ABVP: কলেজ স্ট্রিট-কলকাতা মেডিক্যাল কলেজে হিংসার অভিযোগ, বাম ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে তদন্তের দাবি এবিভিপির

west-bengal-abvp-condemns-left-wing-violence-kolkata-medical-college

মাধ্যম নিউজ ডেস্ক: কলেজ স্ট্রিট ও কলকাতা মেডিক্যাল কলেজে বাম ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে হিংসা ও হামলার অভিযোগ তুলে সরব হল এবিভিপি(ABVP)। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি।

এবিভিপির অভিযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে কলেজ স্ট্রিটে তাদের বইয়ের স্টলে হামলা চালানো হয়। সেখানে স্বামী বিবেকানন্দের রচনা ও আদর্শ নিয়ে প্রকাশিত বই ছিঁড়ে ফেলা হয়েছে বলেও দাবি সংগঠনের (Left Wing Violence)। পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্রদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলিকে অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় বলে দাবি করেছে এবিভিপি।

এবিভিপির অভিযোগ (ABVP)

ঘটনাগুলির প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার মানিকতলায় সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এবিভিপি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিক হিংসা, ভয় দেখানো এবং অস্থিরতা তৈরির প্রবণতা বাড়ছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এবিভিপির সর্বভারতীয় সম্পাদক শ্রবণ বি রাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শুভব্রত অধিকারী, রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য, রাজ্য সংবাদমাধ্যম আহ্বায়ক অনন্ত বারুই এবং যাদবপুর নগর বিস্তারিকা রাজেশ্বরী মাহাতো।

বৈঠকে শ্রবণ বি রাজ অভিযোগ করেন, সাম্প্রতিক ঘটনাগুলি বাম ও অতি-বাম ছাত্র সংগঠনগুলির রাজনৈতিক মানসিকতার প্রতিফলন। তাঁর দাবি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বামপন্থী হিংসার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানাচ্ছেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়েও এই ধরনের প্রতিবাদ দেখা যাচ্ছে।

তিনি বলেন, “গতকালের ঘটনাগুলি বাম ও অতি-বাম ছাত্র সংগঠনগুলির রাজনৈতিক মানসিকতাকে সামনে এনেছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বামপন্থী হিংসার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছেন। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতেও একই প্রবণতা ক্রমশ স্পষ্ট হচ্ছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ছবি ও আদর্শের প্রতি অসম্মান অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের মহান ঋষি, চিন্তাবিদ ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবমাননা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। গতকাল আমাদের জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অরুণাভ দে-র উপর প্রাণঘাতী হামলা হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাম আধিপত্য ও হিংসার রাজনীতির বিরুদ্ধে ছাত্রছাত্রীরা যেভাবে একজোট হচ্ছেন, সেই একইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্মিলিত শক্তির মাধ্যমে ভয় দেখানো ও হিংসার সংস্কৃতির বিরুদ্ধে লড়াই চলবে।”

কলেজ স্ট্রিটে বইয়ের স্টলে হামলার অভিযোগ

কলেজ স্ট্রিটে এবিভিপির বইয়ের স্টলে হামলার প্রসঙ্গে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শুভব্রত অধিকারী বলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে বই এবং বিশিষ্ট চিন্তাবিদদের ভাবনার মাধ্যমে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সংগঠনের কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

তাঁর বক্তব্য, “বইয়ের স্টলে পাথর ছোড়ার ঘটনা ঘটলে তার জন্য এবিভিপিকে দায়ী করা যায় না। আমরা বই ও মহান চিন্তাবিদদের আদর্শের মাধ্যমে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম। তার বদলে আমাদের কর্মীদের উপর হামলা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। বই, জ্ঞান এবং মনীষীদের চিন্তাভাবনা নিয়ে আলোচনার জায়গা কখনও পাথর ছোড়া ও রাজনৈতিক হিংসার ময়দান হয়ে উঠতে পারে না। বিশ্ববিদ্যালয়ে মতাদর্শগত মতভেদ থাকতেই পারে। কিন্তু তার সমাধান যুক্তি, আলোচনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। মতের অমিলের কারণে কাউকে শারীরিকভাবে আক্রমণ করার অধিকার কোনও সংগঠন বা ব্যক্তির নেই।”

কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্রদের উপর হামলার অভিযোগ

কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্যের অভিযোগ, রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাম ছাত্র সংগঠনগুলি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই কিছু বাম ছাত্র সংগঠন পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। কলকাতা মেডিক্যাল কলেজের গতকালের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং মেনেও নেওয়া যায় না। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব সর্বাধিক, সেখানে একদল বাম ছাত্র অধ্যক্ষের দফতর ঘিরে পাথর ও ইট ছুড়ে দরজা-জানালা ভাঙার চেষ্টা করেছে। এই ধরনের বিশৃঙ্খলার কোনও জায়গা চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে নেই। সাধারণ ছাত্রছাত্রীরা যখন এই পরিস্থিতির প্রতিবাদ করতে এগিয়ে আসেন, তখন তাঁদেরও আক্রমণ করা হয়। এবিভিপির কলেজ ইউনিট সম্পাদক অপূর্ব রায় এই হামলায় গুরুতর জখম হয়েছেন। হিংসা ও ভয় দেখিয়ে ছাত্রদের কণ্ঠরোধ করার চেষ্টা বরদাস্ত করা হবে না। আমরা (ABVP) ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছি।”

শিক্ষাঙ্গনে শান্তি-জবাবদিহির দাবি

এবিভিপির বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি মুক্ত চিন্তা, মতপ্রকাশ, বৌদ্ধিক চর্চা এবং গণতান্ত্রিক আলোচনার ক্ষেত্র হওয়া উচিত। সেখানে হিংসা, ভয় দেখানো কিংবা মতাদর্শ চাপিয়ে দেওয়ার কোনও স্থান নেই।

সংগঠনের তরফে জানানো হয়েছে, রাজনৈতিক ও মতাদর্শগত মতপার্থক্য আলোচনার মাধ্যমে মেটানো উচিত। শারীরিক হামলা, ভাঙচুর কিংবা ভয় দেখিয়ে বিরোধী মতকে দমন করা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।

এই ঘটনাগুলিতে জড়িতদের চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করা এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এবিভিপি। একইসঙ্গে শিক্ষাঙ্গনে হিংসা ও গণতান্ত্রিক কণ্ঠস্বর দমনের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে (Left Wing Violence)।

শিক্ষাপ্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ আলোচনা এবং ভিন্ন মতের প্রতি সম্মান বজায় রাখার পক্ষে নিজেদের অবস্থানও ফের স্পষ্ট করে দিয়েছে সংগঠনটি (ABVP)।

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share