মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর একদিনের সফরে কলকাতায় আসতে পারেন তিনি। এই সফরে রেল ও মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি রাজ্যের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পেরও সূচনা হতে পারে তাঁর হাত ধরে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, এই সফরেই গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। সূত্রের খবর, ২১ নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা প্রধানমন্ত্রীর বিশেষ বিমানের। বিমানবন্দর থেকে সরাসরি তিনি নির্ধারিত সরকারি কর্মসূচিতে যোগ দিতে যাবেন। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও নিশীথ প্রামাণিক এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের। কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসকে কেন্দ্র করে ওই দিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।
মোদির হাত ধরেই কি চালু হবে গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো?
প্রধানমন্ত্রীর এবারের সফরে সবচেয়ে বেশি নজর থাকছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশের দিকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গড়িয়া বা কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চিংড়িহাটা এলাকায় দীর্ঘদিন ধরে কাজ আটকে থাকায় এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রকল্পের জট কাটে এবং কাজের গতি বাড়ে। ফলে ২১ নভেম্বর প্রধানমন্ত্রীর হাত ধরে এই মেট্রোপথের উদ্বোধন হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এমনকি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নিজেও মেট্রোয় সফর করতে পারেন বলে খবর। এই মেট্রোপথ চালু হলে দক্ষিণ কলকাতা ও শহরতলি থেকে সেক্টর ফাইভের অফিসপাড়ায় যাতায়াত অনেকটাই সহজ হবে। বিশেষ করে প্রতিদিন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত হাজার হাজার নিত্যযাত্রী উপকৃত হবেন।
শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী
সরকারি কর্মসূচির পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, রাজ্যের বর্তমান প্রশাসনিক পরিস্থিতি, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। রাজ্যের উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রের কাছ থেকে কী ধরনের সহযোগিতা প্রয়োজন, সেই বিষয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় বঙ্গ সফর। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এবার প্রায় পাঁচ মাসের ব্যবধানে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। তবে সরকারি কর্মসূচি এবং সম্ভাব্য বৈঠকের বিষয়ে এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি। রাজ্য বিজেপির তরফে পরবর্তীকালে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত কর্মসূচি জানানো হবে।

Leave a Reply