মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের প্রাচীন ঐতিহ্যে ‘সপ্তসিন্ধু’র এক বিশাল মাহাত্ম্য রয়েছে। সাতটি নদীর অববাহিকাতেই গড়ে উঠেছিল প্রাচীন ভারতের সভ্যতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Independence Day) দেশের ৮০ তম স্বাধীনতা দিবসে সেই আদি রসটাকেই ফিরিয়ে আনতে চাইলেন আধুনিক অর্থনীতির ময়দানে। স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী দিনে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গেলে যে নতুন গতির প্রয়োজন, তার মূল চালিকাশক্তি হবে এই ‘সপ্তধারা’ (PM Modi Saptdhara Vision)। তাঁর কথায়, “বিগত সাত দশকে যা সম্ভব হয়নি, আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই সপ্তধারার শক্তিতে আমরা সেই অধরা স্বপ্ন সত্যি করব।”
সাত দফা সংস্কার কর্মসূচি
৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘শক্তির সপ্তধারা’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সপ্তসিন্ধুর প্রসঙ্গ টেনে জানিয়েছেন, এই সাতটি ধারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার যে লক্ষ্য স্থির করেছে মোদি সরকার, তার কান্ডারি হয়ে থাকবে সাত শক্তি। মোদি জানিয়েছেন, স্বপ্ন সফল করার জন্য সাতটি ক্ষেত্রেই জোর দেওয়া হচ্ছে। দেশের উন্নয়নের লক্ষ্যে সাত দফা সংস্কার কর্মসূচির কথা বলেছেন মোদি।
উৎপাদন শক্তি: এই কর্মসূচির মধ্যে প্রথমেই রয়েছে উৎপাদন শক্তি। দেশের নানা প্রান্তে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে জোর দেবে সরকার। তবেই বিকাশের পথ প্রশস্ত হবে। প্রধানমন্ত্রী কথায়, দুনিয়া যখন কেবল নিজের কথা ভাবছে, তখন ভারত শুধু অন্যের তৈরি জিনিসের বাজার হয়ে বসে থাকতে পারে না। খরচে, গুণমানে আর বিপুল উৎপাদনে ভারতীয় পণ্যকে বিশ্বের দরবারে সেরা হতে হবে। ভারতকে হয়ে উঠতে হবে বিশ্বের অন্যতম প্রধান জোগানদার বা গ্লোবাল সাপ্লায়ার।
কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ: ভারতের মাটি ও কৃষকের হাতে যে জাদু আছে, তাকে বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই দ্বিতীয় লক্ষ্য। এখন আর কেবল দেশের পেট ভরানো নয়, ভারতীয় কৃষকের উৎপাদিত ফসল যাবে বিদেশের বাজারে। ফ্রি ট্রেড চুক্তিগুলোকে কাজে লাগিয়ে ভারতীয় মশলা, মিলেট, ট্র্যাডিশনাল খাবার, শাকসবজি আর ফুলকে বিশ্বের দরবারে এক একটি বিশ্বমানের ‘ব্র্যান্ড’ করে তোলাই এখন আসল চ্যালেঞ্জ।
প্রযুক্তি ও উদ্ভাবন: প্রযুক্তির মাঠে ভারত যে পিছিয়ে নেই, তা ইউপিআই (UPI) আর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার দিয়েই প্রমাণ হয়ে গেছে। কিন্তু মোদীর চোখ এখন আরও দূরে। এআই (AI), কোয়ান্টাম টেকনোলজি, স্পেস, রোবোটিক্স এবং ডেটা সেন্টারের মতো ভবিষ্যতের প্রযুক্তিকে ভারতে ডানা মেলতে হবে। লক্ষ্য একটাই – দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘মেড ইন ইন্ডিয়া’ ৬জি যেন পৌঁছে যায় ভারতের শেষ প্রান্তের মানুষটির কাছেও।
গতিশক্তি: যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে উন্নয়ন অধরাই থেকে যায়। তাই গতিশক্তি প্রকল্পে জোর দেওয়া হচ্ছে দেশের আধুনিকতম গণপরিবহনে। বুলেট ট্রেন ও হাই-স্পিড রেলে যেমন শহরের সঙ্গে শহর জোড়া হবে, ঠিক তেমনই নজর থাকবে ‘পোর্ট-লেড ডেভেলপমেন্ট’ বা বন্দরভিত্তিক বাণিজ্যের ওপর।
প্রতিরক্ষা: ভারতের প্রতিরক্ষা খাতকে স্বাবলম্বী করা এই রূপরেখার অন্যতম প্রধান লক্ষ্য। বিদেশ থেকে স্রেফ আধুনিক যুদ্ধাস্ত্র কিনে আনা নয়, ভারত নিজে সেই সমস্ত হাইপারসনিক প্রযুক্তির অস্ত্র তৈরি করবে এবং বিশ্বের বাজারে অন্যতম বড় সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে।
অর্থনীতি: অর্থনীতির ক্ষেত্রে দু’ধরনের বিষয়ে জোর দেওয়ার কথা বলেছেন মোদি— পরিবেশবান্ধব অর্থনীতি (গ্রিন ইকোনমি) এবং সমুদ্রবান্ধব অর্থনীতি (ব্লু ইকোনমি)। প্রথমটির ক্ষেত্রে পরিবেশের ক্ষতি না-করে কর্মসংস্থান তৈরি এবং অর্থনৈতিক অগ্রগতির উপায় সন্ধান হবে সরকারের প্রাধান্য। দ্বিতীয় ক্ষেত্রে সমুদ্র, নদী বা যে কোনও জলাশয়ের জলকে কাজে লাগিয়ে অর্থনীতির উন্নয়নের কথা বলা হয়। তবে সমুদ্র বা পরিবেশের ক্ষতি না করা এ ক্ষেত্রেও সরকারের অন্যতম অগ্রাধিকার।
সফ্ট পাওয়ার: সফ্ট পাওয়ার বলতে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি এবং বিভিন্ন দেশের সঙ্গে কূটনীতির মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার কথা বলা হয়। মোদf উল্লেখ করেছেন যোগা, আয়ুর্বেদ এবং পর্যটনের কথা। সামরিক শক্তি প্রয়োগ না করেই এগুলির মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। মোদি সেই ক্ষমতার কথাই স্মরণ করিয়ে দিয়েছেন স্বাধীনতা দিবসের উদ্যাপনে। হস্তশিল্প, চলচ্চিত্র, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং এবং ডিজিটাল কন্টেন্টকে কাজে লাগিয়ে ভারতের সৃজনশীল অর্থনীতিকে গ্লোবাল ব্র্যান্ড করার কথা বলেছেন তিনি। বিদেশি শিল্পীদের ভারতে পারফর্ম করার ইচ্ছার কথা উল্লেখ করে দেশের ক্রমবর্ধমান ‘কনসার্ট ইকোনমি’-র কথাও তুলে ধরেন তিনি।
‘পাঁচ প্রতিজ্ঞা’ থেকে ‘সপ্তসিন্ধু’
এর আগে ২০২২ সালে দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে ‘পাঁচ প্রতিজ্ঞা’-র কথা বলেছিলেন মোদি। এ বার শক্তির সপ্তধারায় জোর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করলেন প্রধানমন্ত্রী। মোদি কেবল পরিকল্পনার কথা বলেই থেমে থাকেননি, ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী এক দশকের মধ্যে বিশ্বের ‘ফর্চুন ৫০০’ তালিকায় ভারতের ৫০টি কোম্পানিকে দেখতে চান তিনি। পাশাপাশি বিশ্বের শীর্ষ ৫টি ব্যাঙ্কের মধ্যে অন্তত একটি ভারতীয় ব্যাঙ্ক এবং বিশ্বের ৫টি বৃহত্তম ফার্মা কোম্পানির মধ্যে একটি ভারতীয় ফার্মা কোম্পানি থাকার লক্ষ্যমাত্রা স্থির করেছেন। সবশেষে প্রধানমন্ত্রী প্রশাসন এবং সংস্কারের ওপর জোর দিয়ে জানান, পুরনো নিয়ম ও নীতি দিয়ে ভারত আর চলতে পারে না, ২০৪৭-এর উচ্চাকাঙ্ক্ষার কথা মাথায় রেখে নতুন নিয়ম তৈরি করতে হবে।

Leave a Reply