায় সেনার গাড়ি দুর্ঘটনায় আমরা ১০ জন জওয়ানকে হারিয়েছি ৷ এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমরা সাহসী সেনাদের অসামান্য বীরত্ব ও তাঁদের আত্মত্যাগ সর্বদা স্মরণ করব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।” ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ এক্স হ্যান্ডেলে নিহত সেনা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।কয়েকদিন আগেই গুলমার্গ সেক্টরে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ২ জন সেনা পোর্টার। সেই গাড়িটিও খাদে পড়ে গিয়েছিল।

LinkedIn
Share