TMC Bank Account: ট্রাভেল এজেন্সি থেকে চার্টার্ড ফ্লাইট, ইডির নজরে দলীয় তহবিলের খরচ, শহরজুড়ে হানা

ed-searches-tmc-bank-accounts-charter-flight-fund-probe

মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা বিপুল অঙ্কের অর্থের উৎস ও সেই টাকা কীভাবে ব্যয় হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্তে গতি বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সল্টলেক, রাজারহাট, রাধাবাজার সহ কলকাতার পাঁচটি পৃথক স্থানে একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের নজরে রয়েছে দলীয় তহবিল থেকে বিমান ভ্রমণ, চার্টার্ড ফ্লাইট ব্যবহার, হোটেল বুকিং-সহ বিভিন্ন আর্থিক লেনদেন।

ট্রাভেল এজেন্সিতে ইডির অভিযান

সূত্রের খবর, লালবাজার সংলগ্ন রাধাবাজার এলাকার একটি ট্রাভেল এজেন্সি এবং নিউটাউনে একই সংস্থার আরেকটি অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। সংশ্লিষ্ট সংস্থা বিমানের টিকিট, হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, বিদেশি মুদ্রা বিনিময় এবং চার্টার বিমান পরিষেবার সঙ্গে যুক্ত। তদন্তকারীরা জানতে চাইছেন, দলীয় তহবিল থেকে কার কার বিমান সফরের খরচ বহন করা হয়েছে, চার্টার ফ্লাইটের জন্য কত টাকা দেওয়া হয়েছে এবং সেই ব্যয়ের নথিপত্রে কোনও অসঙ্গতি রয়েছে কি না।

৪৪০ কোটি টাকার তিন অ্যাকাউন্ট ফ্রিজ

তদন্তের কেন্দ্রে রয়েছে তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে মোট প্রায় ৪৪০ কোটি টাকা থাকার তথ্য সামনে এসেছে। সম্প্রতি দলীয় একাংশের অভিযোগের পর ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়। এই ঘটনাকে ঘিরে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয় এবং সেই তদন্তের পাশাপাশি ইডিও গত প্রায় ১৫ দিন ধরে প্রাথমিক অনুসন্ধান চালানোর পর পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

টাকার উৎস ও ব্যয়ের খতিয়ান খুঁজছে তদন্তকারী সংস্থা

ইডির মূল লক্ষ্য, দীর্ঘদিন ধরে ওই অ্যাকাউন্টগুলিতে জমা হওয়া অর্থের উৎস নির্ধারণ করা। পাশাপাশি দলীয় তহবিল থেকে কোথায় কোথায় অর্থ ব্যয় হয়েছে, বিশেষ করে বিমান ভ্রমণ, চার্টার পরিষেবা এবং অন্যান্য বড় অঙ্কের লেনদেনের নথি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সূত্রের দাবি, নির্দিষ্ট কয়েকটি এভিয়েশন সংস্থার অ্যাকাউন্টে দলীয় তহবিল থেকে বড় অঙ্কের অর্থ স্থানান্তরের তথ্যও যাচাই করা হচ্ছে। যদিও এই সমস্ত বিষয় এখনও তদন্তাধীন এবং এ বিষয়ে ইডির তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়েও খোঁজখবর

তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেশ-বিদেশ সফরের খরচ সম্পর্কিত নথিও খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারী সূত্রের দাবি। কতবার চার্টার্ড বিমানে যাতায়াত হয়েছে, সেই সফরের ব্যয় কোন উৎস থেকে মেটানো হয়েছে এবং দলীয় তহবিল ব্যবহার করা হয়েছে কি না—এসব বিষয়েও তথ্য সংগ্রহ করছে ইডি। তবে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইডির নজরে কেয়ারওয়েল অ্যাভিয়েশন

মঙ্গলবার সকালেই ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামে একটি সংস্থাকে ঘিরে তদন্তে সক্রিয় হয় ইডি। সংস্থার দুই ডিরেক্টর পবন জাজু ও রাজেশ জাজুর সল্টলেকের বাসভবনে পৌঁছে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। সূত্রের দাবি, এই সংস্থার বিমান অতীতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পূর্বতন শাসক দলের একাধিক নেতা ব্যবহার করতেন। এমনকি, কেয়ারওয়েল অ্যাভিয়েশনের অফিসেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। পাশাপাশি, রাধাবাজারে সংস্থার আরও একটি অফিসেও অভিযান চলছে। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, তৃণমূলের দলীয় তহবিলের অর্থ ব্যবহার করে এই সংস্থার বিমান ভাড়া নেওয়া হয়েছিল কি না, সেই আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলার যোগ খতিয়ে দেখা হচ্ছে

ইডি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত থেকেই দলীয় অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেন নিয়ে অনুসন্ধান শুরু হয়। তদন্তকারীরা এখন যাচাই করছেন, অভিযোগে উল্লিখিত নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার বা অন্যান্য আর্থিক অনিয়মের সঙ্গে যুক্ত কোনও অর্থ ওই অ্যাকাউন্টগুলিতে জমা পড়েছিল কি না। তবে এই অভিযোগগুলির কোনওটিই এখনও আদালতে প্রমাণিত নয়। তদন্তকারী সংস্থা সমস্ত নথি, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই করার পরই পরবর্তী পদক্ষেপ নেবে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share