West Bengal Govt Job: চাকরিপ্রার্থীদের সুখবর! ১০,১৪৬ পদে নিয়োগ, সরকারি চাকরির আবেদন ফি মকুব করল শুভেন্দু সরকার

west bengal govt job recruitment cm suvendu adhikari announced no fee for exam

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে পালাবদলের পর সরকারি (West Bengal Govt Job) চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বড় ঘোষণা করল বিজেপি সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে একাধিক দফতরে মোট ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকের পর নিয়োগের (Govt Job Recruitment) বিস্তারিত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (পিআরবি) এবং হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কয়েকটি ক্ষেত্রে জেলাশাসকদের মাধ্যমে প্রকল্পভিত্তিক চুক্তিনির্ভর নিয়োগও করা হবে। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, পঞ্চায়েত, পর্যটন এবং নগরোন্নয়ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরে কর্মী নিয়োগ করা হবে।

স্বরাষ্ট্র দফতরে সর্বাধিক নিয়োগ

নিয়োগের তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরকে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে ১,০০০ জন নিয়োগ করা হবে। পাশাপাশি সাব-ইনস্পেক্টর, কনস্টেবল, রাইফেলম্যান এবং অ্যান্টি নারকোটিক্স বিভাগেও কর্মী নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ডিসেম্বর মাসেই ১,৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পর্যটন, নগরোন্নয়ন দফতরেও একাধিক নিয়োগ হবে।

  • ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল- ১০০০
  • সাব ইন্সপেক্টর- ৬৫০
  • কনস্টেবল- ৮০০০
  • রাইফেলম্যান- ৬০০
  • অ্যান্টি নারকোটিক্স- ৪৮
  • সাইবার ক্রাইম- ১৬০
  • পঞ্চায়েত দপ্তর- ৬৩৮

সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি মুকুব

চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি চাকরির পরীক্ষায় আবেদনের জন্য আর কোনও ফি দিতে হবে না প্রার্থীদের। আবেদন ফি বাবদ যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। অর্থাৎ, জেনারেল ক্যাটেগরির প্রার্থী থেকে শুরু করে অন্যান্য শ্রেণির চাকরিপ্রার্থীরাও বিনামূল্যে আবেদন করতে পারবেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এত দিন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আবেদন করতে প্রার্থীদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হত। কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের আবেদন ফি তুলনামূলক বেশি। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় আবেদন করতে ৫০০ টাকা পর্যন্ত দিতে হত। নতুন সিদ্ধান্তে সেই খরচ আর প্রার্থীদের বহন করতে হবে না। তাঁর বক্তব্য, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং তা সংকীর্ণ মানসিকতার পরিচয়।

শিক্ষক নিয়োগ নিয়েও বড় ঘোষণা

শিক্ষক নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, ধাপে ধাপে এই নিয়োগ সম্পন্ন করা হবে এবং জানুয়ারির মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হবে। সব মিলিয়ে, নতুন সরকারের প্রথম দিকের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একাধিক সুযোগ তৈরি হতে চলেছে। ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগ, আবেদন ফি মকুব এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আশ্বাস—এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share