Koel Mallick: ‘পশ্চিমবঙ্গে উন্নয়নযাত্রায় সামিল হতে চাই’, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ, বিজেপিতে যোগ দিয়ে বললেন কোয়েল

koel mallick joins bjp she is the party candidate of rajya sabha from west bengal

মাধ্যম নিউজ ডেস্ক: আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার সকালে সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে তাঁর গলায় উত্তরীয় পরিয়ে হাতে পতাকা তুলে দেন দলের রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির মিডিয়া বিভাগের আহ্বায়ক অনুপম ঘোষ এবং সহ-আহ্বায়ক চন্দ্রশেখর বাসোটিয়া। সোমবার বেলায় বিধানসভায় গিয়ে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করেন কোয়েল। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায় প্রমুখ। গতকাল, রবিবার রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েল (রুক্মিণী) মল্লিকের নাম ঘোষণা করে বিজেপি৷

মনোনয়ন জমা দিলেন কোয়েল

সোমবার সাড়ে দশটা নাগাদ বিধানসভায় পৌঁছন কোয়েল৷ ঘণ্টাখানেক পরেই মনোনয়ন জমা দিলেন তিনি৷ নমিনেশন জমা দেওয়ার আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন কোয়েল৷ বিজেপিতে যোগ দিয়ে কোয়েল বলেন, “বিগত কয়েক মাসে পশ্চিমবঙ্গে উন্নয়নযাত্রা চলছে। আমরা চাই পশ্চিমবঙ্গে আরও কাজ আসুক।” তাঁর রাজনীতিতে আসার কারণ জানিয়ে কোয়েল বলেন, “পশ্চিমবঙ্গের উন্নয়নে যুক্ত হতে চাই।” রাজ্যসভার প্রার্থী হিসেবে তাঁকে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতের লক্ষ্যের কথা জানিয়ে কোয়েলের সংযোজন, “সবার জন্য কাজ করতে চাই, সবার মঙ্গল কামনা করি।”

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায়

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর সঙ্গে রাজ্যসভার প্রার্থী হিসেবে অভিনেত্রী কোয়েলের নামও ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গের তৎকালীন শাসকদল তৃণমূল। গত মার্চে ভোট হয়েছিল রাজ্যসভায়। কোয়েল পরে ৬ এপ্রিল সদস্য হিসেবে শপথ নেন। তবে কোনও অধিবেশনে যোগ দেওয়া হয়নি। বাদল অধিবেশন শুরুর আগে ১৬ জুলাই সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। গত ১৬ জুলাই সাংসদপদে ইস্তফা দেওয়ার পর পরই কোয়েল দেখা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। গুঞ্জনের সূত্রপাত হয়েছিল সেখান থেকেই। কোয়েলের আগে আরও তিন জন— সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদে ইস্তফা দেন। পরে তিন জনকেই আবার রাজ্যসভায় পাঠায় বিজেপি। তৃণমূলের সাংসদপদ ছাড়ার পর গত ৯ জুলাই বিজেপি-তে যোগ দিয়েছিলেন সুখেন্দু, সুস্মিতা এবং প্রকাশ। যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই তিন জনকে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী করে বিজেপি। এবার যোগ দিলেন কোয়েল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাচ্ছেন কোয়েল। কারণ বিজেপির হাতে যে সদস্য সংখ্যা আছে তাতে অন্য রাজনৈতিক দল প্রার্থী দেওয়ার জায়গা নেই। সব ঠিক থাকলে আগামী ১২ অক্টোবর জয়ী শংসাপত্র পাবেন কোয়েল মল্লিক৷

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share