Nvidia: এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত! চিনা তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

Nvidia Chinese Spy

মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার অন্যতম জনপ্রিয় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়ার (Nvidia) সিইও জেনসেন হুয়াংকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। এক চিনা তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার পাশাপাশি তাঁর মাধ্যমে সংস্থার অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য চিনের (Nvidia Chinese Spy) হাতে পৌঁছে গিয়েছে কি না, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এনভিডিয়া। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সংস্থার পরিচালন পর্ষদ এই তদন্তের দায়িত্ব দিয়েছে স্বাধীন ডিরেক্টরদের নিয়ে গঠিত একটি বিশেষ কমিটিকে।

চিনের গোয়েন্দা সংস্থার পরিকল্পিত অভিযান

অভিযোগ, চিনের গোয়েন্দা সংস্থার পরিকল্পিত অভিযানের নিশানায় পরিণত হয়েছিলেন জেনসেন। তাঁকে ব্যক্তিগত সম্পর্কের ফাঁদে ফেলে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ও বাণিজ্যিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে অ্যালিস হুয়াং নামে এক চিনা তরুণীর বিরুদ্ধে। তিনি মেগাস্পিড (Megaspeed) নামের একটি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এনভিডিয়ার শীর্ষকর্তা। তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক প্রযুক্তি ও ব্যবসায়িক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বিবাহবহির্ভূত সম্পর্কের স্বীকারোক্তি জেনসেনের

আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিজের সংস্থার কর্মীদের উদ্দেশে পাঠানো একটি ব্যক্তিগত বিবৃতিতে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন জেনসেন। সেখানে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘‘আমি আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছি। আমার কাজে সে এবং আমার সন্তানেরা দুঃখ পেয়েছে। আমি যা করেছি, তার কোনও অজুহাত হয় না।’’ এই স্বীকারোক্তির পরেই বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে এনভিডিয়ার পরিচালন পর্ষদ।

চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল অ্যালিস হুয়াং নামে এক চিনা মহিলার। তিনি সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা মেগাস্পিড ইন্টারন্যাশনালের এক শীর্ষ আধিকারিক ছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, চিনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটির হয়ে কাজ করতেন অ্যালিস। হুয়াংয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে বেজিংয়ে পৌঁছে দেওয়াই ছিল তাঁর উদ্দেশ্য বলে অভিযোগ। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের শীর্ষ আধিকারিকদেরও অবহিত করেছিল মার্কিন গোয়েন্দা মহল। অ্যালিসের সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক শুধু ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, মেগাস্পিড এনভিডিয়ার অন্যতম বড় গ্রাহক। গত দু’বছরে সংস্থাটি এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারেরও বেশি মূল্যের চিপ কিনেছে। রবিবার সংস্থার কর্মীদের কাছে একটি ইমেল পাঠান হুয়াং। সেখানে স্ত্রীকে প্রতারণা করার কথা স্বীকার করে ক্ষমা চান তিনি। তাঁর কথায়, নিজের কাজের মাধ্যমে স্ত্রী ও সন্তানদের আঘাত করেছেন। এর কোনও অজুহাত নেই। নিজের কাজের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন বলেও জানান তিনি। তবে ওই ইমেলে অ্যালিসের নাম উল্লেখ করেননি হুয়াং।

এনভিডিয়ার গোপন তথ্য সংগ্রহের চেষ্টা

তবে বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। তদন্তকারীদের মূল উদ্বেগ, এই সম্পর্ককে ব্যবহার করে চিনের কোনও গোয়েন্দা সংস্থা এনভিডিয়ার গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল কি না। বিশ্বের অন্যতম বৃহৎ এআই চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়ার হাতে রয়েছে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর প্রযুক্তি, ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনা, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কৌশল এবং আন্তর্জাতিক বাজার সংক্রান্ত বহু সংবেদনশীল তথ্য। ফলে সংস্থার শীর্ষকর্তাকে লক্ষ্য করে কোনও বিদেশি গোয়েন্দা অভিযান চালানো হয়ে থাকলে তা আমেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বড় উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে।

আমেরিকার আরোপিত বিধিনিষেধ শিথিল করার পক্ষে সওয়াল

নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যালিস নামে ওই তরুণীকে নিয়োগ করেছিল চিনের জাতীয় নিরাপত্তা মন্ত্রক। অভিযোগ, জেনসেনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করাই ছিল ওই অভিযানের অন্যতম উদ্দেশ্য। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীন ভাবে প্রতিষ্ঠিত হয়নি। তদন্তের মাধ্যমে গোটা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও, চিনে উন্নত প্রযুক্তির সেমিকন্ডাক্টর এবং এআই চিপ রফতানির ক্ষেত্রে আমেরিকার আরোপিত বিধিনিষেধ শিথিল করার পক্ষে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন জেনসেন—এমন অভিযোগও উঠেছে। চিনের বাজারে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ বিক্রির সুযোগ বাড়াতে তিনি ট্রাম্প প্রশাসনকে রাজি করানোর চেষ্টা করছিলেন বলে দাবি করা হয়েছে। সেই প্রেক্ষাপটে অ্যালিসের সঙ্গে তাঁর সম্পর্ক, চিনের সঙ্গে সম্ভাব্য ব্যবসায়িক যোগাযোগ এবং সংস্থার অভ্যন্তরে তাঁর বিভিন্ন সিদ্ধান্তও তদন্তকারীদের নজরে এসেছে।

অভিযোগ-এর পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি এনভিডিয়ার

এই পরিস্থিতিতে এনভিডিয়ার পরিচালন পর্ষদ একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় সংস্থা। একই সঙ্গে সংস্থার অংশীদার, বিনিয়োগকারী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষা করাও তাদের অন্যতম অগ্রাধিকার। এখনও পর্যন্ত আমেরিকার জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার বাণিজ্যিক গোপনীয়তা বিঘ্নিত হয়েছে, এমন কোনও প্রমাণ তাদের হাতে আসেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে সামনে আসা অভিযোগগুলিকে হালকা ভাবে নেওয়া হচ্ছে না। প্রতিটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখা হবে।

তদন্তের স্বার্থে বিশেষ কমিটি গঠন 

তদন্তের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে স্বাধীন ডিরেক্টরদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংস্থার বাইরের এক নিরপেক্ষ আইনি উপদেষ্টাকে তদন্ত প্রক্রিয়া পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। পরিচালন পর্ষদের বক্তব্য, তদন্তে কোনও রকম প্রভাব বা পক্ষপাত যাতে কাজ না করে, তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এখন তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, জেনসেনের ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে সত্যিই কোনও পরিকল্পিত গোয়েন্দা অভিযান চালানো হয়েছিল কি না এবং সেই সূত্রে এনভিডিয়ার কোনও গোপন তথ্য বিদেশি কোনও শক্তির হাতে পৌঁছেছে কি না।

প্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ণ সংস্থা এনভিডিয়া 

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপুল চাহিদার কারণে এনভিডিয়া বর্তমানে প্রযুক্তি শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। তাদের তৈরি উন্নতমানের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) এবং এআই চিপ বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারে ব্যবহৃত হয়। আমেরিকা ও চিনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং সেমিকন্ডাক্টর রফতানি নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছে। সেই আবহে সংস্থার প্রধানের বিরুদ্ধে চিনা গুপ্তচরবৃত্তির ফাঁদে পড়ার অভিযোগ স্বাভাবিক ভাবেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। অন্য দিকে, এনভিডিয়ার শেয়ার-সহ একাধিক মার্কিন সংস্থার শেয়ারে বিনিয়োগ করে ভারতীয়দের ১০০ কোটি টাকারও বেশি ক্ষতির অভিযোগ সামনে এসেছে। তবে দুটি ঘটনা আলাদা। ভারতীয় বিনিয়োগকারীদের ক্ষতির সঙ্গে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের কোনও যোগ পাওয়া যায়নি।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share