মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে কেন্দ্রীয় বাজেট (Union Budget) সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলির একটি। এই বাজেটেই সরকার জানায়, নয়া অর্থবর্ষে তারা কীভাবে আয় করবে এবং সেই অর্থ ব্যয়ই বা করা হবে কীভাবে (February)। প্রতি বছর ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী বাজেট পেশ করেন। তবে বিষয়টি সব সময় এমন ছিল না। আগে ফেব্রুয়ারির শেষ দিকে বাজেট পেশ করা হত। প্রশ্ন হল, বাজেট পেশের তারিখ ১ ফেব্রুয়ারিতে কেন পরিবর্তন করা হল?
ব্রিটিশ আমলের রীতি (Union Budget)
২০১৬ সাল পর্যন্ত ভারতে ব্রিটিশ আমলের রীতি অনুসরণ করে ফেব্রুয়ারির শেষ কর্মদিবসে বাজেট পেশ করা হত। কিন্তু সমস্যা হল, ভারতের অর্থবর্ষ শুরু হয় ১ এপ্রিল থেকে। তাই বাজেটে ঘোষিত নতুন নীতি ও করব্যবস্থা বাস্তবায়নের জন্য মন্ত্রক, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং করদাতাদের হাতে খুব কম সময় থাকত। বাজেট অনুমোদিত হয়ে কার্যকর হতে হতে প্রায়ই নতুন অর্থবর্ষ শুরু হয়ে যেত। এর ফলে বহু সরকারি পরিকল্পনা ও নীতি নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হত না, সেগুলি রূপায়নে দেরি হত। এই পরিস্থিতি বদলাতে ২০১৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রথমবারের মতো ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেন। এরপর থেকে এই তারিখেই বাজেট পেশ হয়ে আসছে। এর মূল উদ্দেশ্য হল, নতুন অর্থবর্ষ শুরুর আগে সবাইকে পরিকল্পনার জন্য পর্যাপ্ত সময় দেওয়া।
বাজেট পেশের সময়ও পরিবর্তন
একইভাবে, বাজেট পেশের সময়ও পরিবর্তন করা হয় (Union Budget)। ঔপনিবেশিক আমল থেকে দীর্ঘদিন ধরে বিকেল ৫টায় বাজেট পেশ করা হত। কিন্তু ১৯৯৯ সালে তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এই সময় পরিবর্তন করে সকাল ১১টা করেন, যাতে গণমাধ্যমে বাজেটের ব্যাপক প্রচার সম্ভব হয় এবং সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহ বাড়ে (February)। বাজেট পেশের তারিখ পরিবর্তনের ঘোষণা হওয়ার পরেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। এ নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা (পিটিশন) দায়ের করা হয়। আবেদনকারীর যুক্তি ছিল, আগাম বাজেট পেশ করলে রাজ্য নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে সরকার জনতুষ্টিমূলক প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ পেতে পারে।
তবে সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে দেয়। আদালত জানায়, কেন্দ্রীয় বাজেট পুরো দেশের বিষয়, কোনও নির্দিষ্ট রাজ্যের নয়। বেঞ্চের মন্তব্য, “কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রাজ্যগুলির সরাসরি কোনও সম্পর্ক নেই এবং রাজ্য নির্বাচনের ঘনত্ব কেন্দ্রীয় সরকারের কার্যক্রমে বাধা হতে পারে না (Union Budget)।”

Leave a Reply