Samik Bhattacharya: ‘গৌতম বুদ্ধ’ বানিয়ে ট্রোল, এবার পাল্টা শমীকের! ‘ভদ্রতাকে দুর্বলতা ভাবলে চলবে না’

bjp-west-bengal-president-samik-bhattacharya-gautam-buddha-troll-reply-says-courtesy-not-weakness

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় রাজনৈতিক পালাবদলের পর প্রতিহিংসার রাজনীতির বিরোধিতা করে বারবার দলের নেতা-কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তৃণমূলের পার্টি অফিস দখল, হামলা এবং তোলাবাজির অভিযোগে দলের একাংশের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করেছেন তিনি। এমনকী, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শতাধিক নেতা-কর্মীকে শো-কজ়ের নোটিস পাঠানোর পাশাপাশি বেশ কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে। এই অবস্থানে অনড় থাকায় সোশ্যাল মিডিয়ায় তাঁকে গৌতম বুদ্ধের সঙ্গে তুলনা করে ট্রোল করেছিলেন নেটিজ়েনদের একাংশ। শুক্রবার বাগুইআটিতে দলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে সেই কটাক্ষেরই জবাব দিলেন শমীক। একইসঙ্গে স্পষ্ট করে দিলেন, সংযমের অর্থ দুর্বলতা নয়। দলের নাম ব্যবহার করে অরাজকতা বা অত্যাচার চালালে কাউকেই রেয়াত করা হবে না।

‘‘আমরা যুদ্ধ নয়, বুদ্ধের বাণীই প্রচার করছি’’: শমীক

শুক্রবার সন্ধ্যায় বাগুইআটিতে কলকাতা উত্তর শহরতলি মহিলা মোর্চার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শমীক জানান, নির্বাচনে জয়ের পর থেকেই তিনি দলের কর্মীদের সংযত থাকার পরামর্শ দিয়ে আসছেন। এর নেপথ্যে ছিল প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ।

শমীকের কথায়, “লুটেরাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোট দিয়েছেন। যেদিন আমরা নির্বাচনে জিতি, সেদিন সকালে প্রধানমন্ত্রী আমাকে ফোন করে পরিষ্কার বলেছিলেন, প্রতিহিংসার রাজনীতি, বিভাজনের রাজনীতি চলবে না। আমরা কোনও প্রতিহিংসার রাজনীতি করিনি। আমি বারবার সকলকে সংযত করার চেষ্টা করেছি। প্রতিদানে সোশাল মিডিয়ায় আমাকে গৌতম বুদ্ধ বানিয়ে দেওয়া হয়েছে। আমরা যুদ্ধ নয়, বুদ্ধের বাণীই প্রচার করছি।”

‘‘আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করা উচিত নয়’’

তবে প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকার অর্থ অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা নয়, সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, দলের ভদ্রতা বা সংযমকে কেউ যেন দুর্বলতা বলে মনে না করেন। শমীকের কথায়, “কিন্তু এর অর্থ এই নয় যে সিংহ স্থবির বলে কেউ কাউকে পদাঘাত করবে, আমাদের ভদ্রতাকে আমাদের দুর্বলতা মনে করবে, এটা হতে দেওয়া উচিত নয়।”

যাঁরা রাজনৈতিক পালাবদলের পর অত্যাচারিত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর জন্যও দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে জানিয়েছেন, দলের পতাকা ব্যবহার করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা কিংবা অরাজকতা সৃষ্টি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

দলের নাম ব্যবহার করে তোলাবাজি, অরাজকতা বরদাস্ত নয়

বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যে এদিন বিশেষ গুরুত্ব পেয়েছে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার প্রশ্ন। রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জায়গায় বিজেপির নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস দখল, হামলা, তোলাবাজি এবং বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে। এই ধরনের ঘটনা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে বলে কার্যত বুঝিয়ে দিয়েছেন শমীক।

স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্দেশে তাঁর কড়া বার্তা, “পার্টিকে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য করবেন না। এই অরাজকতা চলতে দেওয়া যাবে না। চিহ্নিত করুন। যাঁরা পার্টির পতাকাকে, পার্টির রংকে কলঙ্কিত করতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন। পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন। আমাকে কাগজ দেবেন, আমি তাঁদের ঢুকিয়ে দেব।”

শুধু দলের পুরনো নেতা-কর্মীরাই নন, রাজনৈতিক পালাবদলের পর নতুন করে বিজেপিতে যোগ দেওয়া একাংশের বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়েছেন তিনি। শমীকের অভিযোগ, কিছু ব্যক্তি বাইরে গেরুয়া তিলক লাগিয়ে ঘুরলেও তাঁদের আচরণের সঙ্গে দলের আদর্শের কোনও সম্পর্ক নেই। তাঁদের চিহ্নিত করে দল থেকে দূরে রাখার দায়িত্ব স্থানীয় নেতৃত্বেরই।

এ প্রসঙ্গে তাঁর হুঁশিয়ারি, “কিছু জন বাইরে গেরুয়া তিলক লাগিয়ে ঘুরছে। আপনাদের দায়িত্ব, সেই গেরুয়া তিলক মুছে দেওয়া। আর আমাদের দলের যাঁরা ওদের সঙ্গে নিয়ে ঘুরছেন, তাঁদের বলতে চাই জেলের দরজা খোলা আছে।”

রাজনৈতিক পালাবদলের পর একদিকে প্রতিহিংসার রাজনীতি এড়িয়ে চলা, অন্যদিকে দলের ভিতরে শৃঙ্খলা বজায় রাখা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার বার্তাই এদিন দিয়েছেন শমীক ভট্টাচার্য। সোশাল মিডিয়ার ট্রোলের জবাব দিতে গিয়ে তাঁর বক্তব্য, বুদ্ধের বাণী প্রচার করা মানে অন্যায়ের সামনে মাথা নত করা নয়। বরং দলের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ করতেও পিছপা হবে না বিজেপি নেতৃত্ব।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share