মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) প্রথম দুই ম্যাচে তুলনামূলক সহজ দুই প্রতিপক্ষকে দুরমুশ করে রবিবারের ভারত-পাক মহারণের প্রস্তুতি সেরে ফেললেন সূর্যকুমাররা। নামিবিয়াকে ৯৩ রানে হারিয়ে ভারত পয়েন্ট টেবিলের প্রথম স্থানে চলে এল। নামিবিয়ার বিরুদ্ধে জয়ই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি ব্যবধানে জয়। শুক্রবারই শ্রীলঙ্কা রওনা হবে ভারতীয় দল। রবিবার কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে মহাযুদ্ধে নামবেন সূর্যরা। অনেক টালবাহানার পর অবশেষে ভারত ম্যাচে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। তারাও এই মুহূর্তে গ্ৰুপের দ্বিতীয় পজিশনে। রবিবার পাক বধ করতে পারলেই সুপার এইটের রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে গুরু গম্ভীরের দলের কাছে। তার আগে নামিবিয়াকে হারিয়ে পাক ম্যাচের প্রস্তুতি নিয়ে রাখলেন ঈশানরা।
রেকর্ড রানে জয় ভারতের
বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ১৮তম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেন ভারতের ওপেনার ঈশান কিষাণ। মাত্র ২৪ বলে ৬১ রান করেন, যার মধ্যে ছয়টি চার ও পাঁচটি ছক্কা ছিল। ইশান শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে উপস্থিত হন এবং নামিবিয়ার বোলারদের হতাশ করেন। ইশান মাত্র ২০ বলে তার পঞ্চাশ রান করেন। এদিন ২৮ বলে ৫২ রানের কার্যকরী ইনিংস খেলেন হার্দিক। তাঁদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে ভারত। ২১১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় নামিবিয়া। বল হাতে ভারতকে এগিয়ে দেন তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। অসাধারণ বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। হার্দিক পান্ডিয়াও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, তাঁর ঝুলিতে যায় ২ উইকেট। শেষ পর্যন্ত ১১৬ রানে গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস। নামিবিয়াকে ৯৩ রানে হারিয়ে রেকর্ড গড়েন সূর্যরা।
ভারত-পাক মহারণই আসল পরীক্ষা
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দু’ম্যাচে জয় এলও দলের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারছে না। নামিবিয়াকে ৯৩ রানে হারানোর পর মেনে নিলেন সূর্যকুমার যাদব। সূর্য মেনে নিলেন, সব কিছু ঠিকমতো হচ্ছে না। ম্যাচের পর তিনি বললেন, ‘‘ভালো ম্যাচ হল। ঈশান কিশন আর সঞ্জু স্যামসন দারুণ শুরু করেছিল। ৬-৭ ওভারে মনে হচ্ছিল ২৪০-২৫০ রান হয়ে যাবে। সেটা হল না। উইকেটে বল একটু থেমে আসছিল। নামিবিয়ার বোলারেরাও খুব ভালো বল করল। ওদের কৃতিত্ব কেড়ে নিতে চাই না। ক্রিকেট এই জন্যই অনিশ্চয়তার খেলা।’’ ভারতীয় দলের অধিনায়ক খুশি বুমরা, হার্দিকের পারফরম্যান্সে। সূর্য বললেন, ‘‘বুমরাহ পুরো ৪ ওভার বল করল। এটা আমাদের বড় পাওনা। অক্ষর প্যাটেলের সঙ্গে জুটিতে বরুণ চক্রবর্তীও খুব ভালো বল করল।’’ আলাদা করে বললেন হার্দিকের কথা। সূর্য উচ্ছ্বসিত তাঁকে নিয়ে, ‘‘হার্দিক দুর্দান্ত। ভালো ব্যাট করল। নতুন বলে বল করল। শেষের দিকের ওভারগুলোতেও বেশ ভালো বল করল। যখন প্রয়োজন হচ্ছে, তখনই কিছু না কিছু করছে। আমাদের কাছে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। শুরুটা হয়তো আমরা নিখুঁত করতে পারিনি। তবে দল ঠিক পথেই এগোচ্ছে।’’ আসলে রবিবার ভারত-পাক মহারণই যে আসল পরীক্ষা, তা ভালোই জানেন সূর্য।

Leave a Reply