Mohan Bhagwat: ২০৪৭-এর উন্নত ভারত বিশ্বকে পথ দেখাবে, সম্মিলিত প্রচেষ্টার ডাক মোহন ভাগবতের

dr mohan bhagwat said developed bharat by 2047 will be the guiding force for world

মাধ্যম নিউজ ডেস্ক: ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ। আর সেই শক্তিশালী ভারতই আগামী দিনে বিশ্বকে পথ দেখাবে। তবে ভারতের শক্তি দুর্বল দেশগুলিকে দমিয়ে রাখার জন্য নয়, বরং তাদের সুরক্ষার কাজে ব্যবহার করা হবে। বুধবার, ২৫ নভেম্বর ছত্রপতি সম্ভাজিনগরে পঞ্চম পদ্ম উৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত। অনুষ্ঠানের উদ্বোধন হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান, পদ্ম উৎসবের সভাপতি মিলিন্দ কেলকর, অভ্যর্থনা কমিটির সভাপতি উন্মেশ তাকলকর এবং মঙ্গলা কেন্দে-সহ বিশিষ্ট ব্যক্তিরা। দু’দিনের এই উৎসবে দেশের বিভিন্ন ক্ষেত্রের একাধিক পদ্ম পুরস্কারপ্রাপক অংশ নেন।

ইতিবাচক পরিবর্তন আনতে হলে আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি

বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, কোনও ইতিবাচক পরিবর্তন আনতে হলে আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। আর এই আত্মবিশ্বাস তৈরি হয় বিভিন্ন মানুষের কাজ ও উদাহরণ থেকে। একজন ব্যক্তির উদ্যোগে হয়তো সঙ্গে সঙ্গে দৃশ্যমান পরিবর্তন আসে না, কিন্তু সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে বড় পরিবর্তন সম্ভব। দেশের মহান ব্যক্তিত্বরা নিজেদের জীবন ও কাজের মধ্য দিয়েই সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরও বলেন, সমাজের সমস্যা ও মানুষের দুর্দশা দেখে কোনও স্বয়ংসেবক শুধু সমাধানের কথা ভাবেন না, বরং সরাসরি মাঠে নেমে কাজ শুরু করেন। ধীরে ধীরে সমাজের অন্যান্য মানুষও সেই উদ্যোগে সামিল হন। তাঁর কথায়, সমাজে খারাপ কাজের সঙ্গে যুক্ত মানুষের তুলনায় নিঃস্বার্থভাবে ভালো কাজ করছেন এমন মানুষের সংখ্যা অনেক বেশি। দেশজুড়ে সফরের সময় এই বাস্তবতা তাঁরা উপলব্ধি করেন। তাই ভালো কাজের সঙ্গে যুক্ত মানুষদের নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত নয়। সকলের উদ্যোগকে সন্দেহের চোখে দেখার অভ্যাস ত্যাগ করতে হবে।

দেশের স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ

ভাগবতের দাবি, দেশের স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন অসংখ্য মানুষ। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাই ভারতের দ্রুত অগ্রগতির অন্যতম ভিত্তি। ২০৪৭ সালে শক্তিশালী ভারত বিশ্বের কাছে দিশা দেখাবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। অন্যদিকে, অবসরপ্রাপ্ত জেনারেল অনিল চৌহান বলেন, বর্তমানে সর্বত্র গর্বের সঙ্গে ‘ভারত’ শব্দটি ব্যবহার করা হচ্ছে। আগে ভারতকে মূলত তার অতীত ইতিহাসের নিরিখে দেখা হত। কিন্তু এখন বিশ্ব এক নতুন ভারতের উত্থান প্রত্যক্ষ করছে। ভারত শুধু একটি নাম নয়, এটি দেশের পরিচয়, ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্মিলিত ইতিহাসের প্রতীক। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত, শক্তিশালী ও সক্ষম ভারত গড়ে তোলার লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। দেশের যুবসমাজের হাতে রয়েছে বিপুল শক্তি এবং তাদের উপর বড় দায়িত্বও রয়েছে। তাঁর মতে, বাইরের শত্রুর তুলনায় দেশের অভ্যন্তরীণ বিভেদ ও সংঘাত অনেক বেশি বিপজ্জনক। ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমেও ভারতের ঐক্য ও অখণ্ডতা নষ্ট করার চেষ্টা চলছে বলে তিনি সতর্ক করেন।

দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষা করাই চ্যালেঞ্জ

অনিল চৌহান আরও বলেন, অতীতে যখনই অভ্যন্তরীণ সংঘাতের কারণে ভারতীয় সমাজ বিভক্ত হয়েছে, তখনই বিদেশি আক্রমণের পথ প্রশস্ত হয়েছে এবং দেশকে পরাধীনতার মুখোমুখি হতে হয়েছে। তাই দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় শক্তি। পঞ্চম পদ্ম উৎসবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল পদ্মা বন্দ্যোপাধ্যায়, রমেশ পাটাঙ্গে, ড. শুভা ভি. আইয়েঙ্গার, ড. বি. এন. গঙ্গাধর, দেবেন্দ্র ঝাঝারিয়া, ভিখল্যা লাডক্যা ধিন্ধা, শ্রীরঙ্গ (দাদা) লাড, পদ্মজা ফেনাজি জোগলেকর, ড. এন. রাজম, ফয়সল আলি দার, চামি মুর্মু এবং জার্ডেন লেপচা-সহ একাধিক বিশিষ্ট পদ্ম পুরস্কারপ্রাপক।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share