Suvendu Adhikari: বিদ্যাসাগরের জন্মভূমিতে শিল্পায়ন-ঘাটাল মাস্টার প্ল্যানের বার্তা শুভেন্দুর

suvendu-adhikari-ghatal-master-plan-reliance-investment-vidyasagar-birth-anniversary

মাধ্যম নিউজ ডেস্ক: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে গিয়ে তাঁর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জন্মস্থলের বিশেষ স্মারক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্য থেকে শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)—একাধিক বিষয়ে বক্তব্য রাখেন তিনি। পূর্বতন সরকারের নীতি নিয়েও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বীরসিংহকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা-সহ স্থানীয় পরিকাঠামো উন্নয়নের কথাও জানান তিনি। অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যে নতুন বিনিয়োগ ও শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, রিলায়েন্সের মতো বৃহৎ শিল্পগোষ্ঠী পশ্চিমবঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে। এই বিষয়ে রিলায়েন্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কলকাতায় আসবে বলেও জানান তিনি।

কী বললেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)

শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “বিগত সরকারের ভুল ও ভ্রান্ত নীতির কারণেই আজ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের রাজ্য অনেকটা পিছিয়ে পড়েছে, এমনকী দেশে বাল্যবিবাহের হার বৃদ্ধির ক্ষেত্রেও রাজ্য একেবারে ওপরের সারিতে পৌঁছে গেছে। তবে আমাদের এই সরকারের আমলে সব ক্ষেত্রে সামগ্রিক রূপান্তর ও উন্নয়ন নিশ্চিত করা হবে।”

পাঁশকুড়া থেকে ঘাটালের ইড়পালা পর্যন্ত রেলপথের জমি নিয়ে পূর্বতন সরকারের ভূমিকারও সমালোচনা করেন তিনি। শুভেন্দুর কথায়, “পাঁশকুড়া থেকে ঘাটালের ইড়পালা পর্যন্ত রেল লাইনের জমি আটকে রেখেছিল আগের সরকার। আমরা সেই জমির ব্যবস্থাও করেছি।”

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও এদিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের দীর্ঘদিনের বন্যা ও নদীভাঙনের সমস্যা মোকাবিলায় আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পটির সিংহভাগ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রকল্পের ৫০ শতাংশ অর্থ কেন্দ্র এবং বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার বহন করবে বলেও জানান শুভেন্দু। এর অংশ হিসেবে চলতি বছরই ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে তাঁর বক্তব্য। এই প্রকল্পের মাধ্যমে ঘাটাল ও সংলগ্ন প্লাবনপ্রবণ এলাকার দীর্ঘদিনের জলযন্ত্রণা কমানোর লক্ষ্যে কাজ এগোনোর কথা বলা হয়েছে (Suvendu Adhikari)।

ঘাটাল মাস্টার প্ল্যান

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগে কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম—এই তিন জেলার প্রশাসনিক বৈঠকেও মুখ্যমন্ত্রী আলোচনা করেছিলেন বলে জানা গিয়েছে। ঘাটালের সাংসদ দেবের সঙ্গেও প্রকল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। একইসঙ্গে ঘাটাল ও সংলগ্ন প্লাবনকবলিত এলাকায় বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়ার কথাও উঠে আসে।

বীরসিংহকে ঘিরে স্থানীয় উন্নয়নের পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। পর্যটনের পরিকাঠামো গড়ে তুলতে নৈশযাপনের ব্যবস্থা, পথবাতি এবং একটি উদ্যান তৈরির পরিকল্পনার কথা বলা হয়েছে। স্থানীয় বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের বিষয়েও ঘোষণা করা (Ghatal Master Plan) হয়।

বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের ভাবনার প্রসঙ্গ টেনে পাঠাগারগুলিতে তাঁর লেখা বই রাখার আহ্বানও জানান শুভেন্দু। তাঁর বক্তব্যে রাজ্যের শিক্ষা ও সামাজিক পরিস্থিতির পাশাপাশি শিল্পায়ন ও দীর্ঘদিনের ঘাটাল সমস্যা সমাধানের বিষয়টি বিশেষ গুরুত্ব পায় (Suvendu Adhikari)।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share