Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! অস্থায়ী নির্মাণ ভেঙে দখলমুক্ত ফুটপাথ

Abhishek Banerjee

মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্মীবারে সকালবেলা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাথ দখলমুক্ত করার কাজ শুরু করল কলকাতা পুরসভা। এদিন ভোর হতেই, অভিষেকের বাড়ির সামনে বুলডোজার নিয়ে হাজির হয় কলকাতা পুরসভার কর্মীরা। রয়েছে কলকাতা পুলিশের বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সাংসদের বাড়ির সামনে নিরাপত্তার কারণে বাঁশ এবং লোহার যে অস্থায়ী কাঠামো তৈরি করা ছিল, সেই নির্মাণ ভেঙে ফেলে ফুটপাথ দখলমুক্ত করার কাজ শুরু করা হয়। অস্থায়ী ওই শেড ভেঙে ফেলার পর বাঁশগুলি সেখান থেকে সরিয়ে ফেলছেন পুরসভার কর্মীরা। পরিষ্কার করা হচ্ছে ফুটপাত। সাংসদের বাড়ির সীমানা প্রাচীরের ফটকের বাইরে আরও একটি লোহার গেট বসানো ছিল এত দিন। ওই লোহার গেটটিও সরিয়ে ফেলা হচ্ছে। গ্যাস কাটার দিয়ে কাটা হয় সেটি।

ফুটপাত দখল মুক্ত

১২১, কালীঘাট রোডে অভিষেকের বাড়ির সামনের শেড ঘিরে গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। গত শুক্রবার রাতে সাংসদের জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল কালীঘাটে। সে সময়ে অস্থায়ী শেডের নীচে অনেককে জড়ো হতে দেখা গিয়েছিল। স্থানীয় মৃৎশিল্পীরা দাবি করেন, অভিষেকের জন্মদিন পালনের জন্য হওয়া জমায়েতের কারণে কালীপুজোর আগে তাঁদের কেনাবেচায় অসুবিধা হচ্ছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে অভিষেকের সঙ্গে পুলিশকর্মীদের তর্কাতর্কি বেঁধে যায়৷ সেই ঘটনার পর অভিষেকের বাড়ির সামনে ফুটপাথ দখল করে থাকা এই অস্থায়ী নির্মাণ নিয়েও অভিযোগ উঠেছিল৷ ওই অস্থায়ী নির্মাণের কারণে হাঁটাচলায় অসুবিধা হচ্ছিল বলেই অভিযোগ ছিল স্থানীয়দের৷ কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাথের উপরে তৈরি হওয়া এই অস্থায়ী নির্মাণের নীচে মূলত অভিষেকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী এবং তাঁর ঘনিষ্ঠ দলীয় কর্মীরা এই শেডের নীচে বসতেন৷ অস্থায়ী এই নির্মাণের ভিতরে ফলস সিলিং তৈরি করে আলো, পাখা লাগানো হয়েছিল৷ অভিষেকের সঙ্গে দলের যে কর্মীরা দেখা করতে আসতেন, তাঁরাও ওই ছাউনির নীচে অপেক্ষা করতেন৷

মোতায়েন প্রচুর পুলিশ বাহিনী

এই আবহে বৃহস্পতিবার সকালে পুরসভার কর্মীরা পৌঁছে যান সেখানে। সাংসদের বাড়ির সামনে পৌঁছোয় বুলডোজারও। তা দিয়ে ওই অস্থায়ী শেড ভেঙে ফেলা হয়। তার পর বাঁশ এবং অস্থায়ী কাঠামোর অন্য সরঞ্জামও ফুটপাত থেকে সরিয়ে ফেলেন পুরকর্মীরা। গোটা প্রক্রিয়া ঘিরে যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না-হয়, তা নিশ্চিত করতে এলাকায় প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছিল। ছিলেন পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share