Jensen Huang: চাপে এনভিডিয়া সিইও! বিশ্বের সেরা ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন জেনসেন হুয়াং

jensen huang nvidia ceo slips out of world's top 10 richest person after sex scandal

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি তথা এনভিডিয়ার (Nvidia CEO) সিইও জেনসেন হুয়াংয়ের সম্পদে বড় ধাক্কা। বিশ্বের প্রথম ১০ জন ধনকুবেরের তালিকা থেকে ছিটকে গেলেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের ১০ নভেম্বরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হুয়াংয়ের (Jensen Huang) মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৪৮ বিলিয়ন ডলারে। এক ধাক্কায় তাঁর সম্পদ কমেছে ৬.৪৭ বিলিয়ন বা ৬৪৭ কোটি ডলার (১ বিলিয়ন = ১০০ কোটি), ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৭ হাজার কোটি টাকারও বেশি। সম্পদের নিরিখে বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ১২ নম্বরে রয়েছেন জেনসেন হুয়াং। ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের উত্তরসূরি জিম ওয়ালটন এবং রব ওয়ালটনের পিছনে চলে গিয়েছেন তিনি। গত এক বছরে হুয়াংয়ের মোট সম্পদ কমেছে প্রায় ১৫ বিলিয়ন ডলার, অর্থাৎ ৯.২ শতাংশ।

পরকীয়া সম্পর্ক ঘিরে বিতর্ক, বাড়ছে চাপ

তবে হুয়াংয়ের সম্পদ কমার নেপথ্যে শুধুমাত্র শেয়ার বাজারের পতনই নয়, তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হওয়া বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি এক প্রাক্তন মেগাস্পিড (Megaspeed) কর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেছেন এনভিডিয়া সিইও। অভিযোগ, ওই মহিলার বিরুদ্ধে চিনের হয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের সন্দেহ প্রকাশ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, এ বিষয়ে এফবিআই তদন্ত করছে। যদিও একই সঙ্গে জেনসেন হুয়াংয়ের পাশে দাঁড়িয়ে তাঁকে ‘অত্যন্ত সম্মানীয় ব্যক্তি’ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

তদন্তের নির্দেশ এনভিডিয়ার বোর্ডের

বিতর্কের মধ্যেই সংস্থার সিইওকে ঘিরে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ। বিদেশি কোনও গোয়েন্দা সংস্থা হুয়াংকে নিশানা করেছিল কি না, সেই সংক্রান্ত রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার বাণিজ্যিক গোপন তথ্য কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটা বিশ্বাস করার মতো কোনও কারণ এখনও পাওয়া যায়নি।

এনভিডিয়ার শেয়ারের পতনেই বিপুল ক্ষতি

জেনসেন হুয়াংয়ের সম্পদের সিংহভাগই এনভিডিয়ার সঙ্গে যুক্ত। সংস্থার ৩.৫ শতাংশেরও বেশি শেয়ারের মালিক তিনি। ফলে এনভিডিয়ার শেয়ারের দামের ওঠানামার সরাসরি প্রভাব পড়ে তাঁর ব্যক্তিগত সম্পদের উপর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বজুড়ে প্রসারের অন্যতম প্রধান সুবিধাভোগী সংস্থা এনভিডিয়া। গত কয়েক বছরে এআই চিপের বিপুল চাহিদার কারণে সংস্থার বাজারমূল্য আকাশছোঁয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে এনভিডিয়ার শেয়ারেও। ফলে কমেছে হুয়াংয়ের সম্পদের পরিমাণ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share