মাধ্যম নিউজ ডেস্ক: গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন এবং পঞ্চায়েতের নিজস্ব আয়ের উৎস বাড়াতে নয়া উদ্যোগ কেন্দ্রের। দেশের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েতের জমিতে তৈরি করা হবে বৈদ্যুতিক গাড়ির চার্জ দেওয়ার (Centre CESL MoU) কেন্দ্র এবং ব্যাটারি বদলের পরিকাঠামো। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ এলাকায় পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানোর (EV Charging) পরিকল্পনা রয়েছে, তেমনি অন্যদিকে পঞ্চায়েতগুলির জন্য নিয়মিত আয়ের পথও খুলে যাবে।
এই মর্মে কনভার্জেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতাপত্রও স্বাক্ষর করেছে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০০-রও বেশি প্রতিনিধির উপস্থিতিতে আয়োজিত একটি কর্মশালায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং।
সরকারি জমিতে চার্জিং কেন্দ্র (Centre CESL MoU)
চুক্তি অনুযায়ী, পঞ্চায়েত ভবন চত্বর-সহ উপযুক্ত সরকারি জমিতে এই চার্জিং কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি রাজ্য ও জাতীয় সড়কের পাশেও উপযুক্ত জায়গা চিহ্নিত করে পরিকাঠামো তৈরি করা হবে। দু’চাকা, তিন চাকা, চার চাকা এবং মাঝারি ও ভারী বাণিজ্যিক বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জ দেওয়া ও ব্যাটারি বদলের ব্যবস্থা থাকবে।
কনভার্জেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সংস্থা এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা। এটি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনে কাজ করে। প্রকল্পের আওতায় সংস্থাটি সম্ভাব্য স্থান পরিদর্শন, চাহিদা নিরূপণ, যন্ত্রপাতি সরবরাহ, পরিকাঠামো স্থাপন, পরীক্ষা, চালু করা এবং পরবর্তী রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাবে।
অন্যদিকে, পঞ্চায়েতি রাজ মন্ত্রক রাজ্য সরকারগুলির সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় রেখে উপযুক্ত জমি চিহ্নিত করতে সাহায্য করবে। অর্থাৎ, কোথায় চার্জিং কেন্দ্র তৈরি করা সম্ভব, তা নির্ধারণের ক্ষেত্রে পঞ্চায়েত ও রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
এই প্রকল্পের অন্যতম আকর্ষণীয় দিক হল পঞ্চায়েতের আয়ের সংস্থান। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, চার্জিং কেন্দ্র এবং ব্যাটারি বদলের পরিষেবার জন্য প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রির বদলে সংশ্লিষ্ট পঞ্চায়েত পাবে এক টাকা করে (Centre CESL MoU)।
চার্জিং কেন্দ্র থেকে মাসে আয়
প্রকল্পের হিসাব অনুযায়ী, প্রায় ১০ বাই ১০ বর্গমিটার জায়গায় তৈরি একটি ছোট চার্জিং কেন্দ্র থেকে মাসে আনুমানিক ৩ হাজার টাকা আয় হতে পারে। অন্যদিকে, ২০ বাই ২৫ বর্গমিটার জায়গাজুড়ে তৈরি বড় চার্জিং কেন্দ্র থেকে মাসিক প্রায় ১০ হাজার টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে বছরে একটি বড় কেন্দ্র থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে।
কেন্দ্রের এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হল পঞ্চায়েতের অব্যবহৃত বা উপযুক্ত জমিকে আয়ের উৎস হিসেবে গড়ে তোলা। এর ফলে স্থানীয় প্রশাসনের হাতে নিয়মিত অর্থ আসবে, যা নাগরিক পরিষেবা, স্থানীয় পরিকাঠামোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যেতে পারে।
পাশাপাশি গ্রামীণ এলাকায় বৈদ্যুতিক গাড়ির চার্জ দেওয়ার সুবিধা বাড়লে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহারও (EV Charging) উৎসাহিত হবে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রেও এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে, পঞ্চায়েতের জমিকে সম্পদে পরিণত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থার বিকাশ ঘটানোই এই (Centre CESL MoU) প্রকল্পের লক্ষ্য।

Leave a Reply