Tejas Mk1A: পুরনো তেজসের চেয়ে কতটা শক্তিশালী মার্ক-১এ? রেডার থেকে ইলেকট্রনিক জ্যামার, রইল ৫ বড় পরিবর্তন

indian-air-force-2027-tejas-mk1a-fighter-jet-features-key-upgrades

সুশান্ত দাস

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৭ সালের মার্চের মধ্যে ভারতীয় বায়ুসেনার হাতে আসতে পারে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক-১এ (Tejas Mk1A) যুদ্ধবিমানের প্রথম স্কোয়াড্রন। একাধিক কারণে নির্ধারিত সময়ের তুলনায় অনেকটাই পিছিয়ে গিয়েছে এই যুদ্ধবিমানের সরবরাহ। তবে নতুন সংস্করণের তেজস মার্ক-১এ-কে ঘিরে প্রত্যাশা যথেষ্ট। উন্নত আয়েসা (AESA) রেডার, অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, উন্নত ফ্লাইট কন্ট্রোল কম্পিউটার এবং আধুনিক এভিওনিক্স—একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিবর্তনের ফলে আগের সংস্করণের তুলনায় অনেক বেশি কার্যকর হয়ে উঠতে চলেছে এই যুদ্ধবিমান।

তেজস মার্ক-১এ তৈরি করছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৮৩টি মার্ক-১এ যুদ্ধবিমান তৈরির বরাত পেয়েছিল সংস্থাটি। পরিকল্পনা ছিল, ২০২৪ সালের মার্চ থেকেই বায়ুসেনার হাতে বিমান তুলে দেওয়া শুরু হবে। কিন্তু মার্কিন সংস্থা জিই এরোস্পেস (GE Aerospace)-এর তৈরি এফ-৪০৪ (F404) ইঞ্জিন সরবরাহে বিলম্ব-সহ একাধিক কারণে সেই সময়সীমা পিছিয়ে যায়। বর্তমানে প্রথম স্কোয়াড্রন ২০২৭ সালের মার্চের মধ্যে হাতে পাওয়ার প্রত্যাশা করছে বায়ুসেনা। কিন্তু পুরনো তেজস মার্ক-১-এর তুলনায় নতুন মার্ক-১এ কতটা উন্নত? কোন কোন প্রযুক্তি এই যুদ্ধবিমানকে আরও শক্তিশালী করে তুলবে?

উন্নত আয়েসা রেডার, শত্রুকে আগেভাগে চিহ্নিত করার ক্ষমতা

তেজস মার্ক-১এ-এর অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হল অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড্ অ্যারে (Active Electronically Scanned Array) বা আয়েসা রেডার। আগের তেজস মার্ক-১-এ ছিল যান্ত্রিকভাবে পরিচালিত মাল্টিমোড রেডার। নতুন সংস্করণে সেই ব্যবস্থার পরিবর্তে এসেছে আরও উন্নত ইলেকট্রনিক স্ক্যানিং প্রযুক্তি।

পুরনো রেডারে আকাশের বিভিন্ন দিকে নজরদারির জন্য অ্যান্টেনাকে শারীরিকভাবে ঘোরাতে হয়। কিন্তু আয়েসা রেডারে একাধিক ছোট ইলেকট্রনিক মডিউলের সাহায্যে অ্যান্টেনা না ঘুরিয়েই রেডার বিমের দিক পরিবর্তন করা যায়। ফলে দ্রুত আকাশের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ এবং একাধিক সম্ভাব্য শত্রু লক্ষ্যবস্তুকে শনাক্ত ও অনুসরণ করা সহজ হয়।

প্রতিরক্ষা মন্ত্রকের ২০২১ সালের জানুয়ারির ঘোষণাতেও ৮৩টি মার্ক-১এ যুদ্ধবিমান কেনার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আয়েসা রেডারের কথা উল্লেখ করা হয়েছিল।

আধুনিক আকাশযুদ্ধে শত্রুপক্ষের বিমানকে আগে শনাক্ত করতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, যত আগে বিপদের অবস্থান সম্পর্কে জানা যাবে, পাইলটের হাতে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য তত বেশি সময় থাকবে।

ইলেকট্রনিক ওয়ারফেয়ার, শত্রুর রেডারকে বিভ্রান্ত করার ক্ষমতা

শুধু শত্রুকে শনাক্ত করাই নয়, শত্রুপক্ষের রেডার ও ক্ষেপণাস্ত্রের নিশানা থেকে নিজেদের বিমানকে সুরক্ষিত রাখাও আধুনিক যুদ্ধবিমানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তেজস মার্ক-১এ-তে সেই উদ্দেশ্যে আরও উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার (Electronic Warfare) বা সংক্ষেপে ইডব্লিউ (EW) ব্যবস্থা যুক্ত করা হয়েছে। ডিআরডিও-র তথ্য অনুযায়ী, এই ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ অংশ হল রেডার ওয়ার্নিং রিসিভার (RWR) এবং অ্যাডভান্সড সেল্ফ-প্রোটেকশন জ্যামার (ASPJ)।

রেডার ওয়ার্নিং রিসিভার-এর কাজ হল শত্রুপক্ষের রেডার থেকে নির্গত সংকেত শনাক্ত করা। কোনও প্রতিপক্ষের রেডার যদি তেজসকে লক্ষ্য করে নজরদারি শুরু করে, তাহলে এই ব্যবস্থা পাইলটকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করতে পারে।

অন্যদিকে, অ্যাডভান্সড সেল্ফ-প্রোটেকশন জ্যামার-এর কাজ হল শত্রুর রেডারকে বিভ্রান্ত করা। বিশেষ ইলেকট্রনিক সংকেত পাঠিয়ে শত্রুপক্ষের রেডারের লক্ষ্য নির্ধারণ ও অনুসরণ করার ক্ষমতায় বিঘ্ন ঘটাতে পারে এই জ্যামার। ফলে আকাশে থাকা তেজসের সঠিক অবস্থান নির্ণয় করা প্রতিপক্ষের পক্ষে কঠিন হয়ে উঠতে পারে।

এই জ্যামার ব্যবস্থায় রয়েছে অ্যাক্টিভ ফেজড্ অ্যারে  (Active Phased Array) প্রযুক্তি এবং ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি মেমরি (DRFM)। এই প্রযুক্তিগুলি ব্যবহার করে শত্রুর রেডার সংকেত মোকাবিলায় প্রয়োজনীয় ইলেকট্রনিক প্রতিক্রিয়া তৈরি ও নিয়ন্ত্রণ করা সম্ভব। স্থলভিত্তিক নজরদারি রেডার, ফায়ার কন্ট্রোল রেডার, বিমানবিধ্বংসী কামান এবং আকাশে থাকা শত্রু বিমানের রেডারের মতো বিভিন্ন হুমকি মোকাবিলার জন্যই এই ব্যবস্থা তৈরি করা হয়েছে।

উন্নত ডিজিটাল ফ্লাইট কনট্রোল কম্পিউটার

তেজস মার্ক-১এ-এর আর একটি উল্লেখযোগ্য পরিবর্তন হল উন্নত ডিজিটাল ফ্লাইট কনট্রোল কম্পিউটার (DFCC)। বিমানটির ফ্লাই-বাই-অয়্যার (Fly-by-Wire) প্রযুক্তিনির্ভর উড়ান নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি।

ফ্লাই-বাই-অয়্যার ব্যবস্থায় পাইলটের নির্দেশ সরাসরি যান্ত্রিক সংযোগের মাধ্যমে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় পৌঁছয় না। বরং বৈদ্যুতিন সংকেতের মাধ্যমে সেই নির্দেশ কম্পিউটারে যায়। কম্পিউটার প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে বিমানের বিভিন্ন নিয়ন্ত্রণ পৃষ্ঠকে পরিচালনা করে।

২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি ডিআরডিও জানায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন ডিজিটাল ফ্লাই-বাই-অয়্যার ফ্লাইট কনট্রোল কম্পিউটার তেজস মার্ক-১এ-এর একটি প্রোটোটাইপে সংযুক্ত করে সফলভাবে উড়ান পরীক্ষা করা হয়েছে।

ডিআরডিও-র দাবি, নতুন কম্পিউটারে আরও উন্নত প্রসেসিং আর্কিটেকচার এবং বেশি গণনাক্ষমতা রয়েছে। এর ফলে বিমানের গতিবিধি নিয়ন্ত্রণ, স্থিতিশীলতা বজায় রাখা এবং পাইলটের নির্দেশ দ্রুত কার্যকর করার ক্ষেত্রে উন্নতি হওয়ার কথা।

স্মার্ট ডিসপ্লে ও উন্নত মিশন কম্পিউটার

নতুন তেজসের ককপিট এবং অ্যাভিওনিক্স ব্যবস্থাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। রয়েছে অ্যাডভান্সড মিশন কম্পিউটার এবং স্মার্ট মাল্টি-ফাংশান ডিসপ্লে (SMFD)।

মিশন কম্পিউটারকে বিমানের তথ্য প্রক্রিয়াকরণের কেন্দ্র বলা যেতে পারে। বিমানের বিভিন্ন অনবোর্ড সিস্টেম থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে পাইলটকে প্রয়োজনীয় পরিস্থিতি সম্পর্কে ধারণা দেয় এটি।

অন্যদিকে, স্মার্ট মাল্টি-ফাংশন ডিসপ্লের মাধ্যমে উড়ান এবং যুদ্ধসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ডিজিটাল স্ক্রিনে দেখতে পারবেন পাইলট। ফলে একাধিক আলাদা যন্ত্রের দিকে নজর না দিয়েই প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়া সম্ভব হবে।

এ ছাড়াও হ্যাল-এর দেওয়া তথ্য অনুযায়ী, মার্ক-১এ-তে রয়েছে ডিজিটাল ম্যাপ জেনেরেটর (DMG), অ্যাডভান্সড রেডিও অল্টিমিটার (Advanced Radio Altimeter) এবং কম্বাইন্ড ইন্টেরোগেটর অ্যান্ড ট্রান্সপন্ডার (CIT)।

ডিজিটাল ম্যাপ জেনেরেটর বিমানের মিশনের জন্য প্রয়োজনীয় ভৌগোলিক তথ্য সরবরাহ করে। রেডিও অল্টিমিটার মাটির উপর থেকে বিমানের উচ্চতা পরিমাপ করে, যা বিশেষত নিচু দিয়ে ওড়ার সময় গুরুত্বপূর্ণ। অন্যদিকে, কম্বাইন্ড ইন্টেরোগেটর অ্যান্ড ট্রান্সপন্ডার-এর মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থার সঙ্গে যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ বিমান শনাক্তকরণে সাহায্য পাওয়া যায়।

সব মিলিয়ে, পাইলটের কাছে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে আরও বেশি তথ্য পৌঁছে দেওয়া এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করাই এই উন্নত ব্যবস্থাগুলির উদ্দেশ্য।

পুরনো তেজসের কোন কোন ক্ষমতা থাকছে মার্ক-১এ-তেও?

তেজস মার্ক-১এ-র সমস্ত যুদ্ধক্ষমতা যে একেবারে নতুন, তা নয়। আগের তেজস মার্ক-১-এর ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স (FOC) সংস্করণেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সক্ষমতা ছিল।

যেমন, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এফওসি অনুমোদন পাওয়ার সময় তেজস মার্ক-১-এ বিয়ন্ড ভিজুয়্যাল রেঞ্জ (BVR) ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা যুক্ত হয়েছিল। অর্থাৎ, পাইলটের চোখে সরাসরি শত্রু বিমান দৃশ্যমান না হলেও নির্দিষ্ট দূরত্বের বাইরে থেকে তাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।

একইভাবে, ২০১৮ সালের সেপ্টেম্বরেই তেজস মার্ক-১-এর আকাশে জ্বালানি ভরার পরীক্ষা হয়েছিল। পরবর্তী সময়ে এফওসি সংস্করণে এই সক্ষমতাও অন্তর্ভুক্ত হয়।

এ ছাড়াও আগের তেজস মার্ক-১-এ ছিল মাল্টিমোড এয়ারবোর্ন রেডার, হেলমেট মাউন্টেড ডিসপ্লে এবং সেল্ফ প্রোটেকশন স্যুট। অর্থাৎ, মার্ক-১এ-র মূল অগ্রগতি হচ্ছে এই বিদ্যমান যুদ্ধক্ষমতার সঙ্গে আরও উন্নত সেন্সর, ইলেকট্রনিক সুরক্ষা এবং তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তির সংযোজন।

১৮০টি তেজস মার্ক-১এ কেনার বরাত, বায়ুসেনার শক্তি বাড়ানোর লক্ষ্য

ভারতীয় বায়ুসেনার কাছে তেজস মার্ক-১এ-র গুরুত্ব আরও বেড়েছে যুদ্ধবিমানের স্কোয়াড্রন সংখ্যা নিয়ে উদ্বেগের কারণে। দীর্ঘদিন ধরেই প্রয়োজনীয় সংখ্যার তুলনায় কম যুদ্ধবিমান স্কোয়াড্রন নিয়ে কাজ করতে হচ্ছে বায়ুসেনাকে। পাশাপাশি পুরনো যুদ্ধবিমানগুলির জায়গায় আধুনিক দেশীয় যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করাও গুরুত্বপূর্ণ লক্ষ্য।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ৮৩টি তেজস মার্ক-১এ তৈরির চুক্তি হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে আরও ৯৭টি যুদ্ধবিমানের বরাত দেওয়া হয়। ফলে এই সংস্করণের মোট বরাতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮০।

দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানগুলি ধাপে ধাপে বায়ুসেনায় অন্তর্ভুক্ত হলে ভারতের নিজস্ব যুদ্ধবিমান বহর শক্তিশালী হবে। বিশেষ করে উন্নত রেডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আধুনিক অ্যাভিওনিক্সের সমন্বয় তেজস মার্ক-১এ-কে আগের সংস্করণের তুলনায় আরও কার্যকর করে তুলতে পারে।

তবে এই প্রকল্পের সাফল্য শুধু প্রযুক্তিগত উন্নয়নের উপর নির্ভর করছে না। নির্ধারিত সময়ে ইঞ্জিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করে হ্যাল কত দ্রুত উৎপাদন এবং বিমান হস্তান্তরের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ বিলম্বের পর তেজস মার্ক-১এ-র প্রকৃত সাফল্য নির্ভর করবে শেষ পর্যন্ত কত দ্রুত এবং কত সংখ্যায় এই যুদ্ধবিমান বায়ুসেনার হাতে পৌঁছয়, তার উপর।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share