Microsoft Crisis: ২৪ ঘণ্টা ধরে বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবায় বিপর্যয়, গ্রাহকদের কাছে ক্ষমা চাইল সংস্থা

microsoft apologises after global outage hits key services

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে প্রযুক্তি পরিষেবায় বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল মাইক্রোসফট (Microsoft Crisis)। আউটলুক (Outlook), মাইক্রোসফট টিমস (Microsoft Teams), মাইক্রোসফট ৩৬৫ (Microsoft 365) এবং কো-পাইলট (Copilot)-সহ সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা দীর্ঘ সময় ধরে অচল হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েন লক্ষ লক্ষ গ্রাহক। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিভ্রাটের প্রভাব ছড়িয়ে পড়ে আমেরিকা-সহ বিশ্বের অন্তত ৭৪টি দেশে। প্রায় ১৮ থেকে ২৪ ঘণ্টা ধরে বিভিন্ন পরিষেবা ব্যাহত থাকায় ব্যক্তিগত কাজ থেকে শুরু করে ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দফতর এবং বিমান পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও প্রভাব পড়ে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পর বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট।

আন্তরিকভাবে দুঃখিত মাইক্রোসফট

শুক্রবার সংস্থার তরফে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই বিভ্রাটের কারণে গ্রাহক এবং পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে যে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। মাইক্রোসফটের বক্তব্য, তাদের পরিষেবার উপর কোটি কোটি গ্রাহকের আস্থা রয়েছে। সেই আস্থার মর্যাদা রক্ষা করা এবং পরিষেবার নির্ভরযোগ্যতা বজায় রাখা সংস্থার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই পরিষেবাগুলির স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে এবং বেশ কিছু ক্ষেত্রে স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে।

কী কারণে এমন বড়সড় বিপর্যয়

কী কারণে এমন বড়সড় বিপর্যয় ঘটল, তা নিয়েও মুখ খুলেছে মাইক্রোসফট। সংস্থার দাবি, এই ঘটনার পিছনে কোনও ধরনের সাইবার হামলা বা নিরাপত্তা সংক্রান্ত অনুপ্রবেশের ঘটনা নেই। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কোনও ত্রুটিও এই বিভ্রাটের জন্য দায়ী নয়। মূলত নেটওয়ার্কের ক্ষমতা বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের জন্য নেওয়া একটি পদক্ষেপের সময় কারিগরি ত্রুটি দেখা দেয়। সেই প্রযুক্তিগত সমস্যার জেরেই একের পর এক পরিষেবা ব্যাহত হতে শুরু করে। মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, নেটওয়ার্ক আপগ্রেডের প্রক্রিয়ায় তৈরি হওয়া এই ত্রুটির প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে সংস্থার একাধিক পরিষেবায়।

পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে

মাইক্রোসফটের কো-পাইলট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস লামান্নাও বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর কথায়, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য গোটা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। তাঁর দাবি, ধীরে ধীরে পরিষেবার স্বাভাবিক অবস্থা ফিরছে। বিশেষ করে ইমেল পরিষেবা আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলছে। তবে সমস্ত পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে ঠিক কতটা সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাতে পারেনি সংস্থা।

পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে একটু সময় লাগবে

পরিষেবা পুনরুদ্ধারের ক্ষেত্রেও সতর্ক পদক্ষেপ করছে মাইক্রোসফট। সংস্থার বক্তব্য, বিপুল সংখ্যক ব্যবহারকারী একসঙ্গে পরিষেবায় ফিরে আসার চেষ্টা করায় সমস্ত সার্ভার একযোগে চালু করা হচ্ছে না। পরিবর্তে ধাপে ধাপে সার্ভার এবং সংশ্লিষ্ট পরিকাঠামো সক্রিয় করা হচ্ছে। প্রতিটি পর্যায়ে সার্ভারের কার্যক্ষমতা ও স্থিতিশীলতা পরীক্ষা করে তবেই পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে। এর ফলে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে এই পদ্ধতির মাধ্যমে নতুন করে প্রযুক্তিগত সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা কমানো সম্ভব হবে বলে মনে করছে সংস্থা।

পরিষেবা সংক্রান্ত অভিযোগ

এই বিভ্রাটের ব্যাপকতা কতটা ছিল, তা স্পষ্ট হয়েছে পরিষেবা সংক্রান্ত অভিযোগের পরিসংখ্যানেও। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিভ্রাট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই বিশ্বের ৭২টি দেশের প্রায় ৪৩ হাজার ব্যবহারকারী আউটলুক পরিষেবা নিয়ে অভিযোগ জানান। আমেরিকার ইস্টার্ন টাইম অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ আউটলুক সংক্রান্ত অভিযোগের সংখ্যা বেড়ে প্রায় ১ লক্ষ ৩৮ হাজারে পৌঁছে যায়। পরবর্তীতে সেই সংখ্যা কমে ৩৪ হাজার ৪৯০-এ দাঁড়ায়। মাইক্রোসফট টিমস (Microsoft Teams), মাইক্রোসফট ৩৬৫ (Microsoft 365) -এর ক্ষেত্রেও হাজার হাজার ব্যবহারকারী পরিষেবা ব্যবহারে সমস্যার কথা জানান।

বিশ্বজুড়ে বিমান চলাচলে প্রভাব

শুধু মাইক্রোসফটের নিজস্ব পরিষেবাতেই সীমাবদ্ধ থাকেনি এই বিপর্যয়। সংস্থার ক্লাউড পরিকাঠামোর উপর নির্ভরশীল একাধিক প্রযুক্তি পরিষেবাতেও এর প্রভাব পড়ে। এমনকি ওপেন এআই (OpenAI) এবং অ্যানথ্রপিক (Anthropic)-এর মতো সংস্থার এআই পরিষেবা ব্যবহারের ক্ষেত্রেও সমস্যার খবর সামনে আসে। পাশাপাশি বিশ্বজুড়ে বিমান চলাচল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকর্মেও প্রভাব পড়ে বলে জানা গিয়েছে। অফিসের ইমেল আদানপ্রদান, অনলাইন বৈঠক, নথি তৈরি ও সংরক্ষণ এবং অন্যান্য ডিজিটাল কাজের জন্য মাইক্রোসফট ৩৬৫ (Microsoft 365)-এর উপর নির্ভরশীল বহু ব্যবহারকারীকে বিকল্প ব্যবস্থার সাহায্য নিতে হয়।

বিশ্বজুড়ে প্রযুক্তি পরিকাঠামোর উপর প্রভাব

এই ঘটনা ফের একবার বিশ্বজুড়ে প্রযুক্তি পরিকাঠামোর উপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বর্তমানে বিশ্বের অসংখ্য সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দফতর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেদের দৈনন্দিন কাজের জন্য ক্লাউড পরিষেবার উপর নির্ভরশীল। ফলে একটি বড় প্রযুক্তি সংস্থার নেটওয়ার্ক বা সার্ভারে সামান্য ত্রুটি দেখা দিলেও তার প্রভাব যে মুহূর্তের মধ্যে একাধিক দেশ ও পরিষেবায় ছড়িয়ে পড়তে পারে, মাইক্রোসফটের এই বিভ্রাট তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

গোটা ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে রিপোর্ট

গোটা ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের আশ্বাস দিয়েছে মাইক্রোসফট। কেন নেটওয়ার্ক আপগ্রেডের সময় এই ধরনের ত্রুটি তৈরি হল, কীভাবে তার প্রভাব এত দ্রুত ছড়িয়ে পড়ল এবং ভবিষ্যতে একই ধরনের বিপর্যয় এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়গুলি রিপোর্টে তুলে ধরা হবে বলে জানিয়েছে সংস্থা। আপাতত ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করার পাশাপাশি পরিকাঠামোর স্থিতিশীলতা নিশ্চিত করাই মাইক্রোসফটের প্রধান লক্ষ্য।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share