মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া লাখ লাখ পরীক্ষার্থীর জন্য বড় খবর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC Recruitment)। পাশাপাশি, ২০২৭ সালের সিভিল সার্ভিস, এনডিএ, সিডিএস, ইঞ্জিনিয়ারিং সার্ভিস-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্যালেন্ডার আগেভাগেই প্রকাশ করল ইউপিএসসি। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রক ও দফতরে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করেছে কমিশন (UPSC Recruitment)। ফলে পরীক্ষার্থীরা এখন থেকেই দীর্ঘমেয়াদি প্রস্তুতির রোডম্যাপ তৈরি করার সুযোগ পাবেন।
অনলাইনেই আবেদন
UPSC জানিয়েছে, ২৫ জুলাই ২০২৬ থেকে ১৪ অগাস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন (ORA) পোর্টালের মাধ্যমে। অফলাইনে কোনও আবেদন গ্রহণ করা হবে না।
কোন পদে নিয়োগ (UPSC Recruitment)?
প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র তথ্য অনুযায়ী, UPSC Advertisement No. 9/2026 এবং Special Advertisement No. 51/2026 প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা, বেতন এবং অন্যান্য শর্ত আলাদা। তাই আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছে UPSC।
পরীক্ষার সময়সূচি?
এটি সিভিল সার্ভিস পরীক্ষার মতো লিখিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ নয়। এখানে প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে বাছাই করা হবে। প্রয়োজন অনুযায়ী শর্টলিস্টিং, লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। ২০২৭ সালের গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্ভাব্য তারিখ-
- কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট (প্রিলিমিনারি): ১০ জানুয়ারি, ২০২৭
- ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (প্রিলিমিনারি) এক্সামিনেশন: ৩১ জানুয়ারি, ২০২৭
- সিবিআই ডিএসপি এলডিসিই: ২৭ ফেব্রুয়ারি, ২০২৭
- সিআইএসএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (এক্সিকিউটিভ) এলডিসিই: ১৪ মার্চ, ২০২৭
- এনডিএ অ্যান্ড এনএ (আই) এবং সিডিএস (আই): ১১ এপ্রিল, ২০২৭
- সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি): ২৩ মে, ২০২৭
- ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (মেইন): ১৮ জুন, ২০২৭
- আইইএস/আইএসএস এক্সামিনেশন: ১৮–২০ জুন, ২০২৭
- কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট (মেইন): ১৯–২০ জুন, ২০২৭
- সিএপিএফ (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস): ৪ জুলাই, ২০২৭
- কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস: ১৮ জুলাই, ২০২৭
- সিভিল সার্ভিসেস (মেইন): ২০ অগাস্ট থেকে পাঁচ দিন, ২০২৭
- এনডিএ অ্যান্ড এনএ (আইআই) এবং সিডিএস (আইআই): ১৯ সেপ্টেম্বর, ২০২৭
- ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (মেইন): ২১–২৭ নভেম্বর, ২০২৭
- এসও/স্টেনো (জিডি-বি/জিডি-আই) এলডিসিই: ১৮–১৯ ডিসেম্বর, ২০২৭
কেন এই ক্যালেন্ডার (UPSC Exam Calendar 2027) গুরুত্বপূর্ণ?
UPSC আগেভাগেই ২০২৭ সালের পরীক্ষার ক্যালেন্ডার (UPSC Exam Calendar 2027) প্রকাশ করায় পরীক্ষার্থীরা অনেক আগে থেকেই নিজেদের প্রস্তুতির পরিকল্পনা করতে পারবেন। বিশেষ করে যাঁরা একাধিক UPSC পরীক্ষায় বসার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সূচি অত্যন্ত সহায়ক হবে। পাশাপাশি কোচিং প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং কর্মরত চাকরিপ্রার্থীরাও নির্ধারিত পরীক্ষার তারিখ অনুযায়ী নিজেদের পড়াশোনা ও প্রশিক্ষণের সময়সূচি সাজিয়ে নিতে পারবেন। অন্যদিকে, সরাসরি নিয়োগের এই বিজ্ঞপ্তি এমন প্রার্থীদের জন্যও বড় সুযোগ নিয়ে এসেছে, যাঁদের বিশেষ শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তাঁরা সিভিল সার্ভিসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন না। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনকারীদের সতর্কতা
তবে আবেদনকারীদের সতর্ক করে UPSC জানিয়েছে, নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য শুধুমাত্র কমিশনের সরকারি বিজ্ঞপ্তি ও সরকারি ওয়েবসাইট থেকেই যাচাই করা উচিত। একই সঙ্গে কমিশন স্পষ্ট করেছে, প্রশাসনিক প্রয়োজন হলে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, আবেদন জমা দেওয়ার শেষ দিন কিংবা পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হতে পারে। তাই আবেদনকারীদের নিয়মিত UPSC-র সরকারি ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply