মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে যে কোনও ক্ষেত্রে অরাজকতা এখন নিত্যসঙ্গী। বাদ গেল না বাইশ গজও। টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে গৃহযুদ্ধের পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেটে। অশান্তির কেন্দ্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) অন্যতম ডিরেক্টর এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের সম্পর্কে তাঁর একের এক অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন কোয়াবের সভাপতি মহম্মদ মিঠুন।
ক্রিকেটারদের অবমাননাকর মন্তব্য
বুধবার বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুলকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের বিসিবি ক্ষতিপূরণ দেবে কি না। এর উত্তরে নাজমুল বলেন, ‘‘ওরা গিয়ে কিছুই করতে পারে না। তা-ও আমরা ওদের জন্য কোটি কোটি টাকা খরচ করি। আমরা কি ওদের কাছে টাকা ফেরত চাই?’’ এ ছাড়াও তিনি বলেছেন, ‘‘বোর্ডই যদি না থাকে, তা হলে ক্রিকেট বা ক্রিকেটারেরা থাকবে কী করে?’’ তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটাররা। কোয়াব সভাপতি পরিষ্কার জানিয়েছেন, নাজমুলের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি বলেছেন, ‘‘সকলেই জানেন কিছু দিন ধরে কী চলছে। প্রথমে একজনকে নিয়ে, এখন সব ক্রিকেটারদের নিয়ে যে ভাবে কথা বলা হচ্ছে, যে ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে, তা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। এ সব আশা করা যায় না। একজন পরিচালকের ভাষা সম্বন্ধে সতর্ক থাকা উচিত। তাঁর বক্তব্য গোটা ক্রিকেটমহলকে কষ্ট দিয়েছে।’’ এর পর হুঁশিয়ারির সুরে মিঠুন বলেছেন, ‘‘আমাদের সব ক্রিকেটারদের নিয়ে উনি যে ভাবে কথা বলছেন, তা গ্রহণযোগ্য নয়। উনি বৃহস্পতিবার ম্যাচের আগে পদত্যাগ না করলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’’
বিসিবি বনাম কোয়াব
পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করে নাজমুলের বক্তব্যের সঙ্গে দূরত্ব তৈরি করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বোর্ডের কোনও পরিচালক বা সদস্যের ব্যক্তিগত মন্তব্য বিসিবির আনুষ্ঠানিক অবস্থান নয়। সম্প্রতি কারও কোনও বক্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বোর্ড। এ ধরনের মন্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আচরণবিধির প্রতিফলন নয়।’’ ক্রিকেটাররা খেলা বর্জনের ডাক দেওয়ার পর বিসিবির তিন পরিচালক গতকাল গভীর রাতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনের হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহানসহ একাধিক ক্রিকেটার উপস্থিত ছিলেন। বিসিবির পক্ষ থেকে পরিচালক ইফতেখার রহমান মিঠু, শাহনিয়ান তানিম ও ফায়াজুর রহমান মিতু উপস্থিত ছিলেন। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম ক্রমাগত বিতর্কিত মন্তব্য করে যাওয়ার পরও বিসিবি কোনও পদক্ষেপ নেয়নি। তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবি পরিচালক নাজমুল গতকাল ক্রিকেটারদের নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। যেখানে শুধু ক্রিকেটারদের তিনি ছোটই করেননি বরং তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। পারফরম্যান্স নিয়ে করেছেন কটূক্তি। ক্রিকেটারদের নিয়ে তার করা অস্বাভাবিক মন্তব্যর জেরে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এখন সরগরম।

Leave a Reply