মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরেই দেশে ফিরতে চান তিনি। ২০২৪ সালের অগাস্টে বাংলাদেশে হিংসাত্মক গণবিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক বিমানে চেপে ভারতে আশ্রয় নিয়েছিলেন হাসিনা। দু’বছরেরও বেশি সময় পরে (India) তাঁর প্রত্যাবর্তন ঘিরে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে খবর। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, হাসিনার (Sheikh Hasina Safety) দেশে ফেরার পথ সুগম করতে বাংলাদেশের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। তবে প্রত্যাবর্তনের আগে দু’টি বিষয়ে নিশ্চয়তা চায় ভারত। এক, হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুই, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে চলা মামলায় ন্যায়বিচার এবং নতুন করে নিরপেক্ষ বিচারের সুযোগ দিতে হবে।
গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে ভারতের বিদেশ মন্ত্রক এবং সামরিক বাহিনীর কয়েকটি সূত্রের উল্লেখ করা হয়েছে। যদিও সূত্রগুলির পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেশ কিছুদিন ধরেই নির্বাসিত জীবন থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর একটি বাস্তবসম্মত পথ খুঁজছে নয়াদিল্লি। তাঁর নিরাপত্তা এবং আইনি অধিকার সুনিশ্চিত করার বিষয়টিও আলোচনার অন্তর্ভুক্ত। তবে এই প্রতিবেদন সম্পর্কে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনও মন্তব্য করতে চাননি। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, এই বিষয়ে তাঁর কিছু বলার নেই। বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও এখনও পর্যন্ত এই খবরের সত্যতা স্বীকার করেনি বা আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া দেয়নি।
হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মুখ খুলল না বিদেশ মন্ত্রক (India)
শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢাকাকে কি সামরিক বিমান পাঠানোর প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি? একই সঙ্গে ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনাকে আপিল করার সুযোগ এবং নতুন করে বিচারের নিশ্চয়তা দেওয়ার দাবিও ভারত জানিয়েছে কি না, তা জানতে চান এক সাংবাদিক। জবাবে জয়সওয়াল বলেন, “এই বিষয়ে আমার কিছু বলার নেই।” ওই প্রতিবেদনটি বাংলাদেশের প্রায় এক ডজন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তবে ভারত কিংবা বাংলাদেশের কোনও সরকারই এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় কোনও দেশ!
এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক শুক্রবার সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে দাবি করেন, শেখ হাসিনাকে আশ্রয় দিতে কোনও দেশই আগ্রহ প্রকাশ করেনি।
পোস্টে নাজমুল হক লেখেন, “ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ফিনল্যান্ড, আমেরিকা, বেলারুশ, কাতার—এমনকী আফ্রিকার কোনও একটি দেশও গণহত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিকে আশ্রয় দিতে রাজি নয়।”
এর পরেই তিনি দাবি করেন, হাসিনার সামনে একের পর এক প্রত্যাবর্তনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, শেষ পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূল স্তরের কর্মী ও সমর্থকদের রক্তের উপর ভরসা করেই বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন (India) হাসিনা।
বাংলাদেশ সরকারের সঙ্গে প্রথম যোগাযোগ হাসিনার
নির্বাসিত হওয়ার পর বাংলাদেশের সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে গত ৯ নভেম্বর প্রথম পদক্ষেপ করেন শেখ হাসিনা। নতুন পাসপোর্ট এবং ভ্রমণ সংক্রান্ত নথির জন্য তিনি আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ঢাকার তরফে ইতিবাচক সাড়া মেলেনি। বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক নেতা ইতিমধ্যেই ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন।
প্রাক্তন ভারতীয় কূটনীতিক বীণা সিকরি মনে করেন, হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে বাংলাদেশের সরকার অত্যন্ত কঠোর এবং অযৌক্তিক অবস্থান গ্রহণ করছে।
অন্যদিকে, ঢাকার প্রবীণ সাংবাদিক স্বদেশ রায়ের মতে, পাসপোর্টের জন্য আবেদন করে বাংলাদেশের সরকারের কাছে প্রথম রাজনৈতিক পদক্ষেপটি করেছেন হাসিনা। উল্লেখ্য, বাংলাদেশের আদালত ইতিমধ্যেই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। অন্যদিকে, ঢাকা বারবার তাঁর প্রত্যর্পণের দাবি জানালেও নয়াদিল্লি এখনও সেই দাবি মেনে নেয়নি। তাই আপাতত ভারতেই রয়েছেন বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী।
হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দিল্লির সঙ্গে সমঝোতা?
ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ভারতে আসার পর থেকেই হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নয়াদিল্লির অবস্থান তাঁকে বিভিন্ন সময়ে জানানো হয়েছে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে তাঁকে আশ্রয় দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশের প্রত্যর্পণের দাবি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি তৈরি করেছে।
ভারতের নীতিনির্ধারকদের একাংশ মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনরুজ্জীবন ঘটাতে হলে হাসিনাকে দেশে ফিরে দলের দায়িত্ব নিতে হবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই ভারতের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিত।
সংবাদ মাধ্যমের দাবি, ভারতে আশ্রয় নেওয়া বিদেশি অতিথিদের সঙ্গে নিয়মিত আলোচনা ও মতবিনিময় করে ভারত সরকার। হাসিনার সঙ্গেও এমন আলোচনা হয়েছে। সেই সূত্রেই প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।
প্রতিবেদনটির দাবি, দুই পক্ষের মধ্যে একটি বোঝাপড়া তৈরি হওয়ার পরেই ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ্যে (India) জানান হাসিনা।
বাংলাদেশের প্রত্যর্পণের দাবি সত্ত্বেও ভারত কেন এখনও তাঁকে ফেরত পাঠায়নি, তার ব্যাখ্যা দিতে গিয়ে ভারতের সঙ্গে হাসিনার দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। গত বছর ডিসেম্বরে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ শশী থারুরও বলেছিলেন, “শেখ হাসিনার ক্ষেত্রে ভারত দীর্ঘদিনের বন্ধুকে জোর করে ফিরিয়ে না পাঠিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে।”
হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দু’টি শর্ত
প্রতিবেদন অনুযায়ী, হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে বাংলাদেশের কাছে দু’টি প্রধান নিশ্চয়তা চাইছে ভারত।
প্রথম শর্তটি বাংলাদেশের সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে। ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক বিমানে চেপেই ভারতে এসেছিলেন হাসিনা। এবারও তাঁর প্রত্যাবর্তনের দায়িত্ব বাংলাদেশের সামরিক বাহিনীর হাতেই দিতে চায় নয়াদিল্লি।
প্রতিবেদনে বলা হয়েছে, আকাশপথ অথবা স্থলপথ—দুই ভাবেই এই প্রত্যাবর্তন সম্ভব। বাংলাদেশ চাইলে দিল্লি থেকে হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সামরিক বিমান পাঠাতে পারে। বিকল্প হিসেবে সীমান্তের নির্দিষ্ট কোনও জায়গায় বাংলাদেশের সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে। এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবহণ ও অন্যান্য পরিকাঠামোগত সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলেও দাবি করা (Sheikh Hasina Safety) হয়েছে।
দ্বিতীয় শর্তটি হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের বিচারপ্রক্রিয়া সংক্রান্ত। ভারত চায়, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ তাঁকে দিতে হবে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই মাসের হত্যাকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে, যাতে তা নিরপেক্ষ ও স্বচ্ছ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বলেন, “আমরা কখনও জেনেশুনে তাঁকে ফাঁসির মুখে ঠেলে দিতে পারি না। বরং আমরা চাই, তিনি নতুন করে নিরপেক্ষ বিচারের সুযোগ পান।”
ওই আধিকারিকের বক্তব্য অনুযায়ী, বিচারপ্রক্রিয়াটি আন্তর্জাতিক মহল এবং বিশ্ব সংবাদমাধ্যমের নজরদারির মধ্যেও সম্পন্ন হওয়া উচিত বলে মনে করে ভারত।
কয়েক মাস ধরে গোপন আলোচনা?
ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, হাসিনার প্রত্যাবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা চূড়ান্ত করতে গত কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। এই প্রক্রিয়ায় দুই দেশের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিশেষ সফরে দিল্লিতে এসে ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ বিভাগও সোশ্যাল মিডিয়ায় ৬ অক্টোবরের ওই সাক্ষাতের কথা জানিয়েছিল। সেখানে বলা হয়েছিল, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করার বিভিন্ন বিষয় নিয়ে (India) আলোচনা হয়েছে।
তবে ওই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা এক ভারতীয় সামরিক আধিকারিকের বক্তব্য, “সাধারণ পরিস্থিতিতে বাংলাদেশের হাইকমিশনারের দিল্লিতে এসে সেনাপ্রধানের সঙ্গে দেখা করার বিশেষ প্রয়োজন হওয়ার কথা নয়। কোনও বিশেষ পরিস্থিতির কারণেই এমন বৈঠকের প্রয়োজন হতে পারে।”
প্রতিবেদনে ওই সূত্রের দাবি, হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশের সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়টি এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য হতে পারে।
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও সামরিক স্তরে যোগাযোগ বজায় রয়েছে। হাসিনার প্রত্যাবর্তন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং তাঁর নিরাপত্তা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে এই যোগাযোগকে কাজে লাগাতে চাইছে ভারত।
ওই সামরিক সূত্রের কথায়, “শেখ হাসিনা দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা যাতে কোনওভাবেই বিপন্ন না হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে। পরিস্থিতি যেমনই হোক, এই মুহূর্তে তাঁর নিরাপত্তার দায়িত্ব ভারতের কাঁধেই এসে পড়েছে।”
ডিসেম্বরে দেশে ফেরা কি আদৌ সম্ভব?
ভারতের তরফে উদ্যোগের খবর সামনে এলেও আগামী ডিসেম্বরেই শেখ হাসিনার বাংলাদেশে ফেরা কার্যত অনিশ্চিত বলে মনে করছে ওই সংবাদ মাধ্যম।
প্রতিবেদনে উদ্ধৃত ভারতীয় আধিকারিকদের একাংশের মতে, বাংলাদেশের বর্তমান সরকার প্রকাশ্যে প্রত্যর্পণের দাবি জানালেও বাস্তবে হাসিনাকে দেশে ফেরাতে তারা কতটা আগ্রহী, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, বর্তমানে বাংলাদেশ একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার মধ্যে রয়েছে। হাসিনা দেশে ফিরলে সেই সমস্যাগুলি আরও জটিল হতে পারে বলে মনে করছে নয়াদিল্লি।
অন্যদিকে, হাসিনার প্রত্যাবর্তন নির্ধারিত সময়ে সম্ভব না হলেও ভারতের বিশেষ কোনও ক্ষতি হবে না বলেই মনে করছে নয়াদিল্লি। সাউথ ব্লকের এক সূত্রের বক্তব্য, “অন্তত আমরা তখন বলতে পারব, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখিয়ে সেই প্রত্যাবর্তন সম্ভব হতে দেয়নি।”
সব মিলিয়ে হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তনের ঘোষণা ঘিরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক মহলে নতুন করে তৎপরতা তৈরি হয়েছে (Sheikh Hasina Safety)। নিরাপত্তা এবং নিরপেক্ষ বিচার—এই দু’টি বিষয়কে সামনে রেখেই নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে বলে দাবি ওই সংবাদ মাধ্যমের। তবে এখনও পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক (India) কিংবা বাংলাদেশের সরকারের তরফে এই আলোচনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। ফলে হাসিনার প্রত্যাবর্তন শেষ পর্যন্ত কোন পথে এগোয়, এখন তা-ই দেখার।

Leave a Reply