Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • BJP: দশমী থেকেই শুরু বিজেপির ভোটের প্রস্তুতি, কলকাতায় এলেন দলের ২ ভোট পর্যবেক্ষক

    BJP: দশমী থেকেই শুরু বিজেপির ভোটের প্রস্তুতি, কলকাতায় এলেন দলের ২ ভোট পর্যবেক্ষক

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজয় দশমী অতিক্রম করে উমা এখন কৈলাশের পথে। বঙ্গের আকাশে বাতাসে এখন দেবী উমা স্বামী গৃহে ফিরে যাওয়ায় বিষাদের সুর। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বঙ্গ বিজেপি ভোটের ময়দানে নেমে পড়েছে। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে পুজোর আগেই বঙ্গ নির্বাচনের দুই পর্যবেক্ষক (Election Observers) নিয়োগ করেছে কেন্দ্রীয় বিজেপি (BJP)। এবার ভোটের প্রস্তুতিতে নেমে পড়তেই কলকাতায় এসেছেন ভুপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। জানা গিয়েছে, রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মাজুমদারের সঙ্গে বৈঠক করবেন। সেই সঙ্গে দলের একাধিক সাংগঠনিক গুরুত্বপূর্ণ মিটিংও করবেন। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে আগে ভাগেই ময়দানে তৎপর।

    সোনার বাংলা গড়ার ডাক বিজেপির (BJP)

    মাত্র আর সাত মাস পরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এখন থেকেই ভোটের প্রস্তুতি নিয়ে বিজেপির বেশ সক্রিয় হয়ে উঠছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে এই রাজ্যের ভোটে নির্বাচনী পর্যবেক্ষক ঠিক করেছে কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র সিং যাদব এবং রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বৃহস্পতিবার তাঁদের দুজনকেই কলকাতা বিমানবন্দর থেকে আনতে যান রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। যদিও রাজ্য বিজেপি আগেই জানিয়েছে পুজোর পর থেকেই কেন্দ্রীয় নেতারা রাজ্যে আসতে শুরু করবেন। দুর্গাপুজোয় উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী নির্বাচনে (Election Observers) জয়ী হয়ে বাংলাকে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন তিনি। তাই বিজেপির (BJP) কর্মী সমর্থককের মধ্যে এখন রাজনৈতিক উত্তেজনা চরম তুঙ্গে।

    নির্বাচনী প্রভারীদের কাজ নতুন নয়

    রাজ্যের ভোটে কোনও সর্ব ভারতীয় স্তরের নেতাকে নির্বাচন পর্যবেক্ষক (Election Observers) হিসেবে নিয়োগ করার ঘটনা বিজেপিতে নতুন ঘটনা নয়। ২০০৬  এবং ২০১১ সালে বঙ্গ নির্বাচনের পর্যবেক্ষক ছিলেন অরুণ জেটলি। ২০১৬ সালে এই দায়িত্বে এসেছিলেন নির্মলা সীতারামন। ২০২১ সালে এই দায়িত্বে কাউকে না দিলেও সংগঠনের কাজ দেখেছিলেন শিব প্রকাশ আর রাজনৈতিক পর্যবেক্ষক ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। সেই সময়েও ভুপেন্দ্র যাদব নির্বাচনী কাজ দেখার দায়িত্ব পালন করেছিলেন। যেহেতু তৃণমূল নিজের দুর্নীতির দায়েই জর্জরিত তাই এই অবস্থায় তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে ময়দানে আরও সক্রিয় ভাবে নেমে পড়েছে বিজেপি। সাধারণ জনমানুষের মধ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে জনমত গড়তে বিজেপির (BJP) লড়াই এখন কোন কোন স্তরে হয় তাই দেখার। তবে নেতা-কর্মী-সমর্থকদের মনে বিপুল উৎসাহ।

  • Weather Report: ধেয়ে আসছে অতি গভীর নিম্নচাপ, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে

    Weather Report: ধেয়ে আসছে অতি গভীর নিম্নচাপ, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: দশমীতেই দুর্যোগের মেঘ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দুর্গাপুজোর শেষ দিকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগেই তা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তা সত্য প্রমাণিত করে যার জেরে বুধবার, নবমীর রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের রিপোর্টে আরও বলা হয়েছিল, দশমীর দিন ভারী বৃষ্টি হতে পারে। সেই মতো বৃহস্পতিবার কলকাতায় জারি করা হল কমলা সতর্কতা।

    নিম্নচাপের অবস্থান…

    পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল, তা ইতিমধ্যেই উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে এবং আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত গভীর নিম্নচাপ অবস্থান করছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর জানিয়েছে, দশমীর বিকেলে-সন্ধ্যায় আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। একাদশীর সকালে অতি গভীর নিম্নচাপ রূপেই এই সিস্টেম ওড়িশার গোপালপুর এবং পারাদ্বীপের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে। যে কারণে ৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

    অতি ভারী বৃষ্টির সতর্কতা

    নিম্নচাপের জেরে বুধবার রাত থেকেই বৃষ্টিতে হয়েছে কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে। জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা ও হাওড়ায়। এ ছাড়া, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। চলবে রবিবার পর্যন্ত।

    বৃষ্টির দোসর দমকা হাওয়া…

    বৃষ্টির পাশাপাশি, আলিপুর সতর্কতা জারি করেছে হাওয়ার দাপট নিয়েও। পূর্বাভাস, এই নিম্নচাপ ঝড়ের গতিবেগ থাকতে পারে ৭০ থেকে ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। অতি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূল জেলাতে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলা গুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ থাকতে পারে প্রায় ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। সে কারণেই শুক্রবার পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    ভাসবে উত্তরও…!

    দক্ষিণের পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর বলছে দ্বাদশী থেকে ত্রয়োদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ-সিকিমে। প্রবল বৃষ্টিতে বিপাকে পড়তে পারেন উত্তরের পর্যটকরা। দশমীতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। বৃষ্টির সঙ্গে দ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে।

  • West Bengal SIR: পুজোর পরেই পশ্চিমবঙ্গে শুরু এসআইআর, রাজ্য সিইও দফতরে ২ অফিসার নিয়োগ নির্বাচন কমিশনের

    West Bengal SIR: পুজোর পরেই পশ্চিমবঙ্গে শুরু এসআইআর, রাজ্য সিইও দফতরে ২ অফিসার নিয়োগ নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজোর পরেই বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (West Bengal SIR) শুরু হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। এর মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নিয়োগ করা হল দুই আইএএস অফিসার। কমিশন জানিয়েছে, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে নিয়োগ করা হয়েছে ২০১১ সালের পশ্চিমবঙ্গ ব্যাচের অফিসার অরুণ প্রসাদকে। আর যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে নিয়োগ করা হয়েছে ২০১৩ সালের পশ্চিমবঙ্গ ব্যাচের অফিসার হরিশঙ্কর পানিকরকে। অরুণ নদিয়ার জেলাশাসক পদে ছিলেন। আর হরিশঙ্কর ছিলেন রাজ্য অর্থ দফতরের বিশেষ সচিব পদে।

    ছাব্বিশের আগে কোমর বাঁধছে কমিশন

    আগামী বছরে বাংলায় বিধানসভা ভোট। তা নজরে রেখেই কোমর বাঁধছে কমিশন। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর, খুব বেশি হলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসআইআর–এর (West Bengal SIR) প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। অক্টোবরে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তারপরই শুরু হবে এসআইআর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ইতিমধ্যেই তিন জন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন। তার সঙ্গে আরও এক জনকে নিযুক্ত করা হল ওই পদে। আর যুগ্ম অফিসার পদে রয়েছেন দু’জন। তাঁদের মধ্যে এক জনের কয়েক দিনের মধ্যে বদলি হওয়ার কথা। সেই কারণেই নতুন এক জনকে ওই পদে আনা হল। এ ছাড়াও উপ মুখ্য নির্বাচনী আধিকারিক বাছাইয়ের জন্য নতুন প্যানেল চেয়েছে কমিশন (West Bengal SIR)।

    বিহারে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা

    এদিকে, মঙ্গলবারই বিহারে চূড়ান্ত ভোটার তালিকা (Bihar SIR) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে রয়েছেন ৭.৪ কোটি ভোটার। বাদ পড়েছে প্রায় ৪৮ লাখ ভোটারের নাম। জুন মাসে বিহারের ভোটার তালিকায় মোট ৭.৮৯ কোটি ভোটারের নাম ছিল। সমীক্ষার প্রথম ধাপে যে খসড়া তালিকা প্রকাশ করেছিল, তাতে অন্তত ৬৫ লাখ নাম বাদ পড়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিশনের পর খসড়া তালিকায় না থাকা আরও ২১ লক্ষ ৫৩ হাজার মানুষের নাম ভোটার তালিকায় সংযোজন করা হয়েছে। চূড়ান্ত তালিকায় রিভিশনের সময় বাদ গিয়েছেন আরও ৩ লক্ষ ৬৬ ভোটার। সব মিলিয়ে গোটা এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গেল ৪৭ লক্ষ ভোটারের। কমিশনের (Election Commission of India) দাবি এরা সকলেই হয় মৃত নয় অবৈধ ভোটার।

  • Puja Weather Update: মহাষ্টমীর দুপুরে বৃষ্টি শুরু কলকাতায়, নিম্নচাপের জেরে ভাসতে পারে নবমী-দশমী!

    Puja Weather Update: মহাষ্টমীর দুপুরে বৃষ্টি শুরু কলকাতায়, নিম্নচাপের জেরে ভাসতে পারে নবমী-দশমী!

    মাধ্যম নিউজ ডেস্ক: ষষ্ঠী-সপ্তমীতে বিরতি দিয়ে অষ্টমীতে ফের শুরু হল বৃষ্টির ইনিংস।

    মহাষ্টমীর দুপুরে বৃষ্টি

    মহাষ্টমীর (Maha Ashtami) সকাল শুরু হয়েছিল শরতের রোদ ঝলমলে আকাশে। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছিল পুষ্পাঞ্জলী। তবে, মহাষ্টমীর দুপুরে শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েই রেখেছিল আবহাওয়া দফতর। সেই মতো, বেলা ১২টার কিছুটা পর থেকেই কলকাতায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টা হবে এই বৃষ্টিপাত। একইসঙ্গে, তাদের পূর্বাভাস, দক্ষিণ কলকাতায় বেশি পরিমাণে হবে বর্ষণ। পাশাপাশি, দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতেও মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলি হল পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ এব‌ং পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    আবহাওয়ার পূর্বাভাস

    এদিকে, হাওয়া অফিস সূত্রের খবর, বর্তমানে একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে খাম্বাত উপসাগরের কাছে। তার সঙ্গে জোড়া অক্ষরেখা দক্ষিণ গুজরাট থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একইসঙ্গে ৩০ সেপ্টেম্বর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি ঘনীভূত হয়ে ১ অক্টোবর নাগাদ নিম্নচাপে রূপ নিতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই নিম্নচাপটি ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসতে পারে, এমন সম্ভাবনা আছে। ফলে নবমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে আবহাওয়া পাল্টে যাবে বলে আশঙ্কা।

    ভাসবে নবমী-দশমী?

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, নবমী থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমীতে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা। দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। ওই চার জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    উত্তরবঙ্গেও দুর্যোগ!

    দক্ষিণবঙ্গে যখন বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে আবার দুর্যোগের আশঙ্কা। সেখানে দার্জিলিং-সহ পার্বত্য পাঁচ জেলাতে রয়েছে দুর্যোগের আশঙ্কা। ভারী বৃষ্টি দেখা যাবে মালদহ, দুই দিনাজপুরে। এই ভাবে ঝড়-বৃষ্টি-বাদল নিয়ে কাটাতে হবে শুক্রবার পর্যন্ত। চলতি সপ্তাহের শনিবার থেকেই কমবে বৃষ্টিপাত। রবিবার একেবারে হালকা হয়ে যেতে পারে বৃষ্টি।

  • Assembly Election 2026: ছাব্বিশের ভোটে বাংলার দায়িত্বে ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব! কেন এই দুজনকে বাছল বিজেপি?

    Assembly Election 2026: ছাব্বিশের ভোটে বাংলার দায়িত্বে ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব! কেন এই দুজনকে বাছল বিজেপি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে রাজ্যে সংগঠন মজবুত করতে নয়া দায়িত্ব ভাগ করে দিল বিজেপি। পশ্চিমবঙ্গের নির্বাচনী দায়িত্বে কেন্দ্রের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে করা হল রাজ্য নির্বাচনী ইনচার্জ। তাঁর সঙ্গে সহ-ইনচার্জ হিসেবে থাকবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লবকুমার দেব। এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ঘোষণা থেকেই পরিষ্কার শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের মতো রাজ্যের নেতাদের জন্য কৌশল ঠিক করে দেবেন ভূপেন্দ্র যাদবরা।

    ভূপেন্দ্র যাদবের ট্র্যাক রেকর্ড

    রাজনৈতিক মহলের একাংশের মতে, পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে এগোচ্ছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। সেই কারণেই এত তাড়াতাড়ি ভূপেন্দ্র যাদবের নাম ঘোষণা করা হল। নির্বাচনী রাজনীতিতে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাই তাঁকেই বাংলার মতো দুর্জয় ঘাঁটির দায়িত্ব দেওয়া হল। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভূপেন্দ্রকে বাংলায় দায়িত্ব দেওয়ার পিছনে রয়েছে তাঁর ট্র্যাক রেকর্ড। ২০২০ সালে তিনি একই দায়িত্বে ছিলেন বিহারের। সেখানে তিনি চমকপ্রদ ফল এনে দেন। বিজেপি এনডিএ জোটের মধ্যে এককভাবে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। এর আগেও একাধিক রাজ্যের ভোটে নিজের দক্ষতার প্রমাণ বারবার দিয়েছেন ভূপেন্দ্র। এর আগে রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রের মতো চ্যালেঞ্জিং রাজ্যের দায়িত্বও পালন করেছিলেন তিনি। সেই সব জায়গায় দলের নির্বাচনী কৌশল ঠিক করা, নবীন-প্রবীণের দ্বন্দ্ব মেটানোর মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজ করেছেন।

    কেন বিপ্লব দেবকেও দায়িত্ব? 

    বাংলার একেবারে লাগোয়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দায়িত্ব দিয়েছে বিজেপি। দিল্লির কার্যকর্তা থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তারপর লোকসভায় বিজেপির সদস্য। একটি মানুষের রাজনীতি ও সাংগঠনিক দক্ষতা কতটা ভালো, এই প্রোফাইলেই তার ইঙ্গিত মেলে। ভোট রাজনীতিতে জনপ্রিয়তা ও সংগঠন সামলানোর মিশেল। ত্রিপুরার রাজনীতিতে বিপ্লব দেবের এন্ট্রি ২০১৫ সালে। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে বলা যায় বিজেপির টার্নিং পয়েন্ট। শুধু বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গেই নয়, সিপিএম এর নেতা ও পরিবারের সঙ্গেও নিজে গিয়ে দেখা করতে শুরু করলেন। যাকে বলা যায়, একেবারে মাঠে নেমে রাজনীতি। মানুষের সঙ্গে মেলামেশা। ত্রিপুরার মানুষের মন বোঝার চেষ্টা। ২০১৬ সালে ত্রিপুরায় বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হন বিপ্লব। তারপর মাত্র দু’বছরেই ত্রিপুরায় পরিবর্তন। ৬০ আসনের বিধানসভার ত্রিপুরায় ৩৬টি আসন নিয়ে জিতল বিজেপি। ২৫ বছরের বাম শাসনের অবসান। বিপ্লব দেব হলে ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। যেন এলেন, দেখলেন, জয় করলেন। বিপ্লব দেবের এই বহুমুখী দক্ষতাকেই পশ্চিমবঙ্গে কাজে লাগাতে চাইছেন অমিত শাহ। একই সঙ্গে প্লাস পয়েন্ট হল, বিপ্লব দেব বাংলাও একেবারেই সরগর। ফলে হিন্দিভাষী তকমা জুটবে না। আসলে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে, রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরার অনেক মিল রয়েছে।

  • Election Commission: বঙ্গের ভোটার তালিকাভুক্ত ৫০ শতাংশ শতায়ু ভোটার মৃত! কী করবে রাজ্যের সিইও দফতর?

    Election Commission: বঙ্গের ভোটার তালিকাভুক্ত ৫০ শতাংশ শতায়ু ভোটার মৃত! কী করবে রাজ্যের সিইও দফতর?

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। বাংলাতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী শীঘ্রই চালু হওয়ার কথা। কিন্তু তার আগেই বর্তমান ভোটার তালিকায় শতায়ু ভোটারদের ক্ষেত্রে বড় গরমিল ধরা পড়ল। রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা শতায়ু ভোটারদের মধ্যে প্রায় ৫০ শতাংশই মৃত! রাজ্যজুড়ে শতায়ু ভোটারদের নিয়ে একটি বিশেষ সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় ১৩ হাজার নাম পাওয়া গিয়েছে, যাঁরা শতায়ু পার করেছেন। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, ঝাড়গ্রাম–সহ বিভিন্ন জেলায় রয়েছেন এই শতায়ু ভোটাররা। ভোটার তালিকায় কারও বয়স ১০০, কারও আবার ১০৬। কোচবিহারের শীতলকুচি ও দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ১১৪ বছর বয়সি ভোটারও রয়েছেন।

    ভোটার তালিকায় স্বচ্ছতা ঘিরে প্রশ্ন

    সূত্রের খবর, ২০২৪ লোকসভার ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ১২ হাজার ৪৯৪ শতায়ু ভোটার রয়েছেন। তবে সাম্প্রতিক সমীক্ষা বা যাচাইকরণের পর দেখা গিয়েছে তাঁদের মধ্যে ৬ হাজার ২১২ জন শতায়ু মৃত অথচ তাদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গিয়েছে। বছরে চার বার ভোটার তালিকার রিভিশন বা যাচাইয়ের কাজ করা হলেও রাজ্যের ভোটার তালিকা যাচাইকরণের ক্ষেত্রে ইআরও, এইআরও, বিএলও এমনকি ডিইও-দের ভুমিকা নিয়েও ফের একবার প্রশ্ন তুলে দিয়েছে শতায়ু ভোটারদের এই পরিসংখ্যান। বিষয়টি একেবারেই সুনজরে দেখছে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

    ৮৫ বছর থেকে ১০০ বছর ভোটার তালিকা যাচাইয়ের কাজ

    বঙ্গে এসআইআর বিজ্ঞপ্তি জারি করার আগেই এবার ৮৫ উর্ধ্ব বয়সি ভোটারদের নিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করতে চায় রাজ্য সিইও দফতর। যেহেতু ৮৫ বছর ঊর্ধ্ব ভোটাররা বাড়ি থেকেই ভোট দান করেন, কমিশনের পরিভাষায় যাকে হোম ভোটিং বলা হয়। সে কারণে ৮৫ বছর থেকে ১০০ বছর এই বয়সি ভোটারদের কতজন বর্তমান ভোটার তালিকার সাপেক্ষে জীবিত আছেন তা নিয়ে ফের একবার পরীক্ষা করতে চায় রাজ্য সিইও দফতর। রাজ্যে এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের আগেই এই সমীক্ষা বা যাচাইয়ের নির্দেশ দিতে পারেন রাজ্যের সিইও দফতর। বিভিন্ন রাজ্য থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশজুড়ে শতায়ু ভোটারদের পরিসংখ্যান নিয়ে একটি বিশেষ সমীক্ষা বা যাচাই করণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। দিল্লিতে গোটা দেশের সিইও-দের নিয়ে বৈঠকে এই যাচাইকরনের আভাস আগেই দিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তদনুযায়ী রাজ্যে রাজ্যে বর্তমান ভোটার তালিকার সাপেক্ষে শতায়ু ভোটারদের নিয়ে সমীক্ষার কাজ করা হয়। বঙ্গের বাস্তব চিত্র হল, বর্তমান ভোটার তালিকায় নথিভুক্ত শতায়ু ভোটারদের মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ মৃত হলেও তাদের নাম এখনো ভোটার তালিকায় রয়ে গিয়েছে।

    নির্বাচন কর্মীদের আরও সতর্ক ও সজাগ করা প্রয়োজন

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বক্তব্য রাজ্যে ভোটার তালিকা তৈরীর ক্ষেত্রে ইআরও, এইআরও বা বিএলও-দের দায়িত্ব পালনে যে খামতি থেকে যাচ্ছে এই ধরনের তথ্য তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ব্যাপারে নির্বাচন কর্মীদের আরও সতর্ক ও সজাগ করা প্রয়োজন। ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের শতায়ু ভোটারদের প্রত্যেকের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা জীবিত না মৃত তার লিখিত রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। চূড়ান্ত রিপোর্ট জমা পড়লে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই প্রত্যেক ইআরও–কে শতায়ু ভোটারের সঙ্গে দেখা করে তাঁদের স্বাক্ষর–সহ লিখিত রিপোর্ট দিতে বলা হয়েছে। এই রিপোর্টই সিইও দফতর সরাসরি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবে।

  • BLO Appointment: বিএলও পদে স্থায়ী কর্মী নিয়োগের দাবি, মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে বিজেপি প্রতিনিধিদল

    BLO Appointment: বিএলও পদে স্থায়ী কর্মী নিয়োগের দাবি, মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে বিজেপি প্রতিনিধিদল

    মাধ্যম নিউজ ডেস্ক: বুথ লেভেল অফিসার বা বিএলও পদে স্থায়ী কর্মী নিয়োগের দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এর সঙ্গে দেখা করল বিজেপির এক প্রতিনিধি দল। বিএলও নিয়োগে ফের বেনিয়মের অভিযোগ জানিয়ে নিবাচন কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। দলের সহ সভাপতি শিশির বাজোরিয়ার নেতৃত্বে এদিন জগন্নাথ চাটোপাধ্যায় ও সুনীল সিং সহ ৪ জনের প্রতিনিধি দল এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যায়।

    ৫ হাজার স্থায়ী কর্মীদের তালিকা জমা দিয়েছে বিজেপি

    এদিন ৫ হাজার স্থায়ী কর্মীদের তালিকা সিইও দফতরে জমা দেয় বিজেপির প্রতিনিধি দল। তাদের অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের নিয়মকে বড়ো আঙুল দেখিয়ে তৃণমূল ক্যাডারদের বিএলও করা হচ্ছে। বিজেপির অভিযোগ, তারা ৫ হাজার স্থায়ী কর্মীদের নাম দিয়েছে। অথচ সিইও দফতর স্থায়ী কর্মীদের খুঁজে পাচ্ছে না। তারা শুধু বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দেখছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের বিরুদ্ধে অভিযোগ শিশির বজোরিয়ার। একই ভাবে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ রাজ্যে যখন এসআইআর নিয়ে প্রস্তুতি প্রায় শেষের দিকে, তখন এসআইআর নিয়ে দ্বিচারিতা করছে তৃণমূল কংগ্রেস। এদিকে তারা এসআইআর-এর বিরোধিতা করছে। আবার অন্য দিকে তাদের রাজনীতিক প্রতিনিধি হিসেবে বুথ লেভেল এজেন্ট ১ এর পর ভিতরে ভিতরে বিএলএ ২ ও নিয়োগ করছে।

    ২০ হাজারের কাছাকাছি বিএলও ঘাটতি

    বিজেপির অভিযোগ যে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিডিও এবং এসডিও দের হলফনামা নিয়ে বলতে হবে যে তারা বিএলও পাচ্ছেন না। অথচ এখনও প্রায় ২০ হাজারের কাছাকাছি বিএলও ঘাটতি রয়েছে রাজ্যে। তিনি বলেন, “আমরা প্রায় ৫ হাজার স্থায়ী কর্মীদের তালিকা জমা দিয়েছি। কিন্তু সিইও দফতর স্থায়ী কর্মী খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ করলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তার অভিযোগ তৃণমূল নেত্রী একদিকে এসআইআর এর বিরোধিতা করছেন, আবার বাইরে থেকে কুস্তি করছেন আর ভিতরে তারা তাদের ব্লক লেভেল এজেন্ট নিয়োগ করছেন বলে অভিযোগ করলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। সাধারণ মানুষের কাছে বিজেপির প্রতিনিধি দলের আহ্বান অক্টোবরের শেষ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এসআইআর লাগু হতে চলেছে। তাই সবাই নিজের নথিপত্র খুঁজে রাখুন। কারোর ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না বলে জানাল বিজেপির প্রতিনিধি দল।

  • Amit Shah: ‘মায়ের কাছে প্রার্থনা যেন সোনার বাংলা গড়তে পারি’, সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন অমিত শাহের

    Amit Shah: ‘মায়ের কাছে প্রার্থনা যেন সোনার বাংলা গড়তে পারি’, সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেবী দুর্গার কাছে সোনার বাংলা গড়ার প্রার্থনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। চতুর্থীর সকালে কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায় উঠে এল, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর এমনকী বাংলা ভাষার প্রসঙ্গও। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বরাবরই উদ্বোধন করে থাকেন অমিত শাহ। অমিত ছাড়াও এ দিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তাপস রায়। এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘অপারেশন সিঁদুর’।

    নির্বাচনের সুরও বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

    সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো উদ্বোধন করে বঙ্গে নির্বাচনের সুরও বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৬ সেপ্টেম্বর তিনি বেলা ১১টা ২০ মিনিট নাগাদ এই পুজো মণ্ডপে পৌঁছন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে সন্ত্রাস দমনে ভারতীয় সেনা যে অভিযান চালিয়েছিল, তার ঝলক দেখা যাবে এই পুজো মণ্ডপে। আগামী বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটমুখী বঙ্গে অমিত শাহের পুজো উদ্বোধন বেশ তাৎপর্যপূর্ণ, দাবি করছিল ওয়াকিবহাল মহল। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে পুজোর শুভেচ্ছা জানানোর পরে শাহের কণ্ঠে শোনা গেল রাজনীতির সুর। তিনি বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা করেছি, এই নির্বাচনের পর বাংলার এমন সরকার তৈরি হবে যা সোনার বাংলা নির্মাণ করতে পারবে। আমাদের বাংলা আবার সুরক্ষিত, সুজলা, সুফলা, শান্ত হবে।’

    বাংলা অস্মিতাতেও শান

    এদিন বাংলা অস্মিতাতেও শান দেন অমত। এদিন সকালে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেই সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে পৌঁছে যান শাহ। জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়ের স্লোগানে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হয়। গোটা মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি মণ্ডপে মায়ের পুজো এবং আরতিও করেন। পুজোর থিমের অডিও ভিজুয়ালও দেখেন শাহ। এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের মঞ্চ থেকে বিদ্যাসাগরকেও শ্রদ্ধা জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলার শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয়। শাহের কথায়, “শুধু বাংলা নয়, গোটা দেশে শিক্ষার প্রগতি আর নারীশিক্ষার জন্য বিদ্যাসাগর যে অবদান রেখেছেন, তা ভোলার নয়। বাংলার সংস্কৃতি, বাংলার ব্যকরণ আর নারী শিক্ষার প্রসারে পুরো জীবন সমর্পণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমি আমার তরফে আর বিজেপির কোটি কোটি কর্মীর তরফে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য।”

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের প্রতি সমবেদনা

    এই প্রথম নয়, ২০২৩ সালেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কলকাতায় এসে উত্তর কলকাতার এই মণ্ডপের উদ্বোধন করেছিলেন। সে বার সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ছিল রামমন্দির। চলতি সপ্তাহেই দুদিনের ভারী বৃষ্টিতে শহর কার্যত জলের তলায় চলে গেছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার কথা বলে মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আশ্বাস দেন, বিজেপির প্রত্যেক নেতা, কর্মী তাদের পাশে রয়েছেন। ভাষণের শেষে বিকশিত ভারতের উল্লেখ করে শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে স্বপ্ন দেখেছেন তা বাংলার অগ্রগতি ছাড়া অসম্ভব। তাই তিনি আশা রাখেন, আগামী দিনে বাংলা আরও উন্নতি করবে, উন্নয়নের পথে হাঁটবে এবং বিকশিত ভারতের স্বপ্নও পূরণ হবে।

  • TMC: ক্রমেই কমছে লগ্নি, খাদের কিনারে চলে যাচ্ছে বাংলার অর্থনীতি

    TMC: ক্রমেই কমছে লগ্নি, খাদের কিনারে চলে যাচ্ছে বাংলার অর্থনীতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফি বছর রাজ্যে ঘটা করে হচ্ছে শিল্প সম্মেলন। বিরোধীদের মতে, আদতে যা হচ্ছে, তা হল শিল্পপতিদের (Industrial Incentives) নিয়ে সরকারি অর্থে ‘মোচ্ছব’। কারণ নিয়ম করে শিল্প সম্মেলন হলেও, এ রাজ্যে উল্লেখযোগ্য শিল্প একটাও হয়নি বলে (TMC) অভিযোগ বিরোধীদের। এর কারণ হল গত তিন দশকে প্রদত্ত সব ইন্ডাস্ট্রিয়াল ইনসেনটিভ বাতিল করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিতর্কিত আইনটি হল “ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনসেনটিভ স্কিমস অ্যান্ড অবলিগেশনস ইন দ্য নেচার অফ গ্র্যান্টস অ্যান্ড ইনসেনটিভস বিল, ২০২৫”।

    ব্যাপক সমালোচনা (TMC)

    চলতি বছরের ২ এপ্রিল এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়। এর ফলে ১৯৯৩ সাল থেকে প্রতিশ্রুত সমস্ত সুবিধাই কার্যত প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এহেন সিদ্ধান্ত জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। কারণ এটি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছে, রাজ্যের অর্থনীতিকে বিপদের মুখে ফেলছে এবং সর্বোপরি, মূলধনের প্রতি বৈরী মনোভাব তৈরির ইঙ্গিত দিচ্ছে। কর্পোরেট জায়ান্ট ডালমিয়া ও বিড়লা গ্রুপের অনুমান, তাদের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ৪৩০ কোটি টাকা। অন্য অসংখ্য প্রতিষ্ঠান এখনও পর্যন্ত আর্থিক ক্ষতির হিসেব করে উঠতে পারেনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় সংস্থা কলকাতা হাইকোর্টে এই আইনকে চ্যালেঞ্জ করেছে। তারা একে অসাংবিধানিক ও স্বেচ্ছাচারী আখ্যা দিয়েছে।

    শিল্প-বিরোধী টানাপোড়েনের শেকড়

    পশ্চিমবঙ্গের শিল্প-বিরোধী টানাপোড়েনের শেকড় বহু পুরনো। ৩৫ বছরেরও বেশি সময় ধরে কমিউনিস্ট পার্টির শাসনকালে শিল্পপতিদের সন্দেহের চোখে দেখা হত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একবার পুঁজিপতিদের শ্রেণিশত্রু বলে উল্লেখ করেছিলেন। সেই মনোভাব প্রতিফলিত হত তাদের নীতিনির্ধারণে, যা প্রায়ই বেসরকারি উদ্যোগকে লগ্নি করতে নিরুৎসাহিত করত (TMC)। ধর্মঘট, শ্রমিক সংগঠনের হিংসা এবং অগ্নিসংযোগের ঘটনার জেরে সিংহানিয়া ও বিড়লা পরিবারের মতো বড় ব্যবসায়ীরা অন্য রাজ্যে স্থানান্তরিত করতে বাধ্য হন তাঁদের ব্যবসা। বস্তুত, তার ফলেই পশ্চিমবঙ্গে শিল্পের অবনতি (Industrial Incentives) ঘটে।

    তৃণমূলের আমলেও রাজ্যে হা-শিল্প দশা

    ২০১১ সালে বামেদের হটিয়ে রাজ্যের ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তার পরেও ঘোচেনি রাজ্যের হা-শিল্প দশা। অথচ তৃণমূলের উত্থানই ঘটেছিল শিল্প প্রকল্পগুলির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে, বিশেষ করে সিঙ্গুরে টাটা মোটরসের বিরুদ্ধে, যার ফলে কোম্পানিটি রাজ্যের বাইরে স্থানান্তরিত করে করে নেয় তাদের কারখানা। বাংলা থেকে পাততাড়ি গুটিয়ে তারা চলে যায় গুজরাটের সানন্দে। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ৬ হাজার ৬০০-এর বেশি কোম্পানি, যার মধ্যে ১১০টি তালিকাভুক্ত সংস্থা রয়েছে, তাদের ব্যবসা গুটিয়েছে এ রাজ্য থেকে। তৃণমূল সরকারের শাসনকালে বাংলায় মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো পড়েছে আইনশৃঙ্খলার সমস্যা, অনুপ্রবেশ এবং ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা। এসবের কারণে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণভাবে (TMC)। অর্থনৈতিক তত্ত্ব ইনসেনটিভকে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার হাতিয়ার হিসেবে গুরুত্ব দেয়, বিশেষত সেই সব খাতে যেখানে বাজারের ব্যর্থতা রয়েছে। নেতিবাচক প্রভাব যেমন শ্রমিক অসন্তোষ, প্রতিকূল সামাজিক অবস্থা এবং দুর্বল আইনশৃঙ্খলা বিনিয়োগ আকর্ষণে সরকারি সাহায্যের প্রয়োজনীয়তা দাবি করে। কেইনসীয় অর্থনীতি অর্থনৈতিক মন্দার সময় সক্রিয় সরকারি হস্তক্ষেপকে সমর্থন করে এবং পুনরুদ্ধার প্রক্রিয়ায় রাজস্ব ইনসেনটিভের গুরুত্বকে তুলে ধরে।

    পশ্চিমবঙ্গের অর্থনৈতিক হাল

    পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সূচকগুলি একটি অনিশ্চিত আর্থিক পরিস্থিতি প্রকাশ করছে। জানা গিয়েছে, আর্থিক ঘাটতি রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (GSDP) ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। ১৯৬০ সালে ভারতের জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান ছিল ১০ শতাংশেরও বেশি। আজ তা কমে হয়েছে ৫ শতাংশ। মাথাপিছু আয় জাতীয় গড়ের মাত্র ৮৩.৭ শতাংশ, যা প্রতিবেশী রাজ্যগুলির তুলনায় ঢের পিছিয়ে। দারিদ্র্যের হার এখনও উচ্চ, এবং আইন-শৃঙ্খলার চ্যালেঞ্জগুলি ক্রমশ বেড়েই চলেছে (TMC)। নয়া ওই আইনের জেরে আরও অনেক শিল্পপতি রাজ্য ছেড়ে চলে যেতে পারেন। যার ফলে বেকারত্ব বাড়বে এবং জনকল্যাণমূলক ব্যবস্থার ওপর বাড়তি চাপ পড়বে। সাধারণ মানুষ, যাঁদের জীবিকা ও কর্মসংস্থান শিল্পোন্নয়নের ওপর নির্ভরশীল, তাঁরা নীতিগত ব্যর্থতার প্রধান শিকার হয়ে উঠবেন (Industrial Incentives)।

    কেন্দ্রের সঙ্গে সংঘাতমূলক আচরণ

    পশ্চিমবঙ্গ বারবার কেন্দ্রের সঙ্গে সংঘাতমূলক আচরণ করেছে। মমতার সরকার সরে এসেছে আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে। সিবিআইয়ের নজরদারি সীমিত করা এবং প্রশাসনিক নিয়োগ নিয়ে কেন্দ্রের সঙ্গে নানা সময় রাজ্য সরকারের বিরোধে জড়ানোও এর উদাহরণ। আইন প্রয়োগকারী সংস্থাগুলির অবস্থা বেহাল। এ রাজ্যে প্রতি এক লাখ মানুষের জন্য মাত্র ৯৭.৬৬ জন পুলিশ কর্মী রয়েছেন। এটি উদ্বেগ বাড়াচ্ছে নিরাপত্তা ও বিনিয়োগ উভয় ক্ষেত্রেই। সাম্প্রদায়িক হিংসা ও রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থায় আরও চিড় ধরিয়েছে। তার জেরে বাংলায় এমন এক পরিবেশের সৃষ্টি হয়েছে, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে (TMC)।

    ওয়াকিবহাল মহলের মতে, দ্রুত পরিবর্তনশীল ভারতীয় অর্থনীতির প্রেক্ষাপটে, পশ্চিমবঙ্গ ক্রমেই পিছিয়ে পড়ছে। যার জেরে রাজ্যটি চলে যাচ্ছে অর্থনৈতিক খাদের কিনারায়। রাজ্যবাসীকে যুঝতে হচ্ছে নীতি-অব্যবস্থাপনা, অবিশ্বাস ও শিল্পপতিদের পাততাড়ি গুটিয়ে রাজ্য ছেড়ে পালানোর পরিণতির সঙ্গে।

  • Weather Update: আসছে আগের চেয়ে শক্তিশালী নিম্নচাপ! পুজোর মূল চারদিনও কি ভাসবে কলকাতা?

    Weather Update: আসছে আগের চেয়ে শক্তিশালী নিম্নচাপ! পুজোর মূল চারদিনও কি ভাসবে কলকাতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। শুক্রবারের মধ্যেই তা ঘনীভূত হওয়ার কথা। উৎসবমুখর (Weather Update) মানুষের মনে এখন একটাই প্রশ্ন দুর্গাপুজোর আনন্দে কি তাহলে আঘাত হানবে অসুর বৃষ্টি? বৃহস্পতিবার সন্ধ্যাতেও ফের এক পশলা বৃষ্টিতে (Rain in Kolkata) ভিজেছে শহর। বৃষ্টি মাথায় করেই মণ্ডপমুখী হয়েছে পুজোপ্রেমীরা। শুক্রবারও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব বর্ধমান এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝড়বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতেও। এই দুই জেলায় হলুদ সতর্কতা রয়েছে।

    উপকূলঘেঁষা জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তা থেকে নতুন যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি আগেরটির চেয়েও বেশি শক্তিশালী। শুধু নিম্নচাপ হিসেবে এটি থেমে থাকবে না, আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের আকার নেবে। তার পর স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে উপকূলবর্তী এলাকায় চলতে পারে দুর্যোগের তাণ্ডব। তবে পশ্চিমবঙ্গের উপকূলে নয়, এই নিম্নচাপ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। ফলে দুর্যোগের সম্ভাবনা রয়েছে ওই দুই রাজ্যে। পশ্চিমবঙ্গের উপকূলঘেঁষা জেলাগুলিতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। হতে পারে ভারী বর্ষণ। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

    পুজোয় চলবে মেঘ-বৃষ্টির খেলা

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে মেঘপুঞ্জ ঢুকে পড়ে বাংলার আকাশে। আর তাতেই বৃষ্টির সাক্ষী থাকে কলকাতা (Rain in Kolkata)। কলকাতায় জারি কমলা সতর্কতা। সন্ধ্যা ঘনাতেই প্রবল বৃষ্টি দেখা যায় উত্তর ২৪ পরগনা, বসিরহাট, হওড়া অঞ্চলে। ধীরে সেই মেঘপুঞ্জ ভাঙড়, নিউ টাউন, সল্টলেক হয়ে কলকাতার দিকেও অগ্রসর হয়। কলকাতাতেও নানা প্রান্তে ফের প্রবল বর্ষণের ছবি দেখা যায়। ২৬ তারিখ রাত থেকে ২৮ তারিখ সকাল পর্যন্ত নিম্নচাপের সবচেয়ে বেশি প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে কিছুটা বৃষ্টি হবে। পূর্বাভাস বলছে, আপাতত সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। তার পর বৃষ্টি কমতে পারে। তাই পুজোর প্রথম দু-একদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। শাস্ত্র অনুযায়ী এবার দেবীর আগমন গজে। এটি শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে। বৃষ্টিও হয় অল্প-বিস্তর।

LinkedIn
Share