মাধ্যম নিউজ ডেস্ক: রাতের ট্রেনযাত্রায় অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে বড় পদক্ষেপ ভারতীয় রেলের (Indian Railways)। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করার পাশাপাশি আচমকা পরিদর্শনের নির্দেশও দিয়েছে রেল বোর্ড। সম্প্রতি ট্রেনের কামরায় মোবাইল ফোন ও পাওয়ার ব্যাঙ্কে (Railways Bans Mobile Charging) আগুন লাগার একাধিক ঘটনার পরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ছয় ঘণ্টা চার্জিং পয়েন্ট বন্ধ
রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট ছয় ঘণ্টা চার্জিং পয়েন্ট বন্ধ রাখা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে ট্রেনে কর্তব্যরত কর্মীদের। এই নিয়মে কোনও ব্যতিক্রম বরদাস্ত করা হবে না বলেও নির্দেশে জানানো হয়েছে। পাশাপাশি রেলকর্মীদের সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের উপরেও জোর দেওয়া হয়েছে। গত ২৪ অক্টোবর মুম্বই-হাওড়া মেলে এমনই একটি ঘটনা ঘটে। দক্ষিণ-পূর্ব রেলের অধীন ওই ট্রেনের একটি এসি কামরায় রাতে চার্জে বসানো অবস্থায় এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরিত হয়। রেল বোর্ডের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ে চার্জিং পয়েন্ট বন্ধ না করার কারণেই ওই ঘটনা ঘটেছিল। এরপরেই নিরাপত্তা বিধি কার্যকর করার বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে রেল।
কেন বিপজ্জনক পাওয়ার ব্যাঙ্ক?
পাওয়ার ব্যাঙ্কে সাধারণত লিথিয়াম-আয়ন অথবা লিথিয়াম-পলিমার ব্যাটারি থাকে। ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে, অতিরিক্ত গরম হয়ে গেলে কিংবা ভিতরে কোনও বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে তা থেকে আগুন লাগতে পারে। কিছু ক্ষেত্রে ব্যাটারি বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে। ব্যাটারির তাপমাত্রা দ্রুত বেড়ে গিয়ে আগুন ধরে যাওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ‘থার্মাল রানঅ্যাওয়ে’। এ ছাড়া বালিশের নীচে, বিছানার মধ্যে কিংবা ঠাসাঠাসি ব্যাগের ভিতরে রেখে পাওয়ার ব্যাঙ্ক চার্জ করলে তাপ বেরিয়ে যাওয়ার পথ বাধাপ্রাপ্ত হতে পারে। ফলে যন্ত্রটি অতিরিক্ত গরম হয়ে উঠলেও তা সহজে নজরে নাও আসতে পারে। ট্রেনের কামরায় এ ধরনের দুর্ঘটনা আরও বিপজ্জনক। কারণ, রাতে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকেন। ফলে ধোঁয়া বা আগুনের সূত্রপাত হলেও তা বুঝতে দেরি হতে পারে। বন্ধ কামরায় ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শিশু ও প্রবীণ যাত্রীদের ক্ষেত্রে বিপদের আশঙ্কা বেশি।
কেন রাতে বন্ধ থাকবে চার্জিং পয়েন্ট?
দীর্ঘ দূরত্বের ট্রেনযাত্রায় মোবাইল ফোন, ট্যাবলেট ও পাওয়ার ব্যাঙ্ক চার্জ করার জন্য যাত্রীরা কামরার চার্জিং পয়েন্টের উপর নির্ভর করেন। আধুনিক মোবাইল ফোন ও পাওয়ার ব্যাঙ্কে সাধারণত চার্জ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। তাই দীর্ঘক্ষণ চার্জে থাকলেই যে বিপদ ঘটবে, এমন নয়। তবে যন্ত্রে কোনও ত্রুটি দেখা দিলে নজরদারি না থাকার কারণে দুর্ঘটনা শনাক্ত করতে দেরি হতে পারে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকেন। এই সময় চার্জিং পয়েন্ট বন্ধ রাখলে চার্জিং সংক্রান্ত দুর্ঘটনা এবং সম্ভাব্য অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করছে রেল।
যাত্রীদের কী কী সতর্কতা নেওয়া উচিত?
রেলের নির্দেশ কার্যকর করার দায়িত্ব কর্মীদের হলেও যাত্রীদেরও কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে—
- ● মোবাইল ও পাওয়ার ব্যাঙ্ক চার্জ করার জন্য আসল বা উপযুক্ত চার্জার এবং অক্ষত কেবল ব্যবহার করুন।
- ● ফুলে যাওয়া, ক্ষতিগ্রস্ত বা অস্বাভাবিক গরম হয়ে ওঠা ফোন কিংবা পাওয়ার ব্যাঙ্ক চার্জ করবেন না।
- ● চার্জে থাকা ফোন বা পাওয়ার ব্যাঙ্ক বালিশ, কম্বল কিংবা বিছানার নীচে রাখবেন না।
- ● চার্জ দেওয়ার সময় যন্ত্রের তাপমাত্রা ও অস্বাভাবিক গন্ধের দিকে নজর রাখুন।
- ● কোনও যন্ত্র থেকে ধোঁয়া বেরোতে দেখলে বা আগুন লাগলে দ্রুত ট্রেনের কর্মীদের জানান।
রেলের এই পদক্ষেপের মূল লক্ষ্য, রাতের যাত্রায় বৈদ্যুতিক ত্রুটি বা ব্যাটারিজনিত দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করা।

Leave a Reply