মাধ্যম নিউজ ডেস্ক: নিম্নচাপের প্রভাব কাটতেই অবশেষে বাংলায় শীতের আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হতে শুরু করেছে শীতের হালকা আমেজ। একই ছবি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। অন্যদিকে, উত্তুরে হাওয়ার প্রভাবে মালদহ, দুই দিনাজপুর-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ক্রমশ বাড়ছে ঠান্ডার অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় রাতের তাপমাত্রা ইতিমধ্যেই ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। আগামী দু’দিনে পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে।
শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে
নভেম্বরের শেষ সপ্তাহে ধীরে ধীরে শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার প্রভাবে ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রামে শীতের আমেজ আরও জোরালো হবে। রাজ্যজুড়েই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে সকাল ও রাতের ঠান্ডার পাশাপাশি দুপুরে রোদের তেজও অনুভূত হবে। অর্থাৎ, ভোরে শীতের পোশাক প্রয়োজন হলেও দুপুরে মিলবে কিছুটা স্বস্তি।
কুয়াশার চাদরে ঢাকবে উত্তরবঙ্গ
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সকালবেলায় আটটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশার দাপট তুলনামূলক বেশি হতে পারে। কিছু জায়গায় দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে কুয়াশার প্রকোপ কিছুটা কমতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ—কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’দিনে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বৃহস্পতিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সন্ধ্যার পর শীতের অনুভূতি বাড়বে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.০৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমেছে।

Leave a Reply