Suvendu Shah Meeting: পুরভোটের আগে দিল্লিতে শাহর দরবারে মুখ্যমন্ত্রী! বাংলার আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

Suvendu Shah Meeting in Delhi

মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন পুরভোটের প্রস্তুতি থেকে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি-নিয়ে এক ঘণ্টার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Suvendu Shah Meeting)। সূত্রের খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে দু’জনের বৈঠকে একাধিক বিষয় উঠে এসেছে। তবে আলোচনায় সব চেয়ে তাৎপর্যপূর্ণ ছিল রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গ। বৈঠকে শাহকে বাংলার ঐতিহ্যবাহী ডোকরাশিল্পের তৈরি মা দুর্গার মূর্তি উপহার দেন শুভেন্দু।

রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে দীর্ঘ আলোচনা

লক্ষ্মীবারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক্স হ্যান্ডলে শুভেন্দু (Suvendu Adhikari in Delhi) লেখেন, ‘রাজ্যের উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং মানুষের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’ সাম্প্রতিক সময়ে রাজ্যে একাধিক এনকাউন্টারের ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। সেই আবহে শাহর সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে শুভেন্দুর আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পুরভোটের আগে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই আলোচনা যে গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

উৎসব মিটতেই পুরভোটের ঢাকে কাঠি পড়ার কথা ছিল। এই বছরের শেষে, যে কোনওদিন হওয়ার সম্ভাবনা ছিল কলকাতা-হাওড়া-সহ ৮টি পুরসভার ভোট।কিন্তু তার আগে আইনি জটিলতা। কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলার মধ্যেই,সম্প্রতি হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও দায়ের হয় মামলা। যার জেরে, পুরভোট আপাতত বিশ বাঁও জলে। এর জন্য দায়ী কারা? তা নিয়েই চলছে রাজনৈতিক তরজা। এদিকে এবার কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর। আগামী ২৩ তারিখ পুরভোট নিয়ে শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ কলকাতা পুরভোট সংক্রান্ত সব আবেদনগুলির একত্রে শুনানি করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে নিয়েও কথা হয় শুভেন্দুর।

বিরোধীদেরকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টে মামলার প্রেক্ষিতে গত সপ্তাহের শুক্রবার, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দেয় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। কিন্তু, ডিভিশন বেঞ্চ এই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। পাশাপাশি ভোট পিছিয়ে যাওয়া নিয়ে, বিরোধীদেরকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন, যে হেরো পার্টিরা, হেরোরা, হারাধনরা কোর্টে গিয়ে অবকাশকালীন বেঞ্চে স্টে লাগিয়েছে, হেরে যাবে বলে ভোটে ভয় পাচ্ছে তারা, তাই উচ্চতর আদালতে যাচ্ছে রাজ্য সরকার।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share