Olympics 2036: ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নপূরণে এগিয়ে চলেছে ভারত, জানালেন প্রধানমন্ত্রী মোদি

Olympics 2036

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের মাটিতে বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের স্বপ্নের কথা ফের জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শারোদৎসবের প্রাক্কালে ক্রীড়া উৎসবের কথা বললেন প্রধানমন্ত্রী। জানালেন , ২০৩৬ সালের অলিম্পিক গেমস (Olympics 2036) আয়োজনের লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। রবিবার (১১ অক্টোবর) চেন্নাইয়ে জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত যখন ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তখন আমরা ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্ন নিয়েও এগিয়ে চলেছি।”

সম্ভাব্য আয়োজক শহর আমেদাবাদ

ভারত প্রথমবারের মতো অলিম্পিক গেমস আয়োজনের জন্য সক্রিয়ভাবে উদ্যোগী হয়েছে। এই লক্ষ্যে গুজরাটের আমেদাবাদকে সম্ভাব্য আয়োজক শহর হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসও এই শহরেই আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী মোদির কথায়, আন্তর্জাতিক স্তরের বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়া পরিকাঠামো আরও উন্নত করা এবং তরুণ খেলোয়াড়দের সামনে নতুন সুযোগ তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করাও সরকারের অন্যতম লক্ষ্য।

কমনওয়েলথ আয়োজনের অভিজ্ঞতা

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সঙ্গে বর্তমানে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন নিয়ে আলোচনায় রয়েছে মোট সাতটি দেশ। ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে জার্মানি, হাঙ্গেরি, কাতার, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক। আইওসি ২০২৭ সালের মার্চের মধ্যে আগ্রহী দেশগুলির মধ্যে থেকে সম্ভাব্য আয়োজকদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে পারে। ২০৩৬ সালের অলিম্পিকের চূড়ান্ত আয়োজক দেশের নাম ২০২৯ সালে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। আইওসি প্রেসিডেন্ট কার্স্টি কোভেন্ট্রিও জানিয়েছেন, যে দেশই অলিম্পিক আয়োজন করুক, ক্রীড়াবিদদের অভিজ্ঞতা ও স্বার্থকে সমস্ত প্রক্রিয়ার কেন্দ্রে রাখতে হবে। আসন্ন ২০২৮ সালের অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে এবং ২০৩২ সালের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো, আয়োজনের সক্ষমতা এবং প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের অভিজ্ঞতা ২০৩৬ সালের অলিম্পিকের দাবিকে আরও শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share