Calcutta High Court Death Sentence: ধনঞ্জয়ের পর ফের ফাঁসির সাজা! হুগলিতে নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় নিম্ন আদালতের রায় বহাল

calcutta high court death sentence on hooghly murder case after dhananjoy's execution

মাধ্যম নিউজ ডেস্ক: হেতাল পারেখ খুনের মামলায় অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির নির্দেশের ৩৪ বছর পরে আর একটি ধর্ষণ এবং খুনের মামলায় মৃত্যুদণ্ড দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court Death Sentence)। নিম্ন আদালত হুগলির শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় (Hooghly Murder Case) অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন সাজাপ্রাপ্ত ব্যক্তি। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ সেই সাজা বহাল রাখে। যদিও সুপ্রিম কোর্টে আবেদনের জন্য ৩ মাস এই রায় কার্যকর স্থগিত রাখল হাইকোর্ট।

খেলতে খেলতেই নিখোঁজ হয়েছিল ৫ বছরের শিশুকন্যা

২০২৪ সালে হুগলির গুড়াপে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর খুন করা হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ অশোক সিংহ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। হুগলি জেলা আদালতে শুরু হয় মামলা। পুলিশ তথ্যপ্রমাণ জোগাড় করে। নির্দিষ্ট সময় আদালতে চার্জশিটও পেশ করা হয়েছিল। যাবতীয় তথ্যপ্রমাণ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে ২০২৫ সালে ফাঁসির সাজা শুনিয়েছিল। সেই সাজার প্রেক্ষিতে জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় অভিযুক্ত অশোক সিংহ। ফাঁসির সাজা মুকুবের আবেদন জানানো হয়েছিল। এদিকে রাজ্য সরকারের তরফেও ওই ফাঁসির সাজা বহাল রাখার আবেদন কলকাতা হাইকোর্টে করা হয়েছিল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। দু’পক্ষের সওয়াল-জবাব হয়। শেষপর্যন্ত নিম্ন আদালতের রায়কেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

ধনঞ্জয়ের পর ফের মৃত্যুদণ্ড কলকাতা হাইকোর্টে

১৯৯০ সালের ৫ মার্চ কলকাতায় নিজের আবাসনেই নৃশংস ভাবে খুন হয়েছিলেন কিশোরী হেতাল পারেখ। ১৯৯১ সালের আলিপুরের দায়রা আদালত ধনঞ্জয়কে মৃত্যুদণ্ড দেয়। এর পর মামলা যায় কলকাতা হাইকোর্টে। ১৯৯২ সালের ৭ অগস্ট কলকাতা হাইকোর্ট সেই মৃত্যুদণ্ড বহাল রাখে। সেই সাজা বহাল রেখেছিল সুপ্রিম কোর্টও। ২০০৪ সালের ১৪ অগস্ট ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের। তার পর গত ৩৪ বছরের মধ্যে কোনও মামলায় মৃত্যুদণ্ড দেয়নি কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হুগলির গুড়াপে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত অশোক সিংহের ফাঁসির নির্দেশ দেওয়া হল। গত বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল শিশুটি। বাজারে যাওয়ার সময় তাকে খেলতে দেখে গিয়েছিলেন বাবা। ফিরে এসে মেয়ের খোঁজ পাননি। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী অশোকের বাড়ি থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়েছিল।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share