Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Mann ki Baat: ‘মন কি বাত’-এর শততম পর্বে ১০০ টাকার স্মারক মুদ্রা আনতে চলেছে মোদি সরকার

    Mann ki Baat: ‘মন কি বাত’-এর শততম পর্বে ১০০ টাকার স্মারক মুদ্রা আনতে চলেছে মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আসতে চলেছে নতুন ১০০ টাকার কয়েন। জানা গিয়েছে, এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ (Mann ki Baat) ১০০তম পর্ব পূর্ণ করছে আগামী ৩০ এপ্রিল। এই পর্বটিকে স্মরণীয় করে রাখতেই ১০০ টাকার একটি স্মারক কয়েন আনা হচ্ছে বলে জানা যাচ্ছে। এছাড়া মন কি বাত-এর ১০০তম পর্বকে বিশেষ করে তুলতে আরও একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা যাচ্ছে। এক লাখেরও বেশি বুথে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের পর্ব সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে।

    এই ১০০ টাকার কয়েন দেখতে কেমন হবে

    জানা গিয়েছে, ১০০ টাকার এই কয়েনটি দেখতে হবে গোলাকার। আয়তন ৪৪ মিলিমিটার। চারটি ধাতু রুপো, তামা, নিকেল এবং দস্তা দিয়ে তৈরি হবে এই কয়েনটি। অশোক স্তম্ভের সিংহ থাকবে কয়েনের উল্টোদিকে ঠিক মাঝ বরাবর। তার নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। দেবনাগরী লিপিতে ‘ভারত’ শব্দটি বাম পেরিফেরিতে এবং ইংরেজিতে ‘ইন্ডিয়া’ ডান পেরিফেরিতে লেখা থাকবে।

    এছাড়া মুদ্রার উলটো দিকে থাকবে ‘মন কি বাত’ (Mann ki Baat)-এর ১০০তম পর্বের প্রতীক। শব্দতরঙ্গ সহ একটি মাইক্রোফোনের ছবি থাকবে প্রতীক হিসেবে। মাইক্রোফোনের ছবির উপরে ২০২৩ লেখা থাকবে এবং এই ছবির উপরে দেবনাগরী লিপিতে এবং ইংরেজিতে ‘মন কি বাত ১০০’ লেখা থাকবে। জানা যাচ্ছে, এক একটি কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম।

    পূর্বে ১০০ টাকার কয়েনের ইতিহাস

    প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০০ টাকার কয়েন প্রকাশ করেছিলেন।
       

    রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ টাকার একটি স্মারক মুদ্রা আনা হয়েছিল।

    এআইএডিএমকে-এর প্রতিষ্ঠাতা এমজি রামচন্দ্রনের শতবর্ষে ১০০ টাকার একটি মুদ্রা জারি করা হয়েছিল।

    মহারানা প্রতাপের ৪৭৬তম জন্মবার্ষিকীতে ১০০ টাকার একটি কয়েন আনা হয়েছিল।
        
    এর আগে ২০১০, ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫ সালেও ১০০ টাকার কয়েন সামনে আনা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।
  • Kulwant Singh: কার্গিল যুদ্ধে জীবন বলিদান দিয়েছিলেন বাবা, এবার শহিদ হলেন ছেলে কুলওয়ান্ত

    Kulwant Singh: কার্গিল যুদ্ধে জীবন বলিদান দিয়েছিলেন বাবা, এবার শহিদ হলেন ছেলে কুলওয়ান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের জন্য প্রাণ দিয়েছিলেন বাবা। এবার সেই একই কারণে প্রাণ বলি দিলেন ছেলে। বাবা ও ছেলের আত্মবলিদানের মাঝে পেরিয়ে গিয়েছে ২৪টা বছর। হ্যাঁ, কথা হচ্ছে পুঞ্চে নিহত ল্যান্স নায়েক কুলওয়ান্ত সিংহ (Kulwant Singh) প্রসঙ্গে। ১৯৯৯ সালে হয়েছিল কার্গিল (Kargil) যুদ্ধ। সেই যুদ্ধে শহিদ হয়েছিলেন কুলওয়ান্ত সিংহের বাবা। দিন দুই আগে পুঞ্চে সেনাবাহিনীর ট্রাকে যে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন পাঁচ ভারতীয় জওয়ান, তাতে প্রাণ হারিয়েছেন কুলওয়ান্ত স্বয়ং।

    কুলওয়ান্ত সিংহ (Kulwant Singh) কী বলেছিলেন?

    বাবার আত্মবলিদানের ১১ বছর পরে, ২০১০ সালে সেনাবাহিনীতে যোগ দেন ল্যান্স নায়েক কুলওয়ান্ত। বাড়ি ছাড়ার আগে মাকে তিনি বলেছিলেন, উদ্বিগ্ন হয়ো না, আমি ভালই থাকব। সেই ভাল থাকা আর হল না, আক্ষেপ কুলওয়ান্তের মায়ের। পঞ্জাবের মোগার ছাদিক গ্রামে রয়েছে কুলওয়ান্তের পরিবার। মা এবং স্ত্রী ছাড়াও পরিবারে রয়েছে বছর দেড়েকের শিশুকন্যা এবং মাস তিনেকের শিশুপুত্র। গ্রামের সরপঞ্চ জানান, পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন কুলওয়ান্ত। তিনি বলেন, কুলওয়ান্তের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসা উচিত সরকারের।

    পুঞ্চের রাজৌরি সেক্টরে সেনাবাহিনীর একটি ট্রাকে গ্রেনেড হামলা চালায় পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার জঙ্গিরা। গ্রেনেড হামলার আগে তারা ওই ট্রাক লক্ষ্য করে গুলিও ছোড়ে। গ্রেনেডের (Kulwant Singh) ঘায়ে আগুন ধরে যায় ট্রাকটিতে। জীবন্ত দগ্ধ হন রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ওই ঘটনার পরে পরেই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয় জঙ্গিদের খোঁজে। যদিও এখনও গ্রেফতার করা যায়নি কাউকে।

    আরও পড়ুুন: পুলিশের জালে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংহ

    সেনা সূত্রে খবর, সেনা এবং নিরাপত্তা বাহিনী জানতে পেরেছে ঘটনার সময় রাজৌরি-পুঞ্চ এলাকায় দুটি দলে ভাগ হয়ে হামলা চালায় ৬-৭ জন জঙ্গি। তার জেরেই শহিদ হয়েছেন পাঁচ জওয়ান। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী, সেনা, পুলিশ এবং গোয়েন্দা সংস্থা। নামানো হয়েছে হেলিকপ্টার এবং ড্রোনও। প্রসঙ্গত, পুঞ্চে যে পাঁচ জওয়ান শহিদ হয়েছেন, তাঁদের মধ্যে চারজনই পঞ্জাবের বাসিন্দা (Kulwant Singh)। একজন পুরীর। পঞ্জাবের যে চারজন প্রাণ বলি দিয়েছেন, তাঁদের মধ্যেই ছিলেন কুলওয়ান্তও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: আজ সরকারি বাংলো ছাড়ছেন রাহুল! থাকবেন মা সোনিয়ার সঙ্গেই

    Rahul Gandhi: আজ সরকারি বাংলো ছাড়ছেন রাহুল! থাকবেন মা সোনিয়ার সঙ্গেই

    মাধ্যম নিউজ ডেস্ক: আজই সরকারি বাড়ি ছাড়ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংসদ পদ খারিজ (Defamation Cases) হতেই বাংলো খালি করতে বলা হয় তাঁকে। শনিবার দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলোর চাবি লোকসভার সচিবালয়ের হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলো ছিল রাহুল গান্ধীর।এবার মা সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গেই থাকবেন বলে জানা গিয়েছে।

    থাকবেন মা-এর সঙ্গে

    কংগ্রেস সূত্রে খবর, শুক্রবার তিনি তাঁর তুঘলক লেনের বাংলা থেকে অধিকাংশ জিনিস সরিয়ে নিয়েছেন। গত ১৪ এপ্রিল থেকেই কংগ্রেস নেতা তাঁর অফিস সহ একাধিক নথি, জিনিসপত্র সরানোর কাজ শুরু করেন। ট্রাকে করে জিনিসপত্র মা সোনিয়া গান্ধীর বাড়িতে শিফট করা হয়েছে। কিছু জিনিসপত্র ছিল। সেগুলিও শুক্রবার সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে সরকারি বাংলো খালি করা নিয়ে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে কংগ্রেস। মেয়াদ উত্তীর্ন হওয়ার মাসের পর মাস কেটে গেলেও সরকারি বাংলো ছাড়েননি বেশ কয়েকজন সাংসদ। সেই কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী। যদিও, সাংসদ না থাকার কারণে প্রটোকল অনুযায়ী রাহুলকে সরে যেতেই হতো।

    আরও পড়ুন: চারধাম যাত্রায় আজ খুলছে গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দির! কেদারনাথ, বদ্রীনাথ কবে? 

    গত লোকসভা নির্বাচনের সময়ে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত একটি মন্তব্য করে বসেন রাহুল গান্ধী। আর এরপরেই গুজরাটের একটি আদালতে মামলা হয় তাঁর নামে। মানহানি মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধী। আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই কারণে লোকসভার নিয়ম অনুযায়ী তাঁর সাংসদ পদ খারিজ হয়ে গেছে। বর্তমানে তিনি আর সাংসদ নন। সেই কারণে সাংসদ কোটায় পাওয়া বাংলো ছেড়ে দিতে হবে রাহুল গান্ধীকে। তাঁকে ২২ এপ্রিলের মধ্যে বাংলো খালি করার নোটিশ দেওয়া হয়েছিল। কংগ্রেস নেতাও সেই মতোই ২২ এপ্রিল তাঁর দুই দশকের পুরনো ঠিকানা ছাড়ছেন বলে সূত্রের খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chardham Yatra: চারধাম যাত্রায় আজ খুলছে গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দির! কেদারনাথ, বদ্রীনাথ কবে?

    Chardham Yatra: চারধাম যাত্রায় আজ খুলছে গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দির! কেদারনাথ, বদ্রীনাথ কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দুধর্ম মতে, অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথি থেকে শুরু হয় চারধাম যাত্রা (Chardham Yatra)। চারধাম হল, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। ২২ এপ্রিল যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধামের মন্দির খুলছে। ২৫ এপ্রিল খুলছে কেদারনাথ ধাম। ২৭ এপ্রিল বদ্রীনাথ ধাম খুলছে। চারধাম যাত্রায় অংশ নেন দেশ বিদেশের হিন্দু ধর্মাবলম্বীরা। যাত্রায় আগে থেকে নাম নথিভুক্ত করতে হয়। শেষ খবর পাওয়া অবধি চলতি বছরে নাম নথিভুক্ত করেছেন প্রায় ১২ লক্ষ ভক্ত।

    কী বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

    প্রসঙ্গত, চারধামের (Chardham Yatra) অবস্থান হল দেশের উত্তরাখণ্ড রাজ্যে। সেই কারণে এই রাজ্যকে দেবভূমিও বলা হয়। ভক্তদের বিশ্বাস, এই ভূমিতে দেবতাদের বাস। চারধাম যাত্রা (Chardham Yatra) প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন,  রাজ্য প্রশাসনের তরফে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে চারধাম যাত্রা। দর্শনার্থীরা সব ধরনের সুবিধা পাবেন। চার ধাম যাত্রার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। ১২ লক্ষের উপর ব্যক্তি এই যাত্রার জন্য নাম নথিভুক্তি করিয়েছেন। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে সকলের যাত্রাই ভাল হয়।

    প্রশাসনের গাইডলাইন

    চারধাম যাত্রার জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, 

    ১. পার্বত্য এলাকায় আবহাওয়ার সঙ্গে শরীরের খাপ খাওয়ানোর জন্য অন্তত ৭ দিন থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুণ্যার্থীদের।
        
    ২.ছাতা, রেনকোট, গরম জামাকাপড়, খাবারের ব্যবস্থা রাখতে হবে।
        
    ৩.পাঁচ-দশ মিনিটের জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন এবং প্রতিদিন প্রায় আধা ঘণ্টা হাঁটুন।
        
    ৪.চার ধাম যাত্রার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিন।
        
    ৫.কোনও কারণে স্বাস্থ্যের অবনতি হলে ১০৪ হেল্পলাইন নম্বরে ফোন করুন।
        
    ৬.চার ধাম যাত্রা চলাকালীন করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্র্যাট।

    কেদারনাথ ও বদ্রীনাথের মাহাত্ম্য

    কেদারনাথ মন্দিরের ভিতরের প্রথম হলটিতে পাঁচ পাণ্ডব ভাই, কৃষ্ণ, নন্দী, শিবের পথপ্রদর্শক এবং শিবের অন্যতম অভিভাবক বীরভদ্রের মূর্তি রয়েছে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার একটি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। মন্দাকিনী নদীর তীরে অবস্থিত শহরটিকে ঘিরে থাকে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ। কেদারনাথ শহরে অবস্থিত কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। এই মন্দিরটি ছোট চার ধাম তীর্থ-চতুষ্টয়ের অন্যতম।

    আদিগুরু শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেন বদ্রীনাথ ধামের। দুটি ভিন্ন পাহাড়ের মধ্যিখানে অবস্থিত বদ্রীনাথ ধাম। এই দুই পর্বতের নাম হল নর ও নারায়ণ। নর ও নারায়ণ পর্বতের মধ্যে দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। শ্রী বিষ্ণু এই মন্দিরে বদ্রীনারায়ণ রূপে পূজিত হন। শালগ্রাম শিলার তৈরি বদ্রীনাথজির বিগ্রহ এই মন্দিরে অধিষ্ঠিত। মন্দিরে ঢোকার মুখে তিন ফুটের বেশি লম্বা মূর্তি মন্দিরের অন্যতম মূল আকর্ষণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Yogi Adityanath: সড়ক আটকে করা যাবেনা ধর্মীয় অনুষ্ঠান! ইদের আগে নির্দেশ যোগী সরকারের

    Yogi Adityanath: সড়ক আটকে করা যাবেনা ধর্মীয় অনুষ্ঠান! ইদের আগে নির্দেশ যোগী সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: সড়ক আটকে কিংবা সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না উত্তরপ্রদেশে। বুধবার এই নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের যোগী সরকার (Yogi Adityanath)। দু’দিন পরেই ইদ, তার আগে যোগী সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পাশাপাশি ইদ এবং অক্ষয় তৃতীয়ার আগে যোগী সরকারের (Yogi Adityanath) সিদ্ধান্ত, অশান্তি এড়াতে ধর্মীয় স্থান এবং সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হবে।

    আরও পড়ুন: টাকার বিনিময়ে তৃণমূলের পদ বিক্রি! নাম জড়াল বিধায়ক সোহমের আপ্ত সহায়কের

    স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেই সিদ্ধান্তে সিলমোহর

    উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব সঞ্জয় প্রসাদ এবং পুলিশের ডিজি আরকে বিশ্বকর্মা এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা স্তরের পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র সচিব বলেন, ‘‘কোনও অবস্থাতেই রাস্তা আটকে বা যান চলাচলে বাধা সৃষ্টি করে কোনও ধর্মীয় অনুষ্ঠান এবং শোভাযাত্রা করা যাবে না। উপাসনাস্থল বা নির্ধারিত জায়গাতেই অনুষ্ঠান সীমাবদ্ধ রাখতে হবে।’’

    আরও পড়ুন: মিশনারিদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ! পৃথিবীর মধ্যে দ্রুত খ্রিস্টান জনসংখ্যা বাড়ছে নেপালে

    সরকারি বিজ্ঞপ্তিতে কী বলা হল

    সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘যে কোনও ধর্মীয় শোভাযাত্রার জন্য পুলিশ-প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক। কেবল মাত্র ঐতিহ্যবাহী ধর্মীয় শোভাযাত্রাগুলিকেই অনুমতি দেওয়া হবে।’’ প্রসঙ্গত, গত শনিবার প্রয়াগরাজে মেডিক্যাল করাতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হেফাজতে মাফিয়া আতিক আহমেদ এবং তাঁর ভাই খুন হন, এরপর পরই রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি করে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার। উৎসবের মরসুমে বিষয়টি নিয়ে যাতে নতুন করে অশান্তি ছড়াতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করছে বিভিন্ন মহল।

    আরও পড়ুন: আজও চলবে তাপপ্রবাহ! বৃষ্টি শুরু হচ্ছে কবে?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Oxfam India: অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআইয়ের! অভিযোগ কী?

    Oxfam India: অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআইয়ের! অভিযোগ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফাম ইন্ডিয়া (Oxfam India) এবং এর পদাধিকারীদের  বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানানো হয়েছে, বিদেশি অবদান (নিয়ন্ত্রণ) আইনের [Foreign Contribution (Regulation) Act, 2010 – FCRA] আওতায় এই এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, অক্সফাম ইন্ডিয়া বিদেশি অবদান আইন লঙ্ঘন করেছে। প্রসঙ্গত, চলতি মাসের ৬ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিবিআইকে নির্দেশ দিয়েছিল অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে তদন্ত করার জন্য। 

    মূল লক্ষ্য কর ফাঁকি….  

    সিবিআই সূত্রে জানা গেছে, অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এফসিআরএ তাদের রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেলেও, বিদেশ থেকে আসা অর্থ তহবিলের জন্য অন্যান্য উপায় অবলম্বন করেছে। যা বেআইনি। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, সংশ্লিষ্ট বিদেশি সংস্থাগুলি অকুণ্ঠভাবে বছর পর বছর ধরে টাকা জুগিয়ে গিয়েছে অক্সফাম ইন্ডিয়াকে (Oxfam India)। আর তারপর অক্সফাম ইন্ডিয়া (Oxfam India) সেই অর্থ কৌশলে অন্যত্র চালান করেছে।  দায়ের হওয়া এফআইআরএ আরও বলা হয়েছে, সম্প্রতি যে আয়কর সমীক্ষা চালিয়েছিল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস, তাতে তাদের হাতে কিছু ইমেইল এসেছে। সেখান দেখা গিয়েছে, অক্সফ্যাম ইন্ডিয়া (Oxfam India) তার সহযোগী/কর্মচারীদের মাধ্যমে সেন্টার ফর পলিসি রিসার্চ – সিপিআরকে কমিশন আকারে অর্থ তহবিল সরবরাহ করছে। টিডিএস ডেটাতেও তা ধরা পড়েছে এই তথ্য। মূল্য লক্ষ্য ছিল, কর ফাঁকি দেওয়া। এই সংক্রান্ত টিডিএস ডেটা বলছে, ২০১৯-২০ অর্থবর্ষে সিপিআর’কে তারা ১৯৪জে ধারার অধীনে ১২,৭১,১৮৮ টাকা দিয়েছে।   

    স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগ ছিল, বিদেশি অবদান (নিয়ন্ত্রণ) সংশোধন আইন ২০২০  লাগু হওয়া সত্ত্বেও অক্সফাম (Oxfam India) বিভিন্ন বিদেশি সংস্থাকে অর্থ হস্তান্তর করা জারি রেখেছিল। এখানে উল্লেখ্য, এই সংধোশনী আইন ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ভারতে লাগু হয়েছে। অভিযোগ রয়েছে, দাতব্য সংস্থা অর্থাৎ চ্যারিটেবল অর্গ্যানাইজেশন অক্সফাম ইন্ডিয়া অন্যান্য এনজিও’কে অর্থ পাঠিয়েছে। আর এইভাবে তারা এফসিআরএ ২০১০ আইন লঙ্ঘন করেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mukul Roy: ‘কোনওদিন তৃণমূলে ছিলাম না, ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই’, বললেন মুকুল

    Mukul Roy: ‘কোনওদিন তৃণমূলে ছিলাম না, ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই’, বললেন মুকুল

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল (TMC)-সঙ্গ অস্বীকার করলেন প্রবীণ নেতা তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy)। সোমবার রাতে আচমকাই দিল্লি উড়ে যান মুকুল। বুধবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, আমি কোনওদিন তৃণমূলে ছিলাম না। তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই।

    মুকুল রায় (Mukul Roy)…

    তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দূরত্ব হেতু ২০১৭ সালে ঘাসফুল শিবির থেকে সরে আসেন মুকুল রায়। পরে যোগ দেন বিজেপিতে (BJP)। উনিশের লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসন পায় বিজেপি। ২ থেকে ১৮টিতে পৌঁছানোর জন্য রাজনৈতিক মহলের একাংশ মুকুল ফ্যাক্টরের পক্ষেই সওয়াল করে। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তরে প্রার্থী হন মুকুল। জয়ীও হন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে পরেই তৃণমূলে ফেরেন মুকুল। তৃণমূল ভবনে গিয়ে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ছেলে শুভ্রাংশুকে নিয়ে তিনি (Mukul Roy) ফেরেন ঘাসফুল শিবিরে। পুরস্কার স্বরূপ মুকুলকে দেওয়া হয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ। এনিয়ে বিধানসভায় হইচই হয় বিস্তর।

    আরও পড়ুুন: পাখির চোখ কর্নাটক বিধানসভার ভোট, তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির

    মুকুলের এই ‘দলবদলে’র কারণে স্পিকারের কাছে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানান বিজেপি নেতৃত্ব। এমতাবস্থায় স্ত্রী বিয়োগ হয় মুকুলের। তারপর বেশ কিছুদিন আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মুকুলকে। বুধবার সাক্ষাৎকার দিতে গিয়ে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে ইস্তফা দিয়েছি আমি। আমি সব সময় বিজেপির সঙ্গে থাকব। দল আমাকে যে কাজ দেবে, তাই করব। মুকুল দিল্লি যাওয়ার পরে মিসিং ডায়েরি করেন পুত্র শুভ্রাংশু। তাঁর দাবি, তাঁর বাবার মানসিক অসুস্থতার সুযোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁর বদনাম করার চক্রান্ত হচ্ছে বলেও দাবি শুভ্রাংশুর। ছেলের দাবি উড়িয়ে দিয়ে মুকুল (Mukul Roy) দাবি করেন, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka Assembly: পাখির চোখ কর্নাটক বিধানসভার ভোট, তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির

    Karnataka Assembly: পাখির চোখ কর্নাটক বিধানসভার ভোট, তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: পাখির চোখ কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচন। দক্ষিণের এই রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তারকা প্রচারক কারা, সোমবার তার তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)। ১০ মে হতে চলেছে কর্নাটক বিধানসভা নির্বাচন। সেই কারণেই কোমর কষে নামছে পদ্ম শিবির। জানা গিয়েছে, তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সভাপতি জেপি নাড্ডা সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতানেত্রীর। এদিন যে ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির, তা থেকে স্পষ্ট, কর্নাটকে ক্ষমতায় ফিরতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি।

    কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচন…

    উত্তর ভারতে একের পর রাজ্য দখল করতে সক্ষম হলেও, দক্ষিণের রাজ্যগুলিতে সেভাবে দাঁত ফোটাতে পারেনি পদ্ম শিবির। কর্নাটককে (Karnataka Assembly) বলা হয় দক্ষিণের গেটওয়ে। তাই কর্নাটকে ক্ষমতায় ফিরতে কোমর বেঁধে নামছেন বিজেপি নেতারা। তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি নাম রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতীশ গড়করি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি প্রমুখের। তালিকায় রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের নামও। বিজেপির ওই তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মধ্যপ্রদেশের শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশেরও।

    আরও পড়ুুন: কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, কেএস এসারাপ্পাও রয়েছেন ওই তালিকায়। বর্তমানে কর্নাটকে (Karnataka Assembly) প্রচারে রয়েছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। দু দিনের সফরে কর্নাটকে রয়েছেন তিনি। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর এই প্রথম কর্নাটক সফরে গিয়েছেন নাড্ডা। ২১ এপ্রিল থেকে তিনদিনের কর্নাটক সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই রাজ্যে দুটি রোড শোয়ে অংশ নেবেন শাহ। গত মাসে নির্বাচন ঘোষণা হওয়ার পর এই প্রথম কর্নাটক সফরে যাচ্ছেন শাহও। এদিনই মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বিদায়ী মুখ্যমন্ত্রী বোম্মাই এবং ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই বিজয়েন্দ্রের। প্রসঙ্গত, কর্নাটক বিধানসভার আসন সংখ্যা ২২৪। ভোট হবে এক দফায়। ফল বেরবে ১৩ মে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ এপ্রিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • P Chidambaram: কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    P Chidambaram: কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএনএক্স (INX) মিডিয়া দুর্নীতি মামলায় দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস (Congress) সাংসদ পি চিদম্বরমের (P Chidambaram) ছেলে কার্তি চিদম্বরমের ১১ কোটি ৪ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)। মঙ্গলবারই এই সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির তরফে জানানো হয়েছে, এই তালিকায় কর্নাটক ও তামিলনাড়ুর চারটি সম্পত্তি রয়েছে। এর মধ্যে একটি স্থাবর সম্পত্তিও রয়েছে। ইডির দাবি, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনেই এই পদক্ষেপ করা হয়েছে।

    পি চিদম্বরমের (P Chidambaram) ছেলের বিরুদ্ধে অভিযোগ…

    ইডি সূত্রে খবর, কার্তির বিরুদ্ধে ইউপিএ জমানায় নিয়ম বহির্ভূতভাবে আইএনএক্স মিডিয়া সংস্থা, তার মালিক পিটার মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ইন্দ্রানীকে সুবিধা পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করার অভিযোগ রয়েছে। প্রায় ৩০০ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অর্থমন্ত্রক ওই সংস্থাকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছিল। কার্তি যখন এসব করেন, তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন তাঁর বাবা পি চিদম্বরম (P Chidambaram)। অভিযোগ, সেই সুবাদেই প্রভাব খাটিয়ে কার্তি তাঁদের ছাড়পত্র পাইয়ে দিয়েছিলেন। এই দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার অভিযোগ, বাবার মাধ্যমে বেআইনি সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে কার্তি ৩ কোটি ৬০ লক্ষ টাকা পেয়েছিলেন। প্রসঙ্গত, এর আগেও একবার বাজেয়াপ্ত করা হয়েছিল কার্তির সম্পত্তি। সেটা ২০১৯ সাল। সেবারও কার্তির বহু কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।

    আরও পড়ুুন: ফ্রিজ করা হল জীবনকৃষ্ণের ৮ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! যুক্ত আর কোন কোন নেতা, খতিয়ে দেখছে সিবিআই

    কেবল তাই নয়, আইএনএক্স মিডিয়ার বিরুদ্ধে আয়কর তদন্ত স্থগিত করার জন্যও কার্তির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেছে সিবিআই। এই মামলায় ২০১৯ সালের অগাস্ট মাসে সিবিআই গ্রেফতার করেছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডিও। তার আগে গ্রেফতার করা হয়েছিল কার্তিকেও। ২০১৮ সালের মার্চ মাসে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। প্রসঙ্গত, ইউপিএ জমানায়, ২০০৭ সালে চিদম্বরম (P Chidambaram) মন্ত্রী থাকাকালীনই কার্তি আইএনএক্স মিডিয়ায় অর্থ তছরুপ করেছেন বলে অভিযোগ। ৩০৫ কোটি টাকার অর্থ তছরুপের অভিযোগ রয়েছে কার্তির বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Yogi Adityanath: মাফিয়ামুক্ত উত্তরপ্রদেশ গড়বই: যোগী আদিত্যনাথ

    Yogi Adityanath: মাফিয়ামুক্ত উত্তরপ্রদেশ গড়বই: যোগী আদিত্যনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশকে মাফিয়ামুক্ত করতে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেন, “এখন কোনও পেশাদার অপরাধী বা মাফিয়া ফোনেও শিল্পপতিদের হুমকি দিতে পারবে না।” আতিক ও তাঁর ভাইয়ের মৃত্যুর ঘটনায় সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। সেই আবহে যোগী আদিত্যনাথের শিল্পপতিদের নিরাপত্তা দেওয়া নিয়ে এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

    সরকারি অনুষ্ঠানে এদিন এই মন্তব্য করেন তিনি 

    মঙ্গলবার লখনউ এবং হারদৌই জেলায় সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অপরাধ নিয়ে মুখ খোলেন যোগী (Yogi Adityanath)। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও এদিন বক্তব্য রাখেন তিনি। সমাজবাদী পার্টি জমানার সঙ্গে তাঁর আমলের টানেন তুলনা। তাঁর মতে, ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত অখিলেশ জমানায় ৭০০-র বেশি অপরাধের ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশে। কিন্তু ২০১৭ সালের পর এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে কোনও হিংসার ঘটনা বা কারফিউ জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তিনি বলেন, আগে উত্তরপ্রদেশের একাধিক জেলায় অপরাধ ছিল নিত্যদিনের রুটিন। এতে মানুষের মধ্যে তৈরি হয়েছিল আতঙ্ক। কিন্তু এখন ভয় পাওয়ার কোনও দরকার নেই। পেশাদার অপরাধীরা এখন শিল্পপতিদের হুমকি দিতে ভয় পাচ্ছে বলে দাবি করেন তিনি।

    মাফিয়ামুক্ত উত্তরপ্রদেশ 

    আগামী দিনে উত্তরপ্রদেশকে মাফিয়ামুক্ত করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান। এই মন্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত মানুষজন হাততালি দিয়ে প্রশংসা করেন যোগীর (Yogi Adityanath)। বর্তমানে উত্তরপ্রদেশে বিনিয়োগ ও শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন যোগী। আশ্বাস দিয়ে তিনি বলেন, শিল্পের স্বার্থে সমস্ত ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত তাঁর সরকার।

    আতিকের খুনের পর নড়েচড়ে বসেছে উত্তর প্রদেশ সরকার। ইতিমধ্যেই ৬১ জন দাগি মাফিয়ার একটি তালিকা তৈরি করেছে প্রশাসন। যে তালিকার মধ্যে রয়েছে সুধাকর সিং, গুড্ডু সিং, গব্বর সিং, সুনীল রাঠি, বিনোদ উপাধ্যায়ের মতো মাফিয়ারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share