CM Suvendu Adhikari: সরকারি জমিতে ১০ কোটির বাড়ি! পুষ্পার সম্পত্তি ভেঙে গরিবদের আবাস তৈরির ঘোষণা শুভেন্দুর

cm suvendu adhikari vows to demolish pushpa’s ₹10-crore mansion and build homes for the poor

মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ উঠেছে। এবার সেই জমি দখলমুক্ত করে সেখানে গরিব মানুষের জন্য আবাস যোজনা প্রকল্পের কাজ করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। হাওড়ার এক অনুষ্ঠানে নাম না করে নয়, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গির খান ওরফে পুষ্পাকে কড়া বার্তা দেন তিনি। একইসঙ্গে সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের দখলে থাকা জমি নিয়েও বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার হাওড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফলতার পরিস্থিতি নিয়ে সরব হন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “ফলতায় কী চলছে, সবাই দেখতে পাচ্ছেন তো? সরকারি জমি দখল করে ১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছিল। পুষ্পা বলেছিল, ‘ঝুঁকেগা নেহি!’ এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

ওই জমিতে গরিবদের জন্য বাড়ি হবে

মুখ্যমন্ত্রী আরও জানান, ওই জমি উদ্ধার করার পর সেখানে স্থানীয় দরিদ্র মানুষের জন্য আবাস যোজনা প্রকল্পের কাজ করা হবে। শুধু ফলতা নয়, সন্দেশখালির সরবেড়িয়াতেও একই ধরনের পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। শেখ শাহজাহানের নাম উল্লেখ করে শুভেন্দু বলেন, “শাহজাহানের জমিও উদ্ধার করে সেখানে মাছের বাজার তৈরি করা হবে। এটা সবে শুরু। আগামী দিনে আরও অনেক কিছু হবে, দেখে নেবেন।” তাঁর স্পষ্ট বার্তা, “এই সরকার কাউকে ছাড়বে না।” উল্লেখ্য, নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় বর্তমানে জেলবন্দি জাহাঙ্গির খান। বুধবার সকাল থেকেই ফলতার শ্রীরামপুর এলাকায় তাঁর বিলাসবহুল বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। অভিযোগ, সরকারি জমি বেআইনিভাবে দখল করে ওই বাড়ি নির্মাণ করেছিলেন তিনি। এ বিষয়ে প্রশাসনের তরফে তাঁকে নোটিস পাঠিয়ে সাত দিনের মধ্যে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও বাড়ি না ভাঙায় শেষ পর্যন্ত বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়।

অভিযান অব্যাহত

বৃহস্পতিবার সকালেও অভিযান অব্যাহত ছিল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রসঙ্গত, পূর্বতন তৃণমূল সরকারের আমলে ফলতা-ডায়মন্ড হারবার এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গির খান। গত বিধানসভা নির্বাচনে তাঁকে ফলতা কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে নির্বাচনের দিন ঘোষণা করে। তাৎপর্যপূর্ণভাবে, নতুন করে ভোটগ্রহণের আগেই এলাকা ছেড়ে চলে যান জাহাঙ্গির। পরে একাধিক অভিযোগের ভিত্তিতে নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share