মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা পুর এলাকায় তৃণমূল জমানায় ছাড় পাওয়া সব নির্মাণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তারাতলার ঘটনাস্থল খতিয়ে দেখে এসে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কলকাতা পুরসভার (KMC) আগের বোর্ডে ছাড়পত্র পাওয়া সমস্ত বাণিজ্যিক নির্মাণের কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিটি নির্মাণকাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে একটি প্রতিনিধিদল। সেই দলকে নেতৃত্ব দেবেন মুখ্যসচিব। তারাতলা এলাকায় নির্মীয়মাণ শেড ভেঙে পড়ার ঘটনার জেরেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই কলকাতা পুরসভার তরফে নির্মাণ বন্ধ রাখা সংক্তান্ত পাবলিক নোটিস জারি করা হয়।
তারাতলার গুদামে প্ল্যানে ত্রুটি
তারাতলার শেড দুর্ঘটনার প্রাথমিক তদন্তে প্ল্যানে ত্রুটি থাকার বিষয়টি সামনে এসেছে। প্ল্যান অনুমোদনের সঙ্গে যুক্ত পুরসভার আধিকারিকদের তালিকাও ইতিমধ্যে তৈরি করেছে লালবাজার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারাতলা বিপর্যয়ের আসল কারণ তদন্ত সাপেক্ষ। তবে ত্রুটিপূর্ণ নকশার জেরেই নির্মীয়মাণ গুদাম ও কোল্ড স্টোরেজটি ভেঙে পড়েছে বলেই প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন। আর সেই কারণেই তৃণমূল আমলে পাশ হওয়া বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কলকাতার তারাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনের পরেই নবান্নে চলে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তৃণমূল জমানায় অনুমোদিত বিল্ডিং প্ল্যান পরীক্ষা
তৃণমূল জমানায় অনুমোদিত বিল্ডিং প্ল্যান যথাযত ছিল কি না, এবং ঠিক থাকলে সেই প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে কি না, তা খতিয়ে দেখবে পুরসভা, কেএমডিএ, পূর্ত, দমকল, অসামরিক প্রতিরক্ষা ও পুলিশ আধিকারিকদের নিয়ে গঠিত একটি বিশেষ দল। তদন্ত রিপোর্টে কোনো সমস্যা না উঠে এলে, ১ আগস্ট থেকে ফের চালু করা যবে বাকি থাকা নির্মাণ কাজ। যা নিয়ে ‘পাবলিক নোটিস’ও জারি করেছে কলকাতা পুরসভা। শুভেন্দু জানান, তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বাড়ি বা বহুতলের নকশা (বিল্ডিং প্ল্যান) অনুমোদিত হয়েছিল, সেগুলির নির্মাণকাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে একটি প্রতিনিধিদল। শুভেন্দুর কথায়, “কলকাতা পুর এলাকায় বাণিজ্যিক, জলাশয় বুঝিয়ে হওয়া নির্মাণগুলি আপাতত ৩১ জুলাই পর্যন্ত কাজ বন্ধ থাকবে।”
নিয়মের আওতা থেকে বাদ
এই নিয়মের আওতায় পড়বে না হাসপাতাল, দমকল, মেট্রো, সেনার মতো জরুরি পরিষেবা ক্ষেত্রের নির্মাণ কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি তারাতলায় ওই বহুতলের নকশার অনুমোদন দেয় পুরসভা। মাত্র ৫ মাসের মাথায় বুধবার ১২টা ৭ মিনিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তারাতলার তিনতলাক গুদাম। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। খবর পাওয়া মাত্রই একের পর এক মন্ত্রী ঘটনাস্থলে যান। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকাজের প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপরই তৃণমূল জমানায় পাশ হওয়া প্ল্যান নিয়ে সংশয় প্রকাশ করে বিশেষ দল গঠনের কথা জানান শুভেন্দু।
কারা থাকবেন রাজ্যের গঠিত দলে
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুরসভার তত্বাবধানে একটি বিশেষ কমিটি প্ল্যান খতিয়ে দেখবে। এই প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের পূর্ত, অসামরিক প্রতিরক্ষা দফতর, দমকল, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার আধিকারিকেরা। তাঁরা বাড়ির নকশা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। যাঁরা নিয়ম মেনে কাজ করছেন, তাঁরা ১ আগস্ট থেকে আবার কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সময় নষ্ট না করে দ্রুত সেনা এবং এনডিআরএফকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এবিষয়ে পুর্বতন সরকারের সেনার সাহায্য নেওয়া নিয়ে সংশয় থাকার ঘটনা নিয়েও কটাক্ষ শোনা গিয়েছে শুভেন্দুর গলায়।
হাওড়া-বিধাননগরেও এক নিয়ম!
আপাতত কলকাতার ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তীতে হাওড়া এবং বিধাননগরের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সেই সিদ্ধান্ত তিনি পুর ও নগরোন্নয়ন দফতরের উপর ছেড়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারাতলায় যে গুদামের কাঠামো ভেঙে পড়েছে, সেটি পোর্ট ট্রাস্টের জমি। সেই জমি লিজ নিয়েছিলেন বেহরা ব্রাদার্স নামক সংস্থার মালিক শম্ভুনাথ বেহরা। তারাতলার ঘটনায় সরকার কী কী আইনি পদক্ষেপ করবে, হতাহতদের পরিবার কতটা ক্ষতিপূরণ পাবে, তা বিধানসভায় জানাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, “প্রাথমিক ভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারেরা জানিয়েছেন (গুদামের) ত্রুটিযুক্ত নকশা (প্ল্যান) ছিল। প্রযুক্তিগত বিষয় সম্পর্কে অবহিত মানুষেরা কাজ করছেন।”
আজ, বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি
তারাতলার ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মারা যাওয়ার খবর মিলেছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে মোট ১৮ জনকে। মোট ২০টি অ্যাম্বুল্যান্স উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে। তারাতলা থেকে আহতদের উদ্ধারের পর গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। সেখানে আপাতত চিকিৎসাধীন মোট ৮ জন। তাঁরা হলেন দুর্বাশা মাল্লান, মণিচাঁদ কুমার, শাহিদ কুমার, রাজেশ রুইদাস, বিশ্ব প্রকাশ, বোদন মুণ্ডা, রাজেন্দ্র রাও, রামপ্রসাদ চৌধুরী। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এসএসকেএমে জখমদের চিকিৎসার দিকে নজর রেখেছেন। বিপর্যয়স্থলেও খোলা হয়েছে একটি মেডিক্যাল ক্যাম্প। আজ, বৃহস্পতিবার বেলা ১১টার সময় বিধানসভায় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন বলে জানান।

Leave a Reply