Deepawali in Ayodhya: দীপাবলির আগে আলোকমালায় সেজে উঠল অযোধ্যার রাম মন্দির, নজরকাড়া আলোকসজ্জায় মুগ্ধ ভক্তরা

deepawali in ayodhya ram janmabhoomi mandir glows in divine splendour

মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির (Deepawali in Ayodhya) আগে আলোর অপরূপ সাজে সেজে উঠেছে রামনগরী অযোধ্যা। আসন্ন দীপোৎসবকে কেন্দ্র করে ঝলমলে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে শ্রী রাম জন্মভূমি মন্দির চত্বর। আধুনিক আলোর সাজে মন্দিরের অপূর্ব রূপ ইতিমধ্যেই নজর কেড়েছে ভক্তদের। উৎসবের আবহে মন্দিরের এই অপরূপ দৃশ্য সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছে শ্রী রাম জন্মভূমি (Ram Janmabhoomi Mandir Ayodhya) তীর্থক্ষেত্র ট্রাস্ট। মন্দিরের স্থাপত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে বিশেষ আলোকসজ্জা। ট্রাস্টের তরফে প্রকাশিত একাধিক ছবিতে দেখা গিয়েছে, বর্ণিল আলোর সাজে ঝলমল করছে গোটা মন্দির চত্বর। দীপোৎসবের আগে এই সাজে আরও উজ্জ্বল হয়ে উঠেছে রাম জন্মভূমি মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ।

দীপোৎসবের সঙ্গে জড়িয়ে রামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তনের কাহিনি

দীপোৎসবের সঙ্গে অযোধ্যার সম্পর্ক বহু প্রাচীন। রামায়ণের কাহিনি অনুযায়ী, ১৪ বছরের বনবাস শেষে ভগবান শ্রী রাম, মাতা সীতা এবং লক্ষ্মণের অযোধ্যায় প্রত্যাবর্তন উপলক্ষে নগরবাসী সারি সারি মাটির প্রদীপ জ্বালিয়ে তাঁদের স্বাগত জানিয়েছিলেন। সেই ঐতিহ্য থেকেই দীপাবলিতে প্রদীপ জ্বালানোর প্রথা চলে আসছে। অন্ধকারের উপর আলোর জয় এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসেবেই পালিত হয় দীপাবলি। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশ্বের নানা জায়গায় এই উৎসব পালিত হলেও রামচন্দ্রের স্মৃতিবিজড়িত অযোধ্যার দীপোৎসবের মাহাত্ম্য ও তাৎপর্য আলাদা।

ভক্তির প্রদীপ জ্বালাতে আহ্বান, মন্দির ট্রাস্টের

ট্রাস্টের সাম্প্রতিক পোস্টেও সেই ভক্তি ও ঐতিহ্যের কথাই তুলে ধরা হয়েছে। ট্রাস্টের বার্তায় জানানো হয়েছে, দীপোৎসবের অপেক্ষায় দিব্য আলোয় সেজে উঠেছে গোটা শ্রী রাম জন্মভূমি মন্দির প্রাঙ্গণ। বড় বড় গেট লাগানো হয়েছে রাজপথে। রাস্তার দু’ধারে মায়াবী আলো। একই সঙ্গে ভক্তদের এই পুণ্যলগ্নে ভক্তির প্রদীপ জ্বালিয়ে উৎসবে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে দীপাবলির আগে আলোয় সেজে ওঠা রাম জন্মভূমি মন্দির যেন ভক্তি, বিশ্বাস ও আধ্যাত্মিকতার এক অনন্য ছবি তুলে ধরছে। ভগবান শ্রী রামের নামে দীপাবলি উদযাপনের প্রস্তুতিতে এখন উৎসবমুখর রামনগরী অযোধ্যা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share