মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তার আগে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইসি) পেতে উদ্যোগী হলেন তিনি। এই মর্মে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হয়েছেন শেখ হাসিনার (Hasina Bangladesh Return) ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস কেসি। বিষয়টিকে ‘জরুরি’ বলে উল্লেখ করে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। সূত্রের খবর, গত ১৯ নভেম্বর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রাহমকে চিঠি লেখেন শেখ হাসিনার আইনজীবী স্টিভেন পাওলস। এর আগে ৯ নভেম্বরও একই বিষয়ে চিঠি দিয়েছিলেন তিনি। কিন্তু তার কোনও উত্তর না মেলায় দ্রুত জবাব দেওয়ার অনুরোধ জানান আইনজীবী।
প্রতিনিধিত্বের প্রমাণ
শেখ হাসিনার হয়ে আবেদন করার ক্ষেত্রে তাঁর প্রতিনিধিত্বের প্রমাণ চেয়েছিল বাংলাদেশ হাইকমিশন। সেই প্রেক্ষিতে শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্রও জমা দেন পাওলস। ৯ নভেম্বর তারিখে স্বাক্ষরিত ওই অনুমতিপত্রে শেখ হাসিনা তাঁর আইনজীবীকে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার অনুমতি দিয়েছেন। লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের ব্যারিস্টার স্টিভেন পাওলসকে নিজের আইনি প্রতিনিধি হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বাংলাদেশ ফিরবেন হাসিনা!
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সম্প্রতি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। তবে তাঁর প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের আদালতের মৃত্যুদণ্ডের রায়। ২০২৪ সালে আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত। যে প্রসিকিউটর এই মামলায় মৃত্যুদণ্ড নিশ্চিত করেছিলেন, সেই মহম্মদ আমিনুল ইসলাম সম্প্রতি জানিয়েছেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মুখোমুখি হতে হবে। তাঁর কথায়, “শেখ হাসিনার সামনে আদালতের রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই।” একই সঙ্গে তিনি দাবি করেন, রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পেরিয়ে গিয়েছে। ফলে শেখ হাসিনার হাতে আর কোনও আইনি সুযোগ অবশিষ্ট নেই। তবে এই পরিস্থিতিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার আবেদন তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনায় কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Leave a Reply