মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হল সোমবার। কলকাতার লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আরএন রবি মোট ৩৫ জন বিধায়ককে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। নতুন মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। তবে এখনও পর্যন্ত তাঁদের মধ্যে দফতর বণ্টনের ঘোষণা করা হয়নি। এর আগে গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর সঙ্গে প্রথম দফায় শপথ গ্রহণ করেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। ইতিমধ্যেই তাঁদের দফতর নির্ধারণ করা হয়েছে।
‘বন্দেমাতরম’, ‘জন গণ মন’-তে অনুষ্ঠানের সূচনা
সোমবারের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয় জাতীয় গান ‘বন্দেমাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-র মাধ্যমে। এরপর মুখ্যসচিব মনোজ আগরওয়াল একে একে নবনিযুক্ত মন্ত্রীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিধায়করা ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পালসহ দলের একাধিক শীর্ষ নেতা। লোকভবনে শপথ নিতে আসা অধিকাংশ নেতাকেই দেখা যায় ধুতি-পাঞ্জাবি বা ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে। অনেকেই পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন—
- দীপক বর্মন (ফালাকাটা)
- তাপস রায় (মানিকতলা)
- মনোজকুমার ওঁরাও (কুমারগ্রাম)
- শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)
- জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)
- স্বপন দাশগুপ্ত (রাসবিহারী)
- অর্জুন সিং (নোয়াপাড়া)
- গৌরীশংকর ঘোষ (মুর্শিদাবাদ)
- অরূপকুমার দাস (সিঙ্গুর)
- দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)
- শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর)
- কল্যাণ চক্রবর্তী (খড়দা)
- অজয়কুমার পোদ্দার (কুলটি)
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন—
- মালতী রাভা রায় (তুফানগঞ্জ)
- রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)
- ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন—
- জুয়েল মুর্মু (হবিবপুর)
- আনন্দময় বর্মন (মাটিগাড়া-নকশালবাড়ি)
- অশোক দিন্দা (ময়না)
- শান্তনু প্রামাণিক
- উমেশ রাই
- পূর্ণিমা চক্রবর্তী
- কৌশিক চৌধুরী
- দিবাকর ঘরামি
- কলিতা মাজি
- গার্গী দাস ঘোষ
- দীপঙ্কর জানা
- সুমনা সরকার
- হরেকৃষ্ণ বেরা (তমলুক)
- বিশাল লামা (কালচিনি)
- মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ)
- নাদিয়ার চাঁদ বাউরি (পারা)
- বিরাজ বিশ্বাস (করণদিঘি)
- ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর)
- অমিয় কিস্কু (নয়াগ্রাম)
এদিকে রাজনৈতিক মহলের নজর এখন নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টনের দিকে। সূত্রের খবর, শপথগ্রহণের পর নবনিযুক্ত মন্ত্রীরা সরাসরি নবান্নে যান এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দফতর বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। সরকার গঠনের মাত্র তিন সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হওয়ায় প্রশাসনিক কাজকর্মে গতি আসবে বলেই মনে করছে শাসক শিবির।

Leave a Reply