Harmanpreet Kaur: ক্রিকেট থেকে এখনই অবসর নয়! জাতীয় দলের সব ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেন হরমনপ্রীত কৌর

harmanpreet kaur resigns from captaincy for all three formats of Indian women's cricket team

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের (India Women’s Cricket Team) সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। মঙ্গলবার হঠাৎই বিশ্বজয়ী অধিনায়ক সমাজমাধ‍্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁর জায়গায় দায়িত্ব পেতে পারেন স্মৃতি মান্ধানা। হরমন জানিয়েছেন, দেশের হয়ে সাধারণ খেলোয়াড় হিসেবে লড়াই চালিয়ে যাবেন। নেতৃত্ব ছাড়ার এই সিদ্ধান্ত একেবারেই সহজ ছিল না বলে স্বীকার করেছেন তারকা ব্যাটার। তাঁর মতে, এই যাত্রাপথে বহু স্মৃতি, আবেগ এবং ব্যক্তিগত আত্মত্যাগ জড়িয়ে রয়েছে।

ভারতীয় মহিলা ক্রিকেটে স্মরণীয় সময়

হরমনপ্রীতের অধিনায়কত্বে ভারতীয় মহিলা ক্রিকেট অন্যতম স্মরণীয় সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে ২০২৫ সালের এক দিনের বিশ্বকাপ জয় এবং ২০২২ ও ২০২৬ সালের এশিয়ান গেমসে সোনা জয়। নিজের সিদ্ধান্তের ঘোষণা করে হরমনপ্রীত লিখেছেন, “আজ আমি সব ফরম্যাটেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটি মোটেই সহজ সিদ্ধান্ত ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন কিছু মুহূর্ত যা জীবনের বাকি সময়টা আমার সঙ্গে থেকে যাবে। এই দল এবং ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য আমার যা দেওয়ার ছিল, তার সবটাই আমি দিয়েছি। আমার রক্ত, ঘাম, সময় এবং বহু বার নিজের ব্যক্তিগত পারফরম্যান্স ও স্বপ্নকেও ত্যাগ করেছি। এমন অনেক মুহূর্ত এসেছে যখন আমাকে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স, নিজের উন্নতি এবং নিজের চাওয়া-পাওয়াকে পাশে সরিয়ে রাখতে হয়েছে। কারণ, আমি সব সময় বিশ্বাস করেছি যে দলের স্বার্থই সবার আগে।”

অধিনায়ক হিসেবে কঠিন সিদ্ধান্ত

অধিনায়ক হিসেবে আমাকে কঠিন অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন কিছু সিদ্ধান্ত যা সব সময় সকলে বুঝতে পারেনি, যা নেওয়া সহজ ছিল না এবং যার জন্য অনেক সময় ব্যক্তিগত খেসারতও দিতে হয়েছে। তবে আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পিছনে একটিই উদ্দেশ্য ছিল— এই দলকে আরও উন্নত করা এবং অন্যান্য ক্রিকেটারেরা যাতে নিজেকে তুলে ধরার, নিজের উপর বিশ্বাস রাখার ও নিজের সেরাটা মেলে ধরার সুযোগ পায়, সেটা দেখা। আমি সব রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমি চরম হতাশার মুহূর্ত দেখেছি। হৃদয়ভঙ্গের যন্ত্রণা, সমালোচনা, সংশয় এবং এমন দিনও দেখেছি যখন কোনও কিছুই আমাদের পক্ষে যাচ্ছিল না। আবার একই সঙ্গে আমি সাফল্যের শীর্ষও স্পর্শ করেছি। সেই জয়, উদযাপন, দেশকে প্রতিনিধিত্ব করার গর্ব এবং এমন কিছু মুহূর্ত যা প্রতিটি ত্যাগকে সার্থক করে তুলেছিল।”

দলের সঙ্গেই থাকব

নেতৃত্ব ছাড়লেও আন্তর্জাতিক ক্রিকেটকে (International Cricket) এখনই বিদায় জানাচ্ছেন না। হরমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন। বলেন, “আজ যখন আমি অধিনায়কত্ব ছাড়ছি, আমার হৃদয় আবেগে ভরা, তবে মনে এক পরম শান্তি রয়েছে। আমি মন থেকে বিশ্বাস করি যে, আমার দল এখন অত্যন্ত নিরাপদ ও ভাল জায়গায় রয়েছে। এটা এমন এক দল, যার মধ্যে রয়েছে প্রতিভা, মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং এমন এক ভবিষ্যৎ যা দেখতে পাওয়ার ও যার অংশ হওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। আমার মনে হয় আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। এই দলকে আমার যা দেওয়ার ছিল, তার সবটাই আমি দিয়েছি। আমি অত্যন্ত গর্বের সঙ্গে এই দায়িত্ব পালন করেছি এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। এখন আমার জন্য নতুন অধ্যায় শুরু করার সময় এসে গিয়েছে। অধিনায়কত্ব হয়তো আজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালবাসা কোনও দিন শেষ হবে না। প্রত‍্যেক সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, বিসিসিআই, আমার পরিবার এবং সেই সমস্ত ভক্তদের অনেক ধন্যবাদ যাঁরা আমার ভাল-খারাপ সব সময়ে পাশে দাঁড়িয়েছেন। রক্ত। ঘাম। ত্যাগ। গর্ব। আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি। এখন আমি কেবল খেলার প্রতি ভালবাসার খাতিরে আবারও মাঠে নামতে প্রস্তুত। অধিনায়ক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে যাত্রা অব্যাহত থাকবে।”

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share