মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে মর্যাদাপূর্ণ পদ্মভূষণ সম্মানে (Padma Award) ভূষিত করা হয়েছে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দলের দুই আইকন—পুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মা এবং মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ সালের পদ্ম পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ভারত সরকার।
১৯৭৪ সালে অর্জুন পুরস্কার পান অমৃতরাজ (Padma Award)
এ বছর ক্রীড়া জগত থেকে বিজয় অমৃতরাজ একমাত্র ব্যক্তিত্ব যিনি পদ্মভূষণ (ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান) অর্জন করেছেন। টেনিসে ভারতের অন্যতম পথিকৃৎ অমৃতরাজ আগে অবশ্য ১৯৮৩ সালে পদ্মশ্রী (Padma Award) এবং ১৯৭৪ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। পেশাদার টেনিস ক্যারিয়ারে তিনি দুবার উইম্বলডন এবং দুবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন।
ওয়ানডে বিশ্বকাপ জয়
ভারতীয় ক্রিকেটের জন্য ২০২৫ সালটি ছিল স্মরণীয়। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) অসামান্য নেতৃত্বে ভারতীয় মহিলা দল দেশের মাটিতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়ে। অন্যদিকে, রোহিত শর্মা ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম পরাক্রমী ও নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন।
মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার
কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, এ বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কারের (Padma Award) জন্য মনোনীত করা হয়েছে। যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন। এই তালিকায় ১৯ জন নারী এবং ১৬ জন মরণোত্তর সম্মান প্রাপক অন্তর্ভুক্ত রয়েছেন। আগামী মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি এই সম্মাননাগুলি আনুষ্ঠানিকভাবে প্রদান করবেন।
পশ্চিমবঙ্গ থেকে কে কে পাচ্ছেন?
পশ্চিমবঙ্গ থেকে পদ্ম সম্মান পাচ্ছেন মোট ১১ জন। তাঁদের মধ্যে রয়েছেন অভিনয় জগত থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিল্পকলায় বিশেষ অবদানের জন্য নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়, তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ, তবলাবাদক কুমার বসু, কাঁথাশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য। শিক্ষা ও সাহিত্য থেকে পেয়েছেন শ্রী অশোক কুমার হালদার, এছাড়াও গম্ভীর সিংহ ইয়নজন, মহেন্দ্রনাথ রায় ও রবিলাল টুডু। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পাচ্ছেন হৃদ্রোগের চিকিৎসক সরোজ মণ্ডল।
ক্রীড়া ক্ষেত্রে ২০২৬ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা:
- বিজয় অমৃতরাজ – পদ্মভূষণ (টেনিস)
- রোহিত শর্মা – পদ্মশ্রী (ক্রিকেট)
- হরমনপ্রীত কৌর ভুল্লার – পদ্মশ্রী (ক্রিকেট)
- সবিতা পুনিয়া – পদ্মশ্রী (হকি)
- প্রবীণ কুমার – পদ্মশ্রী (প্যারা-অ্যাথলেটিক্স)
- বলদেব সিং – পদ্মশ্রী (হকি কোচ)
- ভগবানদাস রাইকর – পদ্মশ্রী
- কে পাজনভেল – পদ্মশ্রী
- ভ্লাদিমের মেস্তভিরিশভিলি – পদ্মশ্রী (মরণোত্তর – কুস্তি কোচ)

Leave a Reply