মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় পতাকা! মাটিতে ফেলে রাখা যায় না, বিশ্বকে আবারও বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Quad Summit)। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে বসেছে কোয়াড শীর্ষ সম্মেলন। তার আগে রীতি অনুযায়ী উপস্থিত চারদেশের রাষ্ট্রনেতাদের ছবি তোলার পর্বের আয়োজন করা হয়। সেই মঞ্চের মেঝেতে চার দেশের পতাকা আলাদা আলাদা জায়গা চিহ্নিত করা হয়েছিল। নিজ স্থানে পৌঁছানোর সময় মেঝেতে রাখা ভারতীয় তেরঙ্গা চিহ্নটি নজরে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তা দেখেই সম্মানের সঙ্গে তুলে নিলেন তিনি।
সম্মানের সঙ্গে তেরঙা ওঠালেন প্রধানমন্ত্রী
সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ছবি তোলার জন্য মঞ্চে ওঠার সময় মোদির নজরে পড়ে ভারতের পতাকাসম্বলিত নির্দেশক কার্ডটি। সঙ্গে সঙ্গে নিচু হয়ে তিনি সেটি তুলে নেন। তারপর পকেটে ভরেন। বলে রাখা ভালো, ছবি তোলার সময় রাষ্ট্রনেতাদের কোথায় দাঁড়াতে হবে, তা নির্দেশ করার জন্যই নির্দেশক কার্ডগুলি ব্যবহার করা হয়। মঞ্চে মোদি ছাড়াও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মোদির এহেন পদক্ষেপ দেখে তাঁর পিঠ চাপড়ে দেন ট্রাম্প। তেরঙ্গা তুলে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এটা জাতীয় পতাকা। এভাবে মাটিতে ফেলে রাখতে পারি না।” এর উত্তরে ট্রাম্প বলেন, “আপনি রেখে দিন।” প্রসঙ্গত, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনেও একইরকম পদক্ষেপ করতে দেখা গিয়েছিল মোদিকে।
ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করায় জোর
এদিন মোদি কোয়াডের (Quad Meeting 2026) চার দেশ— অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা ও ভারতের রাষ্ট্রপ্রধানদের মধ্যে নিয়মিত যোগাযোগের বিষয়টিও তুলে ধরেন। উল্লেখ করেন, গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা পাঁচবার বৈঠক করেছেন। তিনি বলেন, “কোয়াডকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশের নেতাদের নেতৃত্ব, সমর্থন এবং ব্যক্তিগত অবদানের জন্য সকল অংশীদার নেতৃবৃন্দকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমি।” মোদি আরও বলেন, “আমি নিশ্চিত যে আজকের বৈঠক আমাদের পারস্পারিক সহযোগিতার ক্ষেত্রকে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করবে।” ইরান যুদ্ধের পর থেকে ছোট-বড় জলযানে হামলায় নিহত ও আহত হয়েছেন একাধিক ভারতীয় নাবিকরা। কোয়াডের ভাষণে, ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিতেই জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

Leave a Reply