Sheikh Hasina Return: দিল্লি থেকে বিশেষ বিমানের আর্জি! মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়েই ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান হাসিনা

sheikh hasina may return to bangladesh on 16 December amid death sentence

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina Return) দেশে ফেরা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসের দিনই দেশে ফিরতে চান তিনি। দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের সরকারের কাছে একটি বিশেষ রাষ্ট্রীয় বিমানের ব্যবস্থাও চেয়েছেন হাসিনা (Sheikh Hasina in Bangldesh)। তবে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হওয়ায় দেশে ফিরলে গ্রেফতারির মুখে পড়তে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ফলে তাঁর এই প্রত্যাবর্তনের ইচ্ছাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা।

বিজয় দিবসেই কেন দেশে ফিরতে চান হাসিনা?

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলির দাবি, ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে ঢাকায় যাওয়ার জন্য বাংলাদেশের সরকারের কাছে একটি রাষ্ট্রীয় বিমানের ব্যবস্থার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। বাংলাদেশের সামরিক বিমানে করেই ভারতে পৌঁছেছিলেন তিনি। এবারও একই ধরনের ব্যবস্থায় দেশে ফিরতে চান বলে জানা গিয়েছে।

১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়েই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নিশ্চিত হয়। সেই ঐতিহাসিক দিনেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় হাসিনার সিদ্ধান্তের রাজনৈতিক ও ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, এর আগে দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনও দিন ঘোষণা করেননি তিনি।

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন

দেশে ফেরার ইচ্ছা প্রকাশের আগে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কাছে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দেওয়ার আবেদন করেছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছাড়ার কয়েক মাস পর তাঁর পুরনো পাসপোর্ট এবং পরিচয়পত্র বাতিল করা হয়েছিল বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে তাঁর রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। হাসিনার পরিচয়পত্র ও পাসপোর্ট সংক্রান্ত আবেদন এবং দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সময়ে সে দেশে হিংসার ঘটনা বৃদ্ধির খবরও সামনে এসেছে।

বাংলাদেশে ফিরলেই কি গ্রেফতার হাসিনা?

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান যথেষ্ট কঠোর। বাংলাদেশের এক মন্ত্রীর বক্তব্য, হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। পাশাপাশি, তাঁকে ফিরিয়ে আনার জন্য ভারত থেকে কোনও বিশেষ বিমান পাঠানোর বিষয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন ওই মন্ত্রী।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share