মাধ্যম নিউজ ডেস্ক: সংসদে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে আলোচনার মধ্যেই ভারতের রাজনীতিতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। সংবিধানের ১০৬তম সংশোধনী আইন কার্যকর করল মোদি সরকার (Modi Government)। এর মাধ্যমে, বহু প্রতীক্ষিত মহিলা সংরক্ষণ আইন, ২০২৩ (Women’s Reservation Law) অবশেষে কার্যকর হল। কেন্দ্রীয় আইন মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই এই আইন কার্যকর হয়েছে। এই আইনের মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে।
কী বলছে আইন (Women’s Reservation Law)?
এই আইন অনুযায়ী—
- ● লোকসভা ও রাজ্য বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে
- ● তফশিলি জাতি (SC) ও তফশিলি উপজাতি (ST)-এর জন্য সংরক্ষিত আসনের মধ্যেও একই হারে মহিলাদের জন্য কোটা থাকবে
- ● ভবিষ্যতে জনগণনা ও আসন পুনর্বিন্যাস (Delimitation) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই সংরক্ষণ কার্যকরভাবে বাস্তবায়িত হবে
কেন গুরুত্বপূর্ণ?
বিশেষজ্ঞদের মতে, এই আইন কার্যকর হওয়ার ফলে—
- ● দেশের আইনসভায় মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে
- ● নীতি নির্ধারণে নারীদের মতামত ও নেতৃত্ব আরও গুরুত্ব পাবে
- ● রাজনৈতিক ক্ষেত্রে লিঙ্গ সমতার দিকে বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে
গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যকর
উল্লেখ্য, ২০২৩ সালেই রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছিল এই নারী সংরক্ষণ আইন। তবে তখনই এটি কার্যকর হয়নি। আইনের ধারা ১(২)-এ উল্লেখ ছিল, কেন্দ্রীয় সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করা পর্যন্ত আইন কার্যকর হবে না। সেই অনুযায়ী, এবার সরকার আনুষ্ঠানিকভাবে কার্যকর করার দিন ঘোষণা করল। এই বিজ্ঞপ্তি এমন এক সময়ে জারি হয়েছে, যখন সংসদে নতুন করে সংবিধান সংশোধনী নিয়ে তুমুল আলোচনা চলছে। কেন্দ্র ইতিমধ্যেই সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পেশ করেছে, যেখানে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি, নারী সংরক্ষণ কার্যকর করার ক্ষেত্রে জনগণনার পরবর্তী সীমা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন)-এর সঙ্গে যে শর্ত যুক্ত ছিল, তা পরিবর্তনের কথাও বলা হয়েছে। তবে, এখন পাশ হলেও, তা ২০২৯ সালে কার্যকর হওয়ার কথা।
নতুন প্রস্তাবে কী কী পরিবর্তন?
২০২৩ সালের আইনে বলা হয়েছিল, পরবর্তী জনগণনার ভিত্তিতে ডিলিমিটেশন সম্পন্ন হওয়ার পরেই নারী সংরক্ষণ কার্যকর হবে। অর্থাৎ, সেই প্রক্রিয়া শেষ না হলে সংরক্ষণ চালু করা সম্ভব ছিল না। কিন্তু নতুন প্রস্তাবে এই শর্ত শিথিল করে ডিলিমিটেশন সম্পন্ন হলেই দ্রুত সংরক্ষণ চালুর পথ খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, বিরোধী দলগুলি নারী সংরক্ষণের পক্ষে থাকলেও ২০১১ সালের জনগণনার ভিত্তিতে ডিলিমিটেশন করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, পুরনো জনগণনার তথ্যের ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হলে বাস্তব পরিস্থিতির প্রতিফলন ঘটবে না।
শুক্রবার লোকসভায় ভোটাভুটি
আজ, শুক্রবার লোকসভায় এই সংশোধনী বিলটি ভোটাভুটির জন্য তোলা হওয়ার কথা। যেহেতু এটি সংবিধান সংশোধনী বিল, তাই পাশ করাতে উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হবে। পাশ হলে, তা ২০২৯ সালে কার্যকর হবে। এই প্রেক্ষাপটে নারী সংরক্ষণ আইন কার্যকর হওয়া এবং লোকসভা আসন বৃদ্ধি নিয়ে কেন্দ্রের নতুন পদক্ষেপ, দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই পদক্ষেপ ভারতের গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে এবং আগামী দিনে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের নতুন দিগন্ত খুলে দেবে।

Leave a Reply