মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটাল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা। অন্যদিকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি। এর আগে দু’বার ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পরিবর্তন করা হয়েছিল। ‘অনিবার্য পরিস্থিতি’র কথা জানিয়ে গোটা প্রক্রিয়াও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। ফলে কবে রাজ্যের ভোটার তালিকা প্রকাশিত হবে, তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছিল জল্পনা।
সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ভোটকেন্দ্রের সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। এরপর ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকা প্রকাশের পর ১৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ভোটাররা নিজেদের নাম অন্তর্ভুক্তি, বাদ দেওয়া কিংবা তথ্য সংশোধনের জন্য দাবি ও আপত্তি জানাতে পারবেন। কমিশন জানিয়েছে, জমা পড়া সমস্ত দাবি ও আপত্তি খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। এরপর যাবতীয় যাচাই ও সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করে ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া তালিকায় নাম, ঠিকানা কিংবা অন্য কোনও ব্যক্তিগত তথ্যে ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন জানাতে পারবেন ভোটাররা।
ভুলভ্রান্তি দূর করতে একাধিক কড়া পদক্ষেপের নির্দেশ
এদিকে, ভোটার তালিকায় ভুলভ্রান্তি দূর করতে একাধিক কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে, যেসব ভোটারের তথ্যের ক্ষেত্রে অসঙ্গতি বা অমিল ধরা পড়েছে, তাঁদের তথ্য সরেজমিনে যাচাই করতে হবে বুথ লেভেল অফিসার বা বিএলও-দের। সংশ্লিষ্ট ভোটারদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকম তথ্যগত অসঙ্গতি যাতে চূড়ান্ত তালিকায় থেকে না যায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। কমিশনের পর্যবেক্ষণ, আধার কার্ড কিংবা প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্রে ভুল থাকলে সাধারণত নাগরিকরা তা সংশোধন করিয়ে নেন। কিন্তু ভোটার কার্ডের ক্ষেত্রে অনেকেরই নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ কিংবা ঠিকানায় ভুল থেকে যায়। অনেক সময় সেই ভুল সংশোধনের বিষয়ে ভোটারদের মধ্যে প্রয়োজনীয় সচেতনতার অভাবও দেখা যায়। এই সমস্যা দূর করতেই এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন।
নির্ধারিত নিয়ম মেনেই সংশোধনের কাজ
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভোটার তালিকায় কোনও ব্যক্তির নিজের নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর কিংবা ছবিতে ভুল থাকলে তা চিহ্নিত করে সংশোধন করতে হবে। তবে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা ‘অটোমেটেড আইডেন্টিফিকেশন’-এর ভিত্তিতে কোনওভাবেই ভোটার তালিকায় (Voter List) পরিবর্তন করা যাবে না। প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যাচাই এবং নির্ধারিত নিয়ম মেনেই সংশোধনের কাজ করতে হবে বলে স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply