মাধ্যম নিউজ ডেস্ক: কম্বোডিয়ার আঙ্কোর সভ্যতার গৌরবময় ইতিহাস এবার আন্তর্জাতিক মঞ্চে। প্রায় এক হাজার বছরের প্রাচীন শায়িত ভগবান বিষ্ণুর বিশাল ব্রোঞ্জমূর্তি প্রদর্শিত হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর এশিয়ান আর্ট মিউজিয়ামে। এই বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে ২৩ অক্টোবর। চলবে আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত। কম্বোডিয়ার ন্যাশনাল মিউজিয়াম থেকে বিশেষভাবে এই মূর্তিটি প্রদর্শনীর জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রদর্শনী শেষ হলে সেটি আবার কম্বোডিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবিষ্কৃত প্রাচীন ব্রোঞ্জের ভাস্কর্যগুলির মধ্যে এটিই বৃহত্তম বলে মনে করা হয়। প্রায় ছয় মিটার দীর্ঘ এই মূর্তি প্রাচীন শিল্পকলা, স্থাপত্য ও কারিগরি দক্ষতার এক অসাধারণ নিদর্শন।
কী এই মূর্তির বিশেষত্ব?
ঐতিহাসিকদের মতে, এই শায়িত বিষ্ণুমূর্তির উৎপত্তি কম্বোডিয়ার আঙ্কোর অঞ্চলের ওয়েস্ট মেবন মন্দিরে। প্রায় এক হাজার বছর আগে একটি বিশাল জলাধারের মাঝখানে কৃত্রিম দ্বীপের উপর অবস্থিত মন্দিরে মূর্তিটি প্রতিষ্ঠিত ছিল। হিন্দু পুরাণ অনুসারে, সৃষ্টির সূচনার আগে আদি মহাসমুদ্রে অনন্তনাগের উপর শয়ন করেন ভগবান বিষ্ণু। সেই পৌরাণিক ধারণারই প্রতিফলন ঘটেছিল মূর্তিটির মূল অবস্থানে। প্রাচীন খমের রাজারা শুধু ধর্মীয় বিশ্বাসের প্রচারেই নয়, নিজেদের রাজনৈতিক ক্ষমতা ও শাসনের বৈধতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহার করতেন। বিশাল জলাধার, জলনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং মন্দির নির্মাণের মাধ্যমে তাঁরা নিজেদের প্রশাসনিক দক্ষতা ও ঐশ্বরিক ক্ষমতার ধারণাকে তুলে ধরতেন। বিষ্ণুর মহাজাগতিক সমুদ্রের পৌরাণিক কাহিনির সঙ্গে তাঁদের জলসম্পদ ব্যবস্থাপনারও গভীর যোগসূত্র ছিল।
আঙ্কোর সভ্যতার শিল্পীদের অসাধারণ দক্ষতার সাক্ষ্য
কয়েক শতাব্দী ধরে মাটির নীচে চাপা পড়ে থাকার পর ১৯৩৬ সালে পুনরাবিষ্কৃত হয় এই মূর্তি। এরপর থেকেই এটি খমের ব্রোঞ্জ শিল্পকলার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃতি পেয়েছে। আঙ্কোর সভ্যতার শিল্পী ও কারিগরদের অসাধারণ দক্ষতার সাক্ষ্য বহন করছে এই ভাস্কর্য। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কম্বোডিয়ার ওয়েস্ট মেবন মন্দিরকে ঘিরেও পর্যটকদের আগ্রহ বাড়ছে। মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন নভেম্বর মাসে হওয়ার কথা। সব মিলিয়ে সান ফ্রান্সিসকোর এই প্রদর্শনী শুধু একটি প্রাচীন ভাস্কর্য দেখার সুযোগ নয়, বরং ভারতীয় হিন্দু পুরাণ, কম্বোডিয়ার খমের সভ্যতা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার হাজার বছরের সাংস্কৃতিক আদানপ্রদানের ইতিহাসকে নতুন করে জানার সুযোগ করে দিচ্ছে।

Leave a Reply