India Vs Brazil: আজ শহরে ব্রাজিল! মেসি-কাণ্ড থেকে শিক্ষা, কড়া নিরাপত্তা, ভারত-ব্রাজিল ম্যাচ নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

india vs brazil football friendly west bengal cm suvendu adhikari reviews final preparation of saltlake stadium security

মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত আটটায় শহরে পা রাখবেন ভিনিসিয়াস জুনিয়র, গুইমারেজ, মারকুইনসরা। প্রথমে শোনা গিয়েছিল, সন্ধ্যে সাড়ে ছ’টা থেকে সাতটার মধ্যে কলকাতায় পৌঁছবে ব্রাজিল দল (India Vs Brazil)। কিন্তু সেটা পিছিয়ে গিয়েছে। ব্রিসবেন থেকে দীর্ঘ ১০-১১ ঘণ্টার যাত্রা অতিক্রম করে চার্টার্ড বিমানে রাত আটটায় কল্লোলিনী কলকাতায় পা রাখার কথা সেলেকাওদের। আগামী ৩ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক ম্যাচ। মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও এই খেলাকে কেন্দ্র করে শহরে উত্তাপ চরমে।

কঠোর নিরাপত্তা রাজ্য সরকারের

ম্যাচ ঘিরে প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো রাখা হচ্ছে। কোনও রকম ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার। বুধবার রাতে ভারত বনাম ব্রাজিলের ঐতিহাসিক ফুটবল ম্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতির খতিয়ান নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি পর্যালোচনা বৈঠক করেছেন। সেই বৈঠকে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খান এবং এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। বিধাননগর পুলিশের আওতাধীন সল্টলেক স্টেডিয়ামে আগামী ৩ অক্টোবর ভারত বনাম ব্রাজিলের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হচ্ছে। বিধাননগর পুলিশ সূত্রে খবর, স্বেচ্ছাসেবক-সহ প্রায় তিন হাজার পুলিশ মোতায়ন থাকবে। যার মধ্যে থাকছে পুলিশের ব়্যাফ বাহিনী। এছাড়াও থাকছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। গোটা এলাকা ঘিরে ফেলা হবে সিসিটিভি ক্যামেরা দিয়ে। তবে ড্রোন দিয়ে নজরদাড়ি বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছে বিধাননগর পুলিশ।

বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী

ভারত বনাম ব্রাজিল ঐতিহাসিক ফুটবল ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি বৈঠকে বুধবার উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যুবভারতীর ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে বাড়তি কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে ৷ মেসি ইভেন্টে বিশৃঙ্খলা ঘটনার পরে এখন বাড়তি সতর্ক বিধাননগর পুলিশ। ভারত বনাম ব্রাজিল ম্যাচ আয়োজিত হবে ৩ অক্টোবর। মোট ২৫০০ পুলিশ থাকবে সেই ম্যাচের নিরাপত্তার দায়িত্বে। ২০০-র কাছাকাছি অফিসার পদমর্যাদার পুলিশ থাকবেন। এবং ২০ জন আইপিএস অফিসার থাকবেন। রাজ্যের অন্য প্রান্ত থেকে এবং অন্য কমিশনারেট থেকে ২০ জন অভিজ্ঞ আইপিএস অফিসার নিযুক্ত থাকবেন। বিধাননগর ট্রাফিক বিভাগ সূত্রের খবর, সাধারণ মানুষকে জানানো হয়েছে, গণপরিবহন ব্যবহার করতে, নিজস্ব গাড়ি যতটা সম্ভব ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে যানজটের সম্ভাবনা অনেকটাই এড়ানো যাবে বলেই দাবি বিধাননগর পুলিশের। তবে কোন রাস্তা বন্ধ থাকবে তা এখনও বিধাননগর পুলিশের ট্রাফিক বিভাগ জানায়নি। খুব জরুরি অবস্থা না হলে যোগাযোগ ব্যবস্থা ও যানজট এড়ানোর জন্য কোনও রাস্তা বন্ধ রাখার নির্দেশ এখনও দেওয়া হয়নি।

দু’ঘণ্টা আগে মাঠে ঢুকতে হবে

মাঠে দর্শকদের জন্য তিন স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা থাকছে। এই প্রথম দর্শকদের সিট নম্বর দেখে, অর্থাৎ টিকিটে যে নম্বর থাকবে, সেখানেই তাঁদের বসতে হবে। এগুলি সবটাই গাইড করে দেবে পুলিশ এবং খেলা শুরুর দু’ঘণ্টা আগে মাঠে ঢুকতে হবে দর্শকদের। ব্রাজিল ম্যাচ ঘিরে প্রত্যাশিতভাবেই ভারতীয় ফুটবল মহলে সাজ সাজ রব। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং রাজ্য সরকার প্রস্তুতির কোনও খামতি রাখতে চাইছে না। ওই মেগা ম্যাচ ঘিরে একাধিক চমকও থাকছে। সূত্রের খবর, ম্যাচের একদিন আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্রাজিল এবং উরুগুয়ে দলকে সান্ধ্যকালীন ভোজনে আমন্ত্রণ জানানো হবে। তাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রাজিল ও উরুগুয়ে দু’দলের প্রতিনিধিরা ছাড়াও ভারতীয় দলও থাকবে ওই সান্ধ্যভোজনে।

সামনে পাঁচবারের বিশ্বজয়ীরা

যুবভারতীতে ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি। ভিনিসিয়াসদের আটকানোর কঠিন পরীক্ষায় খালিদ জামিলের ভারত। কিছুদিন আগে বিশ্বকাপ খেলা পানামার সঙ্গে ঐতিহাসিক ড্র করেছে ভারত। প্রথমার্ধে রায়ান উইলিয়ামসের দুর্দান্ত ফিনিশে এগিয়ে গিয়েছিল ব্লু টাইগার্স। এবার সামনে পাঁচবারের বিশ্বজয়ীরা। ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি জানিয়েছিলেন ভারতে নাকি ‘ফুটবল সংস্কৃতি’ নেই। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকলেও ভারতের ফুটবল সংস্কৃতি বহু পুরনো। সিনিয়র পুরুষদের ফুটবলে দুই দেশের মধ্যে এটিই প্রথম সাক্ষাৎ। কার্লো আনচেলত্তি এই সফরের জন্য একটি তারকাখচিত দল ঘোষণা করেছেন। দলে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র ও এনড্রিক এবং বার্সেলোনার রাফিনহা। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এই সফরে এটি ব্রাজিলের তৃতীয় ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলে ভারতে আসছে সেলেকাওরা।

শহরে ব্রাজিলের নিরাপত্তা দল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কলকাতা সফরকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে। বিমানবন্দরে জমায়েত হবেন হাজার হাজার ব্রাজিল সমর্থক। তবে, প্রিয় তারকাদের চাক্ষুষ করতে বেগ পেতে হবে অনুরাগীদের। সূত্রের খবর, বিমানবন্দরের ভিতর থেকে ভিআইপি গেট দিয়ে ব্রাজিল দলকে টিম বাসে তুলে দেওয়া হবে। সেখান থেকে এসকর্ট করে সরাসরি নিয়ে যাওয়া হবে বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলে। বিমানবন্দরের বাইরের ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত। ব্রাজিল দলের সফরকে কেন্দ্র করে নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ম্যাচের আগে বুধবার কলকাতায় পৌঁছে গিয়েছে ব্রাজিলের আট সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ এবং প্রাক্তন সেনাকর্মীরা। কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয়ে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাই তাঁদের মূল দায়িত্ব।

মেসি কাণ্ড থেকে শিক্ষা

ব্রাজিলের নিজস্ব নিরাপত্তা দল মূল দলের অনেক আগেই কলকাতায় এসেছে। ফুটবলার, প্রতিনিধি এবং দলের অন্যান্য সদস্যদের নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন তাঁরা। মেসি কাণ্ড থেকে শিক্ষা নিয়ে শহরে আগাম আগমন ব্রাজিলের নিজস্ব নিরাপত্তা দলের। গত বছর ডিসেম্বরে কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। সল্টলেক স্টেডিয়ামে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয় পুলিশ। চূড়ান্ত অব্যবস্থার জন্য মেসি মাত্র ২৫ মিনিট স্টেডিয়ামে থাকার পর বেরিয়ে যান। অবশ্য এখন সরকার বদলেছে। তৃণমূল আমলের মতো বিশৃঙ্খলা এড়াতে সদা সক্রিয় শুভেন্দু-সরকার। মেসি ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই কারণেই ব্রাজিলও এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে। নিরাপত্তা আরও জোরদার করতে অনুশীলন মাঠের চারপাশে নতুন ফেন্সিংও বসানো হচ্ছে। ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় কলকাতা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share